All posts by jitu

কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ায় প্রথম দিনে ৫জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামিলীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ৫জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর বুড়িচং উপজেলা থেকে ৪জন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে ১জন।

সোমবার ২৭ নভেম্বর বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাহিদা আক্তারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় পরিষদের নির্বাহী ও কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব আল্লামা পীরজাদা মুফতী বাকী বিল্লাহ আল আযহারী ও আব্দুল জলিল।

ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন ১জন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খাঁন চৌধুরী।

চৌদ্দগ্রামে আবারও নৌকার মাঝি হলেন মুজিবুল হক

ফখরুদ্দীন ইমন:

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রতিবারের ন্যায় এইবারও সংসদীয় এলাকা-২৫৯, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকার মাঝি হলেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক মুজিব।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ০৪নং শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এক মুসলিম পরিবারে ১৯৪৭ সালে ৩১ মে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রজ্জব আলী ও মাতা মরহুমা সোনাবান বিবি। মুজিবুল হক মুজিব ১৯৬৫ সালে স্থানীয় বিএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ১৯৭০ সালে বি.কম পাশ করেন এবং আয়কর আইনজীবি হিসেবে কর্মজীবন শুরু করেন। স্কুল জীবন থেকেই তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি ভীষণ অনুরাগি ছিলেন।

বঙ্গবন্ধুর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে মুজিবুল হক মুজিব ছাত্রলীগে যোগদান করে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর তিনি ১৯৬৯ এর গণ অভ্যত্থান, ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৮০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৯৯৬ সালে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন ও ২০০১ সালে সরকার বিরোধী যুগপৎ আন্দোলন সহ দেশের সকল আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখেন।

এরই মধ্যে তিনি যুবলীগে যোগদান করেন এবং বিভিন্ন পর্যায়ে সংগঠনের নেতৃত্ব দেন। পর্যায়ক্রমে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের পর সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দুই মেয়াদে পালন করে আসছেন। ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ মনোনীত হন। পরে একসময় তিনি জাতীয় সংসদের ধর্ম মন্ত্রী ও রেলপথ মন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন।

চৌদ্দগ্রামে ৩৮৫ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার মিরশানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো: উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল গফুর এর ছেলে মো: হাশেম (২৬) ও একই গ্রামের মো: মিলন এর ছেলে এমরান হোসেন সাইফুল (৩১)।

এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটো-রিকসা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (২৬ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, ‘গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আটককৃত হাশেম ও সাইফুল এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মো: লিটন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেইটের সামনে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় লিটনের অপর দুই সহযোগি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় তার সহযোগি অপর ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে আটককৃত লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

কুমিল্লা-১ ইঞ্জিঃ সবুর মনোনয়ন পাওয়ায় উচ্ছাসিত তৃণমূলের নেতাকর্মী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে ইঞ্জিঃ আব্দুস সবুরের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাম ঘোষণার পর থেকে দাউদকান্দি ও তিতাস উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। চলছে মিষ্টি বিতরণ।

রবিবার সন্ধ্যায় দাউদকান্দি পৌর সদর এবং গৌরীপুর বাসস্ট্যান্ড ও বাজারে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশাল আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা।

দাউদকান্দি শেখ রাসেল মঞ্চ থেকে মিছিলটি বের হয়। এটি পৌর শহর প্রদক্ষিন করে আনন্দ মিছিলটি শহিদ নগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, রায়পুর, ইলিয়টগঞ্জ, গৌরীপুর বাজার, তিতাস উপজেলার জিয়ারকান্দি, কড়িকান্দি, বাতাকান্দি, মাছিমপুরসহ বিভিন্ন পথসভায় মিলিত হয়।

রোববরা বিকেলে নৌকার প্রার্থী হিসেবে ইঞ্জিঃ আব্দুস সবুরের নাম ঘোষনা করে কেন্দ্রীয় আওয়ামীলীগ। নৌকা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে আনন্দ মিছিলের আয়োজন করে নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, বিল্লালুর রসিদ দোলন, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, সাত্তার তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাজাহান খন্দকার, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছমীর আলম সরকার, যুবলীগ সভাপতি মমিনুল হক প্রধান প্রমূখ।

২৫ বছর পর কুমিল্লায় শহিদুল্লাহ হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া শহিদুল্লাহ হত্যা মামলার ৪ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এই ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। সোমবার সাড়ে ১২ টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩ এর বিচারক রোজিনা খান এই রায় দেন

নিহত মো: শহিদুল্লাহ বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মজিদের ছেলে

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইউছুফ, বনি আমীন, ইউছুফের ভাতিজা সোলায়মান, ইউছুফের শ্যালক আবদুল হক এবং ইউসুফের বড় বোন রজ্জবী বিবি।

মামলার এজাহারে জানা যায় ১৯৯৮ সালে ২৫ই মে দুপুরে শহিদুল্লাহ তার জমিতে ধানের চারা রোপণ করতে যায়। তখন শহিদুল্লার সাথে আসামীদের বাকবিতণ্ড হয়। পরে রাতের বেলা শহিদুল্লাহকে তার দোকান থেকে ডেকে নিয়ে আসামীরা কুপিয়ে জখম করে। এইসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় শহিদুল্লাহ।

এই ঘটনায় ২২ই মে নিহত আসামীর ভাই আমানুল্লাহ বাদী হয়ে মামলা করলে পুলিশ ১৫ জনের নামে চার্জশিট প্রদান করে। ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর দীর্ঘ ২৬ পর ৪ জনের ফাঁসিসহ ১জনকে যাবজ্জীবন প্রদান করে।

নিহতের ছেলে আইনজীবী নাসিরউদ্দিন জানান, আমার বাবাকে যখন হত্যা করে তখন আমি ৫ম শ্রেনীতে পড়ি। আমার একটা ইচ্ছা ছিল আমি বড় হয়ে আইনজীবী হবো। আজকে আমি আমার বাবার হত্যামামলা পরিচালনা করেছি। আদালতে রায়ে আমি অনেক খুশি।

কুমিল্লা জেলা ও দায়রা আদালত -৩ এর এপিপি নুরুল ইসলাম বলেন দীর্ঘ ২৫ বছর পর এই বহুল আলোচিত হত্যামামলার আসামীদের আজ সাজা হয়েছে। সব চেয়ে বড় কথা নিহতের ছেলে আইনজীবী হয়ে এই মামলায় আমাকে সহযোগীতা করেছে। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।

সাকিব আল হাসানকে নিয়ে মাশরাফির স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী ঘোষণা করল ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাধিক চমক যেমন ছিল, তেমন ছিল প্রত্যাশিত কিছু নাম।

বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নামটা যেমন প্রত্যাশিত ছিল, তেমন এই নাম জন্ম দিয়েছে বেশ কিছু আলোচনার।

ক্রিকেটে এখনো তার ওপর অনেকটা নির্ভরশীল বাংলাদেশ। এমন অবস্থায় তার মনোনয়ন নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে।

একই দিনে আরও একবার নৌকার টিকিট পেয়েছেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন জাতীয় দলে একে অন্যের সতীর্থ ছিলেন।

এবার রাজনীতির মাঠেও একে অন্যের সঙ্গী হলেন দুজনে। এমন দিনে নিজের সতীর্থ সাকিবকে শুভকামনা জানাতে ভুল করেননি ম্যাশ। নিজের ফেসবুকে সাকিবের ছবি দিয়ে মাশরাফি লিখেছেন— ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা…। শুভকামনা নেতা…।’

বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পোস্টারবয় হয়ে থাকা সাকিবকে আজকের পর থেকে দেখা যাবে রাজনীতির মাঠে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন সাকিব আল হাসান।

রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান।

আসনগুলো হলো— ঢাকা- ১০, মাগুরা- ১ ও ২। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধাঘণ্টা ধরে চলে এ বৈঠক।

দলের প্রয়োজনেই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. আলম খান মিলন দিবসে মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না। আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে।

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ ডা.আলম খান মিলন দিবস উপলক্ষ্যে শহীদ মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে দলের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রসঙ্গত, রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি আসনে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা দেন। এছাড়া নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার নির্দেশও দেন। মনোনয়নপ্রাপ্তদের কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগী ও উৎসাহ দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ প্রধান।

গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে দেশ সংকটে। গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।

তিনি বলেছেন, নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হব। বিতর্ক হবে না, এমন ফলাফল চায় নির্বাচন কমিশন। তবে আমরা অবশ্যই সফল হব। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট।

আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনি আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখবেন। পোলিং হচ্ছে কাস্ট অব ভোট। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন।

রিজেন্ট সাহেদের জামিন বহাল, আপিল নিষ্পত্তির নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে মামলা তিন মাসের মধ্যে হাইকোর্টে করা আপিল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ নভেম্বর) দায়িত্বরত প্রধান বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। সাহেদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এর আগে রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে চেয়ে আবেদন করে দুদক। ওই আবেদন শুনানি নিয়ে আজ এ আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

১৪ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের মামলায় রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো.আখতারুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন। ৩ বছর দণ্ডের মামলায় রিজেন্ট সাহেদের জামিন গত ৪ সেপ্টেম্বর এ মামলায় তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। ওইদিন আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন।

গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের ওই রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। ৬০ কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

সাহেদের বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করা হলেও ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ধারায় এ দণ্ড দেওয়া হয়। তবে ২৭(১) ধারায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার জন্য কারাগারে থাকা সাহেদকে এদিন আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। এরপর তিনি আপিল করেন।

২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়।

কারাগারে থাকাকালে ২০২০ সালের ৫ নভেম্বর সম্পদের হিসাব চেয়ে সাহেদকে নোটিশ পাঠায় দুদক। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অতিরিক্ত আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। সাহেদ এরপরও তা জমা দেননি।

এরপর সম্পদের হিসাব না দেওয়া ও অবৈধভাবে এক কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলা করেন।

গত বছরের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়। এরপর গত বছরের ১৭ জুলাই সাহেদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

সাহেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একটি আদালত।