All posts by jitu

মার্কিন কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট:

ইয়েমেনের দক্ষিণে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে অন্তত তিনজন ক্রু নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাত সাড়ে ১১টায় এডেন উপসাগরে কার্গো জাহাজ ‘ট্রু কনফিডেন্সে’এই হামলার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার শিকার ওই কার্গো জাহাজের একটি ছবি প্রকাশ করেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, কার্গো জাহাজে হুথিদের হামলার পর প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটল।

বার্বাডোসের পতাকাবাহী ‘ট্রু কনফিডেন্স’ জাহাজটি পরিত্যক্ত করা হয়েছে এবং জাহাজে আগুন জ্বলছিল। এডেন উপসাগরে জাহাজটি হামলার স্বীকার হয়েছে।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরাইল ও হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের এসব হামলা।

এক বিবৃতিতে হুথি আরও জানিয়েছে, জাহাজটির ক্রুরা তাদের দেওয়া সতর্কতা অবজ্ঞা করেছে।

এদিকে ইয়েমেনে নিযুক্ত ব্রিটিশ দূতাবাস বলেছে, নাবিকদের মৃত্যুর ঘটনা দুঃখজনক তবে আন্তর্জাতিক জাহাজে হুথির হামলার জবাব হবে অনিবার্য।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্যে সামরিক কর্মকাণ্ড ও অপারেশন তত্ত্বাবধান করে থাকে। সেন্টকম বলেছে, হামলায় তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সেন্টকম আরও বলেছে, ‘হুথিদের এই বেপরোয়া আক্রমণগুলো বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন কেড়ে নিয়েছে।’

অন্যদিকে এক বিবৃতিতে ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র হুথি গোষ্ঠী বলেছে, ট্রু কনফিডেন্সের ক্রুরা হুথি নৌবাহিনীর জারি করা সতর্কতা উপেক্ষা করেছিল।

মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তারা এর আগে হুথিদের এই হামলায় দুজন নিহত ও আরও ছয়জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে নিহতের সংখ্যা তিনজন বলে জানানো হয়।

বিবিসি বলছে, জাহাজটিতে ২০ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে একজন ভারতীয়, চারজন ভিয়েতনামী এবং ১৫ জন ফিলিপিনো নাগরিক। এছাড়া তিনজন সশস্ত্র রক্ষীও ছিল জাহাজটিতে। যাদের মধ্যে দুজন শ্রীলঙ্কার এবং একজন নেপালের।

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান জানিয়েছে, ইয়েমেনের এডেন শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫০ নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা হয়। তবে ক্রুদের অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনও কিছু জানাতে পারেনি।

এদিকে হামলার পর হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি বুধবার সন্ধ্যায় জানিয়েছে, হুথি-নিয়ন্ত্রিত লোহিত সাগরের বন্দর শহর হুদেইদাহ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা চালিয়েছে।

রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুবি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি – ২০২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ওসমান গনি (সৈকত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন।

মঙ্গলবার (৬ মার্চ ) এ কমিটি ঘোষণা করা হয়। এতে হেলথ টিমের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রামিম মিয়া।

সংগঠনে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন (লোকপ্রশাসন), দীপ চৌধুরী (লোকপ্রশাসন), সামীন বখশ সাদী (অর্থনীতি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রামিম মিয়া (ফার্মেসী), ওবায়দুল্লাহ খান (নৃবিজ্ঞান) এবং জিয়ারুল ইসলাম (ব্যবস্থাপনা)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সোহান তালুকদার (লোকপ্রশাসন), মো. মহিউদ্দিন (আইসিটি), সোহানুল ইসলাম শাওন (ফার্মেসি) ও চৌধুরী মাসাহবি (এমসিজে)।

সংগঠনে অন্যান্য সদস্যরা হলেন, তরিকুল ইসলাম, দিপু চক্রবর্তী, সাদিয়া আফরিন, আবু সাহামা, রিয়াজ আহমেদ, নাঈমুর রহমান ভূঁইয়া, শাহিন ঈসার, ধ্রুবা পাহালোয়ান, আব্দুর রহমান আস সাদী, আল মাসুম হোসাইন, সাইবুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হুদা শাওন, আরিফুল ইসলাম রনি, শিলা আক্তার, লিজা আক্তার মিতা, ফারজানা হাফসা, নুসরাত জাহান, শফি আলম, সাইফুল মালেক আকাশ, কাজী মালেকসহ আরো সাতচল্লিশ জনের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন।

কুবিতে স্থগিত শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘অবৈধ’ বলছেন শিক্ষক নেতারা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বাঁধার মুখে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগ বোর্ডে উপস্থিতিও ছিলেন না বিশ্ববিদ্যালয়ের দুই বোর্ড সদস্য। নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর পরীক্ষা শুরু করতে গেলে নির্দিষ্ট প্রার্থীকে নিয়োগ দিতে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে দাবি করেন শিক্ষক নেতারা।

আরও জানা যায়, উপাচার্যের কক্ষে শিক্ষক কর্মকর্তাদের উপস্থিতিতে উপাচার্য নিজে প্রশ্নপত্র টাইপিং করেন। পরর্বতীতে প্রশ্নপত্র সিলগালা না করে কর্মচারীকে দিয়ে পরীক্ষার হলে প্রশ্ন প্রেরণ করে। এসময় কোন নিরাপত্তা ছাড়া প্রশ্নপত্র উপাচার্যের হাতে এবং কোষাধ্যক্ষের হাতে দেখা যায়। এছাড়াও নিয়োগ পরীক্ষা শুরু আগে থেকেই উপাচার্যের দপ্তরে বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রার্থী সাবেক শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়।

পরবর্তীতে শিক্ষক সমিতির বাঁধার মুখে উদ্ভূত পরিস্থিতিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগ স্থগিত করা হয়। স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড সকাল সাড়ে ১০টায় বসার কথা ছিল। যেখানে যাচাইবাছাই করে ৩৫ জন‌ পরীক্ষার্থীকে ডাকা হয়। তবে সেখানে উপস্থিত ছিলেন না ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান ও ব্যবসা শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারও নিয়োগ বোর্ডে আসেননি। পরে সাড়ে ১২টার দিকে উপাচার্য পরীক্ষা নেওয়ার চেষ্টা করলে শিক্ষক বাঁধায় সেটি সম্ভব হয়নি।

নিয়োগ বোর্ডে না আসার বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মখছেদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি না হলেও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কয়জন অধ্যাপক ১ম ও ২য় গ্রেডে আবেদন করেছেন তাদের পদোন্নতি না দেওয়া এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যে পদোন্নতি দেওয়া হয়েছে তার সমাধান না করে প্রফেসর নিয়োগের বোর্ড আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, একজন ডিন হিসেবে এসব আমার দায়িত্বের মধ্যে পড়ে। এসবের প্রতিবাদ জানিয়ে আমি বোর্ডে যাইনি। এছাড়া আমি জানতে পেরেছি, কিছু অছাত্র বোর্ড শুরু হওয়ার আগে উপাচার্যের দপ্তরে অবস্থান নিয়েছে। যারা গত ১৯ তারিখ শিক্ষকদের উপর হামলা করেছে। নিরাপত্তা শঙ্কার কারণে আমি সেখানে যাইনি।

এদিকে সরেজমিনে দেখা যায়, নিয়োগ পরীক্ষা নিতে গেলে শিক্ষক নেতারা উপাচার্যের বিভিন্ন ‘অনিয়ম’ তুলে ধরেন এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সুরাহার দাবি জানান।

এ বিষয়ে শিক্ষক নেতারা জানান, উপাচার্য তার নিজের এলাকার প্রার্থীকে নিয়োগ দিতে আগে থেকেই প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছেন। নতুন শিক্ষক নিয়োগের অবশ্যই দরকার আছে। কিন্তু ইইজিসির যে অভিন্ন নীতিমালা রয়েছে সেখানে বলা হয়েছে স্বীয় প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে প্রয়োজনে নিয়োগের শর্ত শিথিল করা যাবে। কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সে নিয়মকে তোয়াক্কা না করে নিজেদের মত অবৈধ শর্ত দিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। আমাদের দাবি সকল অবৈধ পদোন্নতি ও নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ না করা পর্যন্ত আমরা কোন নতুন নিয়োগ দিতে দিব না।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, একটি নিয়োগ পরীক্ষার প্রসেসিং যেমন হওয়া উচিত তেমনটা হয়নি। এমন গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রশ্নের সিকিউরিটি নিয়ে প্রশ্ন রয়েছে। সিলগালাবিহীনভাবে বিভিন্ন কর্মচারীদের কাছে দশ মিনিট প্রশ্ন ছিল। কাজেই এই নিয়োগ সার্কুলার অবৈধ এবং সার্কুলারে অসংগতি রয়েছে। আমি উপাচার্য মহোদয়কে অনুরোধ করেছি আপনি পরীক্ষা স্থগিত রাখেন। কিন্তু তিনি জোর করে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন। যা কখনোই কাম্য নয়।

উল্লেখ্য এর আগে গত ৫ মার্চ নিয়োগ নীতিমালা বহির্ভূত অবৈধ ও উদ্দেশ্য প্রণোদিত বিজ্ঞপ্তি বাতিল, নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা এবং বর্তমান উপাচার্যের আমলে ইতিপূর্বে নিয়োগ, পদোন্নতি ও) স্থায়ীকরণে যত অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য হয়েছে সেগুলোর নিষ্পত্তি করার পর নীতিমালা অনুসরণ করে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানায় শিক্ষক সমিতি।

এদিকে নির্দিষ্ট প্রার্থীকে (আব্দুর রাজ্জাক ও জান্নাতুন নেছা) নিয়োগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন বলেন, আমি তাদের চিনিও না। যারা অভিযোগ করেছে সে অভিযোগের যদি কোনো প্রমাণ থাকে আমাকে দাও। আমি এই প্রার্থীর কাউকেই চিনি না।

তিনি আরও জানান, বিভাগীয় প্রধান ও ডিনের অনুপস্থিতিতে পরীক্ষা চলতে পারে। ডিন ও চেয়ারম্যান ছাড়া বাকি সবাই আমরা আছি। ডিন এবং চেয়ারম্যান দায়িত্বশীল জায়গায় আছেন। কিন্তু ওনারা কেনো আসেন নাই আমাদের তা জানায় নাই৷ শিক্ষক সমিতি কতগুলো অন্যায্য দাবি নিয়ে আসছে সেটার সাথে এই পরীক্ষা এই নিয়োগের কোনো সম্পৃক্ততা নাই। সুতরাং তাদের বাঁধার মুখে স্থগিত করা হয়েছে।

হোমনায় বসুন্ধরা ফাউন্ডেশনের ৭১তম সুদমুক্ত ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা উপজেলার হরিপুর গ্রামে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন ৭১তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মার্চ) বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন সরকার, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমূন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, জুনিয়র অফিসার শাহজাহান, মোহাম্মদ বাছির প্রমুখ।

প্রধান অতিথি ইমদাদুল হক মিলন বলেন, ‘সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোথাও আছে কি না আমার জানা নেই। শুধু বসুন্ধরাই মানবতার কল্যাণে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত এই ঋণ বিতরণ করে যাচ্ছে। বসুন্ধরার লক্ষ্য এই ঋণ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। বসুন্ধরার ঋণ এবং আপনাদের প্রচেষ্টায় একদিন আপনাদের অভাব মোচন হবে।’

অনুষ্ঠানে সভাপতি ময়নাল হোসেন চৌধুরীর বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সরাসরি তত্তাবধানে সর্বপ্রথম ২০০৫ সাল থেকে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়। শুরু থেকে এখন পর্যন্ত এই ঋণের আওতায় প্রায় ৩০ হাজার হতদরিদ্র ও গরিব মানুষ উপকৃত হয়েছেন। এই ঋণ বিতরণ ও আদায়ের দিক দিয়ে বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। যার একটি টাকাও এখনো অনাদায়ী থাকেনি। আমরা আপনাদের নিয়ে কাজ করছি, আরো কাজ করব। বসুন্ধরা সব সময় আপনাদের পাশে আছে। বসুন্ধরা চাচ্ছে গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষগুলোর অর্থনীতির চিত্র পাল্টে দিতে।’তিনি আরো বলেন, ‘বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণের টাকা কোনো অবৈধ কাজে বিনিয়োগ করা যাবে না। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। দেশের অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ক্রান্তিকালে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপ।’তিনি আরো বলেন, ‘আজ ২০০ হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ লাখ টাকা বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ পেয়ে ৩৩টি স্কিমের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে ঋণগ্রহীতারা।’

হোমনা নগরীরচর কান্দাপাড়ার ঋণগ্রহীতা মার্জিয়া আক্তার (৩৫) বলেন, ‘আমি দেখতে বাউন্না (খুব খাটো), যার জন্য কোনো কাজ দেয় না। এই টেহা দিয়া মেশিন কিন্না কাপড় সেলাইমু। রোজার মাসে বেশি সেলাই কইরা বেশি টেহা পামু। আল্লাহর কাছে বসুন্ধরার মালিকের লাইগা দোয়া করি।’দরিচর গ্রামের ঋণগ্রহীতা রোজিনা আক্তার (৩০) বলেন, ‘এই টেহা নিয়া কৃষি কামে লাগামু। এমন সময় টেহাডি পাইছি যখন ধানক্ষেতে সার ও পানি দিতাম পারমু। বেশি ধান হইলে ঘরে ভাতের অভাব থাকবে না। আল্লাহর কাছে কমু টেহা যারা দিছে বসুন্ধরার মালিকদের তুমি ভালা রাইক্ষ (রেখো)।’বাগমারা গ্রামের ঋণগ্রহীতা অঞ্জনা দাস (৩০) বলেন, ‘আমার স্বামী কয়ডা কয়ডা (সামান্য কিছু) মাছ কিন্না বেচে। এই টেহাগুলি লাইজ্জার কামে লাগবে। ভগবানের কছে বসুন্ধরা মালিকগ লাগি প্রার্থনা করি।’

কুমিল্লাসহ দুই সিটিতে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহ সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের ২৩৩ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন ইসি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। এই সেলের নেতৃত্বে দেবেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। এই সেলের কার্যক্রম পরিচালনা করা হবে নির্বাচন ভবনের ৪র্থ তলায়। সেল-এর কার্যক্রম হবে ৯ মার্চ অর্থাৎ ভোটগ্রহণের দিন সকাল ৮ টা থেকে।

ইসি জানায়, আগামী ৯ মার্চ ময়মনসিংহ, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন, তিনটি পৌরসভার সাধারণ নির্বাচন ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্যপদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া একই তারিখে ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল যারা থাকবেন- জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা। পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা।

বিজিবি/কোস্টগার্ড/র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব) আনসার ও ভিডিপির উপপরিচালক পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা। এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা।

আইনশৃঙ্খলা মনিটরিং সেল নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করবে। সেই সাথে সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি কর্তৃক নির্বাচন উপলক্ষ্যে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা সদস্যদের অবস্থান ও সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন।

কুমিল্লা সিটি নির্বাচনে চাহিদার তুলনায় বেশি ফোর্স দিয়েছি : ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটির সঙ্গে ৯ মার্চ পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যেসব জায়গা থেকে চাহিদা এসেছে সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রটও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের মূল্যায়ন ‘পরিবেশ ভালো’। আশা করি নির্বাচন ভালোভাবেই হবে। আমাদের প্রস্তুতি সব দিক থেকেই ভালো।

বুধবার (৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়টা হলো- আমাদের প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। জনবল রাখা হয়নি। এজন্য নিয়মিত কর্মকর্তাদের দিয়েই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহায়তায় রক্ষণাবেক্ষণ করে থাকি।

তিনি বলেন, আমাদের আর্থিক, জনবলের সীমাবদ্ধতা আছে। এজন্য অনেকগুলো ইভিএমই কাজ করছে না। অচল হয়ে যাচ্ছে। ইভিএম পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো সচল পাওয়া যাচ্ছে সেগুলোই ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।

ইসি আলমগীর বলেন, ভোটের ক্ষেত্রে উত্তেজনা থাকেই। সব প্রার্থীই চায় নির্বাচনে জেতার জন্য। তবে এরকম কোনো চাপ নাই ওখানে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার তথ্য আমাদের কাছে নাই। তারপরও সতর্কতা হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা যে অতিরিক্ত ফোর্স চেয়েছে সেভাবে দিয়েছি। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি চলে গেলে কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বন্ধ না করলে আমরা (কমিশন) বন্ধ করে দেবো।

কুমিল্লায় অটোরিকশা চালককে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মো. নাজমুল হাসান (১৪) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬), মৃত আলম মিয়ার ছেলে মো. শিহাব (২০) ও নয় কামতা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (২৮)। এ ছাড়া সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একই উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে আবুল বাশার (৩৮)।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাকির হোসেন জানান, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকেলে মো. নাজমুল হাসান সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে ঘাতকরা তার পথরোধ করে তাকে জবাই করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। নিহত অটোরিকশাচালক নাজমুল জেলার চান্দিনা উপজেলার মধ্যমতলা এলাকার আব্দুর রবের ছেলে। পরে নিহতের বাবা আব্দুর রব বাদী হয়ে বুড়িচং থানায় অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর বুড়িচং থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তদন্তে নেমে চারজনের সংশ্লিষ্টতা পান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক সুমন ও বাশারকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তারা দায় স্বীকার করে জবানবন্দি দেন। এ সময় অপর দুই আসামি শিহাব ও সোহেলের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

পরবর্তীতে ২০১৫ সালের ৭ এপ্রিল সুমন, বাশার, শিহাব ও সোহেলকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারে এলে রাষ্ট্রপক্ষের ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিবেচনা করে আসামি সুমন, শিহাব ও সোহেলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অপর আসামি বাশারকে সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

রায় ঘোষণার সময় সুমন, সোহেল ও বাশার কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিহাব পলাতক রয়েছেন।

আম্বানির বিয়ের অনুষ্ঠানে যে কারণে যাননি আনুশকা প্রিয়াংকা হৃত্বিক ও কৃতি

ডেস্ক রিপোর্ট:

আগামী জুলাই মাসে ছাদনাতলায় যাচ্ছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাদের সেই আলিশান বিয়ের আগে বর্তমানে গুজরাটের জামনগরে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলে তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। আন্তর্জাতিক সব পত্রিকার শিরোনাম হয়েছিল জমকালো এই আয়োজন।

অতিথি তালিকায় ছিলেন পপকুইন রিয়ানা, বিজনেস টাইকুন বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাংকা ট্রাম্প থেকে শুরু করে বহু আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব।

এ ছাড়া বলিউড কাঁপানো বড় তারকারা তো আছেনই। বচ্চন পরিবার থেকে শুরু করে তিন খান, গোটা কাপুর পরিবার, অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত— এমনকি শচীন থেকে ধোনিসহ খেলার জগতের মেগাস্টাররাও শামিল হয়েছেন এই আয়োজনে।

তবে এত তারকার ভিড়েও অনুপস্থিত বলিউডের একটি অংশ। দেখা যায়নি, তারকা দম্পতি বিরাট কোহলি-আনুশকা শর্মাকেও। অনুপস্থিত ছিলেন হৃতিক রোশন, প্রিয়াংকা চোপড়া ও কৃতি শ্যানন।

ভারতীয় গণমাধ্যম জানায়, লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্মের পর এখনো ভারতে ফেরেননি বিরাট-আনুশকা দম্পতি। নবজাতক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এ কারণেই তারা আম্বানির আয়োজনে উপস্থিত হতে পারেননি।

অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যেতে পারেননি হৃতিক রোশান। কয়েক দিন আগেই ক্রাচ নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি।

গত বছর নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে নিক জোনাসকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেও বিয়ের আয়োজনে থাকতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদিও তার মা মধু চোপড়াকে অতিথির আসনে দেখা গেছে।

অনুষ্ঠানে দেখা যায়নি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননকেও। বন্ধুবান্ধব নিয়ে তিনি গুলমার্গ ঘুরে বেড়াচ্ছেন এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’-এর মাধ্যমে শুরু হয় অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের আয়োজন। তিন দিনব্যাপী এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি-বিদেশি ১২০০ অতিথিকে। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা ড্রেসকোডও।

রমজান মাসে প্রাথমিক স্কুলের নতুন সময়সূচি

ডেস্ক রিপোর্ট:

আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। এই দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের জন্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নতুন সময়সূচি অনুযায়ী, ক্লাস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে এ রুটিন প্রকাশ করা হয়েছে।

এর আগে, পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

রাশিয়া চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা ভাবছে

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধ এবং বিভিন্ন সময়ে সৃষ্ট নানা সংকটে এই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।

এমনকি পৃথিবীর বাইরে মহাকাশেও আছে অঘোষিত প্রতিযোগিতা। এমন অবস্থায় এবার চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা ভাবছে রাশিয়া। আর সেই কাজে রাশিয়ার সঙ্গী হবে চীন। রাশিয়া নিজেই এই তথ্য সামনে এনেছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৩ থেকে ২০৩৫ সালে রাশিয়া এবং চীন চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বিবেচনা করছে বলে মঙ্গলবার জানিয়েছেন রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান ইউরি বোরিসভ। আর এই পথ ধরে কোনও একদিন চাঁদে বসতি নির্মাণের পথও খুলতে পারে বলে জানিয়েছেন তিনি।

ইউরি বোরিসভ অতীতে রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন। তিনি বলেছেন, রাশিয়া এবং চীন যৌথভাবে একটি চন্দ্র কর্মসূচি নিয়ে কাজ করছে এবং ‘মহাকাশে পারমাণবিক জ্বালানির’ বিষয়ে দক্ষতার সাথে অবদান রাখতে সক্ষম হয়েছে মস্কো।

বোরিসভ বলেছেন, ‘আজ আমরা একটি প্রকল্প গুরুত্বের সাথে বিবেচনা করছি। ২০৩৩-২০৩৫ সালের মধ্যে কোনও এক সময় আমরা আমাদের চীনা সহকর্মীদের নিয়ে একসাথে চাঁদের পৃষ্ঠে একটি বিদ্যুৎ ইউনিট সরবরাহ এবং ইনস্টল করার কথা বিবেচনা করছি।’

তিনি বলছেন, সৌর প্যানেলগুলো ভবিষ্যতের চন্দ্র বসতিগুলোকে শক্তি দেওয়ার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে না। তবে এক্ষেত্রে পারমাণবিক শক্তি সফল হতে পারে।

সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমসের এই প্রধান বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর একটি চ্যালেঞ্জ … এটি স্বয়ংক্রিয় পন্থায় করা উচিত, মানুষের কোনও ধরনের উপস্থিতি ছাড়াই।’

এছাড়া বোরিসভ এদিন পারমাণবিক শক্তি-চালিত কার্গো স্পেসশিপ বা মহাকাশযান তৈরির বিষয়ে রাশিয়ান পরিকল্পনার কথাও বলেছেন। তিনি বলেন, পারমাণবিক চুল্লিকে কীভাবে ঠান্ডা করা যায় তার সমাধান খুঁজে বের করা ছাড়াও প্রকল্প সংক্রান্ত সমস্ত প্রযুক্তিগত প্রশ্নের সমাধান করা হয়েছে।

বোরিসভ বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে একটি মহাকাশ টাগবোটে কাজ করছি। এই বিশাল, সাইক্লোপিয়ান কাঠামো পারমাণবিক চুল্লি এবং একটি উচ্চ ক্ষমতার টারবাইনের মাধ্যমে… এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে বড় কার্গো পরিবহন করতে, মহাকাশের ধ্বংসাবশেষ সংগ্রহ করতে এবং অন্যান্য অনেক কাজও করতে সক্ষম হবে।’

রয়টার্স বলছে, রাশিয়ান কর্মকর্তারা একদিন চাঁদের পৃষ্ঠে খনন কাজের মতো কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে উচ্চাভিলাষী পরিকল্পনার কথা ইতোপূর্বে বলেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ান মহাকাশ কর্মসূচি বেশ কয়েকটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

রাশিয়ার লুনা-২৫ মহাকাশযান নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং বিধ্বস্ত হওয়ার পর গত বছর দেশটির চাঁদে অভিযান ব্যর্থ হয়। এই অভিযান ছিল ৪৭ বছরের মধ্যে মস্কোর প্রথম কোনও চন্দ্র অভিযান।

রাশিয়া বলেছে, তারা আরও চন্দ্র অভিযান পরিচালনা করবে এবং তারপরে রাশিয়ান-চীনা ক্রুদের সমন্বয়ে যৌথ মিশন পরিচালনা এবং এমনকি চাঁদে ঘাঁটি নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখবে তারা।

এর আগে চীন গত মাসে বলেছিল, তারা ২০৩০ সালের আগে প্রথম চীনা মহাকাশচারীকে চাঁদে পাঠাবে।

অবশ্য মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কোনও ইচ্ছা রাশিয়ার নেই বলে গত মাসেই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এছাড়া রাশিয়া পারমাণবিক অস্ত্র মহাকাশে নেওয়ার চেষ্টা করছে বলে সম্প্রতি যে অভিযোগ সামনে এসেছে সেটিকে পুতিন ‘পশ্চিমে উত্থাপিত হৈচৈ’ এর অংশ বলেও অভিহিত করেছেন।