All posts by jitu

প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনের রেজাল্ট আনতে হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দেশ, জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি-জামায়াত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানুষকে জিম্মি করে রাজনীতি করে। বিএনপি-জামায়াতের কর্মসূচি মানেই যানবাহনে আগুন, সহিংসতা, চোরাগোপ্তা হামলা। গতকালও (সোমবার) বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে। আমরা বলতে চাই, সহিংসতা করে সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা যাবে না। তারা যদি মনে করে, সহিংসতা করবে আর সরকার বসে থাকবে তা হবে না। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাকে নির্বাচনের বিপক্ষে যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আসার জন্য ইতোমধ্যে অনেকে বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক টেকনিক্যাল কমিটি ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে এবং নির্বাচন পর্যন্ত তারা থাকবে। ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি, আরব লীগ পর্যবেক্ষক পাঠাবে। পর্যবেক্ষক আরও আছে সেটা শিগগিরই জানা যাবে।

তিনি আরও বলেন, নির্বাচনে ইসি বলেছে সেনাবাহিনী কতদিন থাকবে। আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করার বিপক্ষে। বাংলাদেশের সংবিধানে নির্বাচনে তাদের কি ভূমিকা তা লিপিবদ্ধ আছে। তাদের টাস্কফোর্স হিসেবে নির্বাচন কমিশন যখন যেখানে প্রয়োজন দায়িত্ব প্রদানের অনুরোধ করবে। এ বিষয়ে আমরা আর বলতে চাই না।

ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আছে, তাদের বলা হয়েছে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। বলপূর্বক বা ফ্রি স্টাইলের কোনো নির্বাচনের ভূমিকা কেও নেবে না। প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক যাকে বলে, সেটা গণতন্ত্রেরই বিষয়। তারা প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা করতে পারবে। সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। এতে আমাদের শরিকদের কারো কোনো আপত্তি থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি স্বতন্ত্র প্রার্থীরা থাকবে।

নির্বাচনে আওয়ামী লীগ কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকশনে বিনা প্রতিযোগিতায় কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বী যেই হোক তার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা জাতীয় পার্টির সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আজও জাতীয় পার্টি নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিবের সঙ্গে কথা হয়েছে। আমাদের আলোচনা অব্যাহত আছে।

জাতীয় পার্টিকে কোন আসন ছেড়ে দেওয়া হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা তাদের করতেই হবে। অপ্রতিদ্বন্দ্বিতা হিসেবে সিট ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের আসতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের বিজয়ী ঘোষণা করা হবে? প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনের রেজাল্ট আনতে হবে।

আওয়ামী লীগের প্রার্থীরা তো স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কথা বলছে– এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এখানে স্বস্তি-অস্বস্তির কোনো কিছু নেই। আমাদের সংসদীয় দলের প্রধান ও জোটের প্রধান যেটা বলেছেন, সেটার ব্যাপারে কারো কোনো অস্বস্তি থাকলে বিচার-বিবেচনা করার সুযোগ নেই। এটা অলরেডি সেটেল হয়ে গেছে।

তিনি বলেন, কাউকে সহিংসতা করতে দেওয়া হবে না। সে আওয়ামী লীগ হোক, স্বতন্ত্র হোক। কেউ গায়ের জোরে কিছু করতে পারবে না, সে সুযোগ নেই।

দল থেকে স্বতন্ত্র দাঁড় করানো গঠনতন্ত্র বিরোধী কি না– এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগেরটা আগে, আজকেরটা আজকে, আগামীকালেরটা আগামীকাল। পরিস্থিতি ও বাস্তবতার নিরিখে আমরা মূল্যায়ন করি। এটাই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা।

৪৭/১১ ধারা অনুযায়ী আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কোনো বিষয়ে কোনো জটিলতা দেখা দিলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তিনি (প্রধানমন্ত্রী) ব্যবস্থা নিতে পারেন। দেশের সার্বিক গণতন্ত্র যেখানে সংকটের মুখে, বিএনপিসহ বিরোধী দল গণতন্ত্রের প্রতি, নির্বাচনের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আমাদের সভাপতির বিশেষ দায়িত্ব পালনের সুযোগও আমাদের গঠনতন্ত্রে রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, চাওয়া-পাওয়ার হিসাব তো এখনো হয়নি। আমরা পলিটিক্যাল বিষয়ে আলোচনা করেছি। কীভাবে নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। নির্বাচনটা যাতে সুন্দরভাবে, পিসফুল পরিবেশে হয়, যেহেতু তারা পার্টিসিপেন্ট, সেজন্য তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সমন্বয়ের ব্যাপারে কথা হচ্ছে। এখানে অন্য কোনো বিষয় নেই। আরেকটা কথা বলা হচ্ছে, রওশন এরশাদ বিরোধী দলের নেতা। তাদের দলীয় অভ্যন্তরীণ যে সংকট সেটার সঙ্গে আমাদের কিছু নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশন অনেকের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। এখন নির্বাচন কমিশন যদি কাউকে দুর্নীতিবাজ মনে করে, সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে তারা মন্তব্য করবে। ইলেকশন করতে পারছে মানে এ লিগ্যালি পার্টিসিপেটরি। যদি দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়, অনুমতিপ্রাপ্ত কাউকে তো এই মুহূর্তে আপনি দুর্নীতিবাজ বলতে পারেন না।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী প্রমুখ।

র‍্যাবের ৪২২ টহল দল সারা দেশে মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সারা দেশে র‍্যাবের ৪২২ টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু মাত্র ঢাকায় ১৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৩০টি টহল দল সহ সারা দেশে ৪২২ টি টইল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

তিনি আরও জানান, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচরে ভোলা থেকে ঢাকাগামী দুটি লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় চাঁদপুরের হাইমচর উপজেলায় চর ভৈরবী এলাকায় মেঘনা নদীতে লঞ্চ এমভি সুরভী-৮ লঞ্চের সঙ্গে ভোলা টিপু- ১৪ লঞ্চের সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় সোহেল নামে এক যুবক নিহত হন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ওসমান আলি ফরাজি বাড়ির বাসিন্দা সেলিম ফরাজির ছেলে।

এম.ভি সুরভী-৮ লঞ্চের স্টাফ রাসেল বলেন, কাল রাতে টিপু-১৪ লঞ্চটি আমাদের লঞ্চকে ধাক্কা দেয়। এতে লঞ্চটির কেবিনে পেছনের অংশ ভেঙে যায়। এ ঘটনায় আমাদের লঞ্চে থাকা সোহেল নামে এক ব্যক্তি আহত হন। পরে তিনি মারা যান।

এ বিষয়ে হাইমচরের নীল কমল নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খান বলেন, ৯৯৯ নাম্বারে এম.ভি সুরভী-৮ লঞ্চ থেকে আমাদের ফোন করা হয়। একটি অজ্ঞাতনামা লঞ্চ তাদের লঞ্চটি ধাক্কা দিয়ে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়া জন্য তাদের ফোন করলে তারা জানায় এম.ভি সুরভী-৮ লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। তবে একজনের মৃত্যুর বিষয়টি আমার জানা নাই।

ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কাল সন্ধ্যা ৬টা সদর ঘাট থেকে ছেড়ে আসে টিপু-১৪ লঞ্চটি। রাত সাড়ে ১০টায় ভোলা ছাড়ে ঢাকাগামী লঞ্চ এমভি সুরভী-৮। চাঁদপুরের হাইমচরে টিপু-১৪ লঞ্চটি সুরভী-৮ লঞ্চটিকে ধাক্কায় দেয়। এ ঘটনায় এক যাত্রী আহত হন। পরে তার মৃত্যু হয়। সুরভী-৮ লঞ্চটি এবং নিহত সোহেলে মরদেহ এখন সদর ঘাটে আছে।

রাজধানীর গুলিস্তানে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সোয়া ১০টা নাগাদ আগুন নির্বাপণ করা হয়।

এর আগে সোমবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে বাসে আগুন দেওয়ার সময় মোহাম্মদপুরে দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। তারা যুবদল কর্মী বলে জানিয়েছে পুলিশ। ঢাকার বাইরেও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দেবিদ্বারে ‘নিজের লোক’ দিয়ে নৌকার বিরুদ্ধে আপিল!

 

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর মনোনয়নকে চ্যালেঞ্জ করেছেন একই আসনের গণফ্রন্টের প্রার্থী মো:  আলাউদ্দিন। এই আপিল নিয়ে চলছে নানা রকম আলোচনা। নৌকার সমর্থকরা মনে করছেন ‘হাতের লোক’ দিয়ে নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছেন এই আসনের স্বতন্ত্র এক প্রার্থী।

গণফ্রন্টে’র প্রার্থী মো আলাউদ্দিন এর রাজনৈতিক আমলনামা বিশ্লেষণ করে দেখা যায়, রাজনৈতিক দল হিসেবে তিনি ভানী ইউপি কৃষকলীগের আহবায়ক। একাধিক রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে দেখা যায় আলাউদ্দিন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর অনুসারী। বিভিন্ন-মিটিং মিছিলের ছবিতেও দেখা গেছে তিনি আবুল কালামের ছায়া ঘেঁষা ছিলেন।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, নৌকা প্রতিক তথা আওয়ামী লীগকে বিতর্কিত করতেই গণফ্রন্টের প্রার্থী আলাউদ্দিনকে দিয়ে আদালতে মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে আপিল করানো হয়েছে।

দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম (ওমানী) বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা রাজী ফখরুলকে নৌকা দিয়েছেন। আবুল কালাম আজাদ সারা বছর মিটিং মিছিলে নৌকার পক্ষে কাজ করবেন বলে, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিরোধিতা করছেন। একজন আওয়ামী লীগ নেতা হিসেবে এটা কি ঠিক? গণফ্রন্টের প্রার্থীর মাধ্যমে শেখ হাসিনার নৌকাকে বিতর্কিত করতেই রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে আপিল করিয়েছেন বলে মনে হচ্ছে’।

এ বিষয়ে জানতে গণফ্রন্টের প্রার্থী মো:  আলাউদ্দিনের মুঠোফোনে জানান, আদালতে সব বিষয় উল্লেখ করে আবেদন করেছি । ১৫ তারিখের আগে কোন কথা বলতে পারবো না। তবে এক সময় তিনি  ইউপি কৃষকলীগের রাজনীতি করতেন বলে জানান।

এই বিষয়ে  জানতে  সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

দুই দিনে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেলেন

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে দুই দিনের শুনানিতে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুনানি শেষে এমন তথ্য পাওয়া গেছে।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় দিনে ১শ’জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১টি। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

এদিকে রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ১শ’টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয়। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩শ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।

আগামী ১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে আওয়ামী লীগ বিজয় র‍্যালি করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

সোমবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথসভায় তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকালে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাতে সভাপতিত্ব করবেন। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ।

সিডিবিএ দ্বিতীয় টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগ: প্রথম ম্যাচে এমিকাস রেঞ্জার্সের জয়

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা আইনজীবি সমিতির (সিডিবিএ) উদ্যোগে দ্বিতীয় টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে ডায়নামিক-ল-ইয়ার্সকে ২৩ রানে হারিয়েছে এমিকাস রেঞ্জার্স ।

ব্যাংটিয়ে ১৮ রান এবং বোলিংয়ে ৩ উইকেট নিয়ে এমিকাস রেঞ্জার্স দলের এডভোকেট শিমুল ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা গোমতী নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লীতে দ্বিতীয় টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন খেলার প্রধান অতিথি কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন।

কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আহসান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিপি এড. মোঃ জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. মো: আবু তাহের।  এ সময় প্রবীণ আইনজীবি এড. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

খেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কুমিল্লা জেলা আইনজীবি সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. কাজী আব্দুল কাইয়ুম (মিন্টু)।

উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৭৬ রান করেন এমিকাস রেঞ্জার্স দল। দলের পক্ষে এড. শিমুল ১৮ রান, এড. ইসমাইল ১২ রান, এড.নুরনবী ৫ রান, এড. এনামুল ৪ রান করেন এবং এড. মেহেদী ১ রান করেন। এড. বাবু, এড. আনোয়ার ও এড.আজহার ০ রানে আউট হন। অতিরিক্ত থেকে এসেছে ৩৫ রান। ডায়নামিক-ল-ইয়ার্স এর বোলার এড. মাজেদ হ্যাটট্রিক করেছেন। এড. অমিত ও এড. সোহেল একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ডায়নামিক-ল-ইয়ার্স ৫৩ রানে অলআউট হয়ে যান। দলের পক্ষে মিঠু ১ রান, জাকির ১৩ রান, খালেদ ৫ রান, সোহেল ৮ রান, সুমন ২ রান, দিপু ২ রান, অমিত ১ রান, মাজেদ ৬ রান, নয়ন ১ রানে আউট হন। এমিকাস রেঞ্জার্স দলের পক্ষে শিমুল ৩ উইকেট, বাবু ৩ উইকেট পান।

খেলায় মিডিয়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন এড. রিয়াদ ওবায়েদ উল্লাহ।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল

ডেস্ক রিপোর্ট:

আগেই বলা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর শুরু হবে। সোমবার বিপিএল শুরুর দিনক্ষণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের সূচি প্রকাশ করে বিসিবি। এক মাসেরও বেশি সময়ব্যাপী চলা এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ১ মার্চ।

গতবারের মতো এবারও খেলা হবে তিনটি ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে গতবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স।

আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। ২৬ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিলেট পর্ব। এরপর দলগুলো ফের ঢাকায় ফিরবে। ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকার দ্বিতীয় পর্ব। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে খেলার পর বাকি অংশের জন্য আবার ঢাকায় ফিরবে দলগুলো।

বরাবরের মতো এবারও দিনে থাকছে দুটো করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। তবে শুক্রবার খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা পর।

এদিকে বিপিএলের আগের ৯ আসরের মধ্যে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তিনবার ঢাকা এবং একবার করে জিতেছে রংপুর ও রাজশাহী।

নোয়াখালীতে মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ১, উদ্ধার ৬

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী হাতিয়ায় বালুবাহী বলগেটের ধাক্কায় মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৬ জেলে জীবিত উদ্ধার হলেও মৃদুল চন্দ্র দাস (২৫) নামে এক জেলে নিখোঁজ হন।

গতকাল রবিবার রাতে উপজেলার নলচিরা ঘাটের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মৃদুল নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের হরি বন্দু দাসের ছেলে।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানান, গতকাল রাতে তারা ‘বেহুন্দি জাল’ বসানোর জন্য নদীতে অবস্থান করছিল। তখন পশ্চিম দিক থেকে আসা একটি বলগেট তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায়।

নৌকায় থাকা ৭ মাঝি মাল্লার মধ্যে ৬ জন সাঁতারে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। রাতের অন্ধকারে তাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, নিখোঁজে জেলের খোঁজে সকাল থেকে স্বজনরা নদীতে তল্লাশি করছে। নৌপুলিশের একটি টিম নদীতে অবস্থান করছে।

এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা বলেন, ‘নিখোঁজ জেলের সন্ধানে কাজ করছে নৌপুলিশের একটি টিম। নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। ইতোমধ্যে ধাক্কা দেওয়া বলগেটটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’