All posts by jitu

আমাদের দেশের নারী সমাজ বঞ্চিত : ড. আবদুল মঈন খান

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজ নারী সমাজবঞ্চিত। আমাদের দেশের নারীরা গার্মেন্টস শিল্পে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। পোশাকশিল্পের আয় দিয়ে সরকার যে তথাকথিত উন্নয়নের বড়াই করে। অথচ আজ আমাদের দেশের নারী সমাজবঞ্চিত। সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি, তার ফলশ্রুতিতে দেখতে পারছেন, দেশের অর্থনীতি ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের গণতন্ত্র এখন মৃত মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছাত্রদলের নতুন কমিটির নেতারা নিজেদের জীবনবাজি রেখে দেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার এবং তাদের সম অর্থনীতির অধিকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন তিনি।

মঈন খান বলেন, বাংলাদেশ মহান যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশে আজ গণতন্ত্র মৃত। মৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সে জন্য রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকব।

তিনি অভিযোগ করে বলেন, এই সরকার বিএনপি ভয় পায়, বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভয় পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু গৃহবন্দি করে রাখেনি সরকার, সেই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসতে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আলম, সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক মোহা. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, ছাত্রদল নেতা মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, রেহেনা আক্তার শিরিন, জকির উদ্দিন আবির, আহি আহমেদ জুবায়ের প্রমুখ।

সরকারের মুখে নারী অধিকারের কথা মানায় না, ভাঁওতাবাজি ছাড়া কিছুই না: রিজভী

ডেস্ক রিপোর্ট:

সরকার মুখে নারীর অধিকারের কথা বললেও এসব ভাঁওতাবাজি ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন বাংলাদেশে নারীরা ঘরে-বাইরে-কর্মস্থলে সর্বত্রই নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত ও খুনের শিকার হচ্ছেন। বর্তমান সরকারের গত ১৬ বছরের শাসনে সবচেয়ে বেশি লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন নারীরা। এখন দিনে-দুপুরে পথ চলতে নারীসহ সাধারণ মানুষের গা ছমছম করে।

শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দেশে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে। এমনকি ইফতারের খেজুরের দামও বৃদ্ধি পেয়েছে। এ সময় রমজান মাসে হলেও খেজুর আমদানির ওপর শুল্ক মওকুফের দাবি জানান তিনি।

জনগণ কষ্টে আছে আর সরকারের মন্ত্রীরা এসব নিয়ে মশকরা করছে বলে মন্তব্য করে তিনি বলেন, এসব নিপীড়নের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে। এ সময় আন্দোলনে এ সরকারের পতন হবে বলেও দাবি করেন রিজভী।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার কাউকে মানুষ বলে গণ্য করে না। এক যুগেরও বেশি সময় পার হলেও এখনো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি।

শাকিবের কোম্পানিতে যুক্ত হচ্ছেন সাকিব

ডেস্ক রিপোর্ট:

একজন সিনেমা অন্যজন ক্রিকেটে, দুইজন দুই জগতের তারকা। বলা হচ্ছে, বাংলাদেশ দলের ‘পোস্টারবয়’ খ্যাত সাকিব আল হাসান ও ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের কথা।

এই দুই তারকা এবার একসঙ্গে হচ্ছেন ব্যবসায়িক কারণে। শাকিব খানের কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান।

গেল জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যান-এর সঙ্গে অফিসিয়াল পথচলা শুরু হয়েছে সুপারস্টার শাকিব খানের। জনপ্রিয় এই চিত্রতারকা হয়েছেন আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর।

এবার শাকিব খানের এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। শাকিব খানের এই প্রতিষ্ঠানের পণ্য হোমকেয়ার ও হোমক্লিনিং ‘টাইলক্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হচ্ছেন মাগুরা ১ আসনের এই সংসদ সদস্য।

এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক এন্ড হারল্যানের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে।

আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। এর বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এ মাসেই তিনি শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন ‘তুফান’ নামে আরেক ছবির, যেটি ঈদুল আযহায় মুক্তি পাবে। শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি ‘দরদ’।

অন্যদিকে বিপিএল শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন সাকিব আল হাসান। শিগগিরই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন তিনি।

মানসম্মত শিক্ষক-চিকিৎসক থাকলে তখনই আসন বাড়াব : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি আসন সংখ্যা বাড়িয়ে দিলাম কিন্তু মানসম্মত শিক্ষক বা ট্রেনিং দেওয়ার মতো কেউ না থাকলে সেই আসন বাড়ানোর পক্ষে আমি না। যখন দেখব মানসম্মত চিকিৎসক আছেন, পড়াশোনার ভালো পরিবেশ আছে, ভালো মানের ডাক্তার আছে তখনই আমি আসন বাড়াব।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ডেন্টাল সার্জন্স-বিডিএস ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুরক্ষা আইনের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি এটি নিয়ে কাজ করছি। দীর্ঘদিন ধরে আমি ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করছি এটা নিয়ে। রমজান মাসজুড়ে আমি মিটিং করব এবং আগামী সংসদেই যেনো এটা পাস করতে পারি সেই চেষ্টা করব।

অবৈধ ক্লিনিক বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি আগেও বলেছি সেগুলো যেনো বন্ধ করে দেওয়া হয়। তবে অবশ্যই সেগুলো যেনো মনিটরিং করে তারপর বন্ধ করা হয়। বাংলাদেশ বিশাল জায়গা, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করলে হবে না। সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ইউনিয়নের নেতারাও হাসপাতালগুলো দেখবেন। যদি কোনো অসঙ্গতি পান তবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।

তিতাসে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিতাস প্রতিনিধি:

“নারী সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‍্যালী বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, তিতাস থানার এসআই মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক বাবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা।

পরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর-কিশোরীদের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।

বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” একবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে। ৮ মার্চ (শুক্রবার) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, ঋণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে অতিথিরা সেখান থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা জোহরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মীঠু, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা ইন্সেটাক্টর মোঃ মোস্তফা কামাল।

আরও বক্তব্য রাখেন সরকারি আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক মোঃ ইসমাইল হোসেন নয়ন, সংগীত প্রশিক্ষক মোঃ আলা উদ্দিন আলাল, চন্দন দেবনাথ চৌধুরী, লিপনারা বেগম, অফিস সহকারী মোঃ আব্দুস সাত্তার, প্রশিক্ষক হালিমা আক্তার, মোঃ জসিম উদ্দিন, রফিকুল ইসলাম প্রমূখ।

সভা শেষে মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার সাতজন নারীকে পঁচিশ হাজার করে একলক্ষ পঁচাত্তর হাজার ও চারজন নারীকে পঞ্চাশ হাজার করে দুই লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

ক্যাপশনঃ-৮ মার্চ (শুক্রবার) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ‘কামিকাজে’, নজরদারি ও সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অধিকাংশ অত্যাধুনিক ড্রোন।

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের কিয়েভ সফরকালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অত্যাধুনিক ড্রোন তৈরিতে আরও ১২৫ মিলিয়ন (সাড়ে ১২ কোটি) পাউন্ড ব্যয় করছে দেশটি। এর মধ্য দিয়ে ইউক্রেনের জন্য সব মিলিয়ে যুক্তরাজ্যের ড্রোন প্যাকেজের পরিমাণ দাঁড়াচ্ছে ৩২৫ মিলিয়ন (সাড়ে ৩২ কোটি) পাউন্ড।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ অর্থ দিয়ে বছরজুড়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ১০ হাজার ড্রোন সরবরাহ করা হবে।

তৃতীয়বারের মতো ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্যাপস। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের বিশ্বমানের সমরাস্ত্র কারখানাগুলোতে থেকে আসা অত্যাধুনিক নতুন ড্রোন দিয়ে ইউক্রেনকে অস্ত্রসজ্জিত করার আমাদের প্রতিশ্রুতি আমি জোরদার করছি।’

যুক্তরাজ্য বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে হামলা চালানোর পর থেকে কিয়েভকে ৭০০ কোটি পাউন্ডের বেশি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তারা। কয়েক হাজার ইউক্রেনীয় সেনাকেও প্রশিক্ষণ দিয়েছে দেশটি।

প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যই ইউক্রেনের সামরিক বাহিনীকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করেছে। দেশটি গত বছরের মে মাসে ইউক্রেনকে আকাশ থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয়।

এদিকে গতকালই চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল বলেছেন, ইউরোপের বাইরে থেকে কেনা আট লাখ গোলা কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে। এমন সময় তিনি এ কথা জানালেন, যখন অস্ত্র ফুরিয়ে আসা ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার দুই বছরের পুরনো আগ্রাসন ঠেকাতে হিমশিম খাচ্ছে।

চেক রাষ্ট্রপ্রধান একজন সাবেক ন্যাটো জেনারেল। তিনি বলেন, এসব গোলা কিনতে ‘চেক ইনিশিয়েটিভ’ নামে ১৮ দেশের একটি জোট অর্থসংগ্রহ করেছে। এমন সময় এ উদ্যোগ নেওয়া হয়, যখন ইউরোপের সমরাস্ত্র কারখানাগুলো ইউক্রেনে সরবরাহের জন্য প্রয়োজনীয় অস্ত্র উৎপাদনে পিছিয়ে পড়ে।

মেসি-সুয়ারেজ নৈপুণ্যে, নাটকীয় ড্র মায়ামির

ডেস্ক রিপোর্ট:

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছেন কে বলবে! চারদিকে ‘মেসি মেসি’ স্লোগানে মনে হতেই পারে এক টুকরো মায়ামি। অবশ্য এমন গর্জনের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। সেখান থেকে ত্রাতা হয়ে দলকে লড়াইয়ে ফেরান আর্জেন্টাইন মহাতারকা । শেষ সময়ের গোলে বাজিমাত করেন সুয়ারেজ।

মেসি-সুয়ারেজ নৈপুণ্যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিল এসসির সঙ্গে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করতে পেরেছে ইন্টার মায়ামি। দ্বিতীয় লেগের লড়াই আগামী বুধবার।

ঠিক বার্সেলোনার পুরোনো সেই দিনগুলো যেন ফিরিয়ে আনছেন মেসি ও সুয়ারেজ। দিন কয়েক আগেই আর্জেন্টাইন বন্ধুর সঙ্গে তাল মিলিয়ে ইন্টার মায়ামিকে বড় জয় এনে দিয়েছিলেন উরুগুইয়ান তারকা। অবশ্য শুক্রবার ভোরে ন্যাশভিলের জিইওডিআইসে স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। জ্যাকব শ্যাফেলবার্গ ন্যাশভিলকে লিড এনে দেন। বিরতির পর প্রথম মিনিটে আবারও শ্যাফেলবার্গের গোল। অবশ্য প্রতিপক্ষের জাল ভেদ করতে না পারলেও বল দখলে এগিয়ে ছিল মায়ামি।

ম্যাচের ৫২ মিনিটে এক গোল শোধ করে মায়ামি। দলকে লড়াইয়ে ফেরান মেসি। অ্যাসিস্ট করেন সুয়ারেজ। এরপর আরও এক গোল শোধে মরিয়া হয়ে ওঠে মায়ামি। কিন্তু নির্ধারিত মিনিটের খেলা শেষ হওয়ার আগমুহূর্তে আবারও মায়ামির জালে বল পাঠায় ন্যাশভিল। কিন্তু ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করা হয়।

ম্যাচের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ। ডান দিক থেকে বুসকেটসের ক্রস হেড করে গোল করেন সাবেক বার্সা স্ট্রাইকার।

মেয়েদের অর্থনৈতিক মুক্তি সবচেয়ে বড় : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের সুযোগ দিলে পারবে না— এটা আমি মানতে রাজি না। মেয়েদের অর্থনৈতিক মুক্তি সবচেয়ে বড়। অর্থাৎ নারীকে অর্থনৈতিক নিশ্চয়তা দিলে তারা সব পারবে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার ডাকে এ দেশের মানুষ অস্ত্র কাঁধে নিয়ে শত্রুর মোকাবিলা করেছে। পাকিস্তানের হানাদার বাহিনী এ দেশে গণহত্যা চালিয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের শাসকরা আল বদর বাহিনী, রাজাকার বাহিনী গড়ে তোলে। আমাদের কিছু দেশীয় দালাল, তারা নারীদের ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে দিয়ে দিত। দিনের পর দিন তাদের ওপর পাশবিক অত্যাচার চত। দিনের পর দিন তাদের ওপর অকথ্য নির্যাতন হয়। সে নির্যাতিত মা-বোনদের আমি শ্রদ্ধা জানাচ্ছি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্যাতিত নারীদের বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মাননা দিয়েছেন। আমরা তাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছি, তাদের অবদান ভোলার নয়।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কোথাও মেয়েদের সুযোগ ছিল না। আমরা দায়িত্ব নেওয়ার পর সেই সুযোগ করে দিয়েছি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারীরা সবচেয়ে বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারাই সুনাম বয়ে আনছেন বাংলাদেশের।

শেখ হাসিনা বলেন, আমার বাবা রাজনীতি করতেন। তিনি বেশিরভাগ সময়ই জেলে থাকতেন। এ সময় তার কাজগুলো গোপানে আমার মা করতেন। কিন্তু গোয়েন্দা সংস্থাও আমার মাকে ধরতে পারেনি। আমার মা নিজের পোশাক পরিবর্তন করে গোপনে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতেন। পরামর্শ দিতেন সে বিষয়টি ধরতে পারেনি। এতটাই দক্ষ-বিচক্ষণ ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি ওই সময়ের প্রতিটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দেখেছি কিন্তু কোথাও আমার মায়ের বিষয়টি নেই। তবে আগরতলা মামলা যখন দেওয়া হয়, তখন তারা মাকে টার্গেট করে, বুঝতে পারে। গ্রেফতার করার একটা শঙ্কা তৈরি হয়।

তিনি বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতাটাই সবচেয়ে বড়। নারী যদি ১০ টাকা উপার্জন করে তবে তা ঘরেই ফিরে আসে।

তিনি বলেন, আমরা প্রাথমিকের বৃত্তির টাকা সরাসরি মায়ের নামে পাঠিয়ে দিই। মায়ের ফোনের টাকা পাঠিয়ে দিই।

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো

ডেস্ক রিপোর্ট:

নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৭৫ পয়সা থেকে ৪ টাকা পর্যন্ত কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের নতুন দাম বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। প্রথমবারের মতো স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের প্রজ্ঞাপনে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমলো।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ নির্ধারণ করেছে সরকার। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা ও পেট্রোলে ৩ টাকা কমেছে।

এর আগে ২০২২ সালের ৩০ আগস্ট থেকে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়েছিল সরকার।

গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করেছে জ্বালানি বিভাগ। এ নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯২ দশমিক ৭৬ রুপি বা ১৩৩ টাকা ৫৭ পয়সা (১ রুপি সমান ১ দশমিক ৪৪ টাকা হিসাবে) এবং পেট্রোল ১০৬ দশমিক ০৩ রুপি বা ১৫২ টাকা ৬৮ পয়সায় বিক্রি হচ্ছে। যা প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশ থেকে প্রায় ২৪ টাকা ৫৭ পয়সা ও পেট্রোল ২৭ টাকা ৬৮ পয়সা বেশি বলেও জানিয়েছে মন্ত্রণালয়।