All posts by jitu

ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুবি

চাঁদনী আক্তার, কুবি:

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। শনিবার (০৯ মার্চ) ঢাকার এফডিসিতে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারের ঘাটতি নেই’ এ শীর্ষক বিতর্কে সরকারি দল হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে ছিলো গ্রীন ইউনিভাসিটি । বিতর্কে সরকারি দল অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাদিয়া আফরিন, শাকিল আহমেদ সবুজ, সাদিয়া আফরিন মোহনা, আরাফাত হোসাইন ও এনায়েত হোসাইন অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, এমপি। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরো বক্তব্য রাখেন দুর্যোগ সচিব মোঃ কামরুল হাসান এনডিসি, স্টাট বাংলাদেশ নেটওয়ার্ক এর কান্ট্রি ম্যানেজার, সার্ভিস রায়হান প্রমুখ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, যোগাযোগ বিশেষজ্ঞ তানজিনা শারমিন, সাংবাদিক ড. শাকিলা জেসমিন, সাংবাদিক অনিমেষ কর ও সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে প্রসংসীত হলেও এখনো আমাদের উপকূলীয় অঞ্চলে অনেক মানুষ দুর্যোগ ঝুঁকিতে বসবাস করছে। দুর্যোগের কারণে বাস্তচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি। দুর্যোগজনিত কারণে বাস্তুচ্যুত হয়ে অনেক মানুষ শহরে এসে ভীড় করছে। যারা পেশাহীন হয়ে নগদ দারিদ্র তৈরিসহ ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে। বাস্তচ্যুত গৃহহীন এসব মানুষকে এখনও পুরোপুরি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। গবেষণায় দেখা গেছে, গত তিন দশকে বাংলাদেশে ২০০ টি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছে, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার। মোট ক্ষয়ক্ষতির ৮৫ শতাংশই হচ্ছে বন্যা, নদীভাঙ্গন ও ঘূর্ণিঝড়ের কারণে।

এসময় তিনি দুর্যোগের ঝুঁকি হ্রাসে ১০ দফা সুপারিশ পেশ করেন।

ইয়ামালের গোলে বার্সা শিবিরে স্বস্তি

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। শুক্রবার রাতে বার্সার হয়ে ৭৩তম মিনিটে একমাত্র গোলটি করেছেন ইয়ামাল। তাতে আবারও জয়ে ফিরল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

মায়োর্কার বক্সের বাইরে বল পেয়ে দুরন্ত গতিতে ভেতরে ঢোকেন ইয়ামাল। এরপর নিজের সঙ্গে লেগে থাকা মার্কারকে বোকা বানিয়ে জায়গা বের করে নেন। সামনে সারি ধরে মায়োর্কার ডিফেন্ডাররা অবস্থান নেওয়ায় আর সামনে এগোননি এই স্প্যানিশ কিশোর। দূরের পোস্ট লক্ষ্য করে সেখান থেকেই নেন বাঁকানো শট। পোস্টের কোণ ঘেঁষে জালে জড়ানো বলটি থামানোর কোনো উপায়ই ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের।

ম্যাচ শেষে ইয়ামাল বলেছেন, ‘দলের জয় এবং গোলের জন্য আমি খুবই আনন্দিত। আমি সুযোগ দেখতে পাচ্ছিলাম। তাই সেখান থেকে শট নিয়েছি। ম্যাচটা কঠিন ছিল, আমি সব সময় দলকে সাহায্য করার চেষ্টা করেছি। ঘরের মাঠে দর্শকদের সামনে গোল করতে পারা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতোই।’

এ জয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার দুইয়েও উঠে এসেছে কাতালান ক্লাবটি। ২৮ ম্যাচে বার্সার পয়েন্ট ৬১। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭ ম্যাচে ৬৬। তিনে নেমে যাওয়া জিরোনার পয়েন্ট ২৭ ম্যাচে ৫৯।

নোয়াখালীতে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধা মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বসতঘরে ঘুমন্ত এক নারী আগুনে পুড়ে মারা গেছে।

নিহত ল‌লিতা বালা দাস (৮০) হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।

শনিবার (৯ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ল‌লিতা বালা দাস বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমান থাকেন। ভোর রাতের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বসতঘরে ঘুমন্ত অবস্থায় ললিতা দাস আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যায়।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঁঞা বলেন, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে একঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযানে বসতঘর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক আগুন লাগার কোনো কারণ জানা যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পুলিশে ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বহিরাগত লোকজন এনে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ঘোড়া প্রতীকের প্রার্থীর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, ভোটের পরিবেশ নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। বাস প্রতীকের প্রার্থী (এমপি বাহারের মেয়ে সূচনা) বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকজন এনে ভোটারদের ভোটকেন্দ্রে আসায় বাধা দিচ্ছেন। একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছেন।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কায়সার বলেন, বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই তিন নম্বর ওয়ার্ডের জাবেদ কাউন্সিলরের নেতৃত্বে আমার ঘোড়া প্রতীকের এজেন্টদের ওপর হামলা চালানো হয়েছে। আমি যাকে এজেন্ট দিয়েছিলাম তিনি হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলমের নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লায় দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন গলিতে লোকজন নিয়ে বসে আছেন। প্রথম পর্যায়ে আমার এজেন্টদেরকে ঢুকতে দেয়নি। আমার ঘোড়া প্রতীকের এজেন্ট যাদেরকে পেয়েছে তাদেরকে মারধর করে বের করে দিয়েছে। ভোটকেন্দ্র থেকে তারপর আমি গিয়ে আমার এজেন্টদেরকে বসিয়ে দিয়ে এসেছি।

তিনি আরও বলেন, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ এবং যুবলীগ নেতা অপুর নেতৃত্বে কুমিল্লা জেলার সকল পরিবহন শ্রমিকদের নিয়ে ওইখানে প্রতিটি অলিতে গলিতে মহড়া দিচ্ছেন। মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ভোটারদেরকে কেন্দ্রে আসায় বাধা দিচ্ছেন। এমনকি ১৯ নম্বর ওয়ার্ডে বাস প্রতীকের লোকজন ঘোড়া প্রতীকের ভোটার যারা তাদেরকে প্রতিহত করছে। ইতোমধ্যেই খবর পেয়েছি ১৯ নম্বর ওয়ার্ডের আমার কর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। সেখানেও সন্ত্রাসী কর্মকাণ্ডের লিপ্ত এমন একজন সন্ত্রাসী নেতৃত্বে আছেন।

তারপরও আমি বলব ভোটারদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিয়ে যান। আপনাদেরকে কোথাও যদি বাধা দেয় সঙ্গে সঙ্গে আমাকে এবং আমার কন্ট্রোলরুমে জানাবেন। পাশাপাশি প্রতিটা ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী আছে, র‍্যাব, বিজিবি আছে। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন।

পরিবর্তন যেহেতু চাই, আপনারা ভোটকেন্দ্রে না আসলে কিন্তু পরিবর্তন হবে না। তারা চাচ্ছে যাতে ভোটাররা ভোটকেন্দ্রে না আসে। আপনারা অবশ্যই ভোটকেন্দ্রে আসবেন মানুষ যেভাবে সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসছে। তাই আমি বলতে পারি পরিবর্তন হবে এবং ঘোড়া মার্কার বিজয় হবে ইনশাল্লাহ।

আমাদের চিকিৎসকদের মান কোনো দেশের তুলনায় কম নয় : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের চিকিৎসকদের তুলনায় কম নয় বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, হাঙ্গেরি থেকে চিকিৎসক এনে আমরা জোড়া শিশুর অপারেশন করেছি। আমি দেখেছি বাচ্চাদের যখন এনেস্থিসিয়া দেওয়া হয়, তখন হাঙ্গেরির চিকিৎসকরা কিন্তু পারেনি, পেরেছে বাংলাদেশের চিকিৎসকরাই। কাজেই আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়।

শনিবার (৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমডি-এমএস ফেইজে ভর্তিকৃত রেসিডেন্টদের ইনডাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল বলেন, আমাদের চিকিৎসকদের যে ভালো মেধা আছে, তার অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। ভুটান থেকে রোগী এসে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে। শুধু যে রোগী বাইরে যাচ্ছে এরকম নয়, ভারত থেকে আমাদের দেশে অসংখ্য রোগী আসছে।

তিনি বলেন, আজকে যারা এখানে আমার সামনে বসে আছেন, আমি সবিনয়ে তাদের কাছে একটা কথা বলবো। আসুন আমরা চিকিৎসকদের মান-সম্মান এমন এক জায়গায় নিয়ে যাই, যেন এই দেশের লোকজন একদিন চিকিৎসকদের দেখলেই মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। এক্ষেত্রে প্রধান কাজ হলো ধৈর্য ধরে রোগীদের কথা শোনা, ধৈর্য ধরে তাদেরকে সেবা দেওয়া।

মন্ত্রী বলেন, চিকিৎসকরাই হলো ভবিষ্যতের আসল কাণ্ডারি। ডাক্তার-রোগীর সম্পর্ক অনেক কিছুর উপর নির্ভর করে। এটি শুধু ডাক্তারের উপরই নির্ভর করে না। একটা হাসপাতালে ভালো চিকিৎসা সেবা হাসপাতাল পরিচালক, নার্স, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীসহ সবার উপরই নির্ভর করে। সবার সমন্বিত প্রয়াসেই চিকিৎসা সেবার সুনাম বৃদ্ধি করে।

তিনি বলেন, আমরা সময়মতো হাসপাতালে যাব আসবো। সাধারণ মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেবো। আমাদের সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না, শুধু একটু গায়ে হাত দিয়ে কথা বলা, সুন্দর করে একটু কুশলাদি বিনিময় করলেই কিন্তু তারা খুশি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা সাধারণত রোগ থেকে মুক্তি পেতে অসহায়ের মতো চিকিৎসকের উপর নির্ভর করে। অনেকক্ষেত্রে একজন চিকিৎসককে পিতার স্থান দখল করতে হয়। চিকিৎসকরা চাইলেই রোগীদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারে। এতে করে রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও ভালো চিকিৎসা সেবা প্রদান করা যায়।

তিনি আরও বলেন, আমাদের দেশের বিশাল একটা জনসংখ্যা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত। যখনই কেউ রোগে আক্রান্ত হয়, সামাজিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের উচিত তাদের সক্ষমতা ও সীমাবদ্ধতার কথা রোগীকে জানানো এবং সে অনুযায়ী রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা।

ডা. সামন্ত লাল সেন বলেন, উত্তম আচরণ হলো ন্যায়-অন্যায় আর আসল-নকলের পার্থক্যকারী। আমার উচিত অন্যের সঙ্গে সেভাবেই আচরণ করা, যেমনটি আমি অন্যের কাছ থেকে প্রত্যাশা করি। সবসময় ন্যায়কে ন্যায়, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারাই নৈতিকতা। অনৈতিকতা হলো নৈতিকতার সম্পূর্ণ বিপরীত। নৈতিকতার অভাবে দেশ ও জাতির উন্নতি ব্যাহত হয়, যোগ্য ব্যক্তিরা যথাযথ স্থানে পৌঁছাতে পারে না এবং অযোগ্যদের আস্ফালন বৃদ্ধি পায়। যোগ্য ব্যক্তিরা হীনমন্যতায় ভোগে এবং দেশে বিশৃঙ্খলাতা দেখা দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রোজায় বেড়েছে ওমরাহ যাত্রীদের প্লেনভাড়া

ডেস্ক রিপোর্ট:

প্রায় দ্বিগুণ হয়েছে ওমরাহ হজের প্লেন ভাড়া। গোটা রমজান মাসজুড়ে ঢাকা থেকে সৌদি আরবের সব রুটের প্লেন ভাড়া দেড় থেকে দুই গুণ বেড়েছে। প্লেনের ভাড়া বাড়ায় ওমরাহ হজযাত্রীদের প্যাকেজের খরচ অনেক বেড়েছে।

ট্রাভেল এজেন্সি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওমরাহ যাত্রীরা সাধারণত সৌদি আরবের জেদ্দা এবং মদিনা শহরে যায়। বাংলাদেশ থেকে সৌদি আরবের এই দুই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া)। এই রুটে স্বাভাবিক সময়ে রিটার্ন ভাড়া ৭০ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে ওঠানামা করে। একই ভাড়া থাকে সাউদিয়ার। তবে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা রুটের ভাড়া ১ লাখ ১৩ হাজার টাকা। মদিনা রুটের ভাড়া ১ লাখ ১০ হাজার। জেদ্দা ও মদিনা রুটে সৌদি এয়ারলাইন্সের বর্তমান ভাড়া ১ লাখ ২২ হাজার টাকা।

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এয়ারলাইন্সগুলো বলছে, এই মৌসুমে এটাই স্বাভাবিক ভাড়া। প্রতিবছরই রোজায় ওমরাহ হজযাত্রীদের সংখ্যা বাড়ে। সেই তুলনায় ফ্লাইট সংখ্যা না বাড়ায় প্লেনের ভাড়া বাড়তি থাকে।

ট্রাভেল এজেন্সিগুলো বলছে, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের পর থেকেই ওমরাহ যাত্রী সংখ্যা বেড়েছে। সর্বশেষ ২০২৩ সালে মূল হজের প্যাকেজ খরচ বেড়ে যায়। তখন থেকেই অনেকেই হজ করার সিদ্ধান্ত বাতিল করে কম খরচে ওমরাহ হজ করার সিদ্ধান্ত নেন। অতিরিক্ত সওয়াবের আশায় তারা রমজান মাসকে বেছে নেন। একারণেই যাত্রীদের চাপ অনেক বেশি, সে অনুযায়ী টিকিট পাওয়া যাচ্ছে না।

ভাড়া বাড়িয়েছে থার্ড ক্যারিয়ারগুলো

বিমান বাংলাদেশ ও সাউদিয়া ছাড়াও ১১টির মতো এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে নিজ দেশে ট্রানজিট দিয়ে সৌদি আরবে ওমরাহ যাত্রী পৌঁছে দেয়। ট্রানজিট ও যাত্রার লম্বা সময়ের কারণে এসব ফ্লাইটের ভাড়া তুলনামূলকভাবে কম ছিল। তবে রমজান মাসকে কেন্দ্র করে তারাও ফ্লাইটের দাম দেড় থেকে দুইগুণ বৃদ্ধি করেছে।

বাংলাদেশ থেকে বর্তমানে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, ফ্লাই দুবাই, গালফ এয়ার, জাজিরা এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এয়ারলাইন্স, ওমান এয়ার এবং সালাম এয়ার ওমরাহ যাত্রী বহন করে।

এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স স্বাভাবিক সময়ে ৬০ থেকে ৬৫ হাজার টাকায় যাত্রী বহন করত। রমজানে এয়ার ইন্ডিয়া ভারতে ট্রানজিট দিয়ে ভাড়া ধরেছে ৯০ হাজার টাকা, অপরদিকে ভিস্তারা এয়ারলাইন্স ৯৭ হাজার টাকা। একইভাবে ওমান ও সালাম এয়ার ৬৫ হাজার টাকার ভাড়া ৯৬ হাজার টাকা নিচ্ছে। এমিরেটস এয়ারলাইন্স ১ লাখ ৬ হাজার এবং গালফ এয়ার ১ লাখ ১৫ হাজার টাকা ভাড়া নিচ্ছে।

এবিষয়ে একাধিক এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজী হননি। তবে বিমানের একজন কর্মকর্তা বলছে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিবছরই এমনটি হয়।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) একজন শীর্ষ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ রমজান মাসে ওমরাহ পালনে যেতে চান। এয়ারলাইন্সগুলো এই সুযোগে তাদের বেসিক ইকোনমি ক্লাসের টিকিটগুলো বিক্রি বন্ধ করে অতিরিক্ত দাম ধরে ইকোনমি ফ্লেক্সি এবং ইকোনমি প্রিমিয়াম ক্লাসের দাম নিচ্ছে। প্রতিবছরই এমন হয়ে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারলাইন্সগুলোর অভিভাবক ও নিয়ন্ত্রক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এয়ারলাইন্সের কমার্শিয়াল ফ্লাইটগুলো দেখার কোনো এখতিয়ার আমাদের নাই। এছাড়া খুব ডায়নামিক প্রক্রিয়ায় দাম নির্ধারণ করে। যখন চাহিদা বাড়ে ও ক্যাপাসিটি কম থাকে স্বয়ংক্রিয়ভাবে দাম বাড়ায়। ওমরাহতে অনেকেই সৌদি আরব যায়, সেসময় শুধু এয়ারলাইন্স না মক্কা-মদিনায় হোটেলের দামও অনেকগুণ বেড়ে যায়। পাশাপাশি তেলের দাম ও ডলারের দরবৃদ্ধির কারণে ভাড়া একটু বেশি আছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও বিশিষ্ট এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম ঢাকা পোস্টকে বলেন, চাহিদা অনুযায়ী ফ্লাইটের সিট না থাকলে স্বাভাবিকভাবেই ভাড়া বাড়ে। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনাকারীরা যাত্রীর চাহিদা দেখে ভাড়া বাড়িয়ে দেয়। এটি নিয়ন্ত্রণের জন্য দেশীয় এয়ারলাইন্সের সম্প্রসারণ দরকার, তাদের ফ্লাইট বৃদ্ধি করা দরকার।

তিনি বলেন, যখন দেশীয় এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাড়িয়ে বেশি যাত্রী বহন করবে তখন জোগানটা বাড়বে তখন আর ভাড়া অতিরিক্ত হারে বৃদ্ধি পাবে না। এখন যেহেতু ফ্লাইট কম তাই এই সুযোগের সদ্ব্যবহার করছে।

২০২৩ সালে রমজান মৌসুমে প্রায় ১ কোটির বেশি মুসল্লি ওমরাহ করতে গিয়েছিলেন বলে জানিয়েছিল সৌদি আরব।

আমার ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না : সাক্কু

স্টাফ রিপোর্টার:

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগসহ ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

শনিবার (৯ মার্চ) কুমিল্লা নগরীর হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাক্কু বলেন, আমি সিটি কর্পোরেশনের দুইবার মেয়র ছিলাম। মানুষ আমাকে ভালোবাসে। আমার প্রতিদ্বন্দ্বী বাস প্রতীকের সমর্থকেরা ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না। রাতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই পথে পথে পাহারা বসানো হয়েছে যেন আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। তিনটা ওয়ার্ডে আমার কোনো এজেন্টকে ঢুকতেও দেওয়া হয়নি। ভোটের পরিবেশ একদম ভালো নয়। আশা করছি নির্বাচন কমিশন যদি উদ্যোগ নেয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে, আমি জয়ী হব।

এ নির্বাচনে অন্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস প্রতীক), বিএনপির বহিষ্কৃত নেতা ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (ঘড়ি প্রতীক) ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।

এই সিটি নির্বাচনে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সিটিতে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৫৬২ জন। নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন, পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন।

কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে ২ জন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে ভোটগ্রহণকালে দুই পক্ষের গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে ঘোড়া প্রতীকের সমর্থক এবং বাস প্রতীকের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সুমন নামের এক ছাত্রলীগ নেতা কোমর থেকে পিস্তল বের করে গুলি করলে তুহিন হোসেন এবং জহির আহমেদ নামের ঘোড়া প্রতীকের দুই সমর্থকের পায়ে গুলি লাগে। পরে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। গুলিবিদ্ধ ঘোড়া প্রতীকের দুই সমর্থককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অন্য সমর্থকরা।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, গোলাগুলির ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ছিল। আমি তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। পুলিশের স্ট্রাইকিং ফোর্স এলে উভয় পক্ষ পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস প্রতীক), বিএনপির বহিষ্কৃত নেতা ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (ঘড়ি প্রতীক) ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।

কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে চারজন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ডা. তাহসীন বাহার সূচনা, সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু, মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ও নূর উর রহমান মাহমুদ তানিম। চার প্রার্থীর সবাই জয়ের বিষয়ে আশাবাদী। মেয়র নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করে নিজের পরিকল্পনামতো নগরীকে নতুন করে সাজানোর কথা জানান তারা।

তবে নির্বাচনে সবার সমান সুযোগ নিয়ে রয়েছে নানা অভিযোগ। নানা আশঙ্কার কথা জানিয়েছেন প্রার্থীরা। আর ভোটাররা জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন হলে সবার কাছে গ্রহণযোগ্য জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারবেন তারা।

তবে নির্বাচন সংশ্লিষ্টরা জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছেন তারা। সেক্ষেত্রে কোনো ছাড় দিতে নারাজ ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী। এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবেও দেখছেন তারা।