All posts by jitu

বিদ্যুতে আমাদের যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুতে আমাদের যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকী আমরা সমন্বয় করতে চাই। বিদ্যুৎ সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতা থাকতে দিনে ১৮ ঘণ্টা লোড শেডিং দিতো। তারা পাঁচ বছরে ৯ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে।

শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে একটা নির্বাচন হয়ে গেল, তারা নির্বাচনে অংশ নেয়নি। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করেছে। ২৮ অক্টোবরের স্মৃতি ভুলে যাওয়ার কথা না। বিএনপির আন্দোলনের কত ভয়ংকর হতে পারে তা বার বার দেখিয়েছে। তাদের আন্দোলনের অর্থ বুঝি। জনগণের সম্পৃক্ততার ছিল না বলে অতীতে তারা ব্যর্থ। বর্তমানে আমাদের দেশে অর্থনৈতিক সংকট রয়েছে। তার জন্য আমরা দায়ী না। বিশ্ব অর্থনীতির কারণে জিনিসপত্রের দামের ওপর একটা প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য থাকে, তার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, বিএনপি এখন হতাশায় ডুবে আছে। নির্বাচন বয়কট করা তাদের সবচেয়ে বড় ভুল। এটা তারা উপলব্ধি করবে। উপজেলা নির্বাচন নিয়েও তাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব চলছে। দলীয়ভাবে যাই বলুক না কেন, তাদের যারা গ্রাসফুটে আছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের নেতারা উপজেলা নির্বাচনে অংশ নেবে।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপদপ্তর সায়েম খান প্রমুখ।

শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের সত্যতা জানালেন বিবেক

ডেস্ক রিপোর্ট:

দুই দশকের বেশি সময় ধরে বলিউডের বাদশার খেতাব উপভোগ করছেন শাহরুখ খান। নিজের কর্মজীবন ও পরিবার নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন তিনি। বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন এ অভিনেতা। তবুও বিতর্ক তার পিছু ছাড়েনি। শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান অভিনেতা।

শুধু তাই নয়, শাহরুখের গায়ে লাগে সমকামী তকমা। বলিউডের প্রথম সারির পরিচালক করণ জোহর থেকে শুরু করে প্রযোজক বিবেক ভাসওয়ানির সঙ্গে নাকি তার সম্পর্ক ছিল। তবে শাহরুখকে নিয়ে এই গুঞ্জন কতটা সত্যি? জানালেন শাহরুখের ‘জোশ’ সিনেমার প্রযোজক বিবেক।

শাহরুখ খান তখন বিবাহিত। প্রিয়াঙ্কা চোপড়া প্রেম করেন শাহিদ কাপুরের সঙ্গে। যদিও পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি তখন বিপুল জনপ্রিয়। তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল।

শোনা যায়, সে সময়েই তলে তলে ব্যক্তিগত জীবনেও সম্পর্ক গড়ে উঠেছিল তাদের। প্রিয়াঙ্কার সঙ্গে তার ‘সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি শাহরুখও। বরাবরই প্রিয়াঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন। তবে সত্যি কি যা রটে, তার কিছুটা ঘটে? শাহরুখের দীর্ঘ দিনের বন্ধু প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেন, ‘এসব পুরোটাই গুজব, শাহরুখ ‘ওয়ান ওম্যান ম্যান’। জীবনে গৌরী ছাড়া আর কাউকেই ভালোবাসেনি।’

কিন্তু এক সময় প্রশ্ন ওঠে শাহরুখের যৌন অভিরুচি নিয়ে। কখনো করণ জোহর কখনো আবার বিবেকের সঙ্গে সমকামী সম্পর্কের কথা শোনা যায়। যদিও এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন বিবেক।

তিনি বলেন, ‘শাহরুখ আর আমি একই আবাসনে থাকতাম। সেই সময় আমি আমার পরিবার নিয়ে একটু ঝামেলায় ছিলাম। ওকে গৌরীর সঙ্গে সংসার পাততে হবে, ক্যারিয়ার শুরু করেছে, সেই নিয়ে উদ্বেগ থাকত। আমরা ভালো বন্ধু। কোনোদিনও কোনো অন্য সম্পর্ক ছিল না আমাদের। আসলে সফল মানুষদের নিয়ে এমন নানা কিছু রটে।’

কুমিল্লা সেনানিবাসে ১৮তম ফিজ আপ কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ‘মুজিব বষ ১৮তম ফিজ আপ কাপ গলফ টুর্ণামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত উক্ত টুর্ণামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

উদ্বোধন এবং টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ।

চান্দিনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার রারিরচর গ্রামের স্বপ্না বেগমের বাসার দ্বিতীয়তলা থেকে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে সোহেল (২৮) ও চান্দিনার ছাঁয়কোট গ্রামের আব্দুল জলিলের মেয়ে রোজিনা আক্তার (২২)।

একই ফ্ল্যাটের বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, আমি ওই ভবনের তৃতীয়তলায় থাকি। বৃহস্পতিবার থেকে দ্বিতীয়তলায় পচা গন্ধ পাই। প্রথমে ভেবেছি হয়তো ময়লার গন্ধ। শুক্রবার জুমার নামাজের পরও একইভাবে গন্ধ পেয়ে দরজায় ধাক্কা দেই। কিন্তু কারও কোনো সাড়া শব্দ নেই।

তিনি বলেন, পরে তাদের নম্বরে ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি। সন্ধ্যার পর থেকে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কিছু বলতে পারেননি। অবশেষে থানায় খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পায়। প্রথম কক্ষে স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে ছিলেন আর ভেতরের কক্ষের বিছানায় স্ত্রীর মরদেহ পড়ে ছিল।

নিহত রোজিনার ভাই শাহজাহানের অভিযোগ করে বলেন, সোহেল মাদকাসক্ত ছিল। প্রায়ই রোজিনাকে মারধর করতো। ১০-১৫ দিন আগেও মাদকের টাকার জন্য রোজিনাকে মারধর করায় রোজিনা আমাদের বাড়িতে চলে যায়। আবার তাকে বুঝিয়ে শুনিয়ে আনে। আমার বোনকে প্রায়ই মারধর করতো স্বামী সোহেল।

নিহত সোহেলের বোন মুন্নী আক্তার বলেন, দুই বছর আগে তারা ভালোবেসে বিয়ে করে। তাদের কোনো সন্তান নেই। সোহেল গত ১৯ তারিখে আমার বাসায় গিয়েছিল। তারপর থেকে তাকে ফোনেও আর পাইনি। তার স্ত্রীর ফোনেও কল দিয়েছিলাম সেও রিসিভ করেনি। সন্ধ্যার পর বাসার মালিকের ফোন পেয়ে এখানে আসি।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে দুজনের মধ্যে অমিল থাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, তিন-চারদিন আগে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৫ জেলের জরিমানা

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে কারেন্টজালসহ অন্যান্য নিষিদ্ধ জালে মাছ ধরায় আটক ১৫ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নীলকমল পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।

অর্থদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, খোরশেদ (৩৮), মোঃ সোহাগ (৩২), মোঃ রাছেল (২৯), রিয়াদ মিজি (২৭), মোঃ মোহন মীর (২১), মোঃ শাওন (২০), মোঃ শান্ত মোল্লা (১৯), মোঃ বাবু (২০), মোঃ রাজিব বেপারী (৩০), মোঃ হৃদয় মীর (২৫), সেলিম মীর (৫০), মোঃ রুবেল (৩৫), মোঃ রিয়াদ (২৫), সোহাগ খান (৩০) ও আবু বকর বেপারী (৫০)।

অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ জানান, কম্বিং অপারেশনের চতুর্থ ধাপের দ্বিতীয় দিন আজ বেলা সাড়ে ১১টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মেঘনা নদীর চরভৈরবী এলাকায় উপজেলা টাস্ক ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, একটি চরঘেরা জাল জব্দ করা হয়। নিষিদ্ধ ঘন ফাঁসের জাল দিয়ে ১০০ কেজি জাটকা, চেউয়া মাছের একটি ব্রুড স্টক এবং অন্যান্য প্রজাতির মাছ আহরণরত অবস্থায় ১৫ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটক ১৫ জেলেকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে নীল কমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরের হাজীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে ইমন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নে জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ইমন বাকিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন ও অটোরিকশা চালাতেন।

বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি গত ২১ ফেব্রুয়ারি পূর্ব রাজাগাঁও মিজি বাড়িতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে ইমন ও তার সহপাঠী সৈকতের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সাকচি পাড়া, নোওহাটা ও রাজারগাঁও গ্রামের ২০/২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে জনতা বাজার এসে ইমনকে ধাওয়া করে। এ সময় ইমন বাজারের পাশে এক বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে গিয়ে তার ‍ওপর হামলা চালায় অস্ত্রধারীরা।

ইমনের চাচা আব্দুল হান্নান জানান, অস্ত্রধারীদের হামলার পর আমার ভাতিজা আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, সন্ধ্যায় জনতা বাজারে মারামারির ঘটনায় ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

জিরো জিরো সেভেন-বাবা-জাউরা গ্রুপের ৩৭ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ও আশপাশের এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের ৩৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার বেলা ১১টায় র‌্যাব-১ উত্তরা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার (সিও) (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা কিশোর গ্যাং-জিরো জিরো সেভেন গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন গ্রুপের সদস্য।

এদের মধ্যে ০০৭ গ্রুপের দলনেতা আল-আমিন, জাউরা গ্রুপের দলনেতা মাহাবুব, বাবা গ্রুপের দলনেতা সাদ, ভোল্টেজ গ্রুপের মনা, ডি কোম্পানি (লন্ডন পাপ্পু চালায়) আকাশ ও আমির হোসেন গ্রুপ’ জাহাঙ্গীর গ্রুপ ওরফে বয়রা জাহাঙ্গীর।

গ্রেফতার অন্যরা হলো- রাসেল, আরাফাত, রবিন, আল-আমিন, ইসলাম, জুয়েল, রবিউল, মুরাদ, মাহাবুব, সাদ, রোহান, মনা, হৃদয়, ওবায়েদ, জিসান, আকাশ, ঈমন, রমজান, সজিব, শাকিব, রাজিব, আমির হোসেন, শাহজাহান সাজু ওরফে রাসেল, জিলাদ মিয়া, হৃদয়, আ. রায়হান, বাবু মিয়া, শাহজাহান, জালাল মিয়া, লামিম মিয়া, রাকিব, হিরা মিয়া, ইমরুল হাসান, সাকিন সরকার রাব্বি, সুজন মিয়া, খাইরুল ও রাহাত।

র‌্যাব জানায়, র‌্যাব-১ এর একাধিক দল বৃহস্পতিবার দিবাগত রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর মহাখালী, বনানী, বিমানবন্দর, টঙ্গী ও গাজীপুর এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসব কিশোর গ্যাং গ্রুপের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৪টি মোবাইল, ১টি ব্লেড, ১টি কুড়াল, ১টি পাওয়ার ব্যাংক, ৫টি রড, ১৬টি চাকু, ৩টি লোহার চেইন, ১টি হাতুড়ি, ১টি মোটরসাইকেল এবং নগদ ২৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, এরা প্রত্যেকেই গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। প্রত্যেক গ্রুপের আনুমানিক সদস্য ১০-১৫ জন। তারা টাকার বিনিময়ে যে কোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল বলে অকপটে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সরকার বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

সরকার বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে দুই দিনব্যাপী ‘একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত: বাংলাদেশ ও ভারত থেকে শিক্ষা’ শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, আদালতের হস্তক্ষেপগুলো যেন সাংবিধানিকতার নীতি, ক্ষমতা ভারসাম্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত হয় তা নিশ্চিত করতে হবে। ক্ষমতার সঙ্গে দায়িত্ব ওতপ্রোতভাবে জড়িত। দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রয়োগ করতে হবে। আবার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং ক্ষমতার যেন অপব্যবহার না হয় সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে।

বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রয়াস চালিয়ে যেতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে শামিল হতে হবে।

বিচারকদের উদ্দেশ্যে মোঃ সাহাবুদ্দিন বলেন, দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি আশা করেন, বিচার প্রার্থীরা অত্যন্ত কম খরচে স্বল্পতম সময়ের মধ্যে ন্যায়বিচার পাবে এবং বিচারকগণ তাদের মেধা এবং মননশীলতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহি নিশ্চিতের জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করেছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বল্প সময়ে বিচার প্রার্থীদের ন্যায়বিচার প্রদানে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জাতির ক্রান্তিকালে যখনই প্রয়োজন হয়েছে, সুপ্রিম কোর্ট তার ওপরে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংবিধানকে রক্ষা করেছে। শান্তি ও সংকটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসেবে মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে রাষ্ট্রক্ষমতা দখল করে। কিন্তু সুপ্রিম কোর্ট ষড়যন্ত্রকারীদের সেই নীলনকশা বাস্তবায়িত হতে দেয়নি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করেছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুটি বন্ধুপ্রতিম দেশ হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের উন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তাদের নিজ নিজ যাত্রায় অনন্য পথ অতিক্রম করেছে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত উভয় দেশই এমন দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছে যেখানে বিচার বিভাগ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায়, পরিবেশগত টেকসই উন্নয়ন ও সুশাসনের নীতিগুলোকে সমুন্নত রাখতে হস্তক্ষেপ করেছে।

সূত্র: কালবেলা

জিনিস মজুতকারীদের গণধোলাই দেওয়া উচিত: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জিনিস মজুত রেখে বা লুকিয়ে রেখে দাম বাড়িয়ে দেওয়া লোকদের গণধোলাই দেওয়া উচিত বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে জার্মানি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টার পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলন শুরু হয়। এতে দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। যথারীতি লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

লিখিত বক্তব্যের পর প্রথমে প্রশ্ন করেন সাংবাদিক মনজুরুল ইসলাম বুলবুল। তিনি টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান। পাশাপাশি ১১জন গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ জানান।

পরে আরেক উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেহেতু সংসদ সদস্য করার সুযোগ পেয়েছি। সব শ্রেণিপেশার মানুষকে আনার চেষ্টা করেছি। সংসদে কী হয়, সেগুলো সবার জানা ও দেখা দরকার।

দুর্ভিক্ষ নিয়ে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র তো আছেই। ষড়যন্ত্র প্রত্যেকবারই হচ্ছে। বার বার করেছে। নির্বাচন যাতে না হয়, বিরাট চক্রান্ত ছিল। ২৮ অক্টোবরের ঘটনা আপনারা জানেন। এগুলো হঠাৎ করে নয়, পরিকল্পিতভাবে করেছে। নির্বাচন যখন বানচাল করতে পারবে না, বুঝে গেছে। মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল। তাই তারা পরিকল্পনা করেছে, দ্রব্যমূল্য বাড়বে আর তারা আন্দোলন করবে।

তিনি বলেন, ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানোর কথা তো আপনিই বললেন। আপনার কি মনে হয় না, যারা সরকার উৎখাতে আন্দোলন করে তাদেরও এখানে কারসাজি আছে? এর আগে দেখলাম পেঁয়াজের খুব অভাব। পরে দেখা গেলো বস্তাকে বস্তা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এ লোকগুলোকে কী করা উচিত, সেটা আপনারাই বলেন। এদের-তো গণধোলাই দেওয়া উচিত। কারণ আমরা সরকার কিছু করলে বলবে, সরকার করেছে। পাবলিক যদি প্রতিকার করে, তাহলে সব থেকে ভালো, কেউ কিছু বলবে না। জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে, আর দাম বাড়াবে!

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’-এ যোগদান উপলক্ষে সম্প্রতি জার্মানি সফরের নানা অভিজ্ঞতা জানান।

জার্মানিতে তিনদিনের সরকারি সফর শেষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন তিনি। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে সেখানে যান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দেশের বাইরে এটিই ছিল তার প্রথম সরকারি সফর।

হাজীগঞ্জে চারদিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

ইউসুফ পাটোয়ারী লিংকন, হাজীগঞ্জ:

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ৪ দিনব্যাপী (২১-২৪ ফেব্রুয়ারী) একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। বই পড়ার প্রতি মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জাগানোর লক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ‘৮ম’ বই মেলার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২২) সন্ধ্যায় মেলার স্টলস্থলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) ঢাকা সেন্টারের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, হাজীগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, হাজীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম প্রমুখ।

মুহাম্মদ কামাল হোসাইন ও এসএম মিরাজ মুন্সীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হোসাইন মীর, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষে উপদেষ্টা সদস্য যুগল কৃষ্ণ হালদার প্রমুখ।

এসময় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ, সাবেক ছাত্রনেতা নেছার পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, শাহজালাল, মামুন, মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু, সদস্য নিহার রঞ্জন হাওলাদার, সানাউল্ল্যাহ পাটোয়ারী, হাবিবুর রহমান পলাশ, খালেকুজ্জামান শামীম, খাজা সাফিউল বাসার রুজমন, মোহাম্মদ হাবীব উল্যাহ, নন্দিতা দাস ও ইব্রাহীম খান রনিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এ মেলার আয়োজন করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গত ৮ বছর ধরে ধারাবাহিকভাবে মেলা উদযাপন করে আসছে। এ বছর মেলা উদযাপনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ও ৯টি উপ-কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছে।

হাজীগঞ্জ পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বই প্রদর্শনী, বিক্রি, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বই পরিচিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামি ২৪ ফেব্রুয়ারী পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ মেলার সমাপ্তি হবে।

ক্যাপশন: মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) ঢাকা সেন্টারের চেয়ারম্যান, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।