All posts by jitu

বুড়িচংয়ের ময়নামতিতে এক্সকেভেটর জব্দ, দের লাখ টাকা অর্থদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:

দিনে কুমিল্লা জেলা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান জেল জরিমানা ও মাটি কাটার ছবিসহ সংবাদ প্রকাশের ভয়। আর তাই নিয়মিত প্রতিরাতে বিভিন্ন সড়কে পাহাড়া বসিয়ে আবাদি জমির মাটি কাটা হয়। ফলেই স্থানীয় কৃষকদের অভিযোগের সত্যতা থাকলেও উপজেলা সদর থেকে পথের দুরত্ব এবং অন্ধকারে বিলের মাঝে মাটি কাটার সময় হাতেনাতে ধরা প্রায় অসম্ভব। কারন তথ্য রয়েছে, জেল জরিমানা, গাড়ি ও মালামাল জব্দ থেকে রক্ষা পেতে উপজেলা পরিষদের গেইট থেকে শুরু করে যাতায়াতের প্রধান প্রধান সড়কের কয়েক কিলোমিটার দুরত্বে অবৈধ মাটি ব্যবসায়ীদের নিয়োগকৃত পাহারাদার রয়েছে। তাদের কাজ, জেলা বা উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখলেই মূল পয়েন্টে ফোন করে সতর্ক করা। সাথে সাথে পয়েন্ট ও সড়ক থেকে নিরাপদ স্থানে লুকিয়ে ফেলা হয় এক্সকেভেটর এবং মাটিবাহী গাড়ি। ফলেই রাতের আধারে অপরাধীদের হাতেনাতে ধরা কঠিন চেলেঞ্জ হয়ে দাঁড়ায়।

কৃষক ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগকে গুরুত্ব দিয়ে, ফসলী জমির মাটি কাটা বন্ধ করতে, এই অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। নির্বিচারে আবাদী জমি ধ্বংস করে উর্বর অংশের (টপ সয়েল) মাটি কেটে ইটভাটায় বিক্রি, পুকুর ও জলাশয় ভরাটের অবৈধ মাটি ব্যবসায় জড়িতদের আতংক কৃষিবান্ধব এই কর্মকর্তা।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে (মঙ্গলবার) ১৯ ফেব্রুয়ারী মধ্যরাতে বেরিয়ে পরেন সিএনজি চালিত অটোরিকশা নিয়ে। ময়নামতি ইউনিয়ন এর কাটাজাঙ্গাল (কুমারগাতা) এলাকায় গিয়ে অবহিত করেন দেবপুর ফাঁড়ি পুলিশকে। তবে ফসলের মাঝ মাঠে অন্ধকারে দেখা মিলছিলো না এক্সকেভেটর ও ড্রামট্রাকের। প্রধান সড়ক থেকে ভেতরের সড়কে সিএনজি ঢুকতে দেখেই বাতি নিভিয়ে সরিয়ে ফেলা হয় এক্সকেভেটর। পরে তল্লাশি করে পাওয়া যায় এক্সকেভেটর।

অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে স্থানীয় মাটি ব্যবসায়ী রুবেল ও তার সহযোগী রাসেল কে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। এবং মাটি কাটায় ব্যবহৃত এক্সকেভেটরটি জব্দ করে দেবপুর পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখতে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে জমি থেকে অবৈধ ভাবে মাটি না কাটার বিষয়ে কঠোর ভাবে সতর্ক করা হয়।

উক্ত অভিযান বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের একটি টিম ও ময়নামতি ইউপি’র সদস্যগণ সহযোগীতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বুড়িচং উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।

চৌদ্দগ্রামে কিস্তি পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন এনজিও থেকে উত্তোলনকৃত ঋণের টাকা (কিস্তি) পরিশোধ করতে না পেরে মিলন বেগম (৫৫) নামে এক বিধবা গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি চৌদ্দগ্রাম পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের মৃত বিন্দু মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল কুদ্দস।

নিহতের প্রতিবেশীরা জানান, স্বামীহারা এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী মোসা: মিলন বেগম নিজ বাড়ীতে প্রায়সময়ই একাকী বসবাস করতেন। নিহতের পুত্রবধু বেশিরভাগ সময়ই তার বাবার বাড়ীতে থাকতো। নিহত মিলন বেগম তার একমাত্র মেয়ে মিনারা বেগমের স্বামী (মেয়ের জামাই) শান্ত এর বিদেশ যাওয়ার প্রয়োজনে টাকা হাওলাত চাইলে তিনি নিজ নামে চৌদ্দগ্রাম সাজেদা ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ৩ লাখ টাকা ও সিসিডি নামে অপর একটি এনজিও থেকে আরো ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ তুলে দেন। ঋণ উত্তোলনের শুরুর দিকে মিলন বেগমের মেয়ের জামাই শান্ত কয়েকটি কিস্তি পরিশোধ করলেও পরবর্তীতে সে সময়মত কিস্তি পরিশোধ না করায় এনজিও’র কর্মকর্তাগণ কিস্তি পরিশোধের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করেন। গত কয়েকদিন আগে মিলন বেগম মেয়ের জামাই এর বাড়ী উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পদুয়া গ্রামে গেলে বিষয়টি নিয়ে শান্ত ও তার পরিবারের সদস্যদের সাথে বাগবিতন্ডা হয়। তারা মিলন বেগমের উপর ক্ষিপ্ত হয়ে নানান কটুকথাও বলেন বলে শুনেছি। প্রচন্ড হতাশা নিয়ে মিলন বেগম নিজ বাড়ীতে ফিরে আসেন এবং ব্যাপক টেনশনে নির্ঘুম রাত কাটান বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ধীরে ধীরে তিনি আরো ডিপ্রেশনে পড়ে মঙ্গলবার সকাল অনুমান এগারটায় নিজঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশের কাছে খবর পৌঁছায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।’

চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ আটক ১

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা সহ মো: জাবেদ (৩৫) নামে চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল কাশেম প্রকাশ হাশেম এর ছেলে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ০১:৪৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম খাঁন ও সহকারী উপ-পরিদর্শক মো: হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁনপুর সাকিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তা মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ মো: জাবেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি নীল রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা সহ চিহিৃত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা সহ দেশের বিভিন্ন থানায় চারটি মাদকের মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

গত বছরের ২৮ অক্টোবর বিএনপি সাংবাদিকসহ বিভিন্ন মহলে হামলা করে পালিয়েছে। এসব অভিযোগে তাদের আটক করা হয়েছে। অপরাধ করেছে বলেই তারা তখন পালিয়েছে। বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে বিরোধী দলের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে সব দোষ সরকারের ওপর দেওয়া। আর যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে মানবাধিকার আর গণতন্ত্র নিয়ে নালিশ করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ৫৪ দলীয় ঐক্যজোটের হদিস নেই। পাগলের প্রলাপ বকে বিএনপি। অংশগ্রহণ না করেও নির্বাচনে জয় পায় তারা।

বর্তমান সংসদে বিরোধী দলের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সংখ্যার দিক দিয়ে সংসদে বিরোধী দল দুর্বল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লাগাম কবে টানা হবে–এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় দলের বিভিন্ন স্তরের সম্মেলন সফল করতে খুব শিগগিরই প্রক্রিয়া শুরু হবে বলে জানান ওবায়দুল কাদের।

কুমিল্লায় ইটভাটার বিরুদ্ধে অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা নাঙ্গলকোটে ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসন এর উদ্যোগে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এসময় দায়েমছাতি মেসার্স চৌধুরী ব্রিকসকে, ৪ লক্ষ টাকা, দৌলখার মেসার্স এ কে (কালাম) ব্রিকস ম্যানুফ্যাকচারকে ৪ লক্ষ টাকা, মৌকরার মেসার্স আজিজ ব্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানো হয়, কাঁচা ইট ধ্বংস করা হয় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন নাঙ্গলকোট থানা পুলিশ ও লাকসাম উপজেলা ফায়ার সার্ভিস।

সমুদ্র সৈকতে বঙ্গবন্ধু বীচ ও বীর মুক্তিযোদ্ধা বীচ নামকরণ করা হয়েছে

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগের প্রেক্ষিতে কক্সবাজার সমুদ্র সৈকতে বঙ্গবন্ধু বীচ ও বীর মুক্তিযোদ্ধা বীচ নামকরণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যার স্মারক নম্বর ৪৮.০০.০০০০.০০৫.১৪.০০৩.২২-৪৬।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ- কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়ার আবেদনের প্রেক্ষিতে সুগন্ধা বীচকে বঙ্গবন্ধু বীচ ও কলাতলির পাশে বীর মুক্তিযোদ্ধা বীচ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। তাদের সাথে সহযোগিতায় ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আপেল মাহমুদ , মহাসচিব শফিকুল ইসলাম বাবু।

কক্সবাজার সমুদ্র সৈকতে বঙ্গবন্ধু বীচ ও বীর মুক্তিযোদ্ধা বীচ নামকরণ করার লক্ষ্যে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

চৌদ্দগ্রামে ৫৪ কেজি গাজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আটক করে।

গত ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর মধ্য পাড়ার মৃত. লুতু মিয়ার বাড়িতত মোঃ জাহাঙ্গীর হোসেনের (৪০) বসত ঘরের ভিতরে হতে ৫৪ কেজি গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর হোসেনকে আটক করে।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

আরএসএফের প্রকাশিত প্রতিবেদন অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর : তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ২০২৩ সালের মে মাসে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে ভুল তথ্য আছে এবং সেখানে বাস্তবতার প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আরএসএফের প্রতিবেদন ও র‌্যাংকিং নিয়ে প্রেস ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আরএসএফের ওয়েবসাইটে যে প্রতিবেদন ও র‌্যাংকিং প্রকাশ হয়েছে, তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণের মধ্যে হতাশা আছে। ওয়েবসাইটে ভুল, অর্ধসত্য ও অপর্যাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশকে ১৬৩তম দেখানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে গণমাধ্যমের ক্রমবিকাশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য বর্তমান সরকারের অব্যাহত উদ্যোগকে অস্বীকার করা হয়েছে। দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার অবাধ স্বাধীনতার প্রকৃত চিত্রের বিপরীতে আরএসএফের মূল্যায়ন অগ্রহণযোগ্য, পক্ষপাতদুষ্ট এবং সত্যের বিচ্যুতি বলে সরকার মনে করে।

তিনি আরও বলেন, আরএসএফের ওয়েবসাইটে ছয়জন সাংবাদিক সিরাজুল ইসলাম রতন, আহমেদ খান বাবু, গোলাম মোস্তফা রফিক, খলিলুর রহমান, মোহাম্মদ আখতারুজ্জামান এবং এস এম ইউসুফ আলী সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে তারা আটক হয়ে জেলে আছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, তাদের নিয়ে আরএসএফের এ দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন।

ব্রিফিংয়ে তিনি বলেন, আরএসএফের প্রতিবেদনে প্রচুর ভুল, অর্ধসত্য, অসত্য তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশকে র‌্যাংকিং করা হয়েছে। এ ধরনের সূচক বা র‌্যাংকিংকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশের অনেকেই আমাদের সাথে কথা বলার সময় বলতে চান যে, আমাদের গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা নেই। এ র‌্যাংকিং পুনর্মূল্যায়নের জন্য আরএসএফকে দাপ্তরিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আরএসএফের বাংলাদেশ অধ্যায়ে বর্ণিত তথ্য অসম্পূর্ণ, অপর্যাপ্ত এবং বিভ্রান্তিকর। আরএসএফের দাবির বিপরীতে দেখা যায়, ২০০৯ সাল থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সরকারি গণমাধ্যমের চেয়ে বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেল সম্প্রসারণে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সরকারি সম্প্রচার মাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতার শিক্ষা, জনস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ জনগণের ক্ষমতায়নসহ উন্নয়নমুখী নানা অনুষ্ঠান ও সংবাদ প্রচার করে। জনকল্যাণে সরকার কর্তৃক বাস্তবায়িত সব উন্নয়ন কাজ জনগণের কাছেই তুলে ধরে এ দুটি সম্প্রচার মাধ্যম। ফলে সরকার ও জনগণের মধ্যে প্রতিনিয়তই সেতুবন্ধন তৈরি করছে বিটিভি ও বেতার। অথচ আরএসএফ রিপোর্টে উল্টোভাবে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে সন্ত্রাসী, মৌলবাদী ও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) চালু করে। তবে আইনের কিছু ধারা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে সরকার ডিএসএ বাতিল করে এর পরিবর্তে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) প্রণয়ন করে বাংলাদেশ সরকার। এই আইনে সংবাদ প্রকাশের সাথে সম্পর্কিত মানহানি মামলায় সাংবাদিকদের গ্রেপ্তারের পরিবর্তে আইনি তলব করার বিধান রাখা রয়েছে। আইনগত প্রেক্ষাপট নিয়ে আরএসএফের সর্বশেষ প্রতিবেদনের উদ্বেগ এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। এ বিষয়গুলো আরএসএফের পুনর্মূল্যায়ন করা উচিত এবং তার একটা প্রতিফলন তাদের পরবর্তী প্রতিবেদনে থাকা উচিত।

এ সময় তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা বজায় রাখতে বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তবে বর্তমান সরকার গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলায় বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, সাংবাদিকদের অধিকার রক্ষা ও তাদের মর্যাদা পুনরুদ্ধারে সাংবাদিক পরিচয়পত্র নীতিমালা-২০২২ চূড়ান্ত করেছে, ২০১৪ সালে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ গঠন করেছে। সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নয়নে, মানসম্মত বেতন ও জীবিকা নিশ্চিত করতে সরকার নবম ওয়েজ বোর্ড গঠন করেছে এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এ ভালো উদ্যোগগুলো আরএসএফের প্রতিবেদনে প্রতিফলিত হয়নি।

তিনি যোগ করেন, আরএসএফের সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান র‌্যাংকিং একবারেই বাস্তবতাবহির্ভূত। আরএসএফের এ ধরনের রিপোর্টকে পূর্ণাঙ্গ বলা যায় না। বাংলাদেশ সরকার চায় আরএসএফ বাস্তবতার প্রতিফলন ঘটাতে বাংলাদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরুক এবং যে প্রতিবেদন অর্ধ সত্য এবং ভুল তথ্যের ভিত্তিতে করা হয়েছে তার পুনর্মূল্যায়ন করুক।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা সত্য দিয়ে অসত্য মোকাবিলা করতে চাই। গণমাধ্যমের পরিবেশ নিয়ে যেখানে সত্যিই উন্নতি করার সুযোগ আছে সেখানে সরকার তা করবে। আমরা সত্যিকার অর্থেই আরএসএফের র‌্যাংকিংয়ে উপরে উঠতে চাই।

১১১ দিন কারাভোগের পর মুক্ত মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

১১১ দিন কারাভোগের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারামুক্ত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারামুক্ত হন তিনি।

তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ ঢাকা রেলওয়ে থানার এক মামলায় মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। ফলে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া ১১ মামলার সবগুলোতে জামিন পেলেন তিনি।

এদিকে মির্জা আব্বাসের জামিনের খবরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মির্জা আব্বাস বের হওয়ার পর তাকে বহনকারী গাড়ি ঘিরে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরদিন ১ নভেম্বর আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।

দেশের আদালতগুলোতে মাদক সংক্রান্ত ৮২ হাজার ৫০৭ মামলা বিচারাধীন : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বর্তমানে দেশের আদালতগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ৮২ হাজার ৫০৭টি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে গত ৫ বছরে এ সংক্রান্ত ১০ হাজার ২৫৯টি মামলা নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিচারিক আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক সংক্রান্ত বিচারাধীন মামলার à¦