All posts by jitu

ফজরের নামাজের সময় মসজিদে হামলা, বহু মুসল্লি নিহত

ডেস্ক রিপোর্ট:

বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলের একটি মসজিদে নামাজের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে বহু মুসল্লি প্রাণ হারিয়েছেন। একই দিনে ক্যাথলিকদের ওপরও হামলা চালানো হয়েছে। বেশ কিছু স্থানীয় এবং নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

সোমবার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রোববার ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা নাটিয়াবোনির একটি মসজিদে হামলা চালায়। এতে ডজন খানেক মানুষ প্রাণ হারান।

স্থানীয় এক বাসিন্দা জানান, হতাহতরা সবাই মুসলিম। এদের মধ্যে অধিকাংশই পুরুষ। অন্য একটি স্থানীয় সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা খুব ভোরে শহরে প্রবেশ করে। তারা মসজিদটি ঘেরাও করে এবং লোকজনের ওপর গুলি চালায়। মুসল্লিরা সে সময় ফজরের নামাজের জন্য একত্রিত হয়েছিল। তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, বড় ধরনের হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। মসজিদে হামলার একই দিনে উত্তর বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায়ও হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৫ জন বেসামরিক লোক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। গির্জার একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১৯ সালের মার্চে দিজিবোতে একজন পুরোহিতকে অপহরণ করা হয়েছিল। তিনি এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যাথলিক ধর্মযাজক সিজার ফার্নান্দেজকে খুন করা হয়।

২০২১ সালের আগস্টে উত্তরাঞ্চলীয় জিবোর শহরে গ্র্যান্ড ইমামকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত হওয়ার তিন দিন আগে তাকে অপহরণ করা হয়েছিল।

তিন দিনের সফরে বাংলাদেশে আসলেন ভারতীয় বিমান বাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার:

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান এর আমন্ত্রণে তিনি ঢাকা আসেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

এই সফরে ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন

ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করে দুই দেশ।

ইরফানকে বাঁচাতে মানুষের দুয়ারে দুয়ারে কুবির ১৪ তম ব্যাচ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইরফানুল্লাহকে বাঁচাতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।

‘প্রজেক্ট : ইরফানের জীবন’ নামক একটি ক্যাম্পেইন করে ইরফানের জন্য টাকা সংগ্রহ করছে তারা।

গতবছর নভেম্বর মাসের ৯ তারিখ (কুবি) টিউশন থেকে বাসায় ফেরার পথে ঢাকাগামী তিশা পরিবহনের ( ঢাকা মেট্রো ব-১৫-১৬৪৮) ধাক্কায় মারাত্মক আহত হয় তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, দূর্ঘটনার আজ তিন মাস অতিক্রম হলেও ইরফানুল্লাহর শারীরিক অবস্থার তেমন একটা পরিবর্তন হয়নি। টানা তিনমাস আইসিইউতে রাখার পর গত ১০ ফেব্রুয়ারি কেবিনে স্থানান্তর করা হয়। তবে জ্ঞান না ফেরার কারণে কাউকে চিনতে পারতেছে না তিনি। এমনকি শরীরের নিচের পঁচা অংশ শুকায়নি।

ডিপার্টমেন্টের সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আইসিইউ এর বিল ছাড়া পরিবার ২৩ লক্ষ টাকা খরচ করেছে । আইসিইউ এর বিল প্রায় ২৭ লক্ষ টাকা। যার উল্লেখযোগ্য অংশ এখনো অপরিশোধিত। প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার টাকা খরচ হচ্ছে।

১৪ তম আর্বতনের শিক্ষার্থীরা জানান, ইরফান আমাদের বন্ধু, ভাই, আমাদের অনেকের সাথে হয়তো দেখা হয় নাই, কিন্তু আমাদের হৃদয় একসাথে। আমরা ইরফান কে বাঁচাতে সর্বস্তরের মানুষ দুয়ারে দুয়ারে যাচ্ছি।
আমরা চাই আমাদের বন্ধু আবারও আমাদের মাঝে ফিরে আসুক, আমরা স্বপ্ন দেখি ইরফান আমাদের সাথে গল্প করবে, আড্ডা দিবে। এখন তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরাও তার পরিবার। তাই আমরা চেষ্টা করছি কিছু করার।

ইরফানের বড় ভাই মুহিবুল্লাহ বলেন, প্রশাসন, ডিপার্টমেন্ট, সংগঠন আমাদের যে সাহায্য করেছে। তা দিয়ে চিকিৎসার সামান্য কাজ শেষ হয়েছে। এখনোও সাতাশ লক্ষ টাকা বাকি রয়েছে। সামনে কত টাকা লাগে জানি না। আমরা এখন নিঃস্ব। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন।

সাহায্যের জন্য
Islami Bank Bangladesh Limited.
A/C No: 20501210208197200
Muradul Mustakim
Cumilla Branch.

Agrani Bank.
A/C No: 0200021604843
Md. Muhsin Jamil
BandorBazar, Sylhet Branch

01870608274 (Nagad)
01865201794 (Bkash)
01531569476 (Bkash & Nagad)
01622999694 (Rocket)
01571132847 (Bkash)

মাইলস্টোন কলেজে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :

নজরকাড়া নানাবিধ আয়োজনমালার মধ্যদিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ২৪ ফেব্রুয়ারি উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে আয়োজন করা হয় এই মনোজ্ঞ অনুষ্ঠানের।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। মনমাতানো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরুন নবী (অব.)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন প্রমুখ।

নবীনদের মনোমুগ্ধকর বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ, উপাধ্যক্ষবৃন্দ, কলেজের পরিচালকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী তাঁর বক্তব্যকালে শিক্ষা প্রসারে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা কর্নেল নুরুন নবীর ভূয়সী প্রশংসা করেন। কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান সুন্দর, সুশৃংঙ্খল অনুষ্ঠান আয়োজনের জন্য। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন-স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথি বলেন-মানবজীবনে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, স্বনির্ভরতা, দুরন্ত গতিবেগ, সৃজন, নির্ভীকতা, সংস্কৃতিবোধ ও স্বদেশপ্রেম।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছাত্রছাত্রীদের একক ও দলগত গান, নৃত, নাটিকা, ফ্যাশন শো’র মতো নজরকাড়া পরিবেশনা সকলকে মাতিয়ে রাখে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের বিশেষ আকর্ষণ ছিলো জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শীর পরিবেশনা যা নবীনবরণ অনুষ্ঠানের নান্দনিকতাকে করে আরও বেশি আনন্দময়।

ইভিএম বিশ্বাস করতে পারতেছি না : মনিরুল হক সাক্কু

শাহ ইমরান:

আজ প্রচারণার চতুর্থদিন দিন সোমবার নগরীর টমচমব্রিজ বাজার, ২০নং ওয়ার্ডের দিশাবন্দ, কাজীপাড়া ও নিউ মার্কেট এলাকায় গণসংযোগ-উঠান বৈঠক করেছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ২০২২ সালের ৩০ জুন সিটি নির্বাচন হয়েছে। ইভিএম মেশিন কী করেছে আপনারা জানেন। কুমিল্লার জনগন দেখছে। এ কারণে ইভিএম বিশ্বাস করতে পারতেছি না। বিষয়টি আমি
রিটানিং কর্মকর্তাকে রবিবার জানিয়েছি। তিনি আমাকে বলেছেন নির্বাচন কমিশার কুমিল্লা আসবেন। সেখানে আমি গত নির্বাচনের অভিজ্ঞতার কথা বলবো। ইভিএম মেশিনের ফলাফল কেনো আড়াই থেকে তিন ঘণ্টা দেড়ি হলো। তাদের ভাবমূর্তি নিজেরা কেনো নষ্ট করলো। মানুষ আমাকে বারবার প্রশ্ন করে, ভোটের মর্যাদা রাখতে পারবেন কিনা? আমি বলি, আপনারা ভোট কেন্দ্রে আসুন। যাকে ভালো লাগে তাকে ভোট দিন।

নবীন ভোটারদের বিষয়ে বলেন, ১২ হাজার নতুন ভোটার। তারা অতীতে ভোট না দিলেও নির্বাচন দেখছে। ভালো মন্দ বুঝে। শহরকে শান্তিপূর্ণ রাখতে টেবিল ঘড়ি মার্কায় প্রথম ভোট দিবেন।

মনিরুল হক সাক্কু কুমিল্লা পৌরসভার দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ২০১২ সালের ৫ জানুয়ারি ও ২০১৭ সালের ৩০ মার্চ টানা দুই মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন

বিনোদন ডেস্ক:

ভারতীয় কিংবদন্তি গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৭২ বছর। গায়কের মৃত্যুর খবর ইনস্টাগ্রামের এক পোস্টে নিশ্চিত করেছেন তারই কন্যা নায়াব উদাস।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পঙ্কজ উদাস নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। আজ সোমবার সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতের গুজরাটে জন্ম নেওয়া পঙ্কজ উদাস মূলত গাজল গায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি সিনেমার গানে ৮০’র দশক-শ্রোতাদের মুগ্ধ করেছেন কিংবদন্তি এই শিল্পী। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’র মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া এসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা নিয়ে যুবক খুন

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউডায় দেনাদারের বাড়িতে মো. মোরসালিন (২৬) নামে পাওনাদারের লাশ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে মো. আব্দুল্লাহ নামে অভিযুক্ত দেনাদার পরিবারসহ পালিয়ে গেছে। পরিবারের লোকজনের অভিযোগ, আব্দুল্লাহর কাছে মোরসালিন দুই লাখ ৪০ হাজার টাকা পেত। পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর তাকে তালাবদ্ধ ঘরে ফেলে রাখা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ও অভিযুক্ত দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এসব নিয়ে বিরোধেই এ হত্যাকান্ড ঘটানো হতে পারে। নিহত মোরসালিন উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের নূর মোহাম্মদের ছেলে। রবিবার বিকালে একই ইউনিয়নের শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে আব্দল্লাহর তালাবদ্ধ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

নিহতের ভাই রায়হান ভূইয়া বলেন, শিবনগর গ্রামের আব্দুল্লাহ ও হৃদয়ের কাছে আমার ভাই দুই লাখ ৪০ হাজার টাকা পাওনা ছিল। শনিবার দুপুরে ভাই আমাকে কাগজে হিসাবটি লিখে দিতে বলে। পাশাপাশি তাদের পরিবারকে জানানোর জন্য। আমার ভাই পোল্ট্রি মুরগির ব্যবসা করতো। আব্দুল্লাহ আমার ভাইকে ডেকে নিয়ে হত্যা করেছে। নিহতের বড় ভাই হাকিম ভূইয়া বলেন, শনিবার রাত ৯টার দিকে আমার দোকানের সামনে থেকে শিবনগর গ্রামের তালু মিয়ার ছেলে সোহেল মোরসালিনকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রবিবার দুপুরের পর লোকমুখে শুনতে পারি শিবনগরের আব্দুল্লাহর ঘরে আমার ভাইয়ের লাশ পাওয় গেছে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিবনগর গ্রামের আব্দুল্লাহর ঘরের তালা ভেঙ্গে বস্তায় বাঁধা অবস্থায় মোরসালিনের লাশ উদ্ধার করা হয়।

নিহতের গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। আব্দুল্লাহ চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মাদকসহ ১৬টি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

দেবিদ্বারে লুটপাট-চুরির ঘটনা বাড়ছে,স্মার্ট কার্ড বিতরণের সময় প্রায় ১০ জনের স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের রাজামেহার ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময় ১০ থেকে ১২ নারীর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, তারা স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য ইউনিয়নে ক্যাম্পেইন স্থাপন করা বুথে গত ২৪ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে যায়।

আইনশৃঙ্খলা পরিস্হিতির অবনতির ফলে গ্রামের সহজ সরল মহিলাদের গলা থেকে এসব স্বর্ণের চেইন হাতিয়ে নেয় একটি কুচক্রের ছিনতাইকারীর দল। বুথের আশেপাশে সিসিটিভি ফুটেজ থাকলেও এ বিষয়ে সাধারণত জনগণের পক্ষে কেউ কথা বলে নি।

এক ভুক্তভোগী পরিবারের সদস্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুল হাসান জানান, তার মা স্বর্ণের চেইন গলায় পড়ে স্মার্ট কার্ড গ্রহণ করতে যায়। বুথে প্রবেশ করার পর ১০ আঙ্গুলের ছাপ ও আইরিশের বায়োমেট্রিক তথ্য নেওয়ার সময় আর কোনো কিছু মনে থাকে নি। বুথ থেকে বের হওয়ার পর খেয়াল করে দেখে গলায় স্বর্ণের চেইন নেই।

আরো দুই ভুক্তভোগী প্রবাসী গিয়াসউদ্দিন ও আশিক জানায়,তাদের মা স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য যায়, তারাও বের হয়ে দেখে গলায় চেইন নেই। আরেক পুলিশ অফিসারের ভাবীর সাথেও এমন ঘটনা ঘটেছে। আনুমানিক ১২ জন মহিলার কাছ থেকে ৮ লক্ষ টাকার বাজার মূল্যের স্বর্ণালংকার প্রতারক চক্রের সদস্যরা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম সরকার ও গ্রাম পুলিশের কাছে জানতে চাওয়ায় তারা জানান, বোরকার আড়ালে কিছু সিন্ডিকেট ছিনতাইকারী প্রবেশ করে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।পরিস্থিতি এমন ছিল যা আমাদের আওতার বাহিরে। এমন ঘটনাকে কেন্দ্র করে রাজামেহার ইউনিয়নে চলছে সমালোচনার ঝড়।

গ্রামবাসীর দাবি উপযুক্ত পরিবেশ না থাকায় এমন ঘটনা ঘটেছে যা গ্রামবাসী তীব্র নিন্দা জানায়।

উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই দেবিদ্বারজুড়ে হামলা-নির্যাতন, রাহাজানি,লুটের ঘটনা অনেক বেড়ে গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

গোলের পর মেসির নামে স্লোগান, যা করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক:

ফর্মের তুঙ্গে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছর হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ডদের মতো তরুণ তারকাদের টপকে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এই বছরেও ফর্ম পড়েনি আল-নাসর তারকার। ক্লাবটির হয়ে সর্বশেষ ৯ ম্যাচে ১০ গোল দিয়েছেন ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ।

সৌদি প্রো লিগে গতকাল রবিবার আল-শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জেতে রোনালদোর ক্লাব আল-নাসর। যেখানে প্রথম গোলটি আদায় করেন সিআরসেভেন। এই গোলের মাধ্যমে একটি মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ৭৫০তম গোল এটি তার।

আল-শাবাবের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি পাওয়ার পর গোল আদায় করেন রোনালদো। যদিও এই পেনাল্টির বিরোধিতা করেছিল আল-শাবাব খেলোয়াড়রা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আল-শাবাব। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আল-নাসরকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা। ৬৭ মিনিটের মাথায় আবারও সমতায় ফেরে আল-শাবাব। তবে ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে তালিসকার দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।

ম্যাচ শেষ হতেই রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন আল-শাবাব সমর্থকরা। বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি রোনালদো। প্রথমে কানে হাত দিয়ে সেই স্লোগান শোনার ভঙ্গি করেন পর্তুগিজ তারকা। পরে আল-শাবাব সমর্থকদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো।

যদিও এমন অঙ্গভঙ্গির কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে সিআরসেভেনকে। সবকিছুরই সীমা আছে উল্লেখ করে রোনালদোর শাস্তি দাবি করেছেন সৌদি আরবের ফুটবল সংশ্লিষ্ট অনেকেই।

৭ জানুয়ারি নির্বাচনের ক্ষমতা দখল করে আওয়ামী লীগ আরও বেশি বেপরোয়া হয়েছে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করা করেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে।

সোমবার দলটির দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মো. আখতারুজ্জামান মিয়া এবং নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্র-সমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সেইসঙ্গে অবিলম্বে সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া ও চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।