‘পিটাইয়া লম্বা করে দাও’ বক্তব্যের জেরে চেয়ারম্যান প্রার্থী সারওয়ারকে কারণ দর্শানোর নোটিশ
স্টাফ রিপোর্টার:
‘উপরের নির্দেশ আছে, পিটাইয়া লম্বা করে দাও’ বক্তব্যের জেরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ২৪ ঘণ্টার মধ্যে তাকে এ নোটিশের জবাব দিতে বলেছেন।
গোলাম সারওয়ার সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা ১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
কারন দর্শানোর নোটিশে বলা হয়, আপনি গোলাম সারওয়ার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী। ১৪ মে রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে এক নির্বাচনী পথসভায় আপনার এক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ১০ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে ‘উপরের নির্দেশ আছে, পিটাইয়া লম্বা করে দাও’ আপনি এমন বক্তব্য দিয়েছেন বলে দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এমন বক্তব্য উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১৮ (ক) এর সুষ্পষ্ট লঙ্ঘন। একই বিষয়ে আবদুল হাই বাবলু সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থী লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০১৩ এর বিধি (২২) এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলুর অভিযোগ এবং পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের হস্তক্ষেপের কথা উল্লেখ করেন গোলাম সারওয়ার। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যারা তাদের সহযোগিতা করে আগে তাদের পিডাইয়া লম্বা করেন। একদম সোজা করে পিডান। এটা আমাদের বহু উপরের নির্দেশ আছে।’ এ নিয়ে ১০ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।