All posts by jitu

আইপিএল তারকাকে ভারতের চেয়ে বেশি টাকা দিচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

বিশ্বের কোটিপতি লিগ হিসেবে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর্থিক দিক থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) থেকে যোজন যোজন এগিয়ে আইপিএল।

পিএসএলের এক মৌসুমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যা আয় করে, ভারত তার থেকে বেশি টাকা আয় করে আইপিএলের একটি ম্যাচের সম্প্রচার থেকে।

কিন্তু গত বছর আইপিএলের শিরোপাজয়ী গুজরাটের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা আফগান তারকা নুর আহমেদকে নিলামে ৩০ লাখ টাকায় কেনে গুজরাট। এবারও তাকে ধরে রেখেছে গত আসরে প্রথমবার অংশ নিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলটি।

নুর আহমেদকে পিএসএলের আসন্ন নবম আসরে সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে ৮৭ লাখ ২৫ হাজার টাকায় কিনেছে পেশোয়ার জালমি। তার মানে আইপিএলের থেকে পিএসএলে খেলে ৫৭ লাখ ২৫ হাজার টাকা বেশি পাবেন নুর।

আইপিএলের গত আসরে গুজরাটের হয়ে ১৩ ম্যাচে ১৬টি উইকেট শিকার করেছেন নুর আহমেদ। তিনি আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭১ ম্যাচে ৭৪টি উইকেট শিকার করেন।

প্রসঙ্গত, এবার আইপিএলের নিলাম হবে ১৯ ডিসেম্বর। দুবাইয়ে অনুষ্ঠিতব্য নিলামে ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে।

৬ শতাধিক পুলিশ সদস্য বদলিতে ইসির অনুমোদন

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ পরিদর্শকসহ বাহিনীর ৬ শতাধিক সদস্য বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

চিঠিতে বলা হয়, ১৪ পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, এসআই এবং এএসআই মিলে মোট ১০৫ পুলিশ কর্মকর্তা এবং ৫৩১ জন নায়েক ও পুলিশ কনস্টেবল বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি। সে হিসাবে মোট ৬৩৬ পুলিশ সদস্য বদলির অনুমোদন দিল সংস্থাটি।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। নির্বাচনি প্রচার শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে প্রচার শুরুর আগেই বদলির কাজ শেষ করতে চায় সংশ্লিষ্ট দপ্তর।

জানা গেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসন ও পুলিশে বড় ধরনের রদবদল করতে সরকারকে চিঠি দিয়েছিল ইসি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এ চিঠি দেওয়া হয়। দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে গত ৩০ নভেম্বর পৃথক চিঠি দেয় কমিশন। ওই চিঠিতে এক বছরের বেশি সময় থাকা ইউএনও এবং ছয় মাসের বেশি সময় থাকা ওসিদের বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়।

আরও জানা গেছে, বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ-সদস্যদের বেশিরভাগই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন। মাঠপ্রশাসন ও পুলিশের অনেক কর্মকর্তা একই জায়গায় দীর্ঘদিন থাকার কারণে তাদের অনেকের সঙ্গে সখ্য তৈরি হয়েছে। এ অবস্থায় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন এ পদক্ষেপ নিয়েছে।

সংসদ নির্বাচন: পাঁচদিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪৪ জন। নামঞ্জুর হয়েছে ৫২ জনের আপিল। সিদ্ধান্ত হয়নি চারজনের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম দিনের মতো এ শুনানি হয়। এই পাঁচদিনে মোট ২৫৭ জন তাদের প্রার্থিতা ফিরে পেলেন।

ইসি জানায়, এর আগে প্রথম দিনে ৫৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। সেখানে ৩২ জনের আপিল নামঞ্জুর হয়। এরপর দ্বিতীয় দিনে ৫১ জনের মঞ্জুর ৪১ জনের নামঞ্জুর হয়। তৃতীয় দিনে এসে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। চতুর্থ দিন ৪৮ জন প্রার্থিতা ফিরে পান।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা পড়ে। ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানিতে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

১৫ বিরোধী এমপিকে ভারতের লোকসভা থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পার্লামেন্টের নিম্মকক্ষ লোকসভার বিরোধী দলীয় ১৫ এমপিকে বহিষ্কার করা হয়েছে। লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে বৃহস্পতিবার তাদের বহিষ্কার করা হয়। চলমান অধিবেশনের বাকি সময়ের জন্য তাদের বহিষ্কার করেছেন স্পিকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বরখাস্ত ওই ১৫ এমপির মধ্যে অন্তত ৯ জন কংগ্রেসের। দুজন সিপিএম, দুজন ডিএমকে ও একজন সিপিআই দলের। তাদের মধ্যে কংগ্রেসের মানিকম ঠাকুর এবং ডিএমকে কানিমোঝিও রয়েছেন।

বুধবার টিএন প্রথাপন, হিবি ইডেন, যোথিমনি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোস কুরিয়াকুস— এই পাঁচ কংগ্রেস এমপিকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।

লোকসভার নিরাপত্তা লঙ্ঘন করে দুই বিক্ষোভকারী আইনপ্রণেতাদের টেবিলের ওপর উঠে ছোট ক্যানিস্টার স্প্রে করে। এতে সেখানে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় সরকারের বিবৃতি দাবি করে স্লোগান দেয় বিরোধীরা।

প্রসঙ্গত, চলমান শীতকালীন অধিবেশন ৪ ডিসেম্বর শুরু হয়েছিল। আগামী ২২ ডিসেম্বর এটি শেষ হবে।

কংগ্রেসের রাজ্যসভার সদস্য কেসি ভেনুগোপাল স্থগিতাদেশকে ভয়াবহ ও অগণতান্ত্রিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল খালেদা জিয়াকে: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ হত্যার পরিকল্পনা করে তারা কোন গণতন্ত্র দেবে? এটা মানুষ বোঝে বলেই তাদের আন্দোলনে সাড়া দেয় না। এরা গণতন্ত্রের কথা বলে কোন মুখে। হত্যাকারীরা কখনও গণতন্ত্রের জন্য কাজ করে না।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজিত ‌জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি-জামায়াত) নাকি গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করবে, গণতন্ত্র বানান করতে পারে? যারা জ্বালাও-পোড়াও করে, রেললাইন উপড়ে ফেলে তারা পরাজিত শক্তির দোসর। এদের না বলুন। এদের রাজনীতি করার অধিকার নেই।

তিনি বলেন, খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল। এক বার নয়, দুই বার বিদায় নিতে হয়েছিল। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। আমি বলেছিলাম গ্যাস পাবে না। আল্লাহ-তায়ালাও যখন সম্পদ দেয়, মানুষ বুঝে দেয়। সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই।

বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত কুতথ্যে ‘ডিপ ফেক’ বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের ঘটনায় ও নির্বাচনে ‘ডিপ ফেক’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ফাইন্যান্সিয়াল টাইমস টুডের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেন, বলা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার সরকার আসন্ন ডামি নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভুয়া খবর, ভুয়া ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ব্যবহার করে একটি পরিকল্পিত প্রচারণা চালিয়েছে। এ প্রতিবেদনের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের অবস্থান জানাতে পারেন?

জবাবে মিলার বলেন, আমরা বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য, ভুয়া খবর দেখেছি। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো পরিচালনা এবং প্রভাবিত করার জন্য এআই ব্যবহারের বিশ্বব্যাপী উদ্বেগজনক প্রবণতার অংশ।

মিলারকে প্রশ্ন করা হয়, আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনি প্রচারণা ব্যতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার তথাকথিত নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে কারাগারে বন্দি করে রাখায় বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার ডেপুটি দাবি করেন, তারাও যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারবেন। সরকার গঠনের পর সরকারকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?

জবাবে মিলার বলেন, হাজার হাজার বিরোধীদলীয় সদস্যকে গণগ্রেফতার এবং কারাগারে নির্যাতনের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়ানোর আহ্বান জানাচ্ছি। সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই সবাই অবাধে প্রাক-নির্বাচন ও নির্বাচনি পরিবেশে অংশগ্রহণ করতে পারে— এমন পরিবেশ তৈরি করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এটা আমাদের বিশ্বাস যে, একটি সুস্থ গণতন্ত্র ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর থেকে উপকৃত হয়।

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, অনেকেই বাংলাদেশ নিয়ে প্রশ্ন তুলছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের নতুন কোনো খবর আছে কি?

তিনি বলেন, আজ ঘোষণা করার মতো নতুন কোনো নিষেধাজ্ঞা আমার নেই। নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়ার আগে তা প্রকাশ না করা আমাদের দীর্ঘদিনের অভ্যাস।

লাকসামে দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৮

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম খিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লাকসাম উপজেলার খিলা বাজারে সড়কের পাশে একটি মালবাহী লরি দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী জোনাকি এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা এক যুবক মারা যান। এ সময় আহত হন বাসের আরও ৮ যাত্রী। আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানায়, এ ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাস ও লরিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যাবে

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে কোনো বাধা নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের কাজে বাধা না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি করতে পারবে।

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা বলেন তিনি। ইসি আলমগীর আরও বলেন, সভা-সমাবেশ বন্ধের চিঠিতে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়নি। শান্তিপূর্ণ সভা সমাবেশে কোনো বাধা নেই। সেটার অনুমতি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনে বাধা দেয়া বা প্রতিহত করা অপরাধ। এ ধরণের সভা-সমাবেশ করা যাবে না সেটাই আমরা চিঠিতে লিখেছি।

এর আগে, গতকাল মঙ্গলবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা-সমাবেশ না করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচনী কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দেন আউয়াল কমিশন।

কুমিল্লা চকবাজারে মাইকিং করে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বাজার নিয়ন্ত্রণে মাইকিং করে ৮৫ টাকায় কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। একদিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা কম পাওয়ায় লাইন ধরে পেঁয়াজ কিনছেন ক্রেতারা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর চকবার এলাকায় এই চিত্র দেখা গেছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। কোথাও কোনো সংকট নেই। দু-একদিনের মধ্যে দাম আরও কমবে। যার কারণে সকাল থেকে মাইকিং করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীরা আরও জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিলে যার লাগবে এক কেজি, সে কিনেছে এক বস্তা। এতে বাজারে প্রভাব পড়েছে। আর এরই সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। এখন দেশি পেঁয়াজ ওঠা শুরু হয়েছে। আশা করি দাম আরও কমবে।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, আমার ঘোষণা দিয়েছিলাম ১০০ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করবো। নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় দামও কমেছে। এখন কারো অতিরিক্ত পেঁয়াজ কেনার প্রয়োজন নেই। আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরও কমবে। প্রতিদিনই ৫-১০ টাকা করে কমতে থাকবে। আমরা কুমিল্লার মানুষকে কথা দিয়েছিলাম কম দামে পেঁয়াজ খাওয়াবো। সেই কথা রাখতে পেরেছি।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে নগরীর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। এর পরদিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নগরীতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে অংশ নেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকনসহ অন্যান্য নেতারা।

এসময় আতিক উল্যাহ খোকন ঘোষণা করেন বুধবার (১৩ ডিসেম্বর) থেকে সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। প্রয়োজনে মাইকিং করে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি হবে। এ ঘোষণার পরই বুধবার মাইকিং করে ৮৫ টাকায় কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

ডেস্ক রিপোর্ট:

পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে বলে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে জানানো হয়েছে।

আমিরাতে ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজানের মাসের শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।

• ২০২৪ সালে রমজান মাস শুরু হবে কবে?
আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, দেশটিতে ২০২৪ সালে রমজান মাসের শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। ওই সময় সংযুক্ত আরব আমিরাতে বসন্ত ঋতু শুরু হয়। যে কারণে সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে। রমজান মাসে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

• রোজার সময়কাল কী হবে?
২০২৩ সালের তুলনায় আগামী বছর আমিরাতে রোজার সময় কম হবে। আইএসিএডির তথ্য অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রথম দিন আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট ধরে খাদ্য ও পানীয় থেকে বিরত থাকবেন। তবে মাসের শেষের রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছাবে। এর আগে ২০২৩ সালে দেশটিতে ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজার সময় ছিল।

• রমজানের শেষ কবে?
আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৯ এপ্রিল।

• ২০২৪ সালে ঈদুল ফিতর কবে?
রোজা শেষে বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়। ২০২৪ সালে ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশটির বাসিন্দারা লম্বা সরকারি ছুটি পাবেন। দেশটির সরকার ইতিমধ্যে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল (৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল) পর্যন্ত সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছে। এর সাথে শনিবার ও রোববার (১৩ ও ১৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি যোগ হবে। ফলে আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতরে ছয় দিনের ছুটি পাবেন।

সূত্র: খালিজ টাইমস।