All posts by jitu

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।

এ বছর প্রথম ভূকম্পন অনুভূত হয় গত ১৬ ফেব্রুয়ারি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের পাশাপাশি কেঁপে ওঠে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলাও। ৩ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পে জানমালের তেমন ক্ষতি হয়নি।

গত ২৫ ফেব্রুয়ারি মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। দেশটির আয়াবতি ও রাখাইন রাজ্যের পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারেও ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

চট্টগ্রামে গত ৩০ এপ্রিল ৪ দশমিক ৬ মাত্রার কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল অক্ষাংশ ২২ দশমিক ৯৩ ডিগ্রি উত্তর, দ্রাঘিমা ৯৪ দশমিক ১৯ ডিগ্রি পূর্ব মিয়ানমারের মাউলাইকে। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার।

গত ৫ মে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

গত ৫ জুন ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বঙ্গোপসাগরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে।

গত ১৬ জুন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ, মাত্রা ছিল ৪ দশমিক ৫।

গত ১৪ আগস্ট সিলেটে ফের ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই সঙ্গে ঢাকাসহ কয়েকটি জেলায়ও এটি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল আসামের মেঘালয়, গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

ঠিক ১৬ দিনের মাথায় অর্থাৎ ২৯ আগস্ট সিলেট মহানগরীর আশপাশে ফের মৃদু কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তাপুরে।

গত ৯ সেপ্টেম্বর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ৪ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হানে। আসামে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের সিলেট জেলাও। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৬৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের আসামের কাছাড়ে।

১৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলা দল।

শুক্রবার (১ ডিসেম্বর) কুমিল্লা স্টেডিয়ামে কুমিল্লা জেলা দল ও ফেনী জেলা দলের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ ম্যাচে ফেনী জেলা দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দিত কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। এর অগে গত মঙ্গলবার প্রথম সেমি ফাইনালে চট্টগ্রাম জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে কুমিল্লা জেলা দল।

শুক্রবার ফাইনালে ফেনী জেলা দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪২ ওভার ৩ বল খেলে ৯২ রানে অলআউট হয় ফেনী জেলা দল। কুমিল্লা জেলার পক্ষে মুশফিকুর ৯ ওভার বল করে ১৬ রান দিয়ে ৫টি উইকেট নেয়। ৯৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৪ বল খেলে ৫ উইকেটে জয় পায় কুমিল্লা জেলা দল। ম্যান অফ দ্যা ফাইনাল হয় কুমিল্লা জেলা দলের মুশফিকুর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর কুমিল্লা ভেন্যুর খেলা গত ১৫ নভেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল ও রানার্সআপ ফেনী জেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর শামিম ফারুকী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, ফেনী জেলা দলের কোচ রিয়াজ উদ্দিন রবিন, কুমিল্লা জেলা দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির। ফাইনাল ম্যাচে আম্পায়ার ছিলেন কাজী শামিম ও আল আমিন ভূইয়া।

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফের ব্যাপক গণসংযোগ

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

শুক্রবার (১ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে রাত পর্যন্ত উপজেলার নবাবপুর বাজার, জয়দেবপু, গনিপুর, বাড়েরা, চিলোড়া এলাকায় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। মুনতাকিম আশরাফ টিটু চান্দিনা আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার মরহুম অধ্যাপক আলী আশরাফ এর ছেলে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন , শ্রম বিষয়ক সম্পাদক কাউন্সিলর আবদুর রব, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ্, সাধারণ সম্পাদক ওদুদ মুহুরি, কেরনখাল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মো. হারুন অর-রশিদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, সহ-সভাপতি মোবারক হোসেন ভূইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা তাঁতী লীগ সভাপতি মো. আবদুল হালিম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরকে ৩-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে মাত্র ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এরপরর জোড়া গোল করেন তহুরা খাতুন।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

কোচ সাইফুল বারী টিটুর অধীনে মেয়েদের এটা প্রথম জয়। সাফের শিরোপা এনে দেওয়ার পর কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রব্বানী ছোটন।

বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে।

খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডিফেন্ডার আফিদা খাতুন হেডে গোল নিশ্চিত করেন।

১৬ মিনিটে মাঝমাঠ থেকে মারিয়া মান্ডা দুইজনকে কাটিয়ে বল দেন তহুরা খাতুনকে। তহুরা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৬০ মিনিটে লম্বা শট নিয়েছিলেন মাসুরা পারভীন। বক্সের ভেতরে উড়ে আসা সেই বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্লেসিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তহুরা।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা (স্বপ্না রানী), সানজিদা আক্তার (শামসুন্নাহার জুনিয়র), মারিয়া মান্ডা, রিতু পর্না চাাকমা (শাহেদা আক্তার রিপা) তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন (আকলিমা।

ফিলিস্তিনিদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ জাতিসংঘ: ইরান

ডেস্ক রিপোর্ট:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিরআবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তাদের এ ব্যর্থতার অন্যতম কারণ হলো ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমিরআবদুল্লাহিয়ানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ভিসা দেওয়ায় বিলম্বের কারণে ইরানি প্রতিনিধি দলের পক্ষে বৈঠকে যোগ দেওয়া সম্ভব হয়নি। খবর ইরনা নিউজের।

কিন্তু এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, আমাদের সাহসের সঙ্গে স্বীকার করে নিতে হবে ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রশ্নে আইনগত ও নৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। তাছাড়া ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতেও কোনো পদক্ষেপ কার্যকর করতে দিচ্ছে না মার্কিন প্রশাসন। এটি আসলে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ ব্যবস্থার জন্য একটি নৈতিক ব্যর্থতা এবং বিবেকের অবমূল্যায়ন।

জাতিসংঘের পক্ষ থেকে শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে নিরাপত্তা পরিষদ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

এদিকে টানা সাত দিনের যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে তিন ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে ওই হামলা চালানো হয়। অপরদিকে গাজার উত্তরাঞ্চলে হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আল আহলি হাসপাতালের চিকিৎসক ড. ফাদেল নাইমের বরাত দিয়ে এএফপির এক খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

চান্দিনায় শুরু হামলা-হুমকি প্রদান, স্বতন্ত্র প্রার্থীর পক্ষের আ’লীগ নেতাকে রক্তাক্ত জখম

স্টাফ রিপোর্টার:

এখনো প্রতীক বরাদ্দ হয়নি। শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এর আগেই উত্তপ্ত হয়েছে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের মাঠের পরিবেশ।এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর পক্ষে কাজ করায় মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মফিজুল ইসলামের উপর হামলা করে হত্যার চেষ্টা করা হয়েছে । এ সময় তাকে মারধর করে রক্তাক্ত করা হয়। স্থানীয় মানুষ ছুটে আসায় মফিজুল ইসলাম প্রাণে রক্ষা পায় বলে স্থানীয় সূত্র জানায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি প্রদান, টিটুর লোকজনের ক্রিকেট টুর্ণামেন্ট বন্ধ করা, বিভিন্ন পরিচয়ে ডেকে নিয়ে টিটুর সঙ্গ ত্যাগ করার জন্য হুমকি প্রদান অব্যাহত রয়েছে , যা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অন্তরায় বলে স্থানীয়রা মনে করেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে কেরখাল ইউনিয়নের ডুমরিয়া ব্রিজ পার হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম ওই সময় উপস্থিত ছিলেন। পরে মফিজুল ইসলাম বাড়ি ফেরার পথে যখন কেরনখাল ইউনিয়নের ডুমরিয়া ব্রিজ পার হচ্ছিলেন তখন শাহজাহানের নেতৃত্বে আরো ৪/৫ জন মফিজুল ইসলামের উপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে হকিস্টিক দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। পিস্তল ঠেকিয়ে গুলি করারও চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা ছুটে আসায় হামলাকারিরা চলে যায়। মফিজুল ইসলামের পরিবার এখন আতংকে রয়েছেন।

এর আগে ৭ নভেম্বর চান্দিনার মহিচাইলে আওয়ামী লীগের শান্তি মিছিল করার প্রাক্কালে এমপি প্রাণ গোপাল মুঠোফোনে এই আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে হুমকি দেন। ওই সময় সাংসদ ডা. প্রাণ গোপাল মুঠোফোনে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে বলেন-টিটুর (চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটু) কি মিছিল বের করতাছো মহিচাইল বাজারে ? তখন মফিজুল ইসলাম উত্তরে বলেন- টিটুর না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিছিল বের করতাছি। তখন এমপি প্রাণ গোপাল আবার বলেন- মিছিলে টিটুর নাম উচ্চারিত হয়, একবারও যাতে না শুনি। টিটুর নামে যদি কোন শ্লোগান হয়, তাহলে এটার জবাব আমি তোমার কাছ থেকে নিবো। এটা আমার শেষ কথা। তখন মফিজুল ইসলাম বলেন- স্যার, আমার অপরাধ কি ? তখন এমপি প্রাণ গোপাল আবার বলেন- তুমি টিটুর নামে কেন শ্লোগান দিবা ? তখন মফিজুল ইসলাম বলেন- টিটু তো আওয়ামীলীগ করে, আমি আওয়ামী লীগ করি এবং আপনি আওয়ামী লীগ করেন। আপনি তো আমারে একসেপ্ট (গ্রহণ) করেননি।আমি এখনো দলেই আছি। আমার অপরাধটা কি ? তখন এমপি ডা. প্রাণ গোপাল রাগান্বিত হয়ে বলেন- অপরাধটা টের পাইবি, টের পাইবি, আমি আসতাছি কিছুক্ষণ পরেই। এই বলে ফোন কেটে দেন এমপি ডা. প্রাণ গোপাল।

এছাড়া মফিজুল ইসলামের উপর হামলার নেতৃত্বদানকারি শাহজাহানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাস এলাকাজুড়ে আতংক ছড়িয়েছে। শাহজাহানের ফেসবুক স্ট্যাটাস হল: “ ৭ দিন সময় যারা আওয়ামী লীগ করেন, বরকইট ইউনিয়নের নৌকার পক্ষে কাজ শুরু করেন, না হয় ভয়াবহ অবস্থা হবে ।”

এদিকে উপজেলার বাতাঘাষি ইউনিয়নে মুন্তাকিম আশরাফ টিটুর অনুসারি ছাত্রলীগের নেতৃবৃন্দ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করায় খেলা বন্ধ করে দেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসন, এমন অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে। জুয়া-মাদক বন্ধ না করে খেলা বন্ধ করার বিষয়টি সর্বমহলে ক্ষোভের সৃষ্টি করেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব রয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতা আহাম্মেদ ফয়সাল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন : আজকে সাতগাঁও শর্ট বাউন্ডারি নাইট টুর্নামেন্ট মুন্তাকিম আশরাফ টিটু ভাইয়ের কর্মী উদ্বোধন করার কারণে খেলা শুরু হওয়ার মাঝপথে অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রশাসনের হস্তক্ষেপে খেলা বন্ধ করে দেওয়া হয়। ধিক্কার জানাই এমন কর্মকাণ্ডে!

ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রাজিন বেপারী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন : আজকে সাতগাঁও শর্ট বাউন্ডারি নাইট টুর্নামেন্ট মুন্তাকিম আশরাফ টিটু ভাইয়ের অনুসারি ছাত্রলীগ কর্মী উদ্বোধন করার কারণে খেলা শুরু হওয়ার মাঝপথে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপে খেলা বন্ধ করে দেওয়া হয়। ধিক্কার জানাই এহেন কর্মকাণ্ডে! কেন খেলা বন্ধ করা হলো তার জবাব চাই? জুয়া খেলা বন্ধ না করে কেন ক্রিকেট খেলা বন্ধ করা হলো?

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, এমপি প্রাণ গোপাল ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটু দুইজনেই আওয়ামী লীগ করেন। আমাদের শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন যারা পায় নি, তাদের জন্য স্বতন্ত্র প্রার্থীর পথ খোলে দিয়েছেন। তিনি একটি স্বচ্ছ, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চান। তাই মুন্তাকিম আশরাফ টিটুও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি তো বিএনপি-জামায়াত না। টিটু সাহেবের পিতা প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশ্রাফ কয়েক যুগ এই চান্দিনার সেবা করেছেন। আমরা তার অনুসারি। এটা কি আমাদের দোষ। এভাবে হামলা-হুমকি দিলে তো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে না। আমাদের মনে হয় না এখানে সুষ্ঠু নির্বাচন হবে। বিভিন্ন পরিচয় দিয়ে আমাদের অনেককে টিটুর পক্ষে কাজ না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে । এখনো প্রতীক বরাদ্দ হয়নি, প্রচারণা শুরু হয়নি। এমন অবস্থা বিরাজ করলে সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব না। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাহাবুদ্দিন খান জানান, আওয়ামী লীগ নেতার উপর হামলার বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। এমনকি খেলা বন্ধসহ কোন বিষয়ে সুস্পষ্ট কোন অভিযোগ আমি পাইনি। পাইলে তদন্ত করে ব্যবস্থা নিবো।

ট্রফির ওপর পা তোলা নিয়ে মুখ খুললেন মিচেল মার্শ

ডেস্ক রিপোর্ট:

ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরপরই ভিন্ন কারণে সংবাদ শিরোনাম হয়েছিলেন মিচেল মার্শ। বিয়ার হাতে ট্রফির ওপর পা তুলে উদযাপন করছেন মার্শ-এমন ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। বিশেষ করে ভারতীয় সমর্থকদের শিরোপার স্বপ্নভঙ্গের ‘কাটা গায়ে নুন’ ঢেলে দিয়েছে যেন মার্শের এমন ভঙ্গির পোজ। অনেকের মতে, সীমা ছাড়িয়ে গেছেন।

ভারতের ক্রিকেট ভক্তদের অনুভূতিতে আঘাত করেছেন মার্শ এমন অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন এক ভারতীয়। যাকে নিয়ে এতসব কাণ্ড, সেই মার্শ এতদিন চুপই ছিলেন। ১১ দিন পর সেই ছবি নিয়ে মুখ খুললেন অজি অলরাউন্ডার। জানালেন, তিনি ট্রফিটিকে অসম্মান করতে চাননি।

সেই ছবি প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে মার্শ বলেন, ‘বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনো বাসনা আমার ছিল না। আমি ভাবিইনি ওই ছবি নিয়ে কিছু। তবে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে বলে শুনেছি। আমি খুব একটা সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। আমাকে অনেকে বলেছে যে, ছবিটি ভাইরাল হয়ে গেছে। এর বেশি কিছু না।’

মার্শের ট্রফিকাণ্ডে ব্যথিত হয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিও। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি অত্যন্ত হতাশ। যে ট্রফি জেতার জন্য সবাই লড়াই করছে, যে ট্রফির জন্য স্বপ্ন দেখে সবাই; সেই ট্রফির ওপর পা দিয়ে থাকা কখনোই সমর্থনযোগ্য নয়।’

ভারতের মাটিতে ফেভারিট ভারতকে হারিয়েই ষষ্ঠবার বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ট্রফি নিয়ে স্বভাবতই ব্যাপক হুল্লোড় চলে অজি ড্রেসিংরুমে। দলের সবাই উৎসবে মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে একাধিক ছবি। তবে সব ছাপিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে মার্শের পায়ের নিচে রাখা বিশ্বকাপ ট্রফির ছবিটি ঘিরেই।

মাহিয়া মাহি-মমতাজের সঙ্গে লড়তে চান ২৫ প্রার্থী

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার ।

এদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন দুই হাজার ৭৪১ জন। এতে অংশ নিয়েছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে লড়তে চান ২৫ প্রার্থী।

মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর ও সদরের একাংশ) মনোনয়নপত্র দাখিল করেছেন মমতাজ বেগম। এই আসনে মমতাজের সঙ্গে লড়তে চান ১৪ প্রার্থী।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে তার সঙ্গে আরও ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। শেষমেশ তিনি তার নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তানোরে শুধু মাহির নানাবাড়িই নয়, এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা।

মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন সোহাগ (২৫) ও সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনের শাহাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন ওরফে সুমন (২২)।

শুক্রবার (১ ডিসেম্বর) এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত রাত ১১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম পেশায় একজন শিক্ষানবিশ নার্স। তার সাথে বাড়ির পাশের একটি পোল্ট্রি খামারের শ্রমিক সুবর্ণচর উপজেলার বাসিন্দা সুমনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রেমিক সুমন মুঠোফোনে কল করে প্রেমিকাকে গোপনে পোল্ট্রি খামারে ডেকে নেয়। এরপর তারা সেখানে শারীরিক সম্পর্কে জড়ায়। তখন খামারের অপর শ্রমিক মোশারফ হোসেন সোহাগ তাদেরকে দেখে ফেলে। এরপর সোহাগ কৌশলে ভিকটিম এবং তার প্রেমিককে সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে সোহাগ ভিকটিমের প্রেমিকের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মুরাদনগর আসনে আ’লীগ, জাপা ও স্বতন্ত্রসহ ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মুরাদনগর প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থীসহ ১৪জন মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী ইউসুফ হারুন এফসিএ’র পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি
চেয়ারম্যান কাজী আবুল খায়েরসহ নেতাকর্মীরা। মনোনয়নপত্র জমা প্রদানকারী অন্যান্য প্রার্থীরা হলেন, জাহাঙ্গীর আলম সরকার (আ’লীগের বিদ্রোহী, স্বতন্ত্র), আলমগীর হোসেন (জাতীয় পার্টি), বসির আহাম্মদ (কৃষক শ্রমিক জনতালীগ), বেনজির আলম (জাকের পার্টি) কাজী নজরুল ইসলাম (স্বতন্ত্র), মনিরুজ্জামান (তরিকত ফেডারেশন), শরিফুল আলম চৌধুরী (গনফ্রন্ট), ফোরকান উদ্দিন (ন্যাপ), মো: সাজ্জাদুল হোসাইন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), রফিকুল ইসলাম সরকার (স্বতন্ত্র), মো: আমিনুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), রুহুল আমিন (স্বতন্ত্র), বাছির মিয়া (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)। আ’লীগের মনোনয়ন না পাওয়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কুমিল্লা-৩ মুরাদনগরে আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ন্যাপসহ মোট ১০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও জাহাঙ্গীর আলম সরকার আ’লীগের
বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিভিন্ন দলীয় প্রার্থী ১০জন ও স্বতন্ত্র পদে ৪জনসহ মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।