All posts by jitu

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

ডেস্ক রিপোর্ট:

নির্বিঘ্নে বাড়ি যেতে আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন (৯ এপ্রিল) বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি রাখার সুপারিশ করেছে।

কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ছুটির ব্যাপারে কালকে একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কিনা। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

তিনি বলেন, ৯ এপ্রিল ছুটির আওতায় আনা যায় কিনা, সেটার একটা সুপারিশ মন্ত্রিপরিষদে যাবে। আগামীকাল মন্ত্রিসভার মিটিং আছে, সেই মিটিংয়ে এই কমিটির একটা সুপারিশ যাচ্ছে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ৯ তারিখ অফিস খোলা জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য আমরা (৯ এপ্রিল বন্ধ রেখে) আগের শনিবার অফিস করতে পারি কিনা সেই বিষয়ে সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয়, যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে। সে সেজন্য যানজটটা বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সেজন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কিনা এই সুপারিশ আমরা দেব।

দেড় বছর বয়সেই ২৫০ কোটি টাকার মালিক স্টার কিড রাহা!

ডেস্ক রিপোর্ট:

২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ধীরে ধীরে বড় হচ্ছে তাদের মেয়ে রাহা। সিনেমার শুটিংয়ের ফাঁকে মেয়ের সঙ্গেই সময় কাটে রণবীর-আলিয়ার। আর দেড় বছরের সেই ছোট্ট রাহাই নাকি বিটাউনের সবচেয়ে ধনী ‘স্টার কিড’।

সম্পত্তির খতিয়ানে আরিয়ান-সুহানা, অ্যাব্রামকেও প্রায় ছাড়িয়ে গেছে রণবীর-আলিয়ার মেয়ে। এমন খুদে বয়সেই ২৫০ কোটি টাকার মালকিন সে!

বিষয়টি একটু খোলাসা করা যাক। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং নীতু কাপুরকে মাঝেমধ্যেই বান্দ্রায় দেখা যায়। কৃষ্ণারাজ বাংলোর কাজ কতদূর এগিয়েছে, সেটি দেখাশোনা করতে যান পালা করে। বুধবারও গিয়েছিলেন। কাজ প্রায় শেষের দিকে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সেই বিলাসবহুল বাংলোই মেয়ে রাহার নামে রেজিস্ট্রি করবেন রণবীর-আলিয়া। দুই তারকাই তাদের পারিশ্রমিক ঢেলেছেন এই বাংলোয়। বর্তমানে যার বাজারদর ২৫০ কোটি টাকা। শাহরুখ খানের মান্নত এবং অমিতাভ বচ্চনের জলসার থেকেও নাকি কৃষ্ণারাজ বাংলো বেশি দামি। দাদির নামে বাংলোই রাহাকে উপহার দিচ্ছেন রণবীর-আলিয়া।

এই বিলাসবহুল বাংলো ছাড়াও রণবীর-আলিয়ার ৪টি ফ্ল্যাট রয়েছে বান্দ্রায়। যা কিনা ৬০ কোটি টাকা মূল্যের। তবে কৃষ্ণারাজ বাংলোর অর্ধেকটা নাকি নীতু কাপুরের নামেও থাকবে। কারণ সেই সম্পত্তির অর্ধেক মালকিন হিসেবে ঋষি কাপুর তার নামই লিখে গিয়েছিলেন। যদিও অর্থনৈতিকভাবে নীতু বরাবরই স্বাধীন। সম্প্রতি ১৫ কোটি টাকার এক ফ্ল্যাট কিনেছেন বান্দ্রায়।

এই বাংলো তৈরি হয়ে গেলে নাকি একছাদের তলাতেই থাকবেন ‘কাপুর খানদান’।

বুয়েটকে অপরাজনীতির কারখানায় পরিণত করা হচ্ছে কি না দেখা হচ্ছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুয়েটের ঘটনায় তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি। সেখানে ছাত্ররাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটি অপরাজনীতি, জঙ্গিবাদের কারখানায় পরিণত করা হবে, সেটা যাতে না হয়। আমরা তদন্ত করে দেখছি। এরকম কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বুয়েটে সেদিন কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আর আমি রাজনীতি করি বলে বুয়েটে যেতে পারবো না, এটা কোন ধরনের আইন? কোন ধরনের নিয়ম?

মতবিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বলেন, নির্বাচনে সম্পূর্ণভাবে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। আমরা এমপি-মন্ত্রীরা যদি হস্তক্ষেপ থেকে বিরত থাকি তাহলে বিনা প্রতীকে নির্বাচন করার যে উদ্দেশ্য নেত্রী করেছেন, তা স্বার্থক হবে। কেউ ক্ষমতার দাপট ও ক্ষমতার অপব্যবহার করবেন না। যার নির্বাচন করার ইচ্ছা আছে, করবেন। সে স্বাধীনতা আছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ যাকে ইচ্ছা নির্বাচিত করবে। নির্বাচন কমিশন স্বাধীন, যদি কোনো অনিয়ম মনে করে তারা ব্যবস্থা নেবে।

ওবায়দুল কাদের বলেন, চার ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। কাজেই আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ভালোভাবেই চলছে সবকিছু। এরমধ্যে দায়িত্বশীলদের এমন কিছু কথাবার্তা দলকে সংকটে ফেলে। ফ্রি স্টাইলে যা কিছু বলবেন, এটাতো আওয়ামী লীগ নয়। দলের গঠনতন্ত্র নিয়মকানুন আছে। এগুলোর অ্যাকশন আমরা নেবো। এরই মধ্যে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা বিভিন্নজন… কেউ গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন। আবার কেউ ভারতীয় পণ্য বর্জনের কথা বলেন। সেই পাকিস্তানি আমল থেকে যে ভাষায় আইয়ুব খান কথা বলেছে, আজ সে ভাষায় কথা বলছে বিএনপি। তাদের সব ইস্যুই মার খেয়েছে ভোটে পরাজিত হয়ে। এখন তাদের ইস্যু ভারত বিরোধিতা। অ্যান্টি ইন্ডিয়া ফোবিয়া তৈরি করার ইস্যু খুঁজে নিয়েছে।

রিজার্ভ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতা ছেড়ে যায় তখন বাংলাদেশের রিজার্ভ ছিল সাড়ে তিন বিলিয়ন ডলার। আর তারা এখন রিজার্ভ নিয়ে কটাক্ষ করে। যখন রিজার্ভ ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, ঈদ উপলক্ষে সে রিজার্ভ আরও বাড়বে এটাই স্বাভাবিক। তারা না জেনে শুনেই মিথ্যাচার ও অপপ্রচার করছে।

বাজারদর নিয়ে সেতুমন্ত্রী বলেন, কিছু পণ্যের দাম কমেছে। বাজার ওঠানামা করবেই। বিশ্ব সংকট এর জন্য দায়ী, আর শাস্তি পাচ্ছি আমরা। আমাদের একজন শেখ হাসিনা আছেন বলেই এ সংকট অতিক্রম করার সাহস আমরা পাচ্ছি। ইনশাল্লাহ, এ সংকট কেটে যাবে।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, সম্মেলন করে সেখানে কমিটি গঠন করা হবে। ঢাকা থেকে প্রেস রিলিজ দিয়ে কেন কমিটি গঠন করতে হবে?

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, ডাক্তার দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের নেতারা।

১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ১৫৭৭ মিটার রাস্তা নির্মাণে লাগামহীন অনিয়ম

নোয়াখালী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় একটি নতুন রাস্তা পাকাকরণ কাজে সিডিউল বহির্ভূত ভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। একই প্যাকেজে ১৬৫ মিটার সড়ক সংস্কারকাজেও অনিয়ম হয়েছে।

এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, আইআরআইডিপি-৩ প্রকল্পে দাগনভূঞার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের ছমিভূঞা হাট থেকে চৌধুরী হাট সড়কের ১৫৭৭ মিটার পাকাকরণ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৯৯০ টাকা। এর মধ্যে রয়েছে ১৬৫ মিটার সড়ক সংস্কার। কাজটির কার্যাদেশ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কালাম এন্টার প্রাইজ।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কালাম এন্টার প্রাইজের কর্ণধার আবুল কালাম বলেন, আমার প্রতিষ্ঠান কাজ পেলেও মাঠ পর্যায়ে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদার স্বপন।

 

স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের ইট, ইটের খোয়া ও ভিটি বালু ব্যবহার করা হয়েছে। এছাড়া সড়কের পাশে প্রায় ২০০ মিটার গাইড ওয়াল নির্মাণেও একেবারে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী দিয়ে ব্যবহার করা হয়। সম্প্রতি সরেজমিনে নির্মাণাধীন রাস্তাটি দেখতে গেলে কোনো প্রকৌশলী এসেছেন ভেবে অভিযোগ দিতে আসেন স্থানীয়রা। তারা অভিযোগ করে বলেন, পুরো রাস্তায় একেবারে নিন্মমানের ইটের খোয়া ও ইটের এজেন্ট ব্যবহার করা হয়েছে। এলাকাবাসী ঠিকাদারকে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। নিন্মমানের ইট দিয়ে কাজ ধরা আছে বলে ঠিকাদার স্থানীয়দের জানায়।

ঠিকাদার স্বপন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,তিনি সিডিউল মোতাবেক কাজ করছেন।

নিন্মমানের কাজের বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, সড়কে নিন্মমানের খোয়া দেওয়ার অভিযোগ পেয়ে সড়ক থেকে নিন্মমানের খোয়া গুলো অপসারণ করে নেওয়া হয়।

তবে একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেন উপজেলা প্রকৌশলীর বক্তব্য সত্য নয়। সড়কে এখনো নিন্মমানের খোয়া ও ইট রয়েছে। এলাকাবাসী পাল্টা অভিযোগ করেন দাগনভূঞা উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মকর্তাদের যোগসাজশে এ উপজেলায় এলজিইডির কাজে উন্নয়নের নামে হরিলুট চলছে। যার প্রমাণ মিলবে গত এক বছরে বাস্তবায়নকৃত কাজ গুলো খতিয়ে দেখলে।

বিএনপি নেতা সোহেল কারাগারে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর নিউমার্কেট ও পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ মার্চ) সকালে ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাবিব-উন নবী খান সোহেল তিনটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

তার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সংবাদমাধ্যমকে বলেন, পল্টন থানার পৃথক দুই মামলায় দুই বছর করে চার বছরের কারাদণ্ড ও নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৭ সালে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে এই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ২০১৫ সালে নিউমার্কেট থানায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আরেকটি মামলায় গত বছর তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।

আজ রাতেই আসবে ভারতের পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট:

ভারত থেকে পেঁয়াজ নিয়ে আজ রাতেই ট্রেন বাংলাদেশে আসবে। প্রথম চালানে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

গত বছরের আগস্টে ভারতের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানিতে সরকার ৪০ শতাংশ শুল্কারোপ করে। এরপর গত অক্টোবরে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য নির্ধারণ করা হয় টনপ্রতি ৮০০ মার্কিন ডলার। কিন্তু অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে এসব পদক্ষেপ খুব বেশি কার্যকর না হওয়ায় গত ৭ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয়। ভারতের এ নিষেধাজ্ঞার পর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়ে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজের দাম ওঠে ১৪০ টাকা পর্যন্ত।

এমন পরিস্থিতিতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বাংলাদেশকে ভারত ৫০ হাজার টন পেঁয়াজ দেবে। অবশ্য ভারতের পেঁয়াজ না এলেও বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তাতেই ধারাবাহিকভাবে কমছে পেঁয়াজের দাম। কিছুদিন আগে যে পেঁয়াজের কেজি ১৩০-১৪০ টাকা ছিল এখন সেই পেঁয়াজের কেজি ৫৫-৬০ টাকা।

দিল্লির মাঠে সন্ধ্যায় নামছে চেন্নাই, একাদশে থাকবেন মুস্তাফিজ?

ডেস্ক রিপোর্ট:

টানা দুই জয়ে উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে জয়ের ছন্দ ধরে রাখার পর এবার অবশ্য প্রতিপক্ষের মাঠে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আজ (রোববার) বিশাখাপত্তমে স্বাগতিক দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে ধোনি-মুস্তাফিজরা। চলতি আসরে দুই ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি রিশভ পন্তের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

চেন্নাইয়ের জার্সিতে শুরুটা দুর্দান্ত হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন ফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই বাঁ-হাতি পেসার।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে আসরে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশি এই পেসার।

কিন্তু এরপরেও চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজ থাকবেন কি না, এই নিয়ে প্রশ্ন আছে বিস্তর। কারণটা মাথিশা পাথিরানা। গত আইপিএলে পাথিরানা ছিলেন অসাধারণ। শিরোপার প্রশ্নে লঙ্কান এই পেসার ছিলেন ধোনির দলের বড় অস্ত্র। অবশ্য সর্বশেষ ম্যাচে দুই পেসারকে একসঙ্গে দেখা গেছে। তবে এবার মাঠটা চেন্নাইয়ের বাইরে বলেই আবারও মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দিল্লির বিশাখাপত্তমে এখনও পর্যন্ত চলতি আইপিএলের কোনো ম্যাচ খেলা হয়নি। বিশাখাপত্তমের পিচে প্রচুর রান হতে পারে এবং এখানে ভক্তরা চার-ছক্কার বৃষ্টি দেখতে পারেন। তবে পরবর্তীতে বোলাররা এই পিচ থেকে সেভাবে সাহায্য নাও পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, চেন্নাইয়ের উইকেট ছিল মুস্তাফিজের কাটারের জন্য আদর্শ জায়গা। অবশ্য চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স জানিয়েছেন, দিল্লির উইকেটে ঘাস আছে। পেসারদের জন্য শুরুতে থাকবে সুইংও। ভাইজাগে সন্ধ্যার পর দেখা যেতে পারে শিশিরও।

এ ছাড়া দিল্লির বেশ কয়েকজন মূল ব্যাটারই বাঁহাতি—যেমন ডেভিড ওয়ার্নার, পন্ত, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল। তাই চেন্নাই একাদশে মঈন আলীর মতো কোনো অফ স্পিনারকে প্রয়োজনীয় মনে করতে পারে। তবে দিন শেষে সমীকরণের মারপ্যাঁচ এড়িয়ে চেন্নাই ম্যানেজমেন্ট ফর্মের দিকেই যেতে পারে। সে ক্ষেত্রে একাদশে মুস্তাফিজের নামটাই সবার আগে থাকার কথা!

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে ম্যাচ প্রিভিউতে বলেছেন, চেন্নাইয়ের একাদশে তিনি পরিবর্তন দেখছেন না। চেন্নাই আগের দুই ম্যাচের কৌশলেই খেলবে। আকাশের ‘প্লেয়ার টু ওয়াচ’–এর তালিকাতেও আছেন মুস্তাফিজ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান/মাথিশা পাথিরানা।

সিসিইউতে খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।

রোববার (৩১ মার্চ) সকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের শরীরটা ভালো যাচ্ছিল না বলে গভীর রাতে হাসপাতালে এনে ভর্তি করাতে হয়েছে। এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।’

ডা. জাহিদ বলেন, ‘রাতে হাসপাতালে নেওয়ার পরপরই ম্যাডামের কয়েকটি পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ড ফলাফল দেখে ব্যবস্থাপত্র দেন। দোয়া করেন ম্যাডামের জন্য। এর বেশি কিছু বলার নেই।’

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শনিবার দিনগত রাত ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুরে এতিম শিশুদের নিয়ে রুশদী পরিবারের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীস্থ ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে পূর্ব শাহতলী এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও ঈদবস্ত্র (ঈদ উপহার) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে সাড়ে ৫টায় সদর উপজেলার পূর্ব শাহতলী এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিলে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আমাদের চারপাশে যারা অসুস্থ্য রয়েছে তাদের জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ্য হয়ে যায়। যারা মৃত্যুবরণ করেছে তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করে। আমরা যারা সামর্থ্যবান আছি সকলে আশেপাশের গরীবদের সহায়তা করতে হবে। শাহতলী রুশদী পরিবারের উদ্যোগে আমাদের আজকের এই আয়োজন এতিমদের নিয়ে। এ এলাকার মানুষের সহযোগিতায় এতিমখানা পরিচালিত হচ্ছে। আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ্য থাকে তাহলে আমি চিকিৎসার ব্যবস্থা নিব। মাদরাসার কোন ছাত্রকে শারিরীক নির্যাতন করা যাবে না। শিশু বাচ্চাদের প্রতি মানসিক টর্চার না করে সেদিকে খেয়াল করতে হবে।

এ এতিমখানাটি অত্র এলাকার মানুষের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। শাহতলীর কৃতিসন্তান ডিবি কর্মকর্তা সাইফুল ভাইয়ের নেতৃত্বে এতিমখানা পরিচালিত হচ্ছে। আপনারা সকলে এতিমখানায় সহযোগিতা করবেন। যারা মসজিদে তারাবি নামাজ পড়ান তাদের সহযোগীতা করবেন।

এ সময় পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার এতিম শিশু শিক্ষার্থিদের ঈদবস্ত্র (ঈদ উপহার) বিতরণ করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহন করেন জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো: আব্দুল কাদের হাজরা, শাহতলী কামিল মাদরাসা জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মনির চৌধুরী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী।

এছাড়াও পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মো: হানিফ চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি সহ অন্যান্য সুধিজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এতিম শিশু শিক্ষার্থীবৃন্দ।

ইফতার মাহফিলের পূর্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহতলী রুশদী পরিবারের উদ্যোগে এতিম শিশু শিক্ষার্থী, ইমাম ও এলাকার সুধীজনদের নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী’র কবর ও রুশদী পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করা হয়। জিয়ারত শেষে পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।।দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

এর আগে বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে কলেজ মিলনায়তনে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।