All posts by jitu

উপাচার্যপন্থী শিক্ষকদের মধ্যে কোন্দল, একজনের পদত্যাগ

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

ভর্তি পরীক্ষার আসন বিন্যাসকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থি দুই শিক্ষকের মধ্যে আন্তঃকোন্দলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিচার না পাননি দাবি করে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) কাজী এম. আনিছুল ইসলাম।

বুধবার (২৪ এপ্রিল) কাজী এম. আনিছুল ইসলাম স্বাক্ষরিত এক পদত্যাগ পত্রে তিনি এ দাবি করেন। উপাচার্যপন্থি অপর ওই শিক্ষক মার্কেটিং বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আবু ওবায়দা রাহিদ।

পদত্যাগপত্রে আনিছুল ইসলাম দাবি করেন, আবু ওবায়দা রাহিদ অনুমতি ছাড়াই আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নির্মিতব্য সংরক্ষিত কক্ষে অবৈধভাবে প্রবেশ করে আসন বিন্যাস পরিকল্পনা করেন এবং তা কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়ে দেন। অনুমতি ছাড়া ল্যাবে প্রবেশ ও আসন পরিকল্পনা করার কথা জানতে চাইলে তিনি কাজী আনিছের সাথে উদ্ধত আচরণ করেন। ঈদের ছুটি শেষে ‘অনুমতি নেওয়ার’ বিষয়টিকে কেন্দ্র করে ক্যাম্পাসের গোল চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতে ফের বাকবিতণ্ডা হয়। পরবর্তী সময়ে ‘সমঝোতা বৈঠকে’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও একজন অধ্যাপকের সামনে তিনি আমাকে মারতে উদ্যত হন এবং আমার পরিবার নিয়ে অশালীন কথাবার্তা বলেন।

এ বিষয়ে কথা বলতে চাইলে কাজী আনিছুল ইসলাম বলেন, “আমরা ইনফরমালি বিচারের জন্য বসছিলাম। সেখানে প্রক্টর ও মিজান স্যার ছিলেন। সেখানে আমি বিচারটা পাইনি। অথচ ঐ সময়ে রাহিদ আমার উপর চড়াও হয়েছে। উপাচার্য স্যারকে মৌখিকভাবে জানিয়েছি। স্যারের বাংলোতেও আমি গিয়েছি। সেখানে আমি সবকিছু খুলে বলেছি। আমি স্যারকে বলেছি, যেহেতু উনি বারবার হুমকি দিচ্ছেন, প্রক্টরিয়াল বডির একটা শক্তি দেখাচ্ছেন, আপনার (উপাচার্যের) একটা ক্ষমতা দেখান বিভিন্নভাবে, তো আমি শঙ্কিত বোধ করছি। আমি যদি এখন উনার সাথে বসে প্রক্টরিয়াল কাজ করি তাহলে পরিবারের প্রতি অশ্রদ্ধা হয়। সেজন্য আমি পদত্যাগ করেছি। এর আগে উপাচার্য স্যারকে আমি একটা দাবি দিয়েছিলাম, তাকে এ জায়গা সরিয়ে আমাকে রাখেন।”

এ বিষয়ে আবু ওবায়দা রাহিদ জানান, আমি ওনাকে মারতেও যাইনি, ওনার পরিবার নিয়ে কোনো বাজে কথাও বলেনি। বরং উনি কথায় কথায় আমাকে অনেক খোঁচা দিয়ে কথা বলেছেন। আমাকে বলেছেন আমার মুখের কথা নাকি আমার জুতার মতো সুন্দর। এরকম অনেক উস্কানিমূলক কথা বলেছেন। উপস্থিত শিক্ষকদের কেউ যদি বলে আমি ওনার সাথে আমি বাজে আচরণ করেছি আমি মেনে নিব। আর ঐ ল্যাবের রুম ফাঁকা থাকায় ও ল্যাবের যন্ত্রপাতি প্যাকেট বন্দি থাকায় আমরা কক্ষটি নিয়েছিলাম। তাছাড়া রুমটি পেতে কাজী আনিছ স্যার কে মেইল করেছি এবং মেইলের কোনো উত্তর পাইনি। দীর্ঘদিন একসাথে কাজ করার পর তিনি হুট করেই নিজের কথা বলার সুর পাল্টে ফেলেছেন।

তিনি আরও বলেন, ওনার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার কারণে উনাকে বলেছিলাম, যারা এই গ্রুপটাকে ওনড করত, তারা আপনার জন্য চলে গেছে। আপনি আইনুল স্যার, লতা ম্যাডাম, হাসিনা ম্যাডাম, আইন বিভাগের শিক্ষকদের সাথে বাজে আচরণ করার কারণে উনারা চলে গিয়েছেন।

উপাচার্যপন্থি শিক্ষকের এমন পদত্যাগের বিষয়ে এক শিক্ষক জানান, ইদের আগে থেকেই শুনে আসছি উনি পদত্যাগ করবেন।তিনি মূলত পদত্যাগ করার একটা সুযোগ খুঁজছিলেন। যখন যেদিকে সুযোগ আসে, তিনি ঐদিকেই চলে যান।

এদিকে উপাচার্যের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে ৩ দফায় ক্লাস বর্জন করে উপাচার্য বিরোধী শিক্ষকরা। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রায় ১২ জন শিক্ষক পদত্যাগ করেছেন। এবার নতুন করে পদত্যাগ করছেন উপাচার্যপন্থি শিক্ষকরাও।

মন্ত্রী-এমপির স্বজন যারা মনোনয়ন প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেনি তাদের বিষয়ে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, পার্টির যারা মন্ত্রী-এমপি এমন পর্যায়ে আছেন তাদের জন্য নির্দেশনা রয়েছে, তাদের সন্তান ও স্বজনরা যেন উপজেলা নির্বাচনে না আসে। প্রথম পর্যায়ের প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেছে। কেউ কেউ বলেছেন আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। তারপরেও প্রত্যাহার কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তারপরেও ইচ্ছা করলে করতে পারবেন।

ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে। সময়মতো এই সিদ্ধান্ত অবশ্যই করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিচার করবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময়মতো দল ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি এসে যায়। আওয়ামী লীগও একই সময়ে সমাবেশের ডাক দেয়। তবে এটা পাল্টাপাল্টি নয়।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

যেভাবে ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল পাঠাবেন

ডেস্ক রিপোর্ট:

অনেক সময় মোবাইলে ইন্টারনেট থাকে না। এ সময় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোও ব্যবহার করা যায় না। তবে আপনি চাইলে ইন্টারনেট ছাড়াও হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল আদান-প্রদান করতে পারবেন।

সম্প্রতি মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন এক ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারের মাধ্যমে অফলাইনে ফাইল ও ডকুমেন্ট ট্রান্সফার করা যাবে। এই সুবিধা আসতে চলেছে শিগগিরই, পরীক্ষা শুরু করে দিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে উপকৃত হবেন লাখ লাখ মানুষ। এবার অফলাইনে ছবি, ফাইল ও ডকুমেন্ট শেয়ার করা যাবে। স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও চাপ নেই। কারণ ডেটা কানেকশন ছাড়াই অন্য ইউজারকে ছবি পাঠাতে পারবেন। কিন্তু তা কী করে সম্ভব? সংস্থার নতুন ফিচারে সেই কাজ করা যাবে।

সম্প্রতি সেই তথ্য প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো। যারা হোয়াটসঅ্যাপের নানা নতুন ফিচার ট্র্যাক করে থাকে।

আরও জানা গেছে, অফলাইনে শেয়ার হওয়া ফাইল সম্পূর্ণ অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপটেড থাকবে অর্থাৎ প্রাইভেসি নিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন। তা জানতে পারবেন না অন্য কেউ। ইউজারদের ভরসা পেতে এনক্রিপট হওয়া খুবই জরুরি বলে মনে করা হচ্ছে।

এই ফিচার সম্পর্কিত একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে। তবে ফিচারের ছোট্ট একটি টুইস্ট রয়েছে। সেটি আবার কী? জানা গেছে, আপনার কাছাকাছি সেই ডিভাইস থাকতে হবে এবং তাতে অফলাইন ফাইল-শেয়ারিং ফিচার চালু থাকতে হবে। তবেই এই ফিচার কাজ করবে। ফাইল শেয়ারিং ফিচার বর্তমানে সব অ্যানড্রয়েড ফোনেই পাওয়া যায়।

কীভাবে হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই ফাইল ও ছবি শেয়ার করবেন
অফলাইন ফাইল শেয়ারিং ট্রান্সফারের ক্ষেত্রে কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। স্ক্যান করে ব্লুটুথের মাধ্যমে দ্রুত সেই ফাইল এক ফোন থেকে আর এক ফোনে চলে যায়। এটি অন/অফ ও করা যায়, সেই ফিচার কাজে লাগিয়েই হোয়াটসঅ্যাপের এই সিস্টেম কাজ করবে। তবে এক্ষেত্রে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে।

হোয়াটসঅ্যাপকে আপনার ফোনের গ্যালারি, ফাইল ও ডকুমেন্ট অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে। যা না দিলে এই ফিচার কাজ করবে না। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারের নম্বর গোপন থাকবে এবং শেয়ার করা ফাইলগুলো এনক্রিপট করা হবে।

শেয়ার ইট অ্যাপের মতোই অনেকটা কাজ করবে এই ফিচার। যার ব্যবহার এখন বেশ কমে গেছে। নেট কানেকশন বা ওয়াইফাই না থাকলেও পাঠানো যাবে ছবি, ভিডিও, ডকুমেন্ট সব। যা ইউজারদের অনেক ডেটা এবং সময় বাঁচাবে বলে মনে করা হচ্ছে।

কবে আসবে হোয়াটসঅ্যাপের অফলাইন ফাইল শেয়ারিং ফিচার?
অ্যানড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে এই সুবিধা তার দিনক্ষণ জানা যায়নি। ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের পরীক্ষাধীন রয়েছে এবং বেটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সবার ডিভাইসে রোল আউট শুরু করা হবে। তবে ফিচারটি লাইভ হলে তার সুবিধা পাওয়ার জন্য অবশ্যই অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকা

ডেস্ক রিপোর্ট:

ইসরাইল ও হামাসের চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকা। গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ‘নিরন্তর গভীরতর মানবিক সংকট’ নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি।

মঙ্গলবার জ্যামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যামাইকা। সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদানকে সমর্থন করে।

জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ‘সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান’ দেখতে চায়।

উল্লেখ্য, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১৪২তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইকা।

গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা সে সময় বলেন, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।

সূত্র: আলজাজিরা, জ্যামাইকা অবজার্ভার

মুস্তাফিজদের বেদম মেরে যা বললেন মার্কাস স্টয়নিস

ডেস্ক রিপোর্ট:

চলতি আইপিএলে ঘরের মাঠ এম চিদাম্বরমে হারেনি চেন্নাই সুপার কিংস। তার ওপর ২১০ রানের বড় পুঁজি! আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এই মাঠে এত বড় রান তাড়া করে জেতার নজির নেই। পরিসংখ্যানের দিক থেকে চেন্নাই দুর্গ অক্ষত রাখারই সুযোগ ছিল রুতুরাজ গায়কোয়াড়দের। কিন্তু সব হিসেব পাল্টে দেন মার্কাস স্টয়নিস।

অস্ট্রেলীয় এই ব্যাটারের ৬৩ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এ নিয়ে পরপর দুই ম্যাচে চেন্নাইকে হারাল কেএল রাহুলের দল।

অস্ট্রেলিয়ার চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। আইপিএলে শতরান করে ম্যাচ জিতিয়ে জানিয়ে দিলেন, চুক্তিতে না থাকলেও দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, ‘কোচের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। চুক্তিতে আমার যে নাম ওঠেনি, বেশ কিছু দিন আগেই জেনেছি।’

আরও যোগ করেন, ‘চুক্তি থাকবে চুক্তির জায়গায়। সেটা না থাকলে কি দেশের হয়ে খেলা যাবে না? টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। আশা করি, চুক্তি না থাকায় বিশ্বকাপ খেলতে কোনও সমস্যা হবে না।’

প্রথম বল থেকেই বড় শট নিতে চাননি স্টয়নিস। তিনি প্রথমে পিচে থিতু হয়েছেন, তারপরে শুরু করেছেন শট নেওয়া। বলছিলেন, ‘শুরু থেকেই বড় শট নিতে গেলে এই ম্যাচ বার করা সম্ভব হত না। পুরান আমাকে অনেক সাহায্য করেছে। যে বোলারের বিপক্ষে আমি রান বের করতে পারছিলাম না, ও করে দিচ্ছিল, হুদাও ভালো ইনিংস খেলেছে। এটা সম্মিলিত প্রয়াসে জয়। আমি একা এই ম্যাচ জেতাইনি।’

আইপিএলে বেশির ভাগ ম্যাচেই বড় রান করতে দেখা যাচ্ছে দলগুলোকে। ২০০ রানও এখন আর নিরাপদ নয়। স্টয়নিস মনে করেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মই বড় রানের মঞ্চ তৈরি করে দিচ্ছে। অস্ট্রেলীয় অলরাউন্ডার বলছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকা মানে যে কোনো দল একজন অতিরিক্ত ব্যাটার অথবা বোলার খেলাতে পারে। মোট ১২ জনের খেলা। এই নিয়মই এত রান উঠতে সাহায্য করছে।’

আরও বলেন, ‘বিশ্বকাপে মনে হয় না এত রান উঠবে। ওয়েস্ট ইন্ডিজের পিচ মন্থর হয়। বল ব্যাটে বেশি আসে না। আইপিএলের পিচ অন্য রকম হয়। দর্শকদের বিনোদনের জন্য এত ভাল পিচ তৈরি করা হয়। কিন্তু বিশ্বকাপে এই রকম পিচ হওয়ার সম্ভাবনা নেই।’

সর্বজনীন পেনশন কার্যক্রম নিয়ে দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দির কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে সর্বজনীন পেনশন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন । মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান, জনতা ব্যাংক দাউদকান্দি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন, সোনালী ব্যাংক দাউদকান্দি শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, রাশেদুল ইসলাম লিপু, হানিফ খান, ওমর ফারুক মিয়াজী, কামরুল হক চৌধুরী, আলমগীর হোসেন, শরীফ প্রধান, লিটন সরকার বাদল, মোহাম্মদ আলী শাহীন, সাহাব উদ্দিন, হোসাইন মোহাম্মাদ দিদার প্রমূখ।
এই সময় সর্বজনীন পেনশন কার্যক্রম সম্পর্কিত সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত আলোচকবৃন্দ।

আলোচনায় সর্বজনীন পেনশন স্কিমে সকলের অংশগ্রহন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ চারটি স্কিম নিয়ে আলোচনা করা হয়। সেগুলো হলো, দারিদ্রসীমার নিচে বসবাসকারী সমতা, বিদেশে কর্মরত বাংলাদেশী নাগরিকদের জন্য, প্রবাস স্কিম, বেসরকারি চাকুরিজীবিদের জন্য, প্রগতি ও স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা।

আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও তিন জন আহত হয়েছেন। গত সোমবার (২২ এপ্রিল) আবুধাবি সিটিতে এ দুর্ঘটনা সংগঠিত হয়। এতে ঘটনাস্থলে মারা যান আবুধাবি প্রবাসী মুহাম্মদ আবু সাইয়্যিদ (২৬)।

যে আশা স্বপ্ন নিয়ে আরব আমিরাতে এসেছেন সে স্বপ্নের খবর দিয়ে ২৯ এপ্রিল লাশ দেশে যাচ্ছে বলে জানান তার কোম্পানির মালিক মুহাম্মদ সরোয়ার হোসেন। সরোবর হোসেন বলেন সে আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার লেবার ক্যাম্পে থাকতেন। সেদিন বন্ধুদের সাথে গভীর রাতে সিটিতে ঘুরতে যায়, সেখান থেকে ফেরার পথে ড্রাইভার ওভার স্পিড গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হয়। ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ইতিমধ্যে আমরা তার বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির সাথে কথা বলে লাশ দ্রুত দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তার স্বজনদের হাতে ছাড়পত্র দিয়ে দিয়েছি।

কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি বাজারস্থ বদুপাড়ার মুহাম্মদ হানিফের দুই ছেলে এক মেয়ের মধ্যে নিহত আবু সাইয়্যিদ সকলের ছোট। অবিবাহিত আবু সাইয়্যিদ গত আড়াই বছর আগে আমিরাতে এসেছিলেন বলে জানান তার স্বজনরা। এসময় তারা নিহতের পরিবারের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য কোম্পানির পক্ষ থেকে টিকেটের খরচের পাশাপাশি বেতনের বকেয়া টাকা আবু সাইয়্যিদ এর পিতার কাছে দেশে পাঠিয়েছেন বলেও জানান কোম্পানির স্পনসর মুহাম্মদ সরোয়ার হোসেন।

কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ৫ শতাধিক পথচারীকে স্যালাইন, শরবত বিতরণ

শাহ ইমরান:

তীব্র দাবদাহে ৫ শতাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর কান্দির পাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কার্যক্রম চালানো হয়। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

এক পথচারী বলেন, এই তীব্র গরমে পুলিশের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।

রিকশাচালক বলেন, পুলিশের কাছ থেকে মাগনা শরবত পান করলাম। এমনটা এই প্রথমবারই হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কথাও ভাবে। ধন্যবাদ পুলিশকে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান বলেন, তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। গরমে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক, অটোরিকশা চালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। জনস্বার্থে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

উপস্থিত ছিলেন,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই জিয়াউল হক চৌধুরী টিপুসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাঁপায় শাহজাহান কবির সাগর (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক প্রবাস ফেরৎ যুবক নিহত হয়েছে।

সোমবার (২২এপ্রিল) রাত আনুমানিক ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়া এলাকায় হোটেল অফ ভিটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলের চালক পৌরসদরের চান্দিশকরার মোখলেছুর রহমানের ছেলে তাইপুর রহমান ও মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মফিজুর রহমানের ছেলে রোমান (২৬)।

নিহত সাহাজাহান কবির সাগর উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মীর হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা একরাম হোসেন।

নিহতের চাচা একরাম হোসেন জানান, মোটরসাইকেলে পিছনে বসে দুই বন্ধুর সাথে করে সাগর সোমবার রাতে হাড়িসর্দার এলাকা থেকে চৌদ্দগ্রাম বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত নামা একটি গাড়ি মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে মহাসড়কের পাশে তিন বন্ধু ছিটকে পড়ে। এসময় আহত তিন বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত সাগর ও রোমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। সাথে থাকা বন্ধু রোমান ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছে।