All posts by jitu

পিএসএলের ম্যাচ রেখে ভারতে বিয়ের অনুষ্ঠানে কাইরন পোলার্ড

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেটাঙ্গনে সাম্প্রতিক সময়ে একটি কৌতুকের প্রচলন দেখা যায়। আর সেটি চলছে সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ডকে নিয়ে। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা এই ক্যারিবীয় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অলরাউন্ডারের ভূমিকায় খেলছেন। নতুন করে আবারও আলোচনায় পোলার্ড, পিএসএলের ম্যাচ রেখে তিনি ভারতে উড়াল দিয়েছেন।

দেশটির প্রথম সারির ধনকুবের ও রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক–বিয়ের উদযাপন চলছে। ওই অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে গুজরাটের জামনগরে পা রেখেছেন পোলার্ড। মুম্বাই ফ্র্যাঞ্চাইজি আম্বানি পরিবারের মালিকানাধীন, এই ক্যারিবীয় আবার সেই দলটির একজন কোচ। তাই তো খেলার চেয়ে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানকেই প্রাধান্য দিলেন সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার।

ভারতে উড়াল দেওয়ায় আগামীকাল (৩ মার্চ) করাচি কিংসের একাদশে নেই পোলার্ডের নাম। পিএসএলের ম্যাচটিতে শান মাসুদের দল করাচি লড়বে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সের বিপক্ষে। তবে পরবর্তী ম্যাচের আগে আবারও করাচি শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে পোলার্ডের। সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বলছে, আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে ফিরবেন পোলার্ড। এরপর তিনি করাচির হয়ে কোয়েটা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে ৬ মার্চের ম্যাচটিতে খেলবেন।

তবে এক ম্যাচে পোলার্ডের অনুপস্থিতিকে ক্ষতিগ্রস্ত হতে পারে করাচি। চলতি মৌসুমে একাধিক ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন এই ডানহাতি অলরাউন্ডার। পাঁচ ইনিংসে ১৬১.৯৮ স্ট্রাইকরেটে তিনি ১৯৬ রান করেছেন। যেখানে পোলার্ড ছয় হাঁকিয়েছেন ১২টি, যা লাহোর কালান্দার্সের রসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে যৌথভাবে চলতি পিএসএলের সর্বোচ্চ ছয়।

২০১০ থেকে পোলার্ড আইপিএল ফ্র্যাঞ্চাইচি মুম্বাইয়ের সঙ্গে যুক্ত। অবসর নেওয়ার পর গত বছর থেকে তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন। সেই সূত্রে আম্বানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও খেলছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। পিএসএল শেষ হওয়ার পর পোলার্ডের এমনিতেও ভারতে যাওয়ার কথা ছিল। কারণ ২২ মার্চ থেকেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ ডিসেম্বর রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সেরেছিলেন অনন্ত আম্বানি। এবার সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অনন্ত-রাধিকা। আর জমকালো বিয়ের অনুষ্ঠানে গাইতে ভারতে উড়ে এসেছেন পপতারকা রিহান্না। আরও অনেক হাই-প্রোফাইল অতিথি দাওয়াত পেয়েছেন এই অনুষ্ঠানে। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভোর মতো ক্রিকেট তারকারাও সেখানে হাজির হয়েছেন।

আফিডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শাহ ইমরান:

আনসার আলী ফাউন্ডেশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট (আফিড) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার সকাল ৯.৩০ ঘটিকায় আনসার আলী ফাউন্ডেশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট (আফিড),আফিড ভবনে ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আনসার আলী ফাউন্ডেশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট (আফিড) শিমপুর, আদর্শ সদর, কুমিল্লা অবস্থিত।

আনসার আলী ফাউন্ডেশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট (আফিড) এর পক্ষ থেকে ৩৬ জনের মধ্যে এ টি এম শামসুল হক মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। ও আফিডের কুমিল্লা ৫টি শাখা থেকে পাঁচ জন সভানেত্রীকে পুরস্কার দেওয়া হয়।

উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেন বেগম রাবেয়া হক। সভাপতি আফিড,প্রধান অতিথি মোঃ আবদুর রহিম খান, ব্যবস্থাপনা পরিচালক (অবঃ), গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ।মোহাম্মদ শফিকুর রহমান, ডা:মোসলেহ উদ্দিন আহমেদ, মোঃ আবু ছালেক সেলিম রেজা সৌরভ, এম সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, এ,কে,এম, ইকরামুল হক ভূঁঞা,প্রধান নির্বাহী কর্মকর্তা, আফিড

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রাম রামিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবারের এ হামলার পর সেখান থেকে গলগল করে উড়ছে ধোয়া।

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রাম রামিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।বৃহস্পতিবারের এ হামলার পর সেখান থেকে গলগল করে উড়ছে ধোয়া।

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় দেশটির ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর অন্তত তিন সদস্য নিহত হয়েছেন। শনিবার লেবাননের একাধিক নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

লেবাননের সূত্র জানিয়েছে,নাকোরা শহরের কাছের উপকূলীয় সড়কে চলন্ত অবস্থায় একটি গাডড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। হামলায় ওই গাড়িতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। চার মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

গাজায় যুদ্ধ শুরুর পরপরই তার প্রতিবাদে ইসরাইলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে লেবাননে হিজবুল্লাহর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

এ ছাড়া ইসরাইলি হামলায় লেবাননে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে।

নতুন তালিকা প্রকাশ: দেশে মোট ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ

ডেস্ক রিপোর্ট:

দেশে ভোটার তালিকা হালনাগাদ নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৩২ জন।

শনিবার (২ মার্চ) এ তালিকা প্রকাশ করে ইসি।

ভোটার তালিকা হালনাগাদে ২ দশমিক ২৬ শতাংশ ভোটার বেড়েছে। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

এর আগে এ বছর ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেই সময় হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার যুক্ত হয়েছিল। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

দায়িত্ব পালন না করে বিএনপি শুধু সরকারের সমালোচনা করছে: নানক

ডেস্ক রিপোর্ট:

‘দেশে আইনের শাসন নেই তাই বেইলি রোডে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে পাট ও বস্ত্র মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নিজের দায়িত্ব পালন না করে সরকারের সমালোচনা করা বিএনপির অভ্যাস।

শনিবার রাজধানী লালমাটিয়া মহিলা স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পাটমন্ত্রী। এ সময় তিনি সকল প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখার তাগিদ দেন।

বিএনপি মহাসচিবের মন্তব্য নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে নানক বলেন, আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি অভ্যাসে পরিণত হয়েছে, সব কিছুর বিরোধীতা করা। নিজের দায়িত্ব পালন না করে সরকারের সমালোচনা ও বিরোধীতা করা তাদের একটি অভ্যাস।

বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির সমালোচনা করে পাটমন্ত্রী বলেন, দেখেন এতো বড় একটি আগুন হলো। তারা কি তাদের দায়িত্ব পালন করেছে। করেনি। তারা ঘটনাস্থলে ছুটে যায়নি। এখন পর্যন্ত যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেখানে বিএনপির কেউ যাননি। যারা নিহত হয়েছে তাদের প্রতি বিএনপি কোনো সহানুভূতিও জানায়নি। আসলে বিএনপি একটি সূত্র বের করে আর সেই সূত্র উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা তাদের সমস্ত দায় দায়িত্ব এড়িয়ে যেতে চায়। এরা আসলে দায়িত্বহীন একটি রাজনৈতিক দল। তাই বিএনপি কি বলছে তাতে মানুষের আর দৃষ্টি নেই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, মানুষ হত্যার রাজনীতির জন্য মানুষ তাদের কাছ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। কাজেই তাদেরকে নিয়ে খুব বেশি বলার আছে বলে আমি মনে করি না।

বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, এটি দুর্ঘটনা না নাশকতা বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা কি বের হবে। তবে আমি বলব, ওই ঘটনায় সংশ্লিষ্ট রেস্টুরেন্ট মালিক থেকে শুরু করে যারা সেখানে নিয়ম বহির্ভুতভাবে কাজ করছে এবং যাদের নিয়মনীতি পালনে বাধ্য করার কথা তারাই সকলেই সতর্ক হবেন।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ আগুনটি লাগার পর থেকে আমার চোখের সামনে ভেসে উঠছে ধানমন্ডি সাত মসজিদ রোডটি। যেখানে ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সে রেস্টুরেন্টগুলোতে আগুন প্রতিরোধে কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। কাজেই আমি বলেছি, সংশ্লিষ্ট সকলকে নড়ে চড়ে বসা দরকার। আর একটি মানুষকেও যাতে আর এভাবে আগুনে পুড়ে মরতে না হয়।

এ সময় সংশ্লিষ্টদের রেস্টুরেন্ট ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, শুধু মুনাফাই করবেন, মানুষের জীবনকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, এটা মেনে নেওয়া যেতে পারে না। অগ্নিনির্বাপকের ব্যবস্থা সকল প্রতিষ্ঠানের নিতে হবে এবং নিতে বাধ্য করতে হবে।

শপথ নেওয়া নতুন প্রতিমন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, তারা সবাই খুবই যোগ্য। তারা দেশকে অনেক কিছু দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।

আজকের বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারে না: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, সময়োপযোগী ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যেন তারা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হয়।

শনিবার (২ মার্চ) সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রেজিমেন্ট, ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’ তথা ‘বীর’ এর তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর সেনাবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। কাজেই আমরা চাই আমাদের এই সশস্ত্র বাহিনী দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপযুক্তভাবে গড়ে উঠবে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রেই আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়ায়। শুধু তাই নয়, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যাপকভাবে সরকার কাজ করে যাচ্ছে এবং আমাদের সশস্ত্র বাহিনীও সেভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন।

‘কাজেই এভাবেই আমরা সবাই এক হয়ে দেশকে গড়ে তুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের লক্ষ্য। এরই মধ্যে আমরা দেশের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি নিচ্ছি। তাছাড়া দারিদ্র্য বিমোচন করে দেশকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাওয়ায় আজকের বাংলাদেশ বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল বলে পরিগণিত হয়েছে। আজকের বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারে না। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সেভাবেই সামনের দিকে দেশকে এগিয়ে যাবো।’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটি আধুনিক, পেশাদার ও চৌকস সশস্ত্র বাহিনী গঠনের লক্ষ্যে ১৯৭৪ সালে প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। তার নির্দেশেই ১৯৭২ সালে কুমিল্লায় গড়ে তোলা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। এছাড়া তিনি কম্বাইন্ড আর্মস স্কুল ও প্রতিটি কোরের জন্য ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন। জাতির পিতার সুদূরপ্রসারী প্রতিরক্ষা নীতির আলোকেই আমরা ‘প্রতিরক্ষা নীতি ২০১৮’ ও ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করেছি এবং ধারাবাহিকভাবে সশস্ত্র বাহিনীর উন্নয়ন করা হচ্ছে।

সরকারপ্রধান বলেন, ‘দুর্জয়, দুরন্ত, নির্ভীক’- এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সঙ্গে রয়েছে আমার গভীর বন্ধন। কারণ, জাতির যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের নামে একটি রেজিমেন্ট হবে। ২০০১ সালেই সেই রেজিমেন্ট আমরা প্রতিষ্ঠা করি।

তিনি বলেন, ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই রেজিমেন্টকে ‘রেজিমেন্টাল কালার’ প্রদান করি এবং ২০১১ সালে আমিই এই রেজিমেন্টকে মর্যাদাপূর্ণ ‘জাতীয় পতাকা’ প্রদান করি। বর্তমানে এই রেজিমেন্টে দুটি প্যারা কমান্ডো ব্যাটালিয়নসহ মোট ৪৬টি ইউনিট রয়েছে।

এই ইউনিটের সদস্যরা দেশ ও দেশের বাইরে দক্ষতা, সুনাম ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করছে উল্লেখ করে সরকারপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, তারা এই যে কাজের মধ্যদিয়ে সুনাম অর্জন করেছেন তা অব্যাহত রেখে এগিয়ে যাবেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী এখন শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অবদান রেখে যাচ্ছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন। আমাদের সশস্ত্র বাহিনী যেখানেই যাচ্ছেন সেখানেই তারা মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করছেন।

কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বের মতো বাংলাদেশও এর ক্ষতির সম্মুখীন। সে কারণেই আমরা এরই মধ্যে সবাইকে আহ্বান জানিয়েছি প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে চাষের আওতায় আনার মাধ্যমে সার্বিক উৎপাদন বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

শেখ হাসিনা দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা বার বার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নের উন্নত,সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। প্রতিটি পরিবারই সুন্দরভাবে জীবিকা নির্বাহ করবে।

তার সরকারের ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাস্তা-ঘাট, সেতু, ব্রিজ আমরা করে দিচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই ২০৪১ সাল নাগাদ ‘স্মার্ট বাংলাদেশ’ আমরা গড়ে তুলবো।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত যেসব সেনা সদস্য ‘হোম অব বীর’ বা নিজেদের বাড়িতে আজ এই মিলনমেলায় যোগ দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, চাকরিলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বর্তমান চাকরিরতদের সঙ্গে তারা ভাগাভাগি করে নেবেন।

এদিন প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে রেজিমেন্টের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের শহীদদের স্মরণে নির্মিত ‘বীরগৌরব’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

শেখ হাসিনা রেজিমেন্ট সদস্যদের পরিবেশিত ‘মাসকেট্রি ড্রিল’সহ অন্যান্য ড্রিল উপভোগ করেন এবং রেজিমেন্টের দরবারেও যোগ দেন।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট এবং পাপা বীর মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শাহেদুল এমরান তাকে স্বাগত জানান।

রোববার থেকে সয়াবিন তেল ১৬৩ টাকা লিটার

ডেস্ক রিপোর্ট:

খুচরা পর্যায়ে সয়াবিন তেল ১৬৩ টাকা লিটারে বিক্রি হবে রোববার থেকে। আর খোলা সয়াবিন ১৪৯ টাকায় বিক্রি হবে।

এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে শনিবার তিনি এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার থেকে ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে। আজ সকাল থেকেও সব মিলগেটে টিমগুলো মনিটরিংয়ে আছে। ট্যারিফ কমানোর পরে কত মাল তারা আমদানি করেছে এবং তাদের বাফারস্টোক তৈরির জন্য যে সময় দেওয়া হয় তা কতটা কাজে লাগিয়েছে সে বিষয়ে এরই মধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী আমাদের পেঁয়াজ ছাড় করণের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিনি সেখানে বসেই পেঁয়াজ ছাড়ের নির্দেশ দিয়েছেন, আমরা গতকাল সে চিঠি পেয়েছি। দেশটি থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এ সপ্তাহের মধ্যে আসা শুরু হবে।

রমজানে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য পাবে এমনটি জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, আমাদের টার্গেট রমজানে যেন ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে না হয়। তেলে ভ্যাট-ট্যাক্স কমানোর চিঠি দিয়েছি যার প্রভাব রমজানে পড়বে। খেজুর প্রায় ১০ প্রকার রয়েছে। ব্যবসায়ীদের একমাস সময় দিয়েছি দাম কমানোর। বস্তায় আসা জায়েদি খেজুর আগামীকাল দাম নির্ধারণ করে দেওয়া হবে।

তিনি বলেন, আশা করছি, এরপর দাম কমে আসবে অর্থাৎ এ সপ্তাহ থেকে সর্বোচ্চ খুচরা ও পাইকারী মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, এতে দাম কমে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ব্যবসায়ীদের সমস্যা নিরসন করে দেব কিন্তু কোনো অজুহাত শুনবো না। যৌক্তিক কারণ ছাড়া রমজানে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য দেরিতে ছাড়ের সুযোগ নেই। আমাদের টার্গেট শুধু রমজান নয়, রমজান মাসের পরও নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর হাতে সাধারণ মানুষ জিম্মি থাকবে না। টিসিবির এক কোটি মানুষ তেল-চিনিসহ কয়েকটি নিত্যপণ্য ভর্তুকি মূল্যে পাবেন।

তিতাসে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

তিতাস প্রতিনিধি:

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মোসা: মোমিনুর জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নামজুল হাসান।

এসময় উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো: আব্দুস সালাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহম্মদ, সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, উপজেলা বিআরডিবি অফিসার কাজী মাহমুদ হাসান প্রমূখ।

ব্রাহ্মণপাড়ায় পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকা থেকে তাকে আটক করা হয়। একইদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার ভোরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা করেছেন।

ধর্ষণের শিকার কিশোরীকে শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। অভিযুক্ত কিশোর ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত।

অভিযুক্ত কয়েকদিন ধরে ওই স্কুলছাত্রীর বাড়ির সামনে মাটি ভরাটের কাজ করছিল। ঘটনার দিন তার মা স্কুলে চলে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। অভিযুক্ত কিশোর পানি খাওয়ার অজুহাতে ওই কিশোরীর ঘরে যায়। এ সময় ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার করলে বাড়ির লোকজন দৌড়ে এসে কিশোরীকে উদ্ধার করে।

ভুক্তভোগীর মা বলেন, সে প্রায়ই আমার মেয়েকে উত্ত্যক্ত করত। সম্মানের কথা চিন্তা করে আমার মেয়ে বিষয়টি কাউকে জানায়নি। ঘটনার দিন বৃহস্পতিবার আমি স্কুলে চলে যাওয়ায় বাড়িতে একা পেয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। আমি তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রা‏‏হ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে একইদিন শুক্রবার সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।