All posts by jitu

ফেনীতে মাদকের টাকা না পেয়ে মাকে খুন

ডেস্ক রিপোর্ট:

ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে রাফি (২১) নামে এক মাদকাসক্ত মাদকের বিরুদ্ধে টাকা না পাওয়ায় মা লাকি বেগমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে বাবা মো. মোস্তফা ও বোন মিথিলাকে (১৮) ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

রোববার (১০ মে) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে মাকে মৃত অবস্থায় দেখে। এবং জখম বাবা-বোনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ রাফিকে আটক করে। রাফি সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারেন্টডেন্টের বাড়ির মো. মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার সময় রাফি মা লাকি বেগমের নিকট নেশার টাকা চাইলে মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তাতে ছেলে রাফি মাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। বাবা ও বোন বাধা দিলে তাদেরকেও ছুরিকাঘাত করে। মা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাবা ও বোনের অবস্থা সংকটাপন্ন বিধায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয়রা রাফিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘাতক ও মাদকাসক্ত রাফিকে আটক করে।

জানা যায়, উপজেলা সদর থেকে কুমিল্লা জেলার প্রান্তসীমায় সিন্দুরপুর ইউনিয়ন অবস্থিত। তাই মাদক সেবনকারীদের জন্য নিরাপদ রুট এ অঞ্চল।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম যুগান্তরকে ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমিসহ ওসি ফয়জুল আমিন নোমান ঘটনাস্থলে গিয়ে হৃদয়বিদারক এ ঘটনায় ঘাতক রাফিকে আটক করে থানায় নিয়ে আসি। সোমবার বিজ্ঞ আদালতে তাকে প্রেরণের জন্য প্রক্রিয়াধীন আছে।

হোমনায় ইয়াবাসহ আটক যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় ইয়াবাসহ হাসান সরকার (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার রাত বারোটার দিকে উপজেলার ৪ নং চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক হাসান সরকার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। রামকৃষ্ণপুর জিরো পয়েন্টের ‘মক্কা-মদিনা এসএস গ্যালারি’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনক চলাফেরার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানায়, হাসান সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবককে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার মোচাগড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৫) এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে অরবিন (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে ইউএনও এবিএম সারোয়ার রাব্বি’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদক সেবন ও মাদকদ্রব্য সাথে রাখার দায়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের রাতেই মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরদিন সকালে তাদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হবে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সন্ধ্যার মধ্যেই কুমিল্লাসহ ৯ জেলায় ঝড়ের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

বৈশাখের বিদায়লগ্নে গরমের দাপটের মধ্যেই দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। তবে এর মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সোমবার (১১ মে) সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই অবস্থায় মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেটে ৫১ মিলিমিটার ছাড়াও মাদারীপুরে ৪৬, কক্সবাজারে ৪২, নারায়ণগঞ্জে ৩৯, নরসিংদীতে ৩৭, ঢাকায় ৩২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দাউদকান্দির সন্তান নূরআলম ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক:

ইতালির ভেনিস মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে লড়ছেন প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ নূরে আলম ভূঁইয়া (আলী হোসেন)।

আসছে আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তিনি ফাভারো (Favaro) এলাকা থেকে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল পিডি (PD) মনোনীত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানাগেছে, নূরে আলম ভূঁইয়া দীর্ঘ ২১ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি একজন ক্রীড়াপ্রেমী, আন্তরিক, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ হিসেবে পরিচিত।

তিনি খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে তিনি দীর্ঘদিন ধরে কমিউনিটির পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
কমিউনিটির সেবা এবং প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্য এবার তিনি স্থানীয় রাজনীতিতে সরাসরি নামার সিদ্ধান্ত নিয়েছেন।

নূরে আলম ভূঁইয়া তার নির্বাচনী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভোটারসহ সবার কাছে দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।

চাঁদপুর শহরে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা শহরে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১০ মে) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, দই উৎপাদন এবং মেয়াদের তারিখ না দেওয়া, বিক্রয় করা ও চায়ের মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি রাখার কারণসহ বিভিন্ন অপরাধে তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে শহরের তালতলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দই উৎপাদন করে সংরক্ষণ ও বিক্রয়, মেয়াদ বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বোরহানি উৎপাদন সংরক্ষণ, পুরাতন মাংস পচা বাঁশি খাবার ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে তালতলা এলাকার কালাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরো নিপা। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়াও নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঙালিয়ানা হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিকনির্দেশনা দেন। ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার ও বাংলাদেশ পুলিশের একটি টিম।

জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন মিষ্টির দোকান ও কারখানা সহ সেমাই কারখানা এবং হোটেল রেস্তোরায় যেখানে অনিয়ম থাকবে এ ধরনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

এদিকে শহরের মমিন পাড়া ও বিপনিবাগ এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে ক্ষতিকর রং ও অন্যের প্যাকেট ব্যবহার এবং উৎপাদক ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতিত আইসক্রিম তৈরির করায় ফ্রেস কো আইসক্রিমকে ২০ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদু্লাহ আল ইমরান।

অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিন পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গিকার করে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করেন।

চাঁদপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়া এলাকায় তার নানার বাড়িতে বড় হয়েছেন। তার পৈতৃক নিবাস হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।

পারিবারিক সূত্র জানান, দুপুরে শান্ত মোটরসাইকেলে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুরা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কুমিল্লায় স্ত্রী হত্যা মামলায় জামিন চাইতে এসে স্বামী কারাগারে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী জান্নাতুন নাঈম ফারিয়ার মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রধান আসামি ও ফারিয়ার স্বামী মেহেদী হাসান হৃদয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে একই মামলায় অভিযুক্ত তার পরিবারের অন্য চার সদস্য জামিন পেয়েছেন।

রবিবার কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মমিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাফসীরুল আলম।

আদালত সূত্র জানান, মামলার প্রধান আসামি মেহেদী হাসান হৃদয় ছাড়াও তাঁর বাবা আবদুর রহিম, মা আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও রীমার স্বামী জাকারিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত হৃদয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি চারজনের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ফারিয়ার বাবা ও স্কুল শিক্ষক মো. হানিফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।

এর আগে গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের দেশওয়ালীপট্টি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফারিয়া (২৩) কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামে।

এজাহারে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ফারিয়া ও হৃদয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে হৃদয় ও তাঁর পরিবারের সদস্যরা পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা এনে দিতে না পারায় ফারিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফারিয়ার বাবা মো. হানিফ জানান, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। প্রধান আসামিকে রিমান্ডে নিলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আদালত প্রধান আসামি হৃদয়ের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

রাষ্ট্রাচারের বিচ্যুতি ও প্রাতিষ্ঠানিক মর্যাদার সংকট: একটি প্রশাসনিক পর্যালোচনা

প্রফেসর ড. আসিফ মিজান, রাজনীতি বিশ্লেষক:

একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা, শাসনতান্ত্রিক অনুক্রম এবং প্রশাসনিক গাম্ভীর্যের দৃশ্যমান বহিঃপ্রকাশ ঘটে তার রাষ্ট্রাচার বা প্রটোকল (State Protocol) কাঠামোর মাধ্যমে। রাষ্ট্রাচার কেবল আনুষ্ঠানিক কোনো রীতি বা শিষ্টাচার নয়; এটি রাষ্ট্রের ক্ষমতা বিন্যাস ও সাংবিধানিক ভারসাম্যের প্রতীকী রূপ। পুলিশ সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্যালুট গ্রহণ বা অভিবাদন মঞ্চে সরকারপ্রধানের সমান্তরালে অন্য ব্যক্তিবর্গের অবস্থান গ্রহণ প্রশাসনিক বিজ্ঞান, সামরিক-বেসামরিক প্রটোকল এবং রাষ্ট্রাচারের মৌলিক নীতিমালার আলোকে গভীর পর্যালোচনার দাবি রাখে।

সাংবিধানিক অনুক্রম ও স্যালুটিং ডেক প্রটোকল (Saluting Deck Protocol)

সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘মাননীয় প্রধানমন্ত্রী’ হলেন রাষ্ট্রের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ও শাসনতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু এবং চিফ এক্সিকিউটিভ (Chief Executive)। রাষ্ট্রাচার এবং সামরিক-বেসামরিক কুচকাওয়াজের সুনির্দিষ্ট নিয়ম (Ceremonial Protocol) অনুযায়ী, রাষ্ট্রীয় স্যালুট গ্রহণের মূল মঞ্চে বা ডেক-এ সরকারপ্রধান এককভাবে অগ্রভাগে অবস্থান করবেন। সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাঁর ঠিক পেছনে (In the Rear) নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। প্রধানমন্ত্রীর সমান্তরালে বা একই লাইনে অবস্থান নেওয়া ‘এক্সিকিউটিভ প্রিমাসি’ বা নির্বাহী শ্রেষ্ঠত্বের নীতিকে চরমভাবে ক্ষুণ্ন করে।

প্রাতিষ্ঠানিক প্রতীকীবাদ (Institutional Symbolism) ও ক্ষমতার অনুক্রম

রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে, রাষ্ট্রীয় মঞ্চে ব্যক্তিবর্গের শারীরিক অবস্থান বা ‘স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট’ (Spatial Arrangement) ক্ষমতার একটি সুনির্দিষ্ট চেইন অব কমান্ড প্রকাশ করে। প্রধানমন্ত্রী পদটি কোনো একক ব্যক্তির পরিচয় নয়, এটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্বভৌম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সমান্তরালে অন্যদের অবস্থান গ্রহণ ‘প্রাতিষ্ঠানিক প্রতীকীবাদ’কে বিভ্রান্ত করে। এটি দেখার পর জনমনে এবং প্রশাসনিক স্তরে ক্ষমতার ভারসাম্য ও চেইন অব কমান্ড নিয়ে একটি ভুল বার্তা পৌঁছাতে পারে, যা রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য মোটেও কাম্য নয়।

জবাবদিহিতা ও কাঠামোগত অবক্ষয় (Structural Decay)

রাষ্ট্রীয় স্যালুট গ্রহণের মতো সংবেদনশীল ও আনুষ্ঠানিক মঞ্চে এই ধরনের দৃশ্যমান ব্যত্যয় প্রটোকল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব, প্রাতিষ্ঠানিক সচেতনতা এবং দূরদর্শিতার অভাবকে নির্দেশ করে। একে সাধারণ ভুল হিসেবে অবহেলা করার সুযোগ নেই। নিয়মের এই ধারাবাহিক বিচ্যুতি যদি অব্যাহত থাকে, তবে তা একপর্যায়ে ‘সাংবিধানিক রাষ্ট্রাচার কাঠামো’র (Constitutional Protocol Framework) প্রাতিষ্ঠানিক অবক্ষয় বা ধস ডেকে আনতে পারে।

একটি সুশাসিত রাষ্ট্রে যেকোনো মূল্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা, ঐতিহ্য এবং প্রটোকলের কঠোর নিয়ম সমুন্নত রাখা অপরিহার্য। উদ্ভূত এই সমান্তরাল অবস্থান গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত অজ্ঞতা, নাকি পদ্ধতিগত ত্রুটি- তা কঠোরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রতিষ্ঠানের অনন্য সম্মান ও গুরুত্ব অক্ষুণ্ন রাখতে এবং ভবিষ্যতে যেকোনো আনুষ্ঠানিকতায় এর পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট প্রটোকল কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা সময়ের দাবি। সময় থাকতেই এই প্রশাসনিক বিচ্যুতি সংশোধন করা না হলে, তা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ভিত্তিকে দুর্বল করে তুলবে।

দেবীদ্বারে মাদক সেবন ও বিক্রির সময় ৩জন আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবন ও বিক্রয়কালে ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার ভোরে উপজেলার বড়শাঘর ইউনিয়নের ছোটশালঘর গ্রামের আলী হোসেন ব্যাপারী বাড়ির প্রবাসী কামাল হোসেন খানের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

দেবীদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি কামাল হোসেনের ঘর ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক ক্রেতা পালিয়ে গেলেও ৩ জনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রবিবার বেলা ২টায় কোর্ট হাজতে চালান করেছি।

আটককৃতরা হলেন- ছোটশালঘর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কামাল হোসেন খান (৪৪), একই গ্রামের আবুল কাসেম ভূঁইয়ার ছেলে মো. রনি ভূঁইয়া (২৪) এবং ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শামিম (২৫)।

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান জানান, ‘টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে আদালতে পাঠিয়েছি।’