All posts by jitu

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মাহিয়া মাহিকে তলব

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপাকে (মাহিয়া মাহি) তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে তলব করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যার (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত) মো. আবু সাঈদ মাহিয়া মাহিকে তলব করেন।

মাহিকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আপনাকে জানানো যাচ্ছে যে, গত ১৪ ডিসেম্বর ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ‘প্রার্থিতা ফিরে পাওয়ার পর রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু করে দিয়েছেন মাহি। ১৪ ডিসেম্বর মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় তিনি নিজ এলাকা রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে জনসাধারণের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।’

চিঠিতে আরও বলা হয়েছে, এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে গোচরীভূত হয়েছে যে, আপনি গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান।

ওই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন, যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে বলে উল্লেখ করে অনুসন্ধান কমিটি।

এই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘনের দায়ে কেন বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে মাহিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইরানের পুলিশ পোস্টে হামলা, ১১ পুলিশ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট:

ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরের একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদিল। এতে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।

অন্যদিকে, ইরানি পুলিশ সদস্যদের গুলিতে কয়েকজন হামলাকারীও নিহত হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
শুক্রবার সকালের দিকে ঘটা এ হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে বেশ কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছে। তবে নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করা হয়নি।

ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জইশ আল আদিলের হাইকমান্ড।
ভৌগলিক বিচারে ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এই প্রদেশেরই একটি অংশ বেলুচিস্তান প্রদেশ, যা আয়তনের হিসেবে পাকিস্তানের চারটি প্রদেশ ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়।

ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যতিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্ত শহর ও গ্রামগুলোতে বেশ ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে। এছাড়া দুই দেশের অস্ত্র ও মাদক সরবরাহকারীদের কাছেও রুট হিসেবে সিস্তান-বেলুচিস্তান ও বেলুচিস্তানের সীমান্তপথ বেশ জনপ্রিয়।

সূত্র: প্রেসটিভি

নৌকার লোকেরা আমার জন্য এখন পুরোদমে খাটবে: শাহজাহান ওমর

ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

ইসি থেকে বেরিয়ে সাংবাদিকদের বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান ওমর বলেন, আগে মার্কা ধানের শীষ ছিল। এবার প্রতীক নৌকা নিয়ে ভোট করবো। আমি তো আশাবাদী। মানুষ ব্যক্তি শাহজাহান ওমর ও প্রতীক দুইভাবেই আমাকে ভোট দেবে। আওয়ামী লীগের ভোট আমি সবসময়ই পাই।

তিনি আরও বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা আপনারা জানেন, আমি বরিশাল বিভাগের কমান্ডার ছিলাম। আমাকে আওয়ামী লীগের লোকেরা, তাদের সন্তানেরা, ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে। এটা নতুন কী, এখন পুরোপুরি খাটবে। আগে অর্ধেক খাটতো।

নিজের মনোনয়নের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা হলফনামার অভ্যাস আমার নাই। এভ্রিথিং রিটেন, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন, ওনারা মিথ্যা বলেছেন। ছোটবেলা থেকে নির্বাচন করছি প্রতিক্রিয়া কী দেবো। আবার ভোট করবো, দেখা যাক কী হয়।

সিইসি এবার ভোট কেমন করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাবিবুল আমার জানাশোনা। হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি উইথ মি। পরে ওখান থেকে এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি হয়েছে। হি ইজ ভেরি ক্যাপাবল অফিসার। উনার আমলে সুষ্ঠু ভোট হবে, আমি আশাবাদী।

ভোটারদের কেন্দ্রে প্রতিহত করলে কী হবে এমন প্রশ্ন তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যদি কেউ জোর জবরদস্তি করে, আইনের অপপ্রয়োগ করে গায়ের জোর দেখায়। আমরাও তো একেবারে দুর্বল পার্টি না। ডামি প্রার্থীরা কেন দাঁড়াতে পারবে না, আই ওয়েলকাম দেম। জনগণ তাদের ভোট দিলে আমি তাদের স্যালুট করবো।

টিআইবি বিএনপির শাখা হয়ে গেছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি বিএনপির শাখা হয়ে গেছে।

‘বাংলাদেশে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না’- বৃহস্পতিবার টিআইবির এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একদিকে সন্ত্রাস সহিংসতা হচ্ছে, অন্যদিকে ভয়ঙ্কর গুজবের ডালপালা বিস্তার করা হচ্ছে। মানবাধিকারের প্রবক্তা টিআইবি বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করছে না উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনকে অংশগ্রহণমূলক করার ব্যবস্থা আওয়ামী লীগ সমর্থন করেছে। নির্বাচন কমিশনকে কোনোভাবে প্রভাবিত করছে না আওয়ামী লীগ।

সুষ্ঠু নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ-এমনটি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন গণতন্ত্রের প্রাণ। সরকারি দল হিসেবে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আওয়ামী লীগের দায়িত্ব। যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইরান ৩৩ দেশের নাগরিকদের জন্য যে সুখবর দিল

ডেস্ক রিপোর্ট:

ইরানে ভিসা ছাড়াই ৩৩ দেশের নাগরিকদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মূলত বিশ্ববাসীর সামনে ইরানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্পবিষয়ক মন্ত্রী ইজ্জাতোল্লাহ জারঘামি। খবর রয়টার্সের।

ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া ৩৩ দেশের মধ্যে রয়েছে— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ভারত, রাশিয়া, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিশিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, ব্রুনাই, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনিজুয়েলা, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া ও বেলারুশ।

এ বিষয়ে মন্ত্রী ইজ্জাতোল্লাহ জারঘামি বলেন, প্রথমত এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে এই বার্তা দিতে চাই যে, আন্তর্জাতিক পর্যটকদের স্বাগত জানানোর জন্য ইরান প্রস্তুত।

দ্বিতীয়ত আমরা মনে করি বর্তমানে বিশ্বজুড়ে যেভাবে ‘ইরানভীতি’ ছড়িয়ে পড়ছে, তা প্রতিহত করতে এ পদক্ষেপ সহায়ক হবে।’

ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এ সংখ্যাকে ৪৫-এ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইজ্জাতোল্লাহ আরও জানান, তার মন্ত্রণালয় ৬০ দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সুপারিশ করেছিল, কিন্তু সরকার সেগুলোর মধ্যে থেকে ৩৩ দেশকে মঞ্জুর করেছে।

এদিকে আগামী ১৯ ডিসেম্বর থেকে ইরানের মুসল্লিরা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে আসতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। দীর্ঘ আট বছর পর মক্কায় ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ইরানিরা। কারণ সৌদি ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় টানাপোড়েনের কারণে ইরানের যাত্রীদের ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করেছিল দেশটির সরকার।

৮৫ কোটি টাকায় বিক্রি হলো লিওনেল মেসির জার্সি

ডেস্ক রিপোর্ট:

কাতার বিশ্বকাপে গায়ে দেওয়া লিওনেল মেসির ৬টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। নিলামে জার্সিগুলোর দাম উঠেছে ৭৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৮৫ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।

গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কের সোথবি’স নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। তিন দফায় দাম বেড়ে পরে ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়।

মেসির ৬টি জার্সির মধ্যে একটি জার্সি তিনি ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে গায়ে দিয়েছিলেন। বাকি জার্সিগুলোর ২টি জার্সি গ্রুপপর্বের ম্যাচে গায়ে জড়িয়েছিলেন তিনি। একটি জার্সি দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার (২-১ গোলে জয়) বিপক্ষে, আরেকটি কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারের সময় এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার (৩-০ গোলে জয়) বিপক্ষে গায়ে দিয়েছিলেন।

মনে করা হয়েছিল, মেসির জার্সিগুলো ক্রীড়া সংশ্লিষ্ট নিলামের সকল রেকর্ড ভেঙে দিবে। কিন্তু সেটি আর হয়নি। খেলাধুলার নিলামের ইতিহাসে সবচেয়ে বড় নিলামটি হলো ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের।

ওই নিলামটিতে বাস্কেট বল তারকা মাইকেল জর্ডানের জার্সি বিক্রি হয়েছিল। ১৯৯৮ সালে এনবিএ ফাইনাল ম্যাচে গায়ে দেওয়া তার জার্সিটি ২০২২ সালে এসে নিলামের মাধ্যমে বিক্রি হয়। একই বছর আরেক আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার জার্সি বিক্রি হয়েছিল ৯২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে।

এর আগে চলতি বছরের নভেম্বরে বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলার ঘোষণা দেন মেসি। তার বিক্রিত জার্সির অর্থের কিছু অংশ স্পেনের বার্সেলোনার একটি হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য প্রদান করা হবে।

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা। ম্যাচে ৩-৩ সমতায় থাকার পর রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত দিলে সেখানে জয় পায় আর্জেন্টিনা।

এবার অক্ষয় কুমার কিনলেন ক্রিকেট টিম

ডেস্ক রিপোর্ট:

বলিউডের অনেক সুপারস্টারের অভিনয়ের পাশাপাশি ক্রিকেটের প্রতিও প্রচুর আগ্রহ রয়েছে। অনেক সেলিব্রিটি ক্রিকেট দলের মালিকও। এর মধ্যে শাহরুখ খান থেকে শুরু করে জুহি চাওলা এবং প্রীতি জিন্তার নাম। এবার সেই তালিকায় যোগ হলো বলিউডের খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমারের নামও।

অক্ষয় কুমারও ক্রিকেট দলের মালিক সুপারস্টারদের লিগে যোগ দিয়েছেন। অভিনেতা সম্প্রতি নতুন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে শ্রীনগর দল কিনেছেন, এটি T10 ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৪ সালের ২ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে।

এ বিষয়ে অক্ষয় কুমার বলেন, ‘আইএসপিএল এবং শ্রীনগর দলের অংশ হতে পেরে আমি মুগ্ধ। এই টুর্নামেন্টটি ক্রিকেট বিশ্বে একটি গেম-চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি দেয় এবং আমি এই অনন্য ক্রীড়া প্রচেষ্টার অগ্রভাগে থাকার জন্য উন্মুখ’।

অক্ষয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। অভিনেতাকে আগামীতে দেখা যাবে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে। এছাড়া, রোহিত শেট্টির ‘সিংহাম অ্যাগেইনে’ ক্যামিও রোলেও দেখা যাবে তাকে। সব ঠিক থাকলে ২০২৪ সালের ক্রিসমাস উপলক্ষে মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘ওয়েলকাম ৩’।

কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘প্রথমেই শহীদ বুদ্ধিজীবীদের ও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানায়। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর যখন পাকিস্তান হানাদার বাহিনীরা আত্মসমর্পণের দ্বারপ্রান্তে তখন হানাদার বাহিনীরা নীল নকশা তৈরি করে সিদ্ধান্ত নেয় বাঙালি যেন কখনোই মাথা তুলে দাঁড়াতে না পরে। তাই তো তারা এই নৃশংস হত্যাকাণ্ড চালায় বাঙালি বুদ্ধিজীবীদের উপর। ফলে এখনো আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গা অসম্পূর্ণ রয়ে গেছে। বঙ্গবন্ধু বিরোধীদলের নেতার প্রতি শ্রদ্ধা জানাতেন, তবে আজ আমরা এই শ্রদ্ধা জানাতে পারছি না, আমরা পক্ষাবলম্বন করছি। আমরা চিত্তবান না হয়ে বিত্তবান হতে চাই। বিত্তের চেয়ে চিত্তের সুখ বেশি। আমরা বঙ্গবন্ধু ও শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উজ্জীবিত হতে পারলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আগে যেমন বুদ্ধিজীবীরা ছিল এখনো আছে। তবে তাঁরা ছিলেন নীতিবান, প্রকৃত দেশপ্রেমিক আর এখন আমরা বৃত্তের দিকে ধাবিত হচ্ছি। বঙ্গবন্ধু বুদ্ধিজীবীদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতেন ঠিক তেমন তাঁর কন্যাও। বুদ্ধিজীবীদের সাথে ছাত্রদের ছিল গভীর সম্পর্ক। এখন বুদ্ধিজীবীরা তাদের জায়গা হারিয়ে ফেলছে। আমরা প্রগতির দিকে হাটবো, প্রকৃত দেশপ্রেমিক হবো, থাকবে না কোনে পিছুটান। যদি এই কাজ করতে পারি তাহলে বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। আমাদের নৈতিকতা ঠিক রাখতে হবে। এই দিনটা শুধু দেশে না দেশের বাইরেও পালিত হয়। আমাদের সব কিছু কথায় না বরং কাজে-কর্মে প্রমাণ দিতে হবে। বৃত্তের দিকে ধাবিত না হয়ে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক জায়গায় এগিয়ে নিতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক- শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বীরের কণ্ঠে বীর কাহিনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় অত্র কলেজ মিলনায়তন উক্ত দিবসটি পালন করা হয়।

অনুুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রাশেদা রহমান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরী।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে রাশেদা রহমান বলেন, ১৯৭১ সালে বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোসররা। মূলত বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই তারা এমন নারকীয়তা চালিয়েছিলো। কিন্তু এসব অপশক্তির সে স্বপ্নসাধ পূরণ হয়নি।বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বয়ংসম্পূর্ণ জাতি। তাই আগামীতে বাংলাদেশবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সর্বশেষ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ ও সঞ্চালক ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো.আবু জাহেদ।

বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব এখন পঞ্চমুখ: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বাংলাদেশ পৃথিবীর কাছে একটি গর্বিত জাতি। বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব পঞ্চমুখ। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যারা স্বাধীনতা চায়নি। স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে। যুদ্ধ করেছে পাকিস্তানিদের হয়ে। সেই জামায়াতে ইসলামিকে তারা (বিএনপি) সঙ্গে নিয়ে অপরাজনীতি করছে। অপরাজনীতি দেশে না থাকলে দেশ আজ বহুদূর এগিয়ে যেতে পারত।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বাংলাদেশ পৃথিবীর কাছে একটি গর্বিত জাতি। বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব পঞ্চমুখ। অথচ বাংলাদেশে এখনও সাম্প্রদায়িক রাজনীতি হয়। যেই স্বপ্ন এঁকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছিলেন, আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে একে একে শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

১৯৭১ সালে স্বাধীনতা লাভের দুদিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আল শামস ও রাজাকাররা জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ডের মাত্র দুদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করে ও পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।