All posts by jitu

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃত্বে রাফি ও পিয়াস

 

স্টাফ রিপোর্টার:

মিনহাদুল হাসান রাফিকে সভাপতি ও ইসরাফিল পিয়াসকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (১৮ মার্চ) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ২৫ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটিতে  সহ-সভাপতি পদে রয়েছেন শিহাব শুভ,  আবু মুছা খান, মোঃ ইসমাইল হোসেন মোল্লা, এম রুবেল হোসেন , সাইফুল ইসলাম রুবেল, আজিম চৌধুরী, মোঃ ওবায়দুল হক, সাইফুল ইসলাম ফাহিম,  সাদ্দাম হোসেন সালমান, জাহাঙ্গীর আলম হৃদয়,  ফয়সাল আহম্মেদ, মোঃ আব্দুল্লাহ আল ওমর সবুজ, মোঃ সাখাওয়াত হোসাইন, মোঃ জাহিদুল ইসলাম বাবু, তানভীর কবির পাভেল,তাইফুর আলম তুষার ,মেহেদী হাসান, কাজী ইসমাইল হোসেন রাজিব, মোঃ আবু কাউসার দিপু , আমিরুল ইসলাম জীবন,শাওন খান রিয়াদ , আবু ফয়সাল ভূঁইয়া রতন , তাসনিমুল কায়সার ,মোহাম্মদ মাইনুদ্দিন সরকার ,আল আমিন ।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহামুদুল হাসান ভুঁইয়া রাহাত, মোঃ মেহেদী হাসান অনি, আব্দুল খালেক , তানভীর মাহবুব অন্তর, ফারহান সিদ্দিক হাসিব, মনির হোসেন রনি, তৌসিফ হোসেন সাকিব,  সোলায়মান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন  মোঃ মাহামুদুল হাসান ভূঁইয়া, কামরুল হাসান সৈকত, মোঃ টিপু সুলতান, মোঃ শাফায়েত, মোঃ হৃদয় হোসেন,  মোঃ রাফসান জামি রাফি,  নাঈম ভুঁইয়া,  জান্নাতুল রিয়াদ জাফর কাউসার ও মোঃ সোহেল হোসেন।

কুমিল্লার ১০টি উপজেলা নিয়ে গঠিত হয় সাংগঠনিক জেলা। এর মধ্যে রয়েছে  আর্দশ সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, লালমাই, বুড়িচং, ব্রাহ্মণপাড়া।

কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৪ সালে। দীর্ঘ আট বছর পর ২০২২ সালের ১২ মে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সাকিবের বিএনএমে যোগদানের বিষয়টি জানা ছিল না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের নির্বাচনের আগে কিংস পার্টি খ্যাত বিএনএমতে যোগদানের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি বিষয়টি মিডিয়ায় দেখেছি। এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না।

তিনি বলেন, এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করেছে, জয়লাভও করেছে। নমিনেশন পার্টির কাছে যাওয়ার সময় সে দলের প্রাথমিক সদস্য। তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল না। নমিনেশন দেওয়ার সময় প্রাথমিক সদস্য পদ দিতে হয়। এর আগের বিষয়টা জানি না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ। এ অবস্থায় গালিগালাজ করা ছাড়া তাদের করার কিছু নেই। দলটি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে।

রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইফতার পার্টি করে, এটাকে ইফতার পার্টি বলবো নাকি গিবত পার্টি বলবো। আওয়ামী লীগের গিবত করার জন্যই ইফতার পার্টি। স্রষ্টার প্রশংসার জন্য নয়, ইফতার পার্টির নামে ঢালাওভাবে সরকারের সমালোচনা করে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখানে বিএনপি মিথ্যা বললে, জবাব তো দিতেই হবে। তারা মিথ্যা কথা বলা বন্ধ করুক। তাহলে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমরা গায়ে পড়ে কিছু বলতে যাব না।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে ভাঙার অভিযোগ নিয়ে এক বিএনপি নেতার বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আমরা কেন ভাঙতে যাব? আমাদের কি কোনো দুর্বলতা আছে, যে বিএনপি থেকে লোক এনে সে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগের বহু লোক। গত নির্বাচনে দেখেছেন প্রার্থিতা ফরম নিতে কত ভিড়। আওয়ামী লীগে কোনো দুর্ভিক্ষ নেই।

গত জাতীয় নির্বাচনে কিংস পার্টির সৃষ্টি নিয়ে সরকারের ভূমিকা আছে কি না এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের এখানে অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এ সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমরা প্রত্যেককে রাজনৈতিক দল হিসেবে দেখি। নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়।

বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাওয়া নিয়ে বিএনপির এক নেতার বক্তব্যর বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা বন্ধু রাষ্ট্র বলতে ভারতকে বুঝিয়েছে। গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে। নির্বাচনও হয়েছে। বিএনপির বন্ধপ্রতিম দেশের কাছে সাহায্য চাওয়ার অর্থ তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া। নির্বাচন ছাড়া তাদের কেউ ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ। জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়।

এ সময় ২৯টি পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে তিনি জানান, সরকারের বেঁধে দেওয়া কিছু পণ্যের দাম এরই মধ্যে কমেছে। অন্যান্য পণ্যের দামও মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে সরকারের চেষ্টার কোনো কমতি নেই। অপেক্ষা করুন। চেষ্টা করলে ফল পাওয়া যাবে।

বিএনপি নির্বাচন বানচালে করতে পারলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বিএনপি নির্বাচন বানচাল করতে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো। মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করতে চেয়েছিল। আওয়ামী লীগ এদেশের জনগণকে নিয়ে তা ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো।

বিএনপির উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বিদেশি প্রভুদের তোষণ, অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা এবং নির্বাচন বানচালের সংবিধানবিরোধী অপরাজনীতি ছেড়ে শুদ্ধ রাজনীতি চর্চায় ফিরে আসুন। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন, নির্বাচনি প্রক্রিয়ায় রাজনীতি করুন।

দাউদকান্দি ভুমি অফিস যেন এক টুকরো সবজি বাগান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

উপজেলা ভুমি অফিস সামনে পতিত জায়গায় বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ করছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান । পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিষমুক্ত সবজির বাগান করে সর্ব মহলের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা ভুমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রধানমন্ত্রীর এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না এমন নির্দেশনার পর সেই পরিত্যক্ত জায়গায় সহকারি কমিশনার (ভুমি) এর কার্যালয়ের সামনে সবজির বাগান গড়ে তুলেছেন। বড় পরিসরে না হলেও সীমিত পরিসরে গড়ে তোলা এই সবজি বাগানে রয়েছে টমেটো, লালশাক, স্ট্রেবেরী, ডাটা শাক,করলা, মুলা, কালো বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়া, লাউ, লেটুস পাতা, বরবটিসহ প্রায় ২০ প্রজাতির সবজি। পাশাপাশি শোভাবর্ধক বিভিন্ন পাতাবাহার গাছ ও ফুলের চারা রোপনের প্রস্তুতি চলছে। কেউ যাতে বাগানের সবজি নষ্ট করতে না পারে সেজন্য বাগানের চারপাশে জালের বেষ্টনী দেওয়া হয়েছে ।

রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত বলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মহোদয়ের মতো আমাদের সকলের একটু উদ্যোগী হওয়া উচিত। বাসাবাড়ির আশপাশের পরিত্যক্ত জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা প্রয়োজন। এতে আমাদের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করা যাবে পাশাপাশি পরিবেশও ভালো থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, ভূমি অফিস চত্বরে সবজি চাষ এটা খুব ভালো উদ্যোগ। অনাবাদি পতিত জমি, অফিস চত্তর ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের মাধ্যমে সহযোগীতা করা হয়। ভুমি অফিসের এমন উদ্যোগ মানুষকে বাড়ির ঘরের সামনের পতিত জমিতে চাষাবাদে উৎসাহ জোগাবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা মতে অনাবাদি পতিত জায়গাকে চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে সবজি বাগান করার উদ্যোগ নেই। সাবেক ইউএনও মহিনুল হাসান স্যারের আন্তরিকতা ও সহযোগিতায় বাগান তৈরির সুন্দর পরিবেশ করেছি। এখন পরিবেশটা সুন্দর হয়েছে। হাজারো কাজের মধ্যে ব্যস্ত, ক্লান্তিকর দিনে যখনই বাগানের দিকে তাকাই, সব ক্লান্তি দূর হয়ে যায়। মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে আসলেই গাছের বিকল্প নেই।

আর বাগানের পরিচর্যা উপজেলা ভূমি অফিসের নিজস্ব কর্মচারীরাই করে থাকেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান। তিনি বলেন, অত্র অফিসে কর্মরত গাড়ি চালক সুমন বড়ুয়া ও অফিস সহায়ক প্রণব আচার্য্য ও নৈশ প্রহরী আব্দুল আওয়াল তাদের অবসর সময়ে স্বতঃস্ফূর্তভাবে এ বাগানটি পরিচর্যা করে থাকেন ৷ আমাদের সকলের এমন উদ্যোগী হওয়া উচিত।

নগরীতে আবারো ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ মার্চ) রাতে নগরীর ঝাউতলার মেডিকেয়ার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা বেগম (৩৪) নগরীর উত্তর কালিয়াজুড়ি এলাকার মোঃ লিটন মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী লিটন মিয়া জানান, সুলতানাকে ডেলিভারির জন্য বিকালে ডা. সরতাজ বেগমের পরামর্শে মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত ১০ টার দিকে সিজারের জন্য সুলতানাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। তখন, সুলতানা আমাকে জানায় বাচ্চা তার পেটে নড়াচড়া করতেছে। কিন্তু, সিজারের পরে ডাক্তার এসে বলে বাচ্চা মারা গেছে, কিন্তু সুলতানা ভালো আছে, সমস্যা নেই। এই কথা বলার আধা ঘণ্টা পরে ডাক্তার আবার এসে বলে, রোগীর অবস্থা ভালো না, মেডিকেলে নিয়ে যান। পরে, মেডিকেলে নিয়ে গেলে ভোর ৬ টায় আমার স্ত্রী সুলতানাকে আমি চিরতরে হারাই। ডাক্তারের ভুলের কারণেই এমনটা হইছে। আমার বউ-বাচ্চা সবই হারাইলাম, এখন আমি কই যাবো।

মেডিকেয়ার হাসপাতালের পরিচালক সাব্বির আহম্মেদ বলেন, রোগীকে সিজার করানোর পর তার বাচ্চা মৃত হয়। পরে, রোগীর একটি বিরল রোগ ধরা পড়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে রোগী মারা গিয়েছে।

এই বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, এই বিষয়ে অভিযোগ পেলে আমরা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিবো।

এই বিষয়ে অভিযুক্ত ডা. সরতাজ বেগমের কাছে জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

কুবিতে ‘বিধি-বহির্ভূত’ ডিন নিয়োগের প্রতিবাদে সিন্ডিকেট সদস্যের পদত্যাগ

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমকালীন উদ্ভূত পরিস্থিতি নিয়ে ডাকা ৯১ তম জরুরি সভায় অ্যাজেন্ডা পরিবর্তন করে বিধি-বহির্ভূত ও বেআইনিভাবে ডিন নিয়োগসহ সিন্ডিকেট সভায় মতামত প্রদানের সুযোগ সীমিত করার প্রতিবাদ জানিয়ে সিন্ডিকেট সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

মঙ্গলবার (১৯ মার্চ) রেজিস্ট্রার দপ্তরে প্রেরিত ও অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে বিষয়টি জানা যায়।

পদত্যাগপত্রে তিনি বলেন, আমি ২০২১ সালের ২৪ শে ফেব্রুয়ারি থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে কর্মরত আছি। গত ১৪মার্চ অনুষ্ঠিত ৯১ তম সিন্ডিকেট সভায় অ্যাজেন্ডা বহির্ভূত ও বেআইনিভাবে ডিন নিয়োগ দেয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্যের আপত্তি সত্ত্বেও বিশেষ ব্যক্তিকে সুবিধা প্রদানের জন্য পরিকল্পিতভাবে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। যা শুধু দুঃখজনকই, নয় বিধি-বহির্ভূতও বটে।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত অনিয়ম ও সমস্যা সমাধানের জন্য গত ২৫, ২৮ ফেব্রুয়ারি, ৫ মার্চ ও ১৩ মার্চ লিখিতভাবে অনুরোধ করেন । কিন্তু প্রকৃতপক্ষে সমস্যা সমাধানের দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি যার ফলে শিক্ষকগণ নানা রকম বিড়ম্বনার শিকার হচ্ছেন, সাধারণ শিক্ষক হিসেবে আমি নিজেও বিড়ম্বনার শিকার।

এদিকে সিন্ডিকেট সভায় মতামত প্রদানের সুযোগ নেই দাবি করে তিনি বলেন, এ ছাড়া দীর্ঘদিন যাবৎ আরো একটা বিষয় পর্যবেক্ষণ করছি, সিন্ডিকেট সভায় মতামত প্রদানের সুযোগ খুবই সীমিত অধিকাংশ ক্ষেত্রে মতামত প্রদানের কোন সুযোগ নেই, এখানে সদস্য হিসেবে থাকা বা না-থাকা একই অর্থ বহন করে। মূলত আমাদেরকে সভার কোরাম পূর্ণ করার জন্য রাখা হয়েছে। সচেতন নাগরিক হিসেবে যেটা অস্বস্তিকর। যার প্রতিবাদ স্বরূপ আমি পদত্যাগ করলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, আমরা একটা পদত্যাগপত্র পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর হলের প্রাধ্যক্ষ, গণমাধ্যম উপদেষ্টা, সহকারী প্রক্টর, আবাসিক হলের হাউস টিউটরসহ অনেকে উপাচার্যের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পদত্যাগ করেন।

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজুর রহমান

ডেস্ক রিপোর্ট:

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে টেস্ট সিরিজের দলে নেই তিনি। কাটার মাস্টারের সামনের দিনগুলোর ব্যস্ততা আইপিএল নিয়ে।

এবার নতুন দল চেন্নাই সুপার কিংসে খেলবেন মোস্তাফিজ। চেন্নাই শিবিরে যোগ দিতে আজ (মঙ্গলবার) সকালে ঢাকা ছেড়েছেন বাঁহাতি এই পেসার। মোস্তাফিজ নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভারতের পথে রওয়ানা দেওয়ার খবরটি জানিয়েছেন।

ভারত-যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, ‘রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি।’

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কিনা, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।

আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে ২২ মার্চ থেকে। প্রথম দিনই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচ, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এখন থেকে কথা কম, কাজ বেশি হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্যখাতে এখন থেকে কথা কম, কাজ বেশি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, কথা কম কাজ বেশি করতে চাই। তাহলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার ইচ্ছা পূরণ হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের উদাহরণ দেখিয়ে মন্ত্রী বলেন, আজ সকাল ১০টায় প্রোগ্রাম শুরু করে ১১টার মধ্যেই শেষ করতে চেয়েছি। আমি চাই এখানে যারা বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সেবায় জড়িত মানুষরা আছেন, তারা এখান থেকে গিয়ে দ্রুত কাজে ফিরে যান। তাই সময়ের মধ্যেই শেষ করবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির পিতা না থাকলে আজ আমি থাকতাম না। আজ মন্ত্রী হতে পেরেছি, আপনারা যারা আমার সামনে এসেছেন তারা আসতে পারতেন না।

স্মৃতিচারণ করে তিনি বলেন, মার্চ মাসে আমরা থাকতাম ইস্কাটনে। তখন হাতিরপুলে গেলে বঙ্গবন্ধু লুঙ্গি পরে নিচে আসতেন, আমাদের সঙ্গে কথা বলতেন। আমরা যারা কাছ থেকে দেখেছি, তারা জানি তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা ছিল।

‘তিনি সবচেয়ে বেশি যেটি চিন্তা করতেন সেটি হলো, সাধারণ মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে কয়েকবারই গিয়েছিলেন। তখন ডাক্তার-নার্সদের উদ্দেশে বলতেন, তোমরা হচ্ছো ডাক্তার, নার্স। তোমরা যদি সময় মতো আসো, সময় মতো সেবা দান করো তাহলে আমি সন্তুষ্ট। তাহলে আমি বুঝবো আমার সারাজীবনের কষ্ট আর দেশ স্বাধীন করা সার্থক।

এ সময় আগত চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, আজ তাই আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করি। স্বাস্থ্যসেবাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাই, যাতে সারাবিশ্বের মানুষ তালি মারে। তারা যাতে বলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে। আমি এবং প্রতিমন্ত্রীর একটাই চাওয়া, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আর এটার সবচেয়ে বড় কারিগর আপনারা।’

মন্ত্রী জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ হলেই আমাদের স্বাস্থ্যখাতের সব কনফারেন্স হবে। এখানে না হলে কোনো ফাইভ স্টার হোটেলে আমরা যাবো না। এ প্রতিষ্ঠানকে আমরা জনগণের কাছে নিয়ে যাই। এখানেই আমাদের আগামী পাঁচ বছরের যত অনুষ্ঠান আছে, সবই করবো।

ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় শীর্ষ এক ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাভুহ। তিনি গাজার পুলিশ অপারেশনের প্রধান ছিলেন।

মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে একজন সিনিয়র ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, গাজার পুলিশ অপারেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাভুহ গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আল-মাভুহ ফিলিস্তিনি উপজাতি এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর সাথে উত্তর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

এতে আরও বলা হয়েছে, ‘ইসরায়েল যে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চাইছে এবং উত্তর গাজার লক্ষাধিক ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর কাজে বাধা দিতে চাইছে, এই অপরাধ সেটিই সবার সামনে তুলে ধরেছে।’

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের পক্ষ থেকে দাবি করেছে, তারা হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধানকে হত্যা করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা আল-শিফা হাসপাতালে হামাস নেতাদের উপস্থিতি সম্পর্কে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা, শিন বেইত এবং সামরিক গোয়েন্দাদের কাছ থেকে গোয়েন্দা তথ্য পেয়েছিল।