All posts by jitu

কুমিল্লার লালমাইয়ে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলার সাধুর কলমিয়ায় এক মাদরাসা ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের নানা বাদি হয়ে মাদরাসার শিক্ষক মো. ইব্রাহিমকে (২২) আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে গতকাল বুধবার বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিম লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের সাধুর কলমিয়া গ্রামস্থ তাহফিজুল কুরআনিল কারিম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক ও ফেনী জেলার ফুলগাজী উপজেলার নুরপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদের বিশ্রামের সময় মাদরাসার শিক্ষক মো. ইব্রাহিম তাঁর শয়নকক্ষে ওই শিশুকে ডেকে নিয়ে বলাৎকার করেন। তিনি এ ঘটনা কাউকে না বলার জন্য ওই শিশুকে হুমকি ও ভয়ভীতি দেখান। গত মঙ্গলবার বিকেলে শিশুটি মাদরাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে আত্মীয়স্বজনদের বলাৎকারের বিষয়ে অবগত করে। পরিবারের পক্ষ থেকে মাদরাসার প্রধান ক্বারী সাইফুল ইসলামকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

বিষয়টি জানাজানি হওয়ায় ওইদিন রাতে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুটির নানা মীর হোসেন বাদি হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩-এর ৯ (১) ধারায় লালমাই থানায় মামলা রুজু করেন। বাবার মৃত্যুর পর মা দ্বিতীয় বিবাহ করায় শিশুটিকে তার নানা লালন-পালন করছেন।

বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লেয়াকত হোসেন ভুঁইয়া বলেন, মাদরাসার নাজেরানা বিভাগের একজন এতিম শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে স্থানীয়রা একজন শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আমি অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মাদরাসা ছাত্রকে বলাৎকারের মামলায় একজন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

মিয়ানমারের সীমান্তরক্ষীদের আকাশপথে নিজ দেশে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যদের আকাশপথে নিজ দেশে ফেরত নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন এ কথা জানান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, মিয়ানমার থেকে নতুন করে একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এরপরও এখনো বিজিপি ও সেনাসহ দেশটির বেসামরিক লোকরা কেন বাংলাদেশে ঢুকছে? মিয়ানমার নিজ দেশের বিজিপি ও সেনাসদস্যদের নৌরুটে ফেরত নিতে চাইলেও বাংলাদেশ কেন উড়োজাহাজে পাঠাতে চাচ্ছে?

এসব প্রশ্নে সেহেলি সাবরিন বলেন, মিয়ানমার সরকারের নিয়মিত বাহিনী বিজিপি সদস্যদের আশ্রয়দান এবং রোহিঙ্গাদের আশ্রয়দানকে এক করে দেখা ঠিক হবে না। আশ্রিত বিজিপি সদস্যদের নিরাপদে দ্রুত প্রত্যাবাসন প্রধান বিবেচ্য বিষয়। আকাশপথ বা নৌরুটের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, কিংবা পূর্বশর্তও নয়। তাদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনায় নিয়েই বাংলাদেশ আকাশপথে পাঠানোর প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, কিছুদিন আগে ভারত থেকে আকাশপথেই সেনা ফিরিয়ে নিয়েছিল মিয়ানমার। সে কারণেই বাংলাদেশ তাদের ফ্লাইটে ফেরত নেওয়ার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ দ্রুততম সময়ে তাদের প্রত্যাবাসন চায়। এখানে সময় ক্ষেপণের সুযোগ নেই। আশা করা যায়, তাদের দ্রুতই ফেরত পাঠানো হবে, আর সেটা নৌ কিংবা আকাশ যে কোনো রুটে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে আশ্রিতদের নিরাপদে ফেরত পাঠানো।

সেহেলি সাবরিন আরও বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক কিংবা রাজনৈতিক কোনো কারণ থাকার প্রশ্ন অবান্তর। সম্প্রতি ভারতেও মিয়ানমারের বিজিপি সদস্যরা আশ্রয় নিয়েছিল। ভারত থেকে তারা নিজ দেশে ফিরে গেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, একটি নিয়মিত বাহিনীর বিপদগ্রস্ত সদস্য হিসেবে তারা বাংলাদেশে সাময়িক আশ্রয় নিয়েছেন। প্রথমদিন থেকেই মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সতর্ক। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে নিউইয়র্কের স্থায়ী মিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার এই মহাপরিচালক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। মিয়ানমারের সংকট উত্তরণে আঞ্চলিক ও বৈশ্বিক যে কোনো উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিবার্যভাবে থাকা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ।

জাতীয় সংসদ গণমাধ্যমবান্ধব : স্পিকার ড. শিরীন শারমিন

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা বিশ্ব অবাধ তথ্য প্রবাহের সময় অতিক্রম করছে। বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই। প্রতি মুহূর্তের সংবাদ পরিবেশন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রশিক্ষণের জন্য মিডিয়া সেন্টার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক স্টেশন।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংস্কারোত্তর মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সাইমুম সারওয়ার কমল, হুইপ নজরুল ইসলাম বাবু ও হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাসিম খান। এছাড়া বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদ, সহ সভাপতি মশিউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পার্লামেন্ট বিটের সাংবাদিকরা বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিবিড়ভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করে সংসদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবিধানের মূলনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে গণমাধ্যম জনমত গঠনে একটি কার্যকরী মাধ্যম।

তিনি বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতার জন্য মিডিয়া সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের চিফ হুইপ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্পিকার আরও বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের প্রতীক। জনগণ সব ক্ষমতার মালিক ও জনগণের পরম অভিব্যক্তিরূপে সাংবিধানিক দায়বদ্ধতা জাতীয় সংসদ প্রতিপালন করে থাকে।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র সমুন্নত ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে মিডিয়ার বহুমাত্রিক ভূমিকা রয়েছে।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদ পরিচালনায় আমাদের সংবিধান ও কার্যপ্রণালী বিধি দিয়ে গিয়েছেন। এদের যথাযথ প্রয়োগের মাধ্যমে সংসদকে প্রাতিষ্ঠানিক রূপদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, সংসদীয় কমিটি বৈঠকের নির্ভূল সংবাদ প্রচারের স্বার্থে, মিটিং শেষ হওয়ার পর কমিটির সদস্যরা যেন মিডিয়া সেন্টারে এসে প্রেস ব্রিফিং করেন, সেটি নিশ্চিত করতে মিডিয়াকর্মীদেরও এগিয়ে আসতে হবে।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় সংসদে শৃঙ্খলা ফিরে এসেছে এবং বিরোধী দলের গঠনমূলক আলোচনার ক্ষেত্র সৃষ্টি হয়েছে।

এ অনুষ্ঠানে সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন অনুবিভাগ ও অধিশাখার প্রধান, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা টাউনহল মাঠে ৮দিন ব্যাপী বিসিক একুশে শিল্পমেলার উদ্বোধন

শাহ ইমরান:

কুমিল্লা টাউনহল মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) এর উদ্যোগে এবং জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ৮ দিন ব্যাপী বিসিক একুশে শিল্পমেলা ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।

কুমিল্লা বিসিকের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রসাধনসামগ্রী, খেলনা, খাবার দোকান ও জামা-কাপড়সহ বিভিন্ন পণ্যের ৬০ টি স্টল বসেছে।

বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।

এতে বিশেষ অতিথর বক্তব্য রাখেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিসিক উপমহাব্যবস্থাপক জি.এম রব্বানী তালুকদার।

উদ্যোক্তরা জানান, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলার আয়োজন করা হওয়াতে আমরা উপকৃত। এ মেলার মাধ্যমে আমাদের কর্মসংস্থান হবে। ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাওয়ার জন্য আমাদের অঙ্গিকার। এতে সকলের দারিদ্র্য বিমোচন হবে।

পাকিস্তানে ভোটের দিনের পুলিশের গাড়িতে বোমা হামলা, ৪ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে চলছে ভোটগ্রহণ। দিনের শুরু থেকেই দেশজুড়ে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা স্থগিত থাকার খবর পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার দেশটিতে জঙ্গি হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মোবাইল পরিষেবা সাময়িক বন্ধ রাখার পাশপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু স্থল সীমান্ত বন্ধ রেখেছে পাকিস্তান।

এর আগে, বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নির্বাচনী প্রার্থীদের অফিসের কাছে দুটি বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘটনার পর তারা পরিষেবা বন্ধ রাখার পদক্ষেপ নিয়েছে। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে মন্ত্রণালয় বলেছে, ‘দেশে সাম্প্রতিক সন্ত্রাসবাদের ঘটনার ফলে মূল্যবান জীবন হারিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য।’

সারা দেশে রাস্তায় ও ভোট কেন্দ্রে হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

স্থানীয় পুলিশ প্রধান রউফ কায়সরানি জানিয়েছেন, উত্তর-পশ্চিমে ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় একটি পুলিশ টহলকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে ট্যাঙ্কে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বন্দুকধারীরা গুলি চালালে একজন নিহত হয়।

বেলুচিস্তানের বিভিন্ন অংশে গ্রেনেড হামলারও খবর পাওয়া গেছে, কিন্তু কোনো হতাহতের ঘটনা না হওয়ায় ভোটগ্রহণ প্রভাবিত হয়নি। মাকরান বিভাগের কমিশনার সাইদ আহমেদ উমরানি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

কাদেরের বক্তব্য যাত্রাপালার সস্তা বিনোদনে ভরপুর: রিজভী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ওবায়দুল কাদের তার বাচালতাপূর্ণ এবং চটুল কথার দ্বারা নিজেদের অপকর্ম ও দখলদারিত্বের পাপ আড়াল করার চেষ্টা করতে গিয়ে আওয়ামী কলঙ্ক আরও তীব্র হয়ে ওঠে। কারণ রাজনীতি নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য যাত্রাপালার সংলাপের ঢংয়ে সস্তা বিনোদনে ভরপুর। এই ভদ্রলোককে দেখলাম, বর্তমান বিনাভোটের সরকার প্রধানের কাছে লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের একটি চিঠি নিয়ে প্রায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। কাদের সাহেব বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, ‘এখন আপনাদের সাহসের উৎস কোথায়? কে সাহায্য করবে?’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদেরকে একহাত নিয়ে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনার এই উল্লাসেই প্রমাণিত হয়-আওয়ামী সরকারের গণভিত্তি ধ্বসে গিয়ে এর নেতারা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন। বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের জনগণ। গত অক্টোবর ওবায়দুল কাদেরের একটি বক্তব্য নিশ্চয়ই সবার মনে আছে, ‘আপস হয়ে গেছে। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরাও আছি’। এই কথার অর্থ দেশের জনগণ নয় পরগাছা আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে দিল্লির করুণার উপর। আওয়ামী লীগের চিরাগত ঐতিহ্যই হচ্ছে নিজ দেশের সার্বভৌমত্বকে দুর্বল করা।

তিনি বলেন, বিএসএফের গুলিতে বিজিবি মারা গেলেও আওয়ামী লীগের প্রতিবাদ করার সাহস নেই।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা উপস্থিত ছিলেন।

৮ বছরের সম্পর্ক শেষ হলে ১১০ কোটি ক্ষতি হবে কোহলির

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট ইতিহাসের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক ও তার স্ত্রী বলিউড সুপারস্টার আনুশকা শর্মা দ্বিতীয়বার বাবা-মা হতে যাচ্ছেন।

অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্যই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটিতে রয়েছেন বিরাট কোহলি।

২০১৭ সালে পুমার সঙ্গে ১১০ কোটি টাকার একটি চুক্তি করেন কোহলি; যা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সর্বাধিক আলোচিত বিজ্ঞাপনী চুক্তি ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন রটেছে পুমার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে কোহলির। প্রতিবেদনে বলা হয়- কোহলি খেলায় ব্যবহৃত জুতো তৈরির ব্র্যান্ডের মুখপাত্র হতে পারেন।

পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘পুমার সঙ্গে কোহলির সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং চলমান।’

কুবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির একাদশ কার্যনির্বাহী পরিষদ- ২০২৪ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.মোহাম্মদ রেজাউল করিম, নির্বাচন কমিশনার ড. মো. আব্দুল্লাহ মাহবুব ও মো: আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, কুবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

তফসিল অনুযায়ী, শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৭নং ধারা অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন নির্বাচিত হবে।

আর কোষাধ্যক্ষ পদে একজন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৭ জন নির্বাচিতদের নিয়ে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার হবে। ১২ ফেব্রুয়ারি শুরু হবে মনোনয়নপত্র বিক্রয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ১৮ ফেব্রুয়ারি এজেন্টদের নাম প্রদান করা হবে।

এতে আরও জানানো হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, একাদশ কার্যনির্বাহী পরিষদ- ২০২৪ এর মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

আজ সাংবাদিক নওশাদ কবীরের ২০তম মৃত্যুবার্ষিকী

কুমিল্লা প্রতিনিধি:

আজ ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দৈনিক যুগান্তরের সাবেক কুমিল্লা জেলা প্রতিনিধি, শিশু সংগঠক,শিল্পী প্রয়াত নওশাদ কবীরের ২১তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে নিজ গ্রাম কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়া গ্রামে কবর জিয়ারত, ময়নামতি আবিদিয়া,হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদসহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারী সংবাদ সংগ্রহে কুমিল্লার দাউদকান্দি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে বিপরীত মুখী যাত্রীবাহী একটি বাসের চাপায় তিনি সাথে থাকা যুগান্তর স্বজন সমাবেশ সদস্য মোঃ ফারুকসহ মর্মান্তিকভাবে প্রান হারান। নিহতের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থী।

মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ আরেক আসামি গ্রেপ্তার, প্রধান আসামির রিমান্ড শুনানী আজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার আরেক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো.হারুন (৪২) চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জেলা পুলিশের একটি টিম ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে । হারুন এ মামলার এজাহারভুক্ত ২ নং আসামি। ঘটনার পর সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এমনকি যশোর সীমান্ত দিয়ে একবার ভারতে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার পর থেকে পুলিশ তার গতিবিধি নজরে রাখে। এনিয়ে এ মামলার তিন আসামি সবাইকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে, এ মামলার প্রধান আসামি চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি সদস্য আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বারকে গতকাল (বুধবার) আদালতে উপস্থাপন করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ বিষয়ে আজ শুনানী শেষে আদেশের দেওয়ার হবে। মামলার অপর আসমি মেহরাজ উদ্দিন (৪৮) অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

এ সময় আসামি মেহরাজ জানিয়েছেন, এ মামলার অপর দুই আসামি আবুল খায়ের মুন্সী ও মো: হারুনের প্রস্তাবে রাজি হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে সে ভুক্তভোগী ওই নারীর স্বামীর অনুপস্থিতে চুরি করার উদ্দেশ্যে তার বসতঘরে সিঁদ কেটে প্রবেশ করে। এরপর সে ঘরের দরজা খুলে দিলে মুন্সি মেম্বার ও হারুন ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে মুন্সি মেম্বার ও হারুন দুজন মিলে পালাক্রমে ওই নারীকে গণধর্ষণ করে। এ সময় মেহরাজ পাশের কক্ষে থাকা ওই নারীর ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে। পরে স্বর্নালংকার ও টাকা নিয়ে তিনজন ঘর থেকে বেরিয়ে যায়।

উল্লেখ্য, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চরওয়াপদা ইউনিয়নে চরকাজী মোখলেছ গ্রামের একটি নতুন বাড়িতে সিঁদ কেটে এক গৃহবধূ ও তার শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় ঘর থেকে দুটি নাকফুল, কানের দুল এবং নগদ ১৭ হাজার ২২৫ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আবুল খায়ের মুন্সী ও মো.হারুনের নাম উল্লেখসহ অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে সিঁদ কেটে ঘরে প্রবেশ, পরস্পর সহযোগীতায় গণধর্ষণ, ধর্ষণ, ভয়ভীতি প্রদর্শণের অপরাধে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

মামলার পর মঙ্গলবার দুপুরে জেলা শহর থেকে আবুল খায়ের মন্সীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকল মঙ্গলবার রাতে চরক্লার্ক ইউনিয়ন থেকে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। মেহেরাজ একই এলাকার নুরুল আমিনের ছেলে।