All posts by jitu

দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে সীমান্তে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে গুরুতর আহত রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতে উন্নত চিকিৎসা শেষে রাজ্জাককে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘুমধুম সীমান্ত এলাকার পরিস্থিতি ভয়াবহ। স্থানীয় লোকজন আতঙ্কে আছে, সীমান্ত এলাকায় পুলিশ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, এখন পর্যন্ত আহত হয়ে যারা আমাদের দেশে এসেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার করছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন সবাই মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য।

সীমান্ত এলাকায় মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছে, এখন তারা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? জানতে চাইলে আইজিপি বলেন, কে মর্টার শেল নিক্ষেপ করেছে তা এখনো সুনিশ্চিত না। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাত। তদন্তে যাদের নাম আসবে পরবর্তী সময়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের প্রতি কী নির্দেশনা আছে জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। জেলা পুলিশসহ এপিবিএন সতর্ক আছে। সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনে যে সহযোগিতা চাচ্ছে আমরা সে সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা মিলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বর্তমান সীমান্ত পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এসব এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধিসহ পেট্রোল বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সব সংশ্লিষ্ট সংস্থা দায়িত্ব পালন করছে।

এসময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার নয় শুধু, কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না।

মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত না। তাদের ইন্টারনাল কনফ্লিক্ট এসে সীমান্তে গড়াচ্ছে। ছিটকে এসে পড়ছে আমাদের সীমান্তে। একজন নারী ও পুরুষ মারা গেছে। এসব ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মিয়ানমারের সংঘাতের সঙ্গে সেন্টমার্টিন বা বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক কোনো সম্পর্ক আছে, সেটা আমি মনে করছি না। এই সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের ৫৪টির মতো এথনিক কমিউনিটি আছে। এই এথনিক কমিউনিটিগুলো ইতোমধ্যে বিভিন্ন জায়গা দখলে নিয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ সংঘাত। আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আগামী শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আমাদের দলের প্রার্থী বাছাই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। এখন মনোনয়ন ফরম সংগ্রহ চলছে। সময় তিনদিন। কেউ চাইলে ফরমটি পূরণ করে সঙ্গে সঙ্গে জমা দিতে পারবেন। আমরা আশা করছি নির্বাচন কমিশন এর ভেতরেই দিন ঘোষণা করবে। তারপর আমরা আমাদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থিতা চূড়ান্ত করব।

উপজেলা নির্বাচনে নৌকার প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। পৌরসভা নির্বাচনও আছে। এসব নির্বাচনে প্রতীক থাকছে কি থাকছে না এই ব্যাপারে আমাদের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদের বর্ধিত সভায় যারা থাকবে তাদের মতামতও গ্রহণ করা হবে। এটা মৌলিক একটি সিদ্ধান্ত। তাই এই ব্যাপারে সবার মতামত নিয়ে আমাদের নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়িকা নিপুণ

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণ।

মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

জানা গেছে, নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ১ ঘণ্টায় ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

বেলা সোয়া ১১টার দিকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

নির্বাচন বিধি অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র সদস্যরা বিজয়ী হওয়ায় সংরক্ষিত মহিলা আসনগুলো নিয়েও তুমুল আলোচনা চলছে।

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি ভোটে ছয় সদস্যর কারিগরি টিম গঠন ইসির

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ উপলক্ষ্যে ছয় সদস্যর কারিগরি টিম গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)।

ময়মনসিংহ সিটি নির্বাচনে তিন সদস্যর কারিগরি টিম গঠন করা হয়েছে। এই টিমে রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, একই বিভাগের প্রোগ্রামার সিফাত জাহান ও সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আসাদুজ্জামান।

সেই সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে নির্বাচনেও ইসির তিন সদস্যর টিম গঠন করা হয়েছে। এই টিমে রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান। একই বিভাগের প্রোগ্রামার সেলিম উল আলম ও প্রোগ্রামার মোহাম্মদ সোহাগ।

এই কমিটির কার্যপরিধি ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, এই কমিটি নির্বাচনে ব্যবহৃত ইভিএম মেশিনের এসডি কার্ড, পোলিং কার্ড এবং অডিট কার্ড কাস্টমাইজেশনের জন্য প্রয়োজনীয় সফ্টওয়ার, কন্ট্রোল ইউনিটে ভোটারের ডাটাবেজের সঠিকতা যাচাই ও পরীক্ষা-নিরীক্ষা করা। দৈবচয়নের ভিত্তিতে কমপক্ষে ১৭৬ ইভিএম এর কার্যকারিতা পরীক্ষা করা। পরীক্ষা-নিরীক্ষার পর ফরম-১ অনুসারে ইভিএম-এর কার্যকারিতা লিখিতভাবে প্রত্যয়ন করা।

কারিগরি টিম গঠন নিয়ে ইসি জানায়, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে নির্বাচন (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ব্যবহৃত ইভিএমগুলোর কারিগরি দিক পরীক্ষার জন্য সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা, ২০১৯ এর বিধি-৬ অনুযায়ী নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে ‘কারিগরি কমিটি’ গঠন করা হলো।

নির্বাচনের কমিশনের তফসিল অনুযায়ী, এই দুই সিটিসহ ২৩০টি স্থানীয় সরকারের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি। যাচাই বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল করা যাবে ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল শুনানি নিষ্পত্তি হবে ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারি। ১৪ দিন প্রচারণা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

মিয়ানমারের ২২৯ সীমান্তরক্ষী প্রবেশ করেছে বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট:

মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ১১৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে নতুন করে আরও ১১৪ জন প্রবেশ করেছ বাংলাদেশে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির মোট ২২৯ জন সদস্য।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছে।

এদিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বান্দরবানের এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এ ছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের পরিচয় জানা যায়নি।

রোববার (৪ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় বেশ কয়েকটি মর্টারশেল এসে পড়ে। এতে ওই এলাকার যুধিষ্ঠির ধরের ছেলে প্রবীর ধর আহত হন।

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্যধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সেই আলোচনার জন্য এবং তাদের (বিজিপি সদস্যদের) ফেরত পাঠানো বা ফেরত পাঠানো না গেলে অন্য কী ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে কথা বলছি। গতকাল (রোববার) যেটা হয়েছিল, মর্টারশেলে আমাদের একজন মারা গেছে। ওদেরও একজন মারা গেছে। চলমান এ পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে উত্তেজনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী আমাদের সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি বাহিনীর (বিজিবি) সদস্যদের ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বর্ডারের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানায়, সামরিক বাহিনীর আরও বেশ কয়েকটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। এ ছাড়া গত তিন দিনে বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছে দেশটির অন্তত ৬২ জন সেনা। মিয়ানমারজুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা।

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে।

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডে‌কে কড়া প্রতিবাদ জানানো হয়।

মিয়ানমারের রাষ্ট্রদূত সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কড়া প্রতিবাদ জানান। দুজনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কার‌ণে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হ‌য়ে‌ছে।

মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সংঘাতের জে‌রে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে বিজিপির সদস্যসহ মোট ২২৯ জন।

বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠ্যপুস্তকে ভুল থাকলে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোনো ভুল-ত্রুটি থাকলে তা সংশোধনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বিকেলে সচিবালয়ে সভার বিষয়ে করা ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘যে শিক্ষাক্রমটা নেওয়া হয়েছে তা কিন্তু প্রচলিত নয়, তার থেকে ভিন্ন একটা এবং এই বাস্তবটা আমাদের মানতে হবে। আমি, আপনি, সবাই বা এখন যারা এক্সপার্ট হিসেবে আমাদের এখানে পরিচিত আছেন পাঠ্যক্রমের, প্রত্যেকে কিন্তু আমরা শিক্ষা পেয়েছি কিন্তু এই পাঠ্যক্রমে (পুরোনো পাঠ্যক্রম)। নতুন যে পাঠ্যক্রম রচনা করা হবে, এই বাস্তবটা মেনে নিতে হবে।’

তিনি বলেন, ‘নতুন পাঠ্যক্রমের ব্যাপারে সেই রকম প্রশিক্ষিত লোক আমাদের যে খুব বেশি আছে তা কিন্তু নয়। অগুণতি আছে, তা কিন্তু নয়। তাদের দিয়ে কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে… উনি (প্রধানমন্ত্রী) বলেছেন যদি কোনো ভুল-ভ্রান্তি, যদি কোনো তথ্যগত বিষয় নিয়ে আলোচনা হয় দ্রুত যেন ওটার ওপর ব্যবস্থা নেওয়া হয়।’

সচিব সভার বিষয়ে বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

মাহবুব হোসেন আরও বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) বলেছেন কোনো বিলম্ব না হয়, যদি কারও নজরে কোনো কিছু আসে। কারণ এটা এখন যেহেতু নতুন একটা কারিকুলাম হচ্ছে- যারা করছেন তাদের মধ্য থেকে যদি কোনো রকম ভুল-ত্রুটি বা গ্যাপ তৈরি হয়, কোনো আলোচনা তৈরি হয় ওটা যেন যথাযথভাবে এই ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া সেটা উনি বলেছেন। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন।’

কুবির নজরুল হলের নতুন প্রভোস্ট মোহাম্মদ নাসির হুসেইন

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, কু.বি.-এর মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর পরিবর্তে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন-কে উক্ত হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হলো।

উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সাবেক এমপি আবুল হাসেম খানের করব জিয়ারত

কুমিল্লা প্রতিনিধি:

সোমবার বিকালে (বাদ আছর) কুমিল্লা ৫ আসনের( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) মরহুম সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আবুল হাসেম খানের আত্মার মাগফেরাত কামনা তাঁর কবর জিয়ারত করেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলা যুবলীগ নেতা ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন এর নেতৃত্বে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘিলাতলা( উত্তর গ্রাম) ফকিরমুড়া কবরস্থানে সাবেক এমপি মরহুম এড আবুল হাসেম খান এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় স্হানীয় ফকিরমুড়া পাঞ্জেগানা মসজিদে ইমাম দোয়া পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মরহুম আবুল হাসেম খান এর ছোটো ভাই এড. মোঃ আবদুল মজিদ।এসময় দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, মোঃ হুমায়ুন কবির,শামীমুল ইসলাম, মোঃ রাসেল মুহরী,মোঃ মোজাম্মেল হক,ষোলনল ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান ইমন, পীরযাত্রাপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জামসেদ আলম,রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন, ছাত্র লীগ নেতা আশরাফুল ইসলাম, নাজমুল, শাকিল, রোমান আবু সায়িদ লিমন প্রমুখ। এসময় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কবর জিয়ারত এ উপস্থিত ছিলেন।

পূর্বে উপজেলা যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী গণ মরহুম সাবেক এমপি এডভোকেট আবুল হাসেম খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সূচি ও ভেন্যু প্রকাশ

স্পোর্টস ডেস্ক:

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে ফিফা। স্থানীয় সময় গতকাল রোববার ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসরের ম্যাচের ভেন্যু এবং তারিখ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

তিন দেশের যৌথ আয়োজনে আগামী আসরে অংশগ্রহণকারী দল ও ম্যাচের সংখ্যা বাড়বে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে এই আসরে অংশ নেবে নেবে মোট ৪৮টি দল। খেলা হবে ১০৪ ম্যাচ।

এর আগে বিশ্বকাপে সাধারণত ৩২ দল অংশগ্রহণ করতো। ম্যাচ হতো ৬৪ টি। সে হিসেবে আগামী বিশ্বকাপ আসরের পরিধি হবে অনেক বড়।

২০২৬ সালের ১১ জুন হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। খেলাটির ভেন্যু হলো মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। আর ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে আসরটি শেষ হবে। ফাইনাল ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

২০২৬ সালের বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের মধ্যে কানাডায় আয়োজন করা হবে ১১টি ম্যাচ। এর মধ্যে টরেন্টো ও ভ্যাঙ্কুভারে ১০টি ম্যাচই হবে গ্রুপপর্বের।

মেক্সিকোতেও হবে মোট ১৩টি ম্যাচ। দেশটির রাজধানীর দুটি ভেন্যু গুয়াদালাজা ও মনটেরিতে হবে ম্যাচগুলো। এর মধ্যে ১০টি ম্যাচ হবে গ্রুপপর্বের। আসরের বাকি ম্যাচগুলোর সবই হবে যুক্তরাষ্ট্রের মোট ১১টি শহরে।

গতকাল ফিফার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

অনুষ্ঠানে ফিফা সভাপতি বলেন, ‘সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং প্রভাবশালী ফিফা বিশ্বকাপ এখন আর স্বপ্ন নয় বরং একটি বাস্তবতা। যা কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ১৬টি অত্যাধুনিক স্টেডিয়ামে ১০৪টি ম্যাচের আকারে রূপ নেবে।’

‘আইকনিক এস্তাদিও আজতেকাতে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে নিউইয়র্কের নিউজার্সিতে দর্শনীয় ফাইনাল পর্যন্ত খেলোয়াড় এবং ভক্তরা এই পরিবর্ধিত টুর্নামেন্টের জন্য আমাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আছেন। যেটি কেবল নতুন রেকর্ডই তৈরি করবে না, একটি অদম্য উত্তরাধিকারও রেখে যাবে।’-যোগ করেন ফিফা সভাপতি।

টুর্নামেন্টের ১৬টি আয়োজক শহরের তালিকা:

আটলান্টা, বোস্টন, ডালাস, গুয়াদালাজারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মিয়ামি, মন্টেরে, নিউ ইয়র্ক-নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরেন্টো এবং ভ্যাঙ্কুভার।