All posts by jitu

নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ৪৩ ইউনিয়নে কোস্টগার্ড মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকার ৪৩টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে কোস্টগার্ড সদস্যদের নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় দেখা গেছে। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর ) বিকেলে সদর দপ্তর থেকে কোস্টগার্ড সদস্যদের দায়িত্ব ঝুঝিয়ে দেওয়াসহ সকল নির্দেশনা দেওয়া হয়।

খন্দকার মুনিফ তকি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। মোংলা পশুর নদী সংলগ্ন বানীশান্তা, দাকোব, বাজুয়া, লাউডোব এবং খুলনার তিলডাঙ্গা, পানখালী, কৈলাশগঞ্জ, সুতারখারী, কামারখালী ও কয়রার দক্ষিণ বেতকাশীসহ মোট ৪৩টি ইউনিয়নে দায়িত্ব পালন করবেন কোস্টগার্ড সদস্যরা।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের নিয়ে গঠীত প্রাচীনতম সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৯ ডিসেম্বর বিকাল ৪ টায় সমিতির নিজস্ব ভবনে কেক কাটা আলোচনা সভার মাধ্যমে উক্ত অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও সমাজসেবক মীর গুলজার এ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর এবং লক্ষীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডঃ আবু সিনা সৈয়দ তারেক। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির বর্তমান সভাপতি ইয়াকুব আলী তুষারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও রেক্টর মামসাদ আলম, সাবেক সভাপতি ও রেক্টর আব্দুল কাইয়ুম শিমুল,সাবেক সদস্য সাখাওয়াত হোসেন,সাবেক সভাপতি ও রেক্টর এবং কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সদস্য জহিরুল ইসলাম, সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকার, সাবেক সদস্য সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়চন্দ্র শীল, সাবেক সদস্য ওমর ফারুক সোহেল, বর্তমান সহ-সভাপতি আল আমিন হোসেন এবং সমিতির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন আজ থেকে ৩৬ বছর পূর্বে আমি সহ আমরা কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা মিলে এই সমিতি তৈরি করেছিলাম। সংগঠন তৈরীর উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করা। সকল জায়গায় জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। যারা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্ররা আছে তারা এখানে এসে বসবে বই পড়বে পত্রিকা পড়বে। কেননা জ্ঞানের বিকল্প কিছু নেই।

এ সময় তিনি আরো বলেন আমরা বিগত দিনে সমিতির ব্যানার থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অংশগ্রহণ করেছি। আমাদের এই সমিতির পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। যখন সারাদেশে কোভিড-১৯ ছিল। তখনো আমাদের সমিতির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ, ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন, হ্যান্ড গ্লাভস হ্যান্ড স্যানিটাজার, গ্যাস সিলিন্ডার সহ মানুষদেরকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।

আজকে যারা এখানে উপস্থিত হয়েছো তোমরা সবাই এখানে আসবে বই পড়বে। বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে শিক্ষার আলোকে গ্রাম গঞ্জে ছড়িয়ে দিবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এসব সামাজিক সংগঠনগুলো নিশ্চয়ই প্রশংসার দাবিদার রাখে। আমার কয়েকজন বন্ধু এই সংগঠনের সাথে জড়িত আছে আমিও চেষ্টা করব সংগঠনের সাথে জড়িত থাকার। তোমরা যারা সমিতির সাথে যুক্ত আছো সমিতির যেকোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবে। আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করব এবং এই সমিতির ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। আমি আশাবাদী এই সমিতির কর্মকাণ্ড শুধু কুমিল্লা নয় একদিন সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে।

১০ প্রার্থীকে নিয়ে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিল হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ প্রার্থীকে কবুতর প্রতীকে ভোটগ্রহণের সুযোগ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

গত ২৭ ডিসেম্বর এ সংক্রান্ত একটি আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। নির্দেশনাটি নির্বাচন কমিশনে পাঠিয়েছে আপিল বিভাগ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টি। আরশ আলী ও শাহাদাত হোসেন উভয়ে নিজেদের দলটির সভাপতি দাবি করছেন। জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির ১২ জন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু বিভক্তির কারণে ১২ ডিসেম্বর ইসি দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয়।

দলটির নিবন্ধন বাতিল ও প্রার্থিতা বাতিল বিষয়ে ১২ ডিসেম্বর ইসির গৃহীত পৃথক সিদ্ধান্তের বৈধতা নিয়ে এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশনা চেয়ে আরশ আলী মনোনীত ভূপেন্দ্র চন্দ্র ভৌমিকসহ ৭ জন প্রার্থী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। হাইকোর্ট দলটির নিবন্ধন বাতিল ও আগ্রহী প্রার্থীদের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন। রিট আবেদনকারীদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। ফলে দলটির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া স্থগিত হয় এবং ৭ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ইসি আপিল বিভাগে আবেদন করে, যা গত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন মনোনীত তিন প্রার্থী ইসির ওই আবেদনে পক্ষভুক্ত হতে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন জমা দেন। শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আদেশ দেন।

আদেশে বলা হয়, প্রার্থনা মতে- স্থগিতাদেশের উপর কোনো আদেশ প্রদান করা হলো না। পক্ষভুক্তির দরখাস্তুটি মঞ্জুর করা হলো। হাইকোর্ট বিভাগের প্রদত্ত অন্তবর্তীকালীন আদেশটি বহাল এবং সংশোধন করে নিম্নলিখিত ব্যক্তিদেরকে সংসদীয় আসনে ‘কবুতর’ প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হলো।

তবে, দলের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিরোধ পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে পারবেন বলে আদেশে জানানো হয়।

যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন

১. বুপেন্দ্র চন্দ্র ভৌমিক (১৬২, কিশোরগঞ্জ-০১), ২. মো. আসরাফ আলী (১৬৩, কিশোরগঞ্জ-০২), ৩. দেলোয়ার হোসেন ভূঁইয়া (১৬৪, কিশোরগঞ্জ-০৩), ৪. মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া (১৪, নীলফামারী), ৫. মিহির রঞ্জন দাস (২২৫, সুনামগঞ্জ-০২), ৬. মো. খাইরুল আলম (৭০, পাবনা- ০৩), ৭. মো.. মতিউর রহমান (১০০, খুলনা-০২), ৮. শাহাদাত হোসেন (১৮১, ঢাকা-০৮), ৯. মঞ্জুরুল ইসলাম (৩৯, বগুড়া-০৪) এবং ১০. হাফিজুর রহমান মিন্টু (১৭৮, ঢাকা-০৫)।

সূত্র: ঢাকা পোষ্ট

ইসরাইলি বিমান হামলায় নিহত ১১ ইরানি সেনা

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার রাজধানী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ইসরাইলি বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ১১ সেনা নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে বিশ্বস্ত একটি সূত্র সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, একটি সিনিয়র প্রতিনিধিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন সেনা সদস্যরা। ওই সময় এই বিমান হামলার ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হন। যদিও আইআরজিসি একে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে দক্ষিণ সিরিয়া এবং দামেস্কের কাছে ইসরাইলি বিমান হামলার কথা জানায়।

ইসরাইল খুব কমই সিরিয়াকে লক্ষ করে হামলার বিষয়ে মন্তব্য করে। তবে তারা বারবার বলেছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থনকারী ইরানের উপস্থিতি প্রসারিত করতে দেবে না। অন্যদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে সিরিয়ার বিমান প্রতিরক্ষা অবস্থান লক্ষ্য করে ও দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ইসরাইলি হামলা করে।

এই সপ্তাহের শুরুতে, আইআরজিসি একটি বিবৃতিতে বলেছিল যে সিরিয়ায় তাদের একজন শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার মো. জেনারেল সাইয়েদ রাজি মুসাভি ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একই দিনে একটি বার্তা জারি করে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরাইল ‘অবশ্যই এই অপরাধের জন্য মূল্য দিতে হবে’।

ইসলামিক বিপ্লবী গার্ডের যে ১১ সেনা নিহত হয়েছেন তারা সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোর দেখভালের দায়িত্বে ছিলেন।

প্রথম বলিউড হিরো হিসেবে নতুন মাইলফলক গড়লেন শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট:

২০১৮ তে শেষ ছবি ‘জিরো’ একেবারেই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। এরপর দীর্ঘ চার বছরের বিরতি।

২০২৩ সালে ফিরে এসে পরপর দুটি ব্লকবাস্টার ও একটি সুপারহিট ছবি দিয়ে ফের নিজের হারানো সিংহাসন ছিনিয়ে নিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সঙ্গে গড়লেন নতুন রেকর্ডও। তিনটি ছবি মিলিয়ে এক বছরে ২৫০০ কোটি টাকার ব্যবসা দিলেন অভিনেতা। বলিউডি হিরো হিসেবে এই প্রথমবার কোনো অভিনেতা এই মাইলফলক গড়লেন।

চলতি বছর জানুয়ারিতে ‘পাঠান’-এর হাত ধরে বলিউডে শুরু হয় শাহরুখ-রাজ। মুক্তির প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। অ্যাকশন লুকে শাহরুখকে দেখে চমকে গিয়েছিলেন দর্শকরা। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় হয়েছিল ১০৫০ কোটি টাকারও বেশি। এখানেই শেষ নয়। এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি কাজ, সঙ্গে আবার শাহরুখ! সিনেমাহলে দর্শক টানার জন্য যেন এটুকুই যথেষ্ট ছিল। এর পাশাপাশি ‘জওয়ান’ চমক দিয়েছিল গল্পেও।

ছবিটি শুধুমাত্র অন্যান্য বলিউডি মশালা ছবির মতো সাধারণ ছিল না। গল্পের মধ্যে প্রছন্নভাবে রাজনৈতিক বার্তাও ছিল। বর্তমান সময়ের বিভিন্ন সত্যি ঘটনা (কৃষক আত্মহত্যা, চিকিৎসার দুরাবস্থা) গল্পের মধ্যে জুড়ে দিয়েছিলেন অ্যাটলি। বিশ্বজুড়ে এই ছবির মোট আয় ছিল ১১৪৬ কোটি টাকা।

সবশেষে ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডানকি’। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এখনও অবধি ছবিটি বিশ্বজুড়ে ৩২৩.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। সবগুলোর ব্যবসা যোগ করলে দেখা যাবে, এ বছর শাহরুখ একাই ২৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছেন।

২ জানুয়ারির মধ্যে ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি

ডেস্ক রিপোট:

আগামী মঙ্গলবারের (২ জানুয়ারি) মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আলা উদ্দিন আল মামুন সকল সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ২ জানুয়ারির মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে পরিবর্তিত তারিখ প্রেরণ করে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন। তবে উচ্চ আদালত থেকে নির্দেশনা এলে এই সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। আর ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

ভোটগ্রহণের জন্য দায়িত্ব পালন করবেন ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন প্রিসাইডিং অফিসার, ২ লাখ ৮৭ হাজার ৭২২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন পোলিং অফিসার। মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে স্কুল, কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ করেছে ইসি।

‘টিআইবি মাঝে মাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয়’

ডেস্ক রিপোর্ট:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির মতো সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু সংস্থাটি মাঝে মাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয়।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামে এক বিবৃতিতে মন্ত্রী এ কথা বলেন। টিআইবির সাম্প্রতিক এক প্রতিবেদনকে ভিত্তি করে গণমাধ্যমে ‘আওয়ামী লীগের ৮৭ শতাংশ প্রার্থী কোটিপতি’ শিরোনামে সংবাদ এলে তথ্যমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে, গ্রামেও ৫ কাঠা জমির দাম ১ কোটি টাকা, আর ঢাকা ও চট্টগ্রাম শহরে ১ কোটি টাকার নিচে জমি নেই। অর্থাৎ দেশে বহু মানুষই কোটিপতি। এ নিয়ে টিআইবি আবার ব্যাখ্যা দিলে মন্ত্রী তার বিবৃতিতে বলেন, ‘জনগণ টিআইবির কথায় বিভ্রান্ত হয়নি। আমার বিশ্লেষণে তারা ঠিক বুঝতে পেরেছে যে, ‘কোটিপতি’ শব্দটি এখন বিশেষ কোনো ভার বহন করে না।’

পদ্মা সেতুতে কল্পিত দুর্নীতি নিয়ে টিআইবির নানা বিবৃতির কথা স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে না জানানোর পর টিআইবি বলেছিল- বিকল্প উৎস হতে পদ্মা সেতুর অর্থায়ন করতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা (দুর্নীতির অভিযোগ থেকে) দৃষ্টি সরানোর উপায় বলে মনে হতে পারে এবং যদি এ সিদ্ধান্ত সফলও হয় তাতেও সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে না।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগের পরেও টিআইবি মন্তব্য করেছিল যে, এখন অনেক দেরি হয়ে গেল, কয়েক মাস আগে বিশ্বব্যাংক যখন দুর্নীতির অভিযোগ আনল তখনই পদত্যাগ হওয়া উচিত ছিল। অথচ পরে কানাডার ফেডারেল আদালতে প্রমাণ হয়েছে, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। অর্থাৎ টিআইবির এসব বিবৃতি ছিল ভিত্তিহীন, মনগড়া।’

করোনা মহামারির সময়ও টিআইবি একের পর এক বিবৃতি দিয়েছে, যার অনেকটিই পরে ভ্রান্ত প্রমাণ হয়েছে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘দুর্নীতির নানা কল্পিত চিত্রের পাশাপাশি টিআইবি বলেছিল, দেশের ৭ দশমিক ৮ ভাগ মানুষ অর্থাৎ প্রায় দেড় লাখ মানুষ না কি করোনায় বিনা চিকিৎসায় মারা গেছে। অথচ এ সময় মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩০ হাজারেরও কম।’

পূর্ব উদাহরণ দিয়ে ড. হাছান আরও বলেন, ‘২০১৫ সালে টিআইবি আমাদের মহান জাতীয় সংসদকে সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলেছিল। আর তারা পেট্রোলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যার বিরূদ্ধে কোনো বিবৃতি দেয় না অথচ সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ কিল-ঘুষি খেলে বিবৃতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এগুলো রাজনৈতিক দলের মতো আচরণ।’

মন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রকে সংহত করতে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সুশাসনের জন্য টিআইবির মতো প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে। কিন্তু তাদের প্রতিবেদন-বিবৃতি যেন একপেশে তথ্যনির্ভর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়, সেটিই আমাদের প্রত্যাশা।

বিএনপির রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আর ওদের রাজনীতি মানুষ হত্যায়। তাদের কী মানুষ চায় বলেন? তাদের মানুষ চায় না।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি, তখন ওই বিএনপি-জামায়াত করে অগ্নিসন্ত্রাস। রেললাইনের ফিস প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে। রেলে আগুন দিয়ে পুড়িয়েছে। মা-সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে- এই অবস্থায় আগুনে পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আসে আগুন, গাড়িতে আগুন, ঠিক ২০০১ সালে শুরু করেছিল। এরপর ১৩-১৪ একই ঘটনা ঘটায়। এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই বিএনপি-জামায়াতকে।

শেখ হাসিনা বলেন, আজকে আমি বরিশালে উপস্থিত হয়েছি। ৭ জানুয়ারি নির্বাচন, সেই লক্ষে এখানে উপস্থিত হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শূন্য হাতে বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু করেছিলেন। তিনি যখন দায়িত্ব নেন তখন মাথাপিছু আয় ছিল ৯১ ডলার। তিনি দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যে তা ২৭৭ ডলারে উন্নীত করেন। তিনি অসহায়দের জন্য অকাতরে সব বিলিয়ে দেন। কিন্তু ১৯৭৫ সালে জাতির জনককে হত্যা নয় মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল। এরপর অবৈধভাবে জিয়া, এরশাদ ক্ষমতায় আসে। তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ১৯৯৬ থেকে ২০০১ উন্নয়নে দেশের সোনালী সময় ছিল। দুর্ভাগ্য চক্রান্ত করে ২০০১ সালে আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। বরিশালে নেতাকর্মীদের যে নির্যাতন করা হয়েছিল তা অবর্ননীয়। ২০০১ থেকে ২০০৬ ছিল মানুষের সবচেয়ে বড় অন্ধকার যুগ। বরিশাল থেকে ২৫ হাজার লোক গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছিল।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিএনপির দুঃশাসনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আমাদের ক্ষমতায় রেখেছে। আজ ২০২৩ সাল, আমরা বদলে যাওয়া বাংলাদেশে। আজকে দুর্ভিক্ষ নেই, মঙ্গা নেই। যে মানুষ একবেলা খেতে পারতো না। তারা তিন বেলা খেতে পারছে। বই বিনামূলে বিতরণ করছি। অসহায়দের ভাতা দিচ্ছি। আজকে ১০ কোটি মানুষ উপকারভোগী। আমরা বিশেষ প্রণোদনা দিয়ে শিল্প কলকারখানা চালিয়ে আসছি। ১০ টাকায় কৃষকরা অ্যাকাউন্ট খুলতে পারে। ১ কোটি ২ লাখ কৃষক অ্যাকাউন্ট খুলে ভর্তুকির টাকা পাচ্ছে।

তিনি আরও বলেন, বরিশাল এক সময় ছিল শস্য ভান্ডার। আবার আমরা সেই ভান্ডারের সুনাম ফেরাতে সাইলো নির্মাণ করছি।

‘রঙ্গনা’ দিয়ে পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি নিজের জন্মদিনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরেন ঢালিউডের নন্দিত চিত্রনায়িকা শাবনূর। দেশে ফিরেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

জানা গেছে, সিনেমাটির নাম ‘রঙ্গনা’। পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। এই সিনেমা দিয়েই দীর্ঘদিন পর নতুন বছরের শুরুতে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।

এদিকে প্রথমবারের মতো ‘রঙ্গনা’ সিনেমা পরিচালনা করছেন আরাফাত। এর আগে বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে শাবনূরের বিপরীতে কাকে নেওয়া হচ্ছে এই সিনেমায় তা এখনই খোলাসা করেননি এই নির্মাতা।

আরাফাত বলেন, থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনো তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নতুন সিনেমা দিয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সঙ্গীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

ফাউল করে লালকার্ড পেয়ে বিএনপি পালিয়ে গেছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। খেলা হবে। বিএনপি কোথায়? পালিয়ে গেছে। তো কার সঙ্গে খেলব? ১৮৯৬ জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লালকার্ড পেয়ে পালিয়ে গেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের, পল্টনের ফাঁদে বিএনপির একদফা। বিএনপির একদফা ভুয়া, ভুয়া। বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপির আগুন সন্ত্রাস ভুয়া। ৩২ দল, ২৮ দফা ভুয়া। খেলা হবে। জোরদার খেলা হবে। বঙ্গবন্ধুকন্যা বসে আসে বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে। ৭ জানুয়ারি বিজয়ের বন্দরে শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌঁছাবো।

তিনি বলেন, বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি। এখন বরিশাল শেখ হাসিনার ঘাঁটি। ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা কোনো নেতা স্বীকার করেন না কিন্তু শেখ হাসিনা স্বীকার করে ইশতেহারে ঘোষণা দিয়েছেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা। জনগণ আামাদের শক্তি। কারো হুমকিতে শেখ হাসিনা শেখ রেহানা ভয় পান না। ৭ জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে।

জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ জনসভায় সভাপতিত্ব করেন।