All posts by jitu

রাজাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার বাছির খানের গন সংযোগ

কুমিল্লা প্রতিনিধি:

শুক্রবার দিনব্যপী কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান এর ( আনারস প্রতীকে) এর নিবার্চনী মতবিনিময় ভোটারের সঙ্গে কৌশল বিনিময় এবং ভোট প্রার্থনা করে গণ সংযোগ ও মতবিনিময় পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজাপুর ইউনিয়ন এর দক্ষিণ গ্রাম, উত্তর গ্রাম, ঘিলাতলা, রাজাপুর, শংকুচাইল, পাচোঁড়া, চড়ানল, লড়িবাগ ও বারেশ্বর সহ বিভিন্ন এলাকায় আনারস প্রতীক এর প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান দলীয় নেতাকর্মী নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান তার আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন ভোটারদের নিকট।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, দেলোয়ার হোসেন বাচ্চু, আব্দুল বারী মাষ্টার, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাকির হোসেন, আব্দুর রব সর্দার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল, বুড়িচং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান, সাবেক ছাত্র লীগ নেতা শরীফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান।

আরও উপস্থিত ছিলেন হাজী শিশু মিয়া, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভূইয়া, এমরান হোসেন, ফারুক খান মেম্বার, আব্দুল করিম রিপন খান মেম্বার, মোঃ হুমায়ুন কবির, ইব্রাহীম খলীল মনির , হুমায়ুন কবির মেম্বার ২,আব্দুল ওহাব মেম্বার,বাবুল আলম বেগ মেম্বার, খায়রুল আলম বাবু মেম্বার, জাকির খান, আজাদ খান, রমিজ উদ্দিন প্রমূখ।

নির্বাচনী মাঠে প্রভাব বিস্তারের অভিযোগে সাংবাদিক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে স্থানীয় প্রশাসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ক্ষমতাশীন রাজনৈতিক দলের নেতাদের অতি-উৎসাহী আচরণ ও জনগনের মাঝে ভয়-ভীতি প্রদর্শনের কারণে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরী হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্ব-শরীরে চাটখিল এসে ভোট গ্রহণ প্রত্যক্ষ করার আহব্বান জানিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেড.এম আজাদ খান।

শুক্রবার (১৭ মে) বিকালে চাটখিল পৌরসভার নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিইসি’কে তিনি এই আহব্বান জানান।

সাংবাদিক সম্মেলনে জেড.এম আজাদ খান বলেন, তিনি নির্বাচনী কর্মকান্ড শুরু করার পর থেকে তার নির্বাচনী কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি এমনকি প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে রিটার্নি কর্মকর্তা, সহকারী রিটার্নিয় কর্মকর্তা ও থানা পুলিশে অভিযোগ করেও তিনি কোন প্রতিকার পাননি। দোয়াত কলম প্রতিকের প্রার্থী (বর্তমান উপজেলা চেয়ারম্যান) জাহাঙ্গীর কবিরের পক্ষে থানার ওসি সরাসরি অবস্থান নিয়েছেন। যা তার কর্মকান্ডে প্রতীয়মান হচ্ছে। ওসি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন। যাহা সুষ্ঠ-নিরপেক্ষ ভোটের পরিবেশে বাধাঁ সৃষ্টি করবে বলে দাবি করেন তিনি। তাই অবাধ, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হকের অপসারণের দাবি জানান এই প্রার্থী ।

জেড.এম আজাদ খান আরো বলেন, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান দোয়াত কলমের প্রার্থী জাহাঙ্গীর কবির। তাই ওই কলেজের শিক্ষকদের প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে নির্বাচনে তাদের মাধ্যমে ভোট জালিয়াতির আশঙ্কা রয়েছে। একইভাবে খিলপাড়া আবদুল ওহাব ডিগ্রি কলেজের শিক্ষকগণও সরাসরি তার সমর্থনে রয়েছে। ফলে এই দুই কলেজের শিক্ষকদের কোনভাবেই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে নির্বাচন কমিশন ঘোষিত অবাধ ও সুষ্ঠ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আজাদ খানের কর্মী-সমর্থকসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এদিকে চাটখিল থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে পক্ষপাতমূলক কর্মকান্ডের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালীল পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে ওসির বিরুদ্ধে কোন অভিযোগ ওঠলে নির্বাচনের সময় তাকে প্রত্যাহার করা হবে।

চান্দিনায় বাল্য বিবাহ বন্ধ করে কনের পিতাকে জরিমানা

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলে মাদ্রাসা ছাত্রী সুমি আক্তার। মেয়েকে বাল্য বিবাহ দেয়ার আয়োজন করায় কনের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব।

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের ওই ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্রী সুমি আক্তার ওই গ্রামের আব্দুল কাদের এর মেয়ে। সে স্থানীয় নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, নাওতলা গ্রামে মাদ্রাসা ছাত্রী সুমি আক্তারকে বিবাহ দেয়ার জন্য আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় কনের পিতা মেয়েকে বাল্য বিবাহ দিবেনা মর্মে মুচলেকা দেন এবং বিবাহের আয়োজন করায় ৩০ হাজার টাকা জরিমানা দেন।

মাদ্রাসা সুপার আ.ন.ম সাইদুর রহমান জানান, সুমি আক্তার অত্যন্ত মেধাবী ছাত্রী। অভিভাবকদের অজ্ঞতায় মেয়েটির বাল্য বিবাহের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো এই মেধাবী ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়েইব বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্য বিবাহ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কাস্টিং ভোটের তথ্য ২ ঘণ্টা পরপর পাঠাতে হবে

ডেস্ক রিপোর্ট:

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাস্তবায়ন ও ২ ঘণ্টা পরপর স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রের কাস্টিং ভোটের তথ্য প্রেরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (১৬ মে) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক (স্থানীয়) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়টি জানানো হয়।

পত্রে বলা হয়, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার) প্রশিক্ষণ ব্যাচ ও কক্ষ ভিত্তিক প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। এ ছাড়া মোবাইল অ্যাপ/এসএমএসের মাধ্যমে দুই ঘণ্টা পরপর ভোট কেন্দ্রের কাস্টিং ভোটের তথ্য প্রেরণ সংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে ব্রিফিং দিতে হবে।

এতে আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পাকিস্তানের দালাল হয়ে বিএনপি জনগণকে অত্যাচার করতো: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার আলবদরদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করেছে। তারা পাকিস্তানের দালাল হয়ে জনগণকে অত্যাচার করতো।

শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় একটি নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এখন যে উন্নয়ন হচ্ছে সেটি মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। সেজন্য তাদের মাথা খারাপ হয়েছে। তিনি বিএনপির সময় ঋণখেলাপির তালিকা সবচেয়ে বেশি ছিল বলেও মন্তব্য করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সামদানি ফেরদৌস, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মোমিন বাবুল, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জার্মানিতে আবাসিক ভবনে বিস্ফোরণে ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

জার্মানির ডুসেলডর্ফে একটি আবাসিকভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

দমকল ও পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ছয়তলা বাড়িটির একতলায় একটি খাদ্য ও পানীয়র দোকান ছিল। সেখানেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর আগুন লাগে। আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

ওই বাড়িতে আগুন দ্রুত ছড়াতে থাকে। দুই ও তিনতলার বাসিন্দাদের অনেকেই কাচ ছড়ানো রাস্তায় লাফিয়ে নামেন।

পুলিশ জানিয়েছে, আগুন কেন লাগলো, তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে আগুন লাগানো হয়নি।

দমকল, পুলিশ ও জরুরি সার্ভিসের প্রায় একশটি গাড়ি ঘটনাস্থলে যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষদের প্রথমে উদ্ধার করা হয়।

দমকলবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নয় ঘণ্টা ধরে চলা অপারেশনে ৭০ জনকে তারা সাহায্য করেছেন।

বাড়িটির সামনে থাকা অনেকগুলো গাড়িতে আগুন লাগে। বাড়িটির সামনে থাকা

এই ঘটনায় তিনজন মারা গেছেন। একজন তার অ্যাপার্টমেন্টে। বাকি দুইজন সিঁড়িতে। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আগুন লাগার ক্ষেত্রে বিশেষজ্ঞরা এখন বাড়িটির ভেতরে ঢুকে কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়িটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কোনো প্রযুক্তিগত ত্রুটি থেকে বিস্ফোরণ হয়েছিল, নাকি এটা নিছক দুর্ঘটনা ছিল বা আগুন লাগানো হয়েছে, তা এখানো স্পষ্ট নয়।

বাড়ির সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ বাড়ির সামনে রাখা গাড়িগুলো পুড়ে গেছে।

সূত্র: ডয়েচে ভেলে

‘পিটাইয়া লম্বা করে দাও’ বক্তব্যের জেরে চেয়ারম্যান প্রার্থী সারওয়ারকে কারণ দর্শানোর নোটিশ

 

স্টাফ রিপোর্টার:

‘উপরের নির্দেশ আছে, পিটাইয়া লম্বা করে দাও’ বক্তব্যের জেরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  (১৭ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ২৪ ঘণ্টার মধ্যে তাকে এ নোটিশের জবাব দিতে বলেছেন।

গোলাম সারওয়ার সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা ১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

কারন দর্শানোর নোটিশে বলা হয়, আপনি গোলাম সারওয়ার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী। ১৪ মে রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে এক নির্বাচনী পথসভায় আপনার এক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ১০ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে ‘উপরের নির্দেশ আছে, পিটাইয়া লম্বা করে দাও’ আপনি এমন বক্তব্য দিয়েছেন বলে দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এমন বক্তব্য উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১৮ (ক) এর সুষ্পষ্ট লঙ্ঘন। একই বিষয়ে আবদুল হাই বাবলু সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থী লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০১৩ এর বিধি (২২) এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া  জানান, সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলুর অভিযোগ এবং পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের হস্তক্ষেপের কথা উল্লেখ করেন গোলাম সারওয়ার। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যারা তাদের সহযোগিতা করে আগে তাদের পিডাইয়া লম্বা করেন। একদম সোজা করে পিডান। এটা আমাদের বহু উপরের নির্দেশ আছে।’ এ নিয়ে ১০ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

অর্থনৈতিক চাপের মধ্যেও যথাসময়ে বাজেট বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক চাপ রয়েছে দেশে। এর মধ্যও যথাসময়ে বাজেট দেওয়া হবে এবং তা বাস্তবায়ন করা হবে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা ৬ তারিখে বাজেট দেব। বাজেট আমরা ঠিকমতো দিতে পারব, বাস্তবায়নও করব। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে, সেটা পরবর্তী সময়ে উত্তরণ করতে পারব, সে আত্মবিশ্বাসও আছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি অর্থনীতিবিদ নই, তবে বুঝি মানুষের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে যেন চলতে পারে সেটাই লক্ষ্য। বর্তমানে গ্রামের অর্থনীতি শক্তিশালী করা হচ্ছে। সেখানকার মানুষ যেন সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। তবে বিশ্বজুড়ে করোনা এবং স্যাংশন পাল্টা স্যাংশনের কারণে সব কিছুর দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি হয়েছে। এতে হতাশ হওয়ার কিছু নেই। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা ও ভোগ দখল নিয়ে ব্যবস্থা ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রক্ত নিয়েও ৭৫ পরবর্তী সরকারগুলো কেন বাসন্তীদের অবস্থার পরিবর্তন করতে পারিনি তা নিয়ে প্রশ্ন তোলেন।

বাইরে থেকে হঠাৎ এসে দেওয়া উপদেশ নয়, অর্থনীতিবিদের বৈশ্বিক জ্ঞান আহরণ করে এ দেশের উন্নয়নে মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির ছাত্র না হয়েও তিনি জাতির পিতার দেখানোর পথ ধরেই রাজনীতি, রাষ্ট্রপরিচালনা ও অর্থনীতি এগিয়ে নিচ্ছেন।

ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনি মোটরসাইকেল শোডাউন দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ইয়াসিন আহমেদ সজল ( ৩২ ) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ মে ) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উপজেলার শিদলাই ইউনিয়নের উত্তর শিদলাই এলাকার আবদুল আলীমের ছেলে।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক সরকারের ( বই প্রতীকের) সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ইয়াসিন। পরে শোডাউনটি উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় পৌঁছুলে ইয়ামিন দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ‘শোডাউনে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে, নিহত ৫

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)। তাৎক্ষণিক অপর তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতরা হলেন, টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)। এদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক দুজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। অন্যদের পরিচয় জানার চেষ্টা করছি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।