All posts by jitu

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হাসেমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠ ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিল ঘোষনা করা হয়েছে। দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির অভিভাবক, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্যাররর সাথে আলোচনা করে কমিটি গঠন সম্পর্কে পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।

দলীয় সূত্রে জানাযায়, ২০২৩ সালের ৫ এপ্রিল দাউদকান্দি উপজেলা বিএনপির ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরে একাধিকবার সম্মেলনের তারিখ নির্ধারন হলেও অজ্ঞাত কারনে সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার পরিমাণ প্রায় ৩ লাখ পিস, যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন ফয়সাল হোসেন (২৫) ও প্রাডো গাড়ির চালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়িই কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়।

পরে গণনা করে ওই লাগেজ থেকে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

ইয়াবা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এসময় তিনি জানান, আটকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাঙ্গলকোটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭শত পিস ইয়াবা ট্যাবলোটসহ মোঃ বাপ্পী হোসেন সাইফুল (২৫)কে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসানপুর বাজার ওমর ফারুক এর চা দোকান এর সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর আব্দুল মান্নানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফৌর্সসহ হাসনপুর বাজার এলাকায় অভিষান চালিয়ে মোঃ বাপ্পী হোসেন প্রকাশ সাইফুল (২৫),গ্রেপ্তার করে এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নাহিদ আহমেদ সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসানপুর বাজার থেকে মাদক ব্যাবসায়ী বাপ্পী হোসেন সাইফুল (২৫)কে গ্রেপ্তার করি এসময় তার কাছ থেকে ৭শত পিস ইয়াবা পাওয়া যায়, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় যাত্রীবাহী স্লিপার কোচ বাসে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে একটি স্লিপার কোচে ভয়াবহ আগুন লেগেছে।

সোমবার ভোরে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় বাসের সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ঢাকাগামী লেনে যাওয়ার সময় সামনে থাকা একটি গাড়িতে বাসটি ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এরপর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নেমে যান। পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা অন্য একটি বাসে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

তিনি বলেন, এ ঘটনায় তেমন কেউ হতাহত হননি। তবে বাসের চালক ও স্টাফরা পালিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এসআই মো. ফারুক ইসলাম আরও বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমিল্লায় উদ্বোধন হলো কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬। রবিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লা এয়ারপোর্ট রোডের পুরাতন বিমানবন্দর এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা। এ সময় মেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ মিটুল, তারেক আহমেদসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি করার পাশাপাশি কুমিল্লার মানুষের বিনোদনের কথা বিবেচনা করে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বিভিন্ন ধরনের কুটির শিল্পপণ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রী, খাবারসহ নানা পণ্যের স্টল স্থান পেয়েছে।

মেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ মিটুল বলেন, কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করছি, মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি থাকবে এবং সবাই আনন্দের সঙ্গে মেলা উপভোগ করবেন।
উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। এ সময় দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, মেলা চলাকালে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজনও থাকবে।

হোমনায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা:

শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি-এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোমনা-মেঘনা সার্কেলের এএসপি আব্দুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি), আলহাজ্ব আব্দুল লতিফ, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। এর আগে মাদকবিরোধী একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

লাকসামে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে লাকসাম থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, অ্যাডভোকেট বদিউল আলম সুজন প্রবাসী ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্তকরনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ই আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান।

উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তার লিপির সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম রাজু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক মামুনুর রশীদ মজুমদার, মৎস্য চাষী সাইদুর রহমান শামীম, মোঃ শরীফ ও অহিদুর রহমান।

এ সময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি, সিরাজুল ইসলাম ফরায়েজী, সেক্রেটারি বেলাল হোসাইন প্রমুখ।

এর আগে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উল্লেখ্য যে, স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরো শক্তিশালী করতে সারাদেশে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে নানা কর্মসূচি রয়েছে। আগামী ২৮ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

চৌদ্দগ্রামে থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ই আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম পৌর মার্কেট চত্বরে চৌদ্দগ্রাম মডেল থানার উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইনের সভাপতিত্বে ও থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ দাশের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলজার আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, পুলিশের উপপরিদর্শক শামসুল আরেফিন, তারেক হোসেন, আকাশ, মোরশেদ আলম ও লিটন চাকমা।

সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশ শেষে মাদকবিরোধী একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে র‌্যালি ও সমাবেশ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি ” এই স্লোগানে দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে র‌্যালি, সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

দাউদকান্দি মডেল থানার উদ্যোগে রবিবার (১৬ আগস্ট ) দুপুর সাড়ে বারটায় সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ ইব্রাহিম খলিল। স্বাগত বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডাঃ মাহবুবুল আলম, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম লিপু, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তছলিম আহমেদ ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আহমেদসহ অনেকে।

বক্তারা মাদকের ভয়াবহতা, ক্ষতিকর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে। তাই নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি র‌্যালি সুন্দলপুর বাজার প্রদক্ষিন করে বিদ্যালয় মাঠে এসে শেষ করে উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।