All posts by jitu

চাঁদপুরে নিজ ঘরের পাশের পুকুরেই মিলল সাড়ে তিন বছর বয়সী শিশুর লাশ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘন্টা পর পুকুর থেকে সাড়ে তিন বছর বয়সী রাহিকুল ইসলাম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে ইউনিয়নের মনিহার খান বাড়ির একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আজিজুল ইসলামের তিন সন্তানের মধ্যে মেঝো ছেলে রাহিকুল ইসলাম বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় সবার অজান্তে নিজ ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে কয়েকঘন্টা পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পরে তাকে উদ্ধার করলে স্থানীয় পল্লী চিকিৎসক এসে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় ঐ বাড়িসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এদিন বাদ জোহর জানাজা শেষে শিশু রাহিকুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সন্তানের মৃত্যুতে মায়ের আহাজারিতে কেঁপে ওঠে পুরো বাড়ির আঙ্গিনা। অন্যদিকে প্রবাসে বসে সন্তানের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা আজিজুল ইসলাম।

দাউদকান্দিতে সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী-উন্নয়নমূলক সংগঠন “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে ওই ইউনিয়নের প্রবীন-মুরুব্বী, আলেম-শিক্ষক-সাংবাদিক, আইনজীবী-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী-জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সন্মানে “সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নুরআলম ভূঁইয়া (আলম)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি মো. খোরশেদ আলম টাইগার, সংগঠনের উপদেষ্টা মো. শাহিন আহাম্মেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান।

সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসে রাফী, সদস্য হাবিবুর রহমান, মো. শরীফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সজিব তালুকদার, ওমর ফারুক প্রধান। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত করেন সংগঠনের উপদেস্টা আল্লামা সাইফুল ইসলাম জিহাদী।

পাকিস্তানি কায়দায় বিএনপি ভারতের বিরোধিতা করছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক ইস্যু না পেয়ে পুরোনো পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা করছে বিএনপি এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, চিরাচরিত পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা শুরু করেছে বিএনপি। তারা যখন কোনো রাজনৈতিক ইস্যু না পায়, তখনই এই একটা ইস্যু সামনে নিয়ে আসে। বঙ্গবন্ধুর আমলেও করেছে, এখন শেখ হাসিনার আমলে এবারও তাই করছে।

বয়কট ইস্যুতে বিএনপি নেতাদের ঐক্য নেই দাবি করে সেতুমন্ত্রী বলেন, বয়কট আন্দোলন করছে তারা। কিন্তু তাদের নিজেদের বক্তব্যে মিল নেই। হাফিজ বলে এক কথা, রিজভী বলে আরেক কথা, মহাসচিব সিঙ্গাপুর থেকে বলে ভিন্ন কথা।

তিনি আরও বলেন, বিএনপি ইফতার পার্টি করে। নিজেরা খাওয়ার আয়োজন করে। আর আমরা ইফতার সামগ্রী বিতরণ করি। মানুষের খাবারের ব্যবস্থা করি।

ঢাকা জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা জেলা সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় এতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরও অনেকে।

চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে একটি পণ্যবাহী ট্রাক ঢাকা আসা পর্যন্ত কী পরিমাণ চাঁদা দেওয়া লাগে, আর সেই পণ্য কারওয়ান বাজার থেকে অন্য বাজারে নেওয়ার পর কী পরিমাণ দাম বাড়ে সবকিছুই আমরা অনুসন্ধান করেছি।

শনিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি’ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঈদে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজি রোধে পুলিশ-র‍্যাব কোঠর অবস্থানে।

মন্ত্রী বলেন, কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে, সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি করছে। অধিক মুনাফার চিন্তা থেকেই এর প্রভাব বেশি পড়ে।

তিনি আরও বলেন, যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে। সেই হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে।

চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে।

যারা অতি মুনফার লোভে দামবৃদ্ধি করছেন, তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে যখনই আসে তখনই তারা অর্পিত দায়িত্ব পালন করে।

প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে। তিনি বলেন, যারা অধিক মুনফা করছে তাদের সঙ্গে আলোচনা করে পাড়া-মহল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হলে অধিক মুনাফা রোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান এবং সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম।

সোমবার রাতে সারা দেশ ১ মিনিট অন্ধকারে থাকবে

ডেস্ক রিপোর্ট:

আগামী সোমবার ভয়াল ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। গণহত্যা দিবসে সোমবার রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

তবে কেপিআই ও জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী, বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তার পর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।

২৫ মার্চ রাতে সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বঙ্গবন্ধুর এ আহ্বানে সাড়া দিয়ে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় ৪ দেশ

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের চার দেশ। দেশগুলো হলো- স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ফিলিস্তিনি জনগণের বহুদিনের স্বপ্ন। সাম্প্রতিক সময়ে বিষয়টি ব্যাপক আলোচনা পেয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চার দেশের সম্মতির এ কথা জানান।

সাংবাদিকদের সানচেজ বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে আইরিশ, মাল্টিজ এবং স্লোভেনিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি হয়েছে। তিন দেশের সঙ্গে মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ নিয়েছে স্পেন।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আয়ারল্যান্ড বলেছে, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তবেই শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে ইসরাইলি ও ফিলিস্তিনিরা।

এর আগে নভেম্বরে স্পেনে এক বৈঠকে একমত হয়ে আরব রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলেছিল, ফিলিস্তিন-ইসরাইল সংঘাত বন্ধ করার উপায় হলো একটি দ্বি-রাষ্ট্র সমাধান।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পাস হয়নি। পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হতে ব্যর্থ হয়েছে।

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট

ডেস্ক রিপোর্ট:

ফের দুঃসংবাদের ছায়া ব্রিটিশ রাজপরিবারে। কিছু দিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে। এবার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর এসেছে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের।

এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মিডলটন নিজেই। তবে তিনি সুস্থ আছেন এবং তার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৪২ বছর বয়সি প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিল। তবে তা ক্যানসার সংক্রান্ত ছিল না। এর পর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা যায় তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

অবশ্য কিছু দিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এর পর এলো তারই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর।

কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি।

ভিডিওতে কেট বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে, আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স সম্পন্ন করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’

ভিডিওতে কেট স্বীকার করে নিয়েছেন, তার কাছে এই ক্যানসারের খবর বেশ বড় ধাক্কা। তিনি বলছেন, ‘এটি অবশ্যই একটি বিশাল ধাক্কা হিসাবে এসেছে এবং উইলিয়াম যা যা করা দরকার করছে। এ পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কম বয়সি পরিবারের জন্য, তাই করছি’।

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন চিরকালই খুবই সাধারণের মধ্যে মিশে যেতে পারেন। তার উদ্যম, উদ্দীপনায় ভরা রূপকে গোটা বিশ্ব চেনে। সেই কেট এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বিশ্বের সামনে তার শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরলেন।

তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা উদ্বেগের বিষয় ব্রিটিশ রাজপরিবারের জন্য।

ক্রিকেট দুনিয়া মুগ্ধ মুস্তাফিজে

ডেস্ক রিপোর্ট:

কে বলবে, এই মুস্তাফিজই চলতি মাসেই বাংলাদেশের ওয়ানডে দলে ছিলেন না। সিরিজের শেষ ওয়ানডেও খেলেছেন আরেক পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির কারণে। কিন্তু, আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মনোমুগ্ধকর এক শুরু হলো বাংলাদেশি এই পেসারের।

৪ ওভারে ২৯ রান। সঙ্গে ৪ উইকেট। সেই চার উইকেটের মাঝে আছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মত তারকার নাম। আছে রজত পতিদারের মতো উদীয়মান তারকাও। ম্যাচশেষে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।

সেই সঙ্গে মুস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। ম্যাচশেষে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সরাসরিই উল্লেখ করেছেন মুস্তাফিজের কথা, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মুস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’

নিজেদের বোলিং বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসি (উইকেট নেন মুস্তাফিজ) আউট হওয়াতে আমরা স্বস্তি পাই। সেটিতে পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে পেয়েছি।’

মুস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে এবং রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য বেশ লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল।’

এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও উঠে এসেছে মুস্তাফিজের নাম। তার এমন পারফরম্যান্স অন্যসব বাংলাদেশির মতো স্পর্শ করেছে দেশের তারকা ক্রিকেটারদের মধ্যেও।

তামিম ইকবাল সামাজিক মাধ্যমে মুস্তাফিজের সঙ্গে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মুস্তাফিজের!’ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই…অভিনন্দন…টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শুভকামনা রইল ‘। তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্ল্যেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হোক। অভিনন্দন ফিজ।’

কুমিল্লায় অবন্তিকার বাড়িতে তদন্ত কমিটি, প্রতিবেদন দ্রুত দেওয়ার আশ্বাস

স্টাফ রিপোর্টার:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনা তদন্তে মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন জবির তদন্ত কমিটির সদস্যরা।

শুক্রবার বেলা ১১টার দিকে অবন্তিকার কুমিল্লার বাগিচাগাঁও বাসায় যান তদন্ত কমিটির সদস্যরা। এ সময় সেখানে তারা অবন্তিকার মা ও ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।

এদিন দুপুর ১টার দিকে বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন। তিনি বলেন, আমরা তদন্তের কাজ চালাচ্ছি। অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করেছি। আশা করছি, খুব দ্রুতই তদন্ত রিপোর্ট দিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাস, কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মাসুম বিল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন এবং সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ঝুমুর আহমেদ।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অবন্তির মা। তিনি বলেন, তদন্ত কমিটির সদস্যরা পুরো ঘটনার বর্ণনা শুনেছেন। তারা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, তদন্ত কমিটির এ সহযোগিতা যদি আগে থাকত তাহলে আমার মেয়ে এখন মাটির নিচে থাকত না। আমি উজ্জ্বল সম্ভাবনাময়ী মেয়েকে হারালাম।

এর আগে কুমিল্লার শাসনগাছা ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন শাসনগাছা কবরস্থানে ফাইরুজ সাদাফ অবন্তিকার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন তদন্ত কমিটির পাঁচ সদস্য।

এদিকে মামলার প্রধান আসামি সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত ১৫ মার্চ রাতে অবন্তিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফেসবুকে একটি পোস্টে অবন্তিকা এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।

গলফ কার্টে বসে ওমরাহ করার ব্যবস্থা করেছে সৌদি আরব

ডেস্ক রিপোর্ট:

পবিত্র কাবা শরীফে তাওয়াফ করার জন্য স্মার্ট গলফ কার্টের ব্যবস্থা করেছে সৌদি আরব। মূলত বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ওমরাহকারীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

পবি