All posts by jitu

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর করা বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, আজ বাংলাদেশের যে উন্নতি, যে উচ্চতা- তা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হোন। তিনি বলেছেন, তৎকালীন পাকিস্তানের যে অংশকে দেশটির নেতারা ‘বোঝা’ মনে করতেন সেই ‘বোঝা’ উন্নয়ন-অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যত মিথ্যাচার করে, সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে। তাদের শাহবাজ শরীফের এ বক্তব্য থেকে প্রকৃত সত্য অনুধাবন ও শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। আর বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না। দেশের উন্নয়ন নিয়ে এতহীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতাটা বোঝা উচিৎ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজ কথায় কথায় তারা ডামি নির্বাচনের কথা বলে। কিন্তু বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে অকার্যকর হয়ে তারা নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা মনে করেছিল, বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার বৈধতা পাবে না। কিন্তু হয়েছে উল্টো। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে ২৩১টি নির্বাচন হয়েছে। যেখানে ভোট পড়েছে ৬০ শতাংশ।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র এবং নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। এ নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে তাতে সমর্থন কিংবা বিরোধিতা কোনটাই করবে না আওয়ামী লীগ। বিএনপির ব্যাপার বিএনপিই দেখবে। উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রার্থিতা প্রত্যাহারের এখনো সময় আছে। শেষ দিন পর্যন্ত দেখতে হবে। দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা সময়মতো নেওয়া হবে।

উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ এবং সহিংসতার আশঙ্কা করছে নির্বাচন কমিশন-সাংবাদিকদের এমন প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংঘাতের আশঙ্কা করতে পারেন। তবে সংঘাত যেন না হয় আমাদের প্রয়াস অব্যাহত আছে।

এসময় বাংলাদেশের মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, গাজায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা মানবাধিকারের কোন পর্যায়ে গেছে? প্রতিদিন সেখানে মানুষ মারছে। কারো কথারই তোয়াক্কা করছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবও মানছে না। সেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ফান্ডে ইসরায়েলের অংশের অনুমোদন এরই মধ্যে দিয়েছে। তার মানে যুদ্ধের উসকানি সহযোগিতা করছে। আগে তারা ইসরাইলের যে গণহত্যা, এ গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার করুক। তারপর অন্যদের হেদায়েত করুক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

চাঁদনী আক্তার , কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা আগামীকাল (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৯ টি কেন্দ্রে অংশ নেবেন ১০১৩৪ জন পরীক্ষার্থী। শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৬ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সাইফুর রহমান তথ্যগুলো নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ইতোমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি শেষ করেছি। তবুও আরেকবার কেন্দ্র ভিজিটে যাবো সিট প্ল্যান ও সামগ্রিক পরিবেশ দেখার জন্য। আশাকরি, সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো। এজন্য বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা কামনা করছি।

‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোট ৯ টি কেন্দ্র হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বার্ড উচ্চ বিদ্যালয়,বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সরকারী টিচার্স ট্রেনিং সেন্টার (জিটিটিসি), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ।

প্রসঙ্গত, আগামী ৩ ও ১০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই কণ্যা শিশুর মৃত্যু

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলো- তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টু’র মেয়ে নাদিয়া (৭) ও সাইফুল ইসলাম এর মেয়ে সাদিয়া (৮)। তারা সম্পর্কে খালা ও বোনের মেয়ে হয়। তারা একই পরিবারের সদস্য।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সাইকেল নিয়ে খেলতে ঘর থেকে বের হয়ে দুই শিশু। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২শ গজ দূরে বট গাছের কাছের সাইকেল ও জুতো পায় নিহত সাদিয়ার নানা আব্দুল জব্বার। এসময় তাদেরকে খুঁজে না পেয়ে সাইকেল ও জুতো বাড়িতে নিয়ে যান তিনি। তারপর থেকে তাদেরকে কোথাও খুঁজে পায়নি তাদের পরিবার। দুপুর ২টায় নিহত নাদিয়ার দাদী একই স্থানে আরও একটি পেন্ট পেয়ে সন্দেহ করে পাশের মৎস্য প্রজেক্টে নামে পরিবারের সদস্যরা। মাত্র কোমড় পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে তারা।

নিহত নাদিয়ার দাদা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ জানান, শিশু দুইটিকে পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সমালোচনার মুখে হিট অফিসারের নিস্ক্রিয়তা !

ডেস্ক রিপোর্ট:

তাপমাত্রার ভয়াবহ উৎকণ্ঠায় প্রশ্ন উঠেছে ঢাকা সিটি করপোরেশনের চিফ হিট অফিসারের কাজ আসলে কী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেক ধরনের প্রচারণা চলছে। সাম্প্রতিক গরম নিয়ে ঢাকার চিফ হিট অফিসার বুশরা আফরিনের বক্তব্য ভাইরাল হয়ে সমালোচনার ঝড় বইছে।

অনেকে বলছেন, পক্ষপাতদুষ্ট হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার মেয়ে বুশরা আফরিনকে হিট অফিসার পদে নিয়োগ দিলেও এ পদের কার্যপদ্ধতি সম্পর্কে এখনো কোনো কিছু স্পষ্ট নয়। অসহনীয় গরম মোকাবিলায় গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশন চিফ হিট অফিসার পদে বুশরা আফরিনকে নিয়োগ দেয়। এই পদে নিয়োগের পর থেকে তার দায়িত্ব নিয়ে সাধারণের মনে অনেক প্রশ্ন তৈরি হয়। বুশরার দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে এক বছর পেরিয়ে গেলেও হিট অফিসার হিসেবে তার কাজের দৃশ্যমান কোনো ফলাফল পাওয়া যায়নি। এ বছর অসহনীয় তাপপ্রবাহের শিকার ঢাকাবাসীর মনেও এরই মধ্যে হিট অফিসার হিসেবে তার দায়িত্ব, এ পদে তার নিয়োগ পাওয়া এবং এ পদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। বিশ্বের অনেক বড় শহরের মতো ঢাকাও তাপমাত্রার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড গড়ছে। আর এই বৈশ্বিক সমস্যা নিরসনে মার্কিনভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রক এবং এক্সট্রিম হিট রেজিলিয়েন্স অ্যালায়েন্স (ইএইচআরএ) ২০২১ সাল থেকে কাজ করছে। তাপমাত্রা কমাতে বিশ্বের কয়েকটি মহাদেশে পাইলট প্রজেক্ট শুরু করেছে ইএইচআরএ। জাতিসংঘের সহযোগী এই সংগঠনটি বিশ্বে প্রথমবারের মতো চিফ হিট অফিসার পদ তৈরি করে এই পাইলট প্রজেক্টটিতে নিয়োগ দেয়। এই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই পদে গত বছর নিয়োগ পান বুশরা আফরিন। তিনি মেয়র আতিকুল ইসলামের কন্যা। ঢাকায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে উত্তর সিটি করপোরেশন।

ঢাকার চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, ‘গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করতে হবে। ঢিলেঢালা পোশাক পরতে হবে এবং যথাসম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করতে হবে। অসুস্থ বোধ করলে বিশ্রাম নিতে হবে, আর বেশি খারাপ লাগলে চিকিৎসকের কাছে যেতে হবে। তিনি আরও বলেন, সিটি করপোরেশন যথাসাধ্য চেষ্টা করছে পানীয় জলের সুব্যবস্থা বাড়ানোর জন্য। একই সঙ্গে ‘কুলিং স্পেস’ এর ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যাতে পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পান। আমাদের অবশ্যই আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, গত এক বছরে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে অন্যতম হচ্ছে বস্তি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করা। কারণ, তারা অন্যতম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এসব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে এবং এসব গাছের রক্ষণাবেক্ষণের মাধ্যমে তাদের সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া আবহাওয়া অধিদফতরসহ বেশ কিছু সরকারি-বেসরকারি এবং এনজিওর সঙ্গে আমরা শিগগিরই যুক্ত হয়ে বিভিন্ন কার্যক্রম চালু করতে যাচ্ছি। কল্যাণপুর ও বনানীতে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা ‘নগর বন’ তৈরি করতে যাচ্ছি। যা একই সঙ্গে শীতলকরণ, বায়ুদূষণ রোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে।

মূলত হিট অফিসাররা নগরের বাসিন্দাদের তাপ সুরক্ষা প্রদানের কর্মকান্ডকে ত্বরান্বিত করে চরম তাপের ঝুঁকি এবং প্রভাব কমাতে কাজ করেন। এর সঙ্গে তাপমাত্রা সহনীয় রাখতে সরকারি-বেসরকারি বিভিন্ন পদক্ষেপকে সমন্বয় করেন তারা। নগরের তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ কর্মসূচির মতো নানা ধরনের প্রক্রিয়া অনুসরণ করে থাকে এই অফিসাররা। সহকর্মীদের মাঝে চরম তাপের ঝুঁকি এবং সমাধান সম্পর্কে সচেতনতা বাড়ানো, সম্প্রদায় এবং আশপাশের এলাকার মধ্যে যেগুলো চরম তাপের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করা, তাপ তরঙ্গের পরিকল্পনা এবং তাপ মোকাবিলায় বিজ্ঞান সম্মত পদক্ষেপ নেওয়াও তাদের কাজ। স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করা, দীর্ঘমেয়াদি তাপ ঝুঁকি কমানো এবং শীতলকরণ প্রকল্প বাস্তবায়ন করা হিট অফিসারদের দায়িত্ব।

সাধারণত স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমেই চিফ হিট অফিসার নিয়োগ করা হয়। আর্শট-রকের নিয়োগ প্রক্রিয়ার নীতিমালা অনুযায়ী হিট অফিসার নিয়োগ পেয়ে থাকেন। সংস্থাটি প্রতিটি মহাদেশে একজন হিট অফিসার নিয়োগ দেবে। এ পর্যন্ত ৬টি মহাদেশে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার বাইরে লস এঞ্জেলস, মিয়ামি, মেলবোর্ন, এথেন্স এবং ফ্রিটাউনে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এদের একজন এলিনি মাইরিভিলি। তিনি এথেন্সের চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্থানীয় এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রে তাপমাত্রা কমানোর জন্য কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি-ডেড কাউন্টিতে আর্শট-রকের চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জেন গিলবার্ট। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, জলবায়ু দুর্যোগ প্রশমন এবং অভিযোজন এবং শহরের স্থিতিস্থাপকতায় তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা আছে। তিনি শহরে গ্রিন স্পেস বাড়ানো এবং তাপপ্রবাহ নিয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করছেন। আফ্রিকা মহাদেশের চিফ হিট অফিসার হলেন ইউজেনিয়া কার্গবো। দেশটির ফ্রিটাউন শহরে আর্শট-রকের চিফ হিট অফিসার হিসেবে তিনি নিযুক্ত। তিনি শহরের তাপমাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শহরায়ণের কারণে ফ্রিটাউন শহরটি যেসব সমস্যা মোকাবিলা করছে তিনি তা চিহ্নিত করেছেন। এ জন্য তিনি শহরের তাপমাত্রা কমাতে এবং ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের রক্ষা করতে বেশ সৃজনশীল সমাধান খুঁজে বের করছেন। অন্যদিকে বংলাদেশে প্রথম হিট অফিসার বুশরা আফরিন। বুশরা শুধু ঢাকা নয়, এশিয়া মহাদেশেরও প্রথম চিফ হিট অফিসার। সে হিসেবে তার কাছ থেকে এশিয়ার অন্য দেশগুলোতে অতিরিক্ত তাপপ্রবাহের শিকার মানুষদেরও প্রত্যাশা রয়েছে। কিন্তু অন্য দেশের হিট অফিসাররা যখন কুল পেভমেন্ট, গাছ লাগানো এবং ক্যানোপি তৈরির মতো ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে সেখানকার বাসিন্দাদের স্বস্তি দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সেখানে বুশরা আফরিনের দিকে এখনো অপেক্ষায় চেয়ে আছেন ঢাকাবাসী। গত এক বছরেও তার কোনো কার্যক্রম দৃশ্যমান নয়। ফলে এ নিয়ে নানা মাধ্যমে আলোচনায় সরব রয়েছেন সচেতন নাগরিকরা।

গাজায় তিনটি গণকবর থেকে প্রায় ৪০০ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে অন্তত ৩৯২ মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। মূলত তিনটি গণকবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহর মধ্যে ১৬৫টি চিহ্নিত করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এরপরই সেখানে গণকবরের সন্ধান মেলে।

এদিকে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তবে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশরসহ বিভিন্ন দেশ। একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। তবে সেদিকে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান, ইসরায়েল ‘স্থল অভিযান’ চালানোর জন্য এগিয়ে যাচ্ছে। তবে এই অভিযান কবে, কখন শুরু হয়ে কবে শেষ হবে, তা উল্লেখ করেননি তিনি।

সূত্র: আল-জাজিরা

বড় জয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

ডেস্ক রিপোর্ট:

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি আসরের শিরোপার জেতার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই তিনটি ক্লাব লড়াই জারি রেখেছে। আগেরদিন প্রতিপক্ষের মাঠে হেরে কিছুটা পিছিয়ে যায় লিভারপুল। এরপর গতকাল (বৃহস্পতিবার) সুযোগ পেয়ে হাতছাড়া করেনি গতবারের ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিতের পর ইংলিশ লিগের শিরোপা জেতায় মরিয়া পেপ গার্দিওলার শিষ্যরা। কাল ব্রাইটনকে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে।

ব্রাইটনের মাঠেই এদিন খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনার গোলে এগিয়ে যাওয়ার পর দুটি গোল করেন ফিল ফোডেন। এরপর চতুর্থটি করে সিটির বড় জয় নিশ্চিত করেন জুলিয়ান আলভারেজ। বল দখল, চাপ তৈরি করা থেকে শট–সর্বত্র ইতিহাদের ক্লাবটিরই দাপট ছিল।

মাত্র তিন মিনিটের মাথায় ম্যাচের প্রথম সুযোগটি তৈরি করে ব্রাইটন। তবে সিটি গোলরক্ষক এডারসন মোয়ারেস ব্রাইটনের ড্যানি ওয়েলবেকের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন। পরবর্তীতে সপ্তদশ মিনিটে লিড নেয় সিটি। সতীর্থের বাড়ানো কিছুটা নিচু বলে ডি ব্রুইনা ডি বক্সের মাঝামাঝি থেকে হেড দেন, চমৎকার সেই প্রচেষ্টায় বল জালে জড়িয়ে যায়। পরের গোলটি হয়েছে দারুণ, ২৬তম মিনিটে ফিল ফোডেনের ফ্রি-কিক শট ব্রাইটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। এটি প্রিমিয়ার লিগে ফোডেনের ৫০তম গোল।

বিরতির আগে ব্যবধান আরও বাড়ান ফোডেন। ব্রাইটনের গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৩৪তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোল করেন। বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। ফলে ৩-০ লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

একইভাবে দ্বিতীয়ার্ধেও আক্রমণে ধরে রাখে সিটি। তাদের হয়ে শেষ গোলটি করেন আর্জেন্টাইন তারকা আলভারেজ। প্রথমে ওয়াকারের প্রচেষ্টা রুখে দেন ব্রাইটনের আগুয়ান গোলরক্ষক। তবে ফাঁকা জায়গায় থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড ফিরতি বল পেয়ে যান। সেখান থেকে ফাঁকা জালে বল জড়াতে তিনি ভুল করেননি। দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে গোল পেলেন আলভারেজ। এর আগে সর্বশেষ ৩১ জানুয়ারি বার্নলির বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছিলেন। এই সময়ে অন্যান্য প্রতিযোগিতায় তিনি গোল করতে পারেন কেবল একটি।

এই জয়ে ৩৩ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে সিটির পয়েন্ট এখন ৭৬। এক ম্যাচ কম খেলেই তারা দুই নম্বরে অবস্থান করছে। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান লিভারপুলের।

জমকালো আয়োজনে কুমিল্লায় এলিট প্যালেস হোটেলের ২য় বর্ষপূর্তি উদযাপন

 

শাহ ইমরান:

জমকালো আয়োজনে কুমিল্লায় এলিট প্যালেস হোটেলের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এলিট প্যালেসে ২য় ফ্লোরে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেলড্র এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে  কেক কাটার মধ্য দিয়ে  এলিট প্যালেসের ২য় বর্ষপুর্তি অনুষ্ঠানে শুভ সুচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ তাহের, ভাইস চেয়ারম্যান সামিনা, জিএম খোরশেদ আলম,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী  ইমরুল হাসান, প্রাইম ব্যাংকের ম্যানেজার মাহাবুব মোরশেদ,  গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মুজিবুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

শুরুতেই বক্তব্য রাখেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ তাহের।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে  আগত অতিথিরা এ্যালিট প্যালেস হোটেলকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে বক্তব্যের উত্তরে হোটেলের জিএম খোরশেদ আলম তাদের বক্তব্যে সহমত পোষন করে সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন সর্বস্তরের জনগনের কথা মাথায় রেখে বিভিন্ন প্যাকেজ এর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামীতে দেশের একটি ভালো আন্তর্জাতিক মানের হোটেল  হিসেবে এলিট প্যালেস পরিচিতি লাভ করবেন বলে জানান তিনি।

পরে কুমিল্লার সমীকরন ব্র্যান্ডের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আগত অতিথিদের মাঝে রেফেলড্র  ও  পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

সব জায়গায় জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আমি বিজয়ের পথে আছি : ইঞ্জি. রিপন

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার  সদর  দক্ষিণ উপজেলা  পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান  পদপ্রার্থী  ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন উপজেলাজুড়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে  উপজেলার লক্ষীপুর, রামধনপুর (মুদ্দুত) সূর্যনগর, বৌয়ারাপাড়, শোভানগর (বলারডেপা), একবালিয়া, সোনাইছড়ি, দূর্গাপুর, কনেশতলা বাজারে গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন।

বিকেলে  প্রথমে  তিনি  লক্ষীপুর গ্রামে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন গণসংযোগ  করেন ।

পরবর্তীতে  রামধনপুর, বৃহত্তর সূর্যনগর এলাকায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন  গণসংযোগ করেন। প্রতিটি এলাকায় স্থানীয়দের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। যেখানেই রিপন যাচ্ছেন, সেখানেই  গণজোয়ারের সৃষ্টি হচ্ছে ।

 

পরে একবালিয়ায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন পথসভায়  অংশগ্রহণ করেন। যেখানে জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিল।

 

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন জানান,  আমি যেখানেই যাচ্ছি, সেখানেই গণজোয়ারের সৃষ্টি হচ্ছে। জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে মানুষ পরিবর্তনের জন্য কতোটা উদগ্রীব।  ইনশাআল্লাহ বিজয় সময়ের ব্যাপার মাত্র।