All posts by jitu

সরকারের প্রতি মানুষের আস্থা কিছু দিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সেই আস্থা আর থাকবে না।

আজ রোববার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতির ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মানুষ বলছে এই সরকারের অনেক গুণ। কিন্তু চার মাসে মেঘনা উপজেলায় চারটি খুন হয়েছে। একটি উপজেলায় চার মাসে যদি চারটি খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? তিনি কখনও প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে তার কোনো চিন্তা নেই।’

অনুষ্ঠানে মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ।

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৯১৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৬ মে) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ব্যক্তি হলেন- মো. রাকিব হোসেন (২০)। তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকার নূর আলমের ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানের সময় রাকিবের হেফাজত থেকে ৯১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

র‌্যাব-১১ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের দাবি, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভনে ভাবিকে অন্তঃসত্ত্বা, দেবর জেলহাজতে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাবিকে ধর্ষন করেছে দেবর। এ ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামী দেবর তানিম মজুমদারকে পুলিশ আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

উপজেলার বাতিসা ইউনিয়নের উল্লাপাড়া মজুমদার বাড়ি ও পৌর এলাকার লক্ষীপুর গ্রামে ভাড়া বাসায় ধর্ষণের পৃথক ঘটনা ঘটে। তানিম উল্লাপাড়ার মৃত ফজলুল করিম মজুমদারের ছেলে।

রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক নুর নবী।

থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, উল্লাপাড়া গ্রামের তুহিন মজুমদারের সাথে ৫-৬ বছর পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া গ্রামের শান্তা আক্তারের(ছদ্মনাম)। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে শান্তার স্বামী তুহিন মজুমদার প্রবাসে চলে যায়। স্বামী প্রবাসে থাকায় সংসারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দেবর তানিম মজুমদারকে দিয়ে ক্রয় করাতো শান্তা আক্তার।

এ সুযোগে তানিম মজুমদার ভাবি শান্তা আক্তারকে বিভিন্ন সময়ে মোহনীয় কথা বলে বিয়ের প্রলোভন দেখায়। এরই মধ্যে গত বছরের ১০ অক্টোবর রাতে উল্লাপাড়ায় স্বামীর বসতঘরে বিয়ের প্রলোভনে শান্তার সাথে শারিরীক সম্পর্ক(ধর্ষন) করে তানিম মজুমদার। একইভাবে বিভিন্ন সময়ে রাতে শান্তা আক্তারকে ধর্ষন করে দেবর তানিম। কিছুদিন পর তানিম মজুমদার প্রবাসে চলে যায়।

ঘটনার চার মাস পরে শান্তা আক্তারের শরীর খারাপ হলে চৌদ্দগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করে জানা যায় সে অন্তঃসত্তা। বিষয়টি মোবাইলে দেবরকে তানিমকে জানালে সে দেশে এসে বিয়ে করবে এবং গর্ভজাত সন্তানের দায়িত্ব নিবে বলে শান্তা আক্তারকে আশ্বস্ত করে।

স্বামী প্রবাসে থাকা অবস্থায় শান্তা আক্তার অন্তঃসত্তা হয়ে পড়ায় লোকলজ্জার ভয়ে দেবর তানিম মজুমদারের কথামতো পৌর এলাকার লক্ষীপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকে।

দেবরের বিয়ের প্রলোভনে পড়ে চলতি বছরের ১২ এপ্রিল বৈধ স্বামী তুহিন মজুমদারকে তালাক দেয় শান্তা আক্তার। ৯ মে দেবর তানিম মজুমদার ছুটিতে দেশে আসে এবং আবারও শারিরীক সম্পর্ক স্থাপন শেষে ভাড়া বাসা থেকে চলে যায়। তানিমকে বিয়ের কথা জিজ্ঞেস করলে সে কালক্ষেপন করতে থাকে।

পরবর্তীতে আবারো ক্লিনিকে পরীক্ষা করালে জানতে পারে, শান্তা ৭ মাসের অন্তঃসত্তা। পরে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তানিম মজুমদারের বিরুদ্ধে মামলা করে শান্তা আক্তার।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক নুর নবী রোববার বিকেলে বলেন, ভুক্তভোগী নারী বাদি হয়ে দেবর তানিম মজুমদারের বিরুদ্ধে মামলা করার কিছুক্ষণের মধ্যেই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডিএনএ টেষ্ট রিপোর্ট পেলে ঘটনার রহস্য উদঘাটন হবে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ২ প্রবাসী নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরে আলম এবং ইদ্রিস মিয়া নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত নুরে আলম (৪২) জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া (৪৫) চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা।

পারিবারিক সূত্র জানা যায়, নুরে আলম এবং ইদ্রিস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা করতেন। শুক্রবার তারা জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে আফিফ নামক স্থানে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত নূরে আলমের স্ত্রী সুমি আক্তার জানান, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা হতবাক। আমার স্বামীর লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান জনান, আমরা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করলে সরকারের সহযোগিতায় তাদের লাশ দেশে আনার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে সভাপতি, শহীদুল হক সোহেলকে সাধারণ সম্পাদক এবং মোঃ আলমগীর হোসেন (সালমান জন) কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া ইসতিয়াক আহমেদ পল্লবকে সিনিয়র সহ-সভাপতি এবং ইফতেখার উদ্দিন রাজেসকে দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (১৬ মে) রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সভাপতি ডাঃ আফসান আনিস বলেন,“জাসাস সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও সংস্কৃতিচর্চাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। কুমিল্লা মহানগর জাসাসকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল বলেন, তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।

সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (সালমান জন) বলেন, কুমিল্লা মহানগরের প্রতিটি ইউনিটকে সক্রিয় করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।

নবগঠিত কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে।

বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা

স্টাফ রিপোর্টার:

দেশের আবাসন খাত দীর্ঘদিন ধরে এক কঠিন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফ্ল্যাট বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ডেভেলপাররা। একই সঙ্গে রড, সিমেন্ট, টাইলস, বালি, ইট, পাথরসহ নির্মাণসামগ্রীর বাজারেও নেমে এসেছে স্থবিরতা। খাতসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ সুদে ব্যাংক ঋণ, ডলারের অস্থিরতা, মূল্যস্ফীতি এবং নির্মাণ ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে পুরো আবাসন খাত এখন টিকে থাকার লড়াই করছে।

রিহ্যাবের তথ্য অনুযায়ী, একসময় মাসে প্রায় এক হাজার ফ্ল্যাট বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে ২৫০ থেকে ৩০০ ইউনিটে। বিশেষ করে রাজধানীর গুলশান, বনানী, বসুন্ধরা ও ধানমন্ডির বিলাসবহুল ফ্ল্যাটের বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় বিক্রি ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খাতসংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছরে রড, সিমেন্ট, ইট, বালি ও পাথরের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে একটি ফ্ল্যাট নির্মাণে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ ক্রেতাদের বড় অংশ ফ্ল্যাট কেনা থেকে সরে দাঁড়াচ্ছেন। অন্যদিকে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) কমে যাওয়ায় আগের তুলনায় কম তলা ভবন নির্মাণের সুযোগ থাকায় জমির মালিকরাও আবাসন কোম্পানির সঙ্গে চুক্তিতে আগ্রহ হারাচ্ছেন।

রাজধানীর বাংলামোটর, মিরপুর ও বাড্ডাসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই ক্রেতা কম। ব্যবসায়ীরা বলছেন, গত দুই বছরে বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাংলামোটর টাইলস মার্কেটের এক ব্যবসায়ী জানান, আগে প্রতিদিন কয়েক লাখ টাকার বিক্রি হলেও এখন কোনো কোনো দিন ৫০ হাজার টাকাও বিক্রি হয় না। এতে ব্যাংক ঋণের কিস্তি, গুদাম ভাড়া ও শ্রমিকের বেতন পরিশোধ করাই কঠিন হয়ে পড়েছে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক বলেন, “বর্তমানে পুরো আবাসন খাতই চাপে রয়েছে। বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। নতুন প্রকল্প গ্রহণও হ্রাস পেয়েছে। শুধু ডেভেলপার নয়, নির্মাণসামগ্রী ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।” তিনি বলেন, ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় অনেক উদ্যোক্তার পক্ষে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে নির্মাণ ব্যয় বাড়লেও ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল হক বলেন, “সিমেন্ট শিল্পে বর্তমানে বড় ধরনের মন্দাভাব চলছে। চাহিদা কমে যাওয়ায় উৎপাদন সক্ষমতার বড় অংশ অব্যবহৃত পড়ে আছে। শিল্প টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ ও নীতিগত সহায়তা প্রয়োজন।”

একই ধরনের সংকটের কথা জানিয়েছে ইস্পাত খাতও। জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, “আবাসন খাতের স্থবিরতার কারণে রডের চাহিদা আশঙ্কাজনকভাবে কমে গেছে। বাধ্য হয়ে উৎপাদন কমাতে হচ্ছে।”

খাতসংশ্লিষ্টদের মতে, আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান জড়িত। এ খাতের সঙ্গে ১৬৯টির বেশি ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পও নির্ভরশীল। ফলে আবাসন খাতে মন্দা দীর্ঘায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে গৃহঋণের সুদহার যেখানে ৯ শতাংশ ছিল, তা ২০২৪ সালে বেড়ে ১৭ শতাংশে পৌঁছে। বর্তমানে সুদহার ১৪ শতাংশের আশপাশে রয়েছে। ব্যাংকাররা বলছেন, উচ্চ সুদের কারণে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা গৃহঋণ নিতে আগ্রহ হারাচ্ছেন।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশে আবাসন খাতের জন্য বিশেষায়িত দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা খুব সীমিত। সরকার চাইলে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণের ব্যবস্থা করে এ খাতকে পুনরুজ্জীবিত করতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাত সচল থাকলে কর্মসংস্থান বাড়ে, শিল্পকারখানার উৎপাদন বাড়ে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পায়। তাই দ্রুত নীতি সহায়তা, কর ছাড় এবং সহজ অর্থায়নের ব্যবস্থা না হলে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১৬ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় শহরের ২নং রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও ১নং সিগন্যাল প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেতা শওকত আলী, আব্দুর রহমান গাফফারী, লুবনা রহমান, আলিফ দেওয়ান, জাহিদুল হক বাঁধন, সোহাইল ইসলাম ইফতি, মো. নাসিম আহম্মেদ, রিফাত হুসেন অন্তু, রাইসুল ইসলাম, মাহফুজ খান, সরফারাজ হক সজিব, ফারিহা আক্তার, আজিজা তাসনিম, শাহাবুদ্দিন শান্ত, ফয়সাল আহম্মেদ ও মো. সজিব হুসেন ইবু।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিতে একটি বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে জাতীয় যুবশক্তি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে জাতীয় ছাত্র শক্তি, জাতীয় শ্রমিক শক্তি ও নারী শক্তিসহ এনসিপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া পূর্বে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। আমরা এটাকে ডিগ্রি বা স্নাতক পর্যন্ত ফ্রি করবো ইনশাআল্লাহ। এবং যেসব মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে সরকারের পক্ষ থেকে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।

শনিবার বেলা আড়াইটার দিকে চাঁদপুর শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছি। এর কারণ হচ্ছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরও বৃদ্ধি করতে চাই। যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়।

তিনি বলেন, নির্বাচনের পূর্বে আমরা খাল খননের কথা বলেছি। কারণ খাল খননের মধ্য দিয়ে কৃষক ভাইরা উপকৃত হবেন। কৃষকরা উপকৃত হলে, তারা ধীরে ধীরে স্বাবলম্বী হবে। কৃষকদের উন্নতি হলে এদেশের অর্থনীতি মজবুত হবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটিও আমরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর মাধ্যমে আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন। এই টাকা দিয়ে পরিবারের সন্তানদের যত্ন ও স্বাস্থ্য সেবায় কাজে লাগাতে পারবেন। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই কার্ড দেওয়া হচ্ছে। আগামী বাজেটে আরও বৃদ্ধি করা হবে।

প্রধানমন্ত্রী উপস্থিত সকলকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত। এই চল্লিশ কোটি হাত একসাথে কাজ করলে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।

দেবীদ্বারে পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর দক্ষিন পাড়ায় রাছেল (২৬) নামে এক সন্তানের লাঠির পিটুনিতে সেনু মিয়া (৬০) নামে এক বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে নিজ বসত বাড়ীতে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা। নিহত ঐ একই এলাকার ব্যাক্তি মৃত আকমত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২ টার সময় বাবা সেনু মিয়ার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে রাছেলের বাকবিত্তন্ডার এক পর্যায়ে ছেলে রাছেল তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। পরে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে দেবীদ্বার/ব্রাহ্মনপাড়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

কুমিল্লায় তারেক রহমানের আগমনে যুবদল নেতার শুভেচ্ছা র‍্যালি

স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কুমিল্লা আগমনে শুভেচ্ছা জানিয়ে বিশাল শোডাউন ও র‍্যালি করেছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদল নেতা মোঃ আক্তার হোসেন।

শনিবার (১৬ মে) সকালে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান ও ব্যানার-ফেস্টুনে।

এ সময় যুবদল নেতা আক্তার হোসেন বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের কুমিল্লায় আগমন আমাদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। কুমিল্লার নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শোডাউন শেষে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুভেচ্ছা র‍্যালি সম্পন্ন করেন।