All posts by jitu

শপথ নিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়ররা শপথ নিয়েছেন। এই দুই সিটিতে নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু ও ডা. তাহসীন বাহার সূচনাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ ছাড়াও কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়।

গত ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ করা হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন ডা. তাহসিন বাহার সূচনা।

লিভারপুলকে সরিয়ে আবারও শীর্ষে আর্সেনাল

ডেস্ক রিপোর্ট:

লুটন টাউনকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের দখলে নিয়েছে আর্সেনাল। লিভারপুলের কাছ থেকে টেবিলের নেতৃত্ব কেড়ে নেয় মিকেল আরতেতার শিষ্যরা।

৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৮। আর দ্বিতীয়স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৭। অবশ্য অলরেডরা একটি ম্যাচ কম খেলেছে। আর আর্সেনালের সমান ৩০ ম্যাচে সিটির পয়েন্টও ৬৭। গোল ব্যবধানে লিভারপুল এগিয়ে থাকার কারণে টেবিলে এক ধাপ পিছিয়ে সিটি।

গতকাল বুধবার রাতে ঘরের মাঠে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড প্রথম গোল করেন। ২৪ মিনিটে কাই হ্যাভার্টজের অ্যাসিস্টে বাঁপায়ের দারুণ শটে গোল করেন তিনি।

দ্বিতীয় গোলটি লুটন হজম করে নিজেদের ভুলে। ৪৪ মিনিটে আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধে গোল পায়নি কোনো দল। অবশেষে ২-০ গোলে জয় পায় গানাররা।

ম্যাচ শেষে আর্সেনালের কোচ আরতেতা বলেন, ‘আমি খুবই খুশি। এটি সত্যিই একটি কঠিন ম্যাচ এবং লুটনকে অবশ্যই কৃতিত্ব দিতে হয়। তারা একটি খুব ভালো একটি দল। তার আমাদের জন্য ম্যাচটি কঠিন করে তোলে। আমরা প্রথমার্ধে দুটি ভালো গোল করেছি, দ্বিতীয়ার্ধে সঠিক ছন্দ পাইনি।’

গত সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে গোলশূণ্য ড্র-তে রুখে দেয় আর্সেনাল। এতেই বোঝা যায়, আসলে শিরোপা জয়ের ত্রিমুখী দৌড়ে কতটা শক্তি নিয়ে এগোচ্ছে গানাররা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৫ নং পশ্চিম জোড় কানন ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা শাখার আওতাভুক্ত ৫ নং পশ্চিম জোড় কানন ইউনিয়ন শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন, ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকাল ৫ টায় পশ্চিম জোড় কানন এর সুয়াগঞ্জ বাজারস্ত একটি আবাসিক ভবনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমিনুর রহমান মজুমদার।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর দক্ষিন উপজেলা শাখার সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি খায়রুল ইসলাম, ৬ নং পূর্ব জোড় কানন ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান মমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার এসিসট্যান্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট কাওছারুল ইসলাম সুমন, সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম তারেক, প্রচার সম্পাদক আলী হোসেন, ৫ নং পশ্চিম জোড় কানন ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৫ নং পশ্চিম জোড় ইউনিয়ন এর নব কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রফিক হোসেন ও আনোয়ার হোসেনকে উপদেষ্টা এবং দেলোয়ার হোসেন হেলাল সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে ফজলুর রহমান এর নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য হলেন সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক শাহাজাহান, সহ-সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , প্রচার সম্পাদক শাজান , বায়তুল মাল সম্পাদক জয়নাল আবেদিন, সমাজকল্যাণ সম্পাদক সামদুল হক, আপ্যায়ন সম্পাদক মোস্তফা, দপ্তর সম্পাদক হিসেবে শাহাজান এর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের বিষয়ে গুরুত্ব পূর্ন বক্তব্য রাখেন।

সাবেক আইজিপি বেনজীরের দখল করা বনভূমির জমি দ্রুত উদ্ধারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখল করা ভাওয়াল গড়ের ৬ দশমিক ৭৩ একর বনভূমি দ্রুত উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন।

বুধবার (৩ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

২০০০ সালে প্রতিষ্ঠিত ভাওয়াল গড় রক্ষার জন্য গঠিত একমাত্র সামাজিক সংগঠন হিসেবে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন রাজপথে আন্দোলন করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ভাওয়াল গড়ে ১৬০ বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট নির্মাণ করেছেন, যার মধ্যে বন বিভাগের ৬ দশমিক ৭৩ একর বনভূমি রয়েছে বলে বন বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে।

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি সরকারি সম্পদ জবরদখল করেছেন, যা আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন সাবেক শীর্ষ কর্মকর্তার এমন কর্মকাণ্ড একটি স্বাধীন দেশের জন্য লজ্জার।

সংগঠনটি অনতিবিলম্বে বেনজীর আহমেদসহ যাঁরা বন বিভাগের জমি দখল করেছেন তাঁদের দখল থেকে বনভূমি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

স্বাস্থ্যমন্ত্রীকে বদলির সুপারিশের মেসেজ দিয়ে ‘ভুয়া রাষ্ট্রপতি’ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের মোবাইলে সম্প্রতি রাষ্ট্রপতি পরিচয় দিয়ে একটি নম্বর থেকে দুজন নার্সকে বদলির সুপারিশ করে দুটি এসএমএস পাঠানো হয়। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী মেসেজ দুটি ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে পাঠান। ডিবি বিষয়টি তদন্ত করে দেখে, রাষ্ট্রপতির মোবাইল থেকে অথবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্বাস্থ্যমন্ত্রীর মোবাইলে কোনো মেসেজ দেওয়া হয়নি। অর্থাৎ নার্সকে বদলির সুপারিশের মেসেজটি ভুয়া।

তদন্তের এক পর্যায়ে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ভুয়া রাষ্ট্রপতি পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. সিরাজ। তাকে পাবনার সুজানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজকে যখন গ্রেপ্তার করতে ডিবি পুলিশ তার বাসায় যায় তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা. নবীনা খাতুন ও মোসা. পারভীন আক্তারকে বদলির জন্য সিরাজ রাষ্ট্রপতি পরিচয় দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের মোবাইলে দুটি মেসেজ পাঠান। স্বাস্থ্যমন্ত্রী মেসেজ দুটি আমার কাছে পাঠান। ডিবি বিষয়টি তদন্ত করে দেখে, রাষ্ট্রপতির মোবাইল থেকে অথবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্বাস্থ্যমন্ত্রীর মোবাইলে কোনো মেসেজ দেওয়া হয়নি। অর্থাৎ নার্সের বদলির সুপারিশের মেসেজটি ভুয়া। তদন্তের এক পর্যায়ে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ভুয়া রাষ্ট্রপতি পরিচয় দেওয়া সিরাজকে গ্রেপ্তার করা হয়। এর আগেও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এপিএস-২, মন্ত্রী, এমপি এবং বড় বড় ব্যবসায়ী পরিচয়ে প্রতারণাকারী চক্রের অনেক সদস্যকে ডিবি সাইবার আইনের আওতায় নিয়ে এসেছিল।

হারুন অর রশীদ বলেন, সিরাজ একাধিক এমপির ভুয়া ডিও লেটার দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলির জন্য তদবির করেছেন। সিরাজ অষ্টম শ্রেণি পাস। তিনি বিয়ে করেছেন তিনটি। এর মধ্যে একজন নার্স, একজন শিক্ষক রয়েছেন। ৮ মাস আগে তিনি আরেকটি বিয়ে করেছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ছাড়াও সিরাজ বিভিন্ন এমপি ও মন্ত্রীদের নাম ভাঙিয়ে প্রতারণা করেছেন। প্রতারণা তার পেশা। অষ্টম শ্রেণি পাস হলেও তিনি প্রতারণার বিষয়টি ভালোভাবে লব্ধ করেছেন।

ডিবি প্রধান বলেন , সিম কেনার পর ট্রু-কলারে নম্বর সেভ করতেন রাষ্ট্রপতির নামে। তদবিরের জন্য যে সিম দিয়ে সিরাজ তদবিরের জন্য মেসেজ দিতেন সেই সিমটি পানিতে ফেলে দিতেন। এরপর তিনি থানায় জিডি করেন তার সিম হারিয়ে গেছে। নতুন সিম কিনে আবার একইভাবে প্রতারণা করতেন। সিম পানিতে ফেলে জিডি করার অর্থ হলো, পুলিশ তাকে ধরলে তিনি বলতেন তার সিম হারিয়ে গেছে, তাই জিডিও করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিরাজ রাষ্ট্রপতির নাম কেন ব্যবহার করলেন? এমন প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে জানতে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ছাড়া এমপি, মন্ত্রী এমনকি সর্বশেষ রাষ্ট্রপতির নাম ব্যবহার করে যারা প্রতারণা করেছেন এমন সবাইকে ডিবি আইনের আওতায় এনেছে।

সমতট টিভির ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সমতট টিভির ইফতার মাহফিল ও আলোচনা সভা ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুমিল্লা নগরীর ধর্মপুরের রসই ঘর রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সমতট টিভির এডিটর এন্ড সিইও বেলাল হোসেন রাজু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমিন রীমা, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি ও সাপ্তাহিক আমোদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা, একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ব্র্যাক ব্যাংক চকবাজার ব্রাঞ্চের ম্যানেজার খোরশেদ আলম মোল্লা, দৈনিক কুমিল্লা কাগজের উপ-সম্পাদক জহির শান্ত, সমতট টিভির সহ-সম্পাদক ডেন্টিস কাজী মোহাম্মদ নাসির উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাসির উদ্দিন ও হরিশপুর কামাল হোসেন কলেজের ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রভাষক ও সমতট টেলিভিশনের হেড অফ কনটেন্ট রিসার্চ উম্মে হাবিবা জ্যোতি।

অনুষ্ঠানে বক্তরা বলেন, সমতট টিভি মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার কথা তুলে ধরবে। পাশাপাশি সমাজ, সভ্যতা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের মুক্তিতে ভূমিকা রাখবে। এছাড়া সমাজ থেকে অজ্ঞতা ও বৈষম্য দূরীকরণে সমতট টিভি কাজ করবে, এমন প্রত‌্যাশাও করেন বক্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কুমিল্লার সিনিয়র রিপোর্টার জসীম উদ্দীন চৌধুরী, সাপ্তাহিক সমাজ কন্ঠের সিনিয়র রিপোর্টার মাহবুব কবির, দৈনিক বাংলা ও এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, ঢাকা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মহসিন কবির, দ‌্যা বিজনেস স্ট্যান্ডার্ডের কুমিল্লা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান ও রুবেল মজুমদার, সাপ্তাহিক আমোদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শরীফ, রিপোর্টার হাসিবুল ইসলাম সজিব, জাফরান হাবিব চৌধুরী, সমতট টেলিভিশনের ভিডিও এডিটর মো রাকিবুল হাসান, মোশন এন্ড ভিডিও এডিটর হাসিবুল ইসলাম, নিউজ রুম সাব এডিটর আফতাবুননাহার জ্যোতি, এক্সিকিউটিভ অফিসার মো: রকিবুল হাসান, স্ক্রিপ্ট রাইটার ইব্রাহীম পিয়াস ও ফাহমিদা আলম পিউলি।

অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‘ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে স্বস্তিতে বাড়ি ফিরবে মানুষ’

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঈ‌দযাত্রায় মহাসড়কে যানজট হবে না জানিয়ে কুমিল্লা হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোঃ খায়রুল আলম বলেছেন, এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নি‌র্বিঘ্নে প‌রিবহন চলাচল করবে আর ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরবে।

তিনি বলেন, ফিটনেস‌বিহীন ও লাইসেন্স ছাড়া মহাসড়কে কোনো পরিবহন চলাচল করতে পারবে না। এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে ফিটনেস‌বিহীন অনেক গাড়ী ডাম্পিংয়ে নেয়া হয়েছে। ঈদ যাত্রাকে স্বস্তির করতে মহাসড়কে হাইওয়ে পু‌লিশ ও জেলা পু‌লিশের সদস‌্যসহ কমিউনিটি পুলিশ সদস্যরা কাজ করছে।

বুধবার (৩ এ‌প্রিল) বি‌কাল সাড়ে ৩টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

খায়রুল আলম বলেন, ঈদ যাত্রায় ঘর মুখো মানুষ নির্বিঘ্নে নাড়ির টানে যেন বাড়ি ফিরতে পারে, যাত্রাটি শুভ এবং আনন্দদায়ক করতে হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।

মহাসড়কে যানজট নিরসনে একা‌ধিক মি‌টিং করা হয়েছে। কুমিল্লা রিজিওনের আওতায় মহাসড়কের কোথায় কোন সমস্যা রয়েছে তা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আমরা শুধু এসিরুমে বসেই কাজ করছি না, বাস্তবে সরেজমিনে এসে সমস্যার সমাধানে কাজ করছি। যেহেতু আমরা সমস্যা চিহ্নিত করতে পেরেছি, মানুষ যেন কোনো ঝামেলা ছাড়াই বা‌ড়ি পৌঁছাতে পারে এবং পুনরায় কর্মস্থলে ফিরতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রায় সময় যানজট হয়, কি কারনে হয় তা আমরা চিহ্নিত করেছি। ফুটপাত দখল করে দোকান বসা, ফিডার সড়ক হতে মহাসড়কে উঠতে নামতে গিয়ে গাড়ি ঘুড়াতে যানজট সৃষ্টি এ সমস্যাগুলো সমাধানে দাউদকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফুটপাত তাৎক্ষণিক দখলমুক্ত করেছি।

আর বিগত বছরের চেয়ে এ বছর নিরাপদ ঈদযাত্রা হবে। যানজটের পাশাপা‌শি হাইওয়েতে যেন ছিনতাই ডাকা‌তি না হয় এ‌ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সড়কে কোনো যানজট হবে না, ডাকা‌তি ও ছিনতাই হবে না।

এ সময় উপ‌স্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।

সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার’এ বই উপহার দিলেন ইউএনও আরাফাতুল আলম

স্টাফ রিপোর্টার:

আসছে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত “সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার-এ বই উপহার দিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম।

তিনি আজ দুপুরে নিজ কার্যালয়ে পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের হাতে উপহারের বইগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান বলেন, আসছে ঈদ-উল ফিতর উপলক্ষে “গ্রামের শিশু-কিশোরদের ঈদ সালামি হিসেবে নতুন বই দেয়ার একটি পরিকল্পনা করেছি। কারন, ঈদে অনেকেই নতুন জামা ও নতুন টাকা দেয়। কিন্তু নতুন বই কেউ দেয় না।

সমাজের শিশু-কিশোরদের বই মূখী করতে এবং বই পড়ার আগ্রহ গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে “সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার। এই বিষয়টি সম্পর্কে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম মহোদয়কে জানালে তিনি আনন্দচিত্তে তাৎক্ষনিক ১১টি নতুন বই আমার হাতে তুলে দেন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

মানুষের নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই। রাজনীতির বিরোধিতার জন্যই অনেকে নিরাপত্তাহীনতার কথা বলছে।

বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে সাধারণ মানুষের মাঝে ইফতারি ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সারারাত ধরে ঈদের শপিং চলছে- শপিং করতে গিয়ে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। তার পরও রাজনীতির বিরোধিতার জন্য কথা বলে নিরাপত্তাহীনতা নিয়ে। কারও নিরাপত্তা বিঘ্নিত হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সব নেতা একে একে জেল থেকে বের হয়েছে। তার পরও বলে তাদের ৮০ শতাংশ নেতাকর্মী নাকি নির্যাতনের শিকার। দলটির মহাসচিব মির্জা ফখরুলকে বলেছি— নির্যাতিত ৮০ শতাংশ নেতাকর্মীর তালিকাটা প্রকাশ করেন। কেউ অপরাধ করলে, আগুন সন্ত্রাসের মামলা, মানুষ খুনের মামলার আসামি যারা জেলে রয়েছে, তাদের জন্য বিএনপির এত মায়াকান্না কেন?

দ্রব্যমূল্য নিয়ে সেতুমন্ত্রী বলেন, বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেলের দাম সমন্বয় করা হয়েছে। জিনিসপত্রের দামও কমে যাচ্ছে। আজকে বিএনপি নেতারা বড় বড় কথা বলে, গরিবের জন্য মায়াকান্না করে। তাদের আমলে জিয়াউর রহমানের সময়ে অভাবের তাড়নায় রংপুর কোর্টে গিয়ে পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল অনেক নারী। সে ইতিহাস কি ভুলে যান!

ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশে যারা ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন এমন প্রশ্ন করেন তাদের লজ্জা করে না তারা একজন গরিব মানুষকেও এই কষ্টের দিনে রোজার মাসে কোনো প্রকার সাহায্য করেনি। ইফতারসামগ্রী বিতরণ করেনি। বড়লোকদের নিয়ে বড় বড় হোটেলে ইফতার পার্টি করেছে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে ইফতারসামগ্রী বিতরণ করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঈদের সময় ঢাকাসহ বড় বড় শহরে দান-খয়রাতের আশায় কিছু গরিব মানুষ আসে। কিন্তু এ পর্যন্ত না খেয়ে মানুষ রাস্তায় পড়ে মরে আছে এমন কেউ নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্ভট কথায় আওয়ামী লীগ কান দেবে না। বিপদে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের রাজনীতি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। পরে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।