All posts by jitu

শেখ হাসিনার নেতৃত্ব জাতিকে আশাবাদী করেছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনার নেতৃত্ব জাতিকে আশাবাদী করেছে, আর গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। এর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি বলেন, একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য।

সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করে, গণতন্ত্রের পথে অন্তরায় সৃষ্টি করছে। নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বিএনপি-জামায়াত অপশক্তি থমকে দিতে চায়।

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, এই অপশক্তিকে রুখব এটাই আজকের দিনের অঙ্গীকার। অসাম্প্রদায়িক রাজনীতি বিরুদ্ধ শক্তিকে প্রতিহত-পরাজিত করব।

নেইমার ৫ ভাষায় কথা বলতে পারেন, মেসি কতটি?

ডেস্ক রিপোর্ট:

ব্রাজিল থেকে শুরু, এরপর দেশ ছাড়িয়ে স্পেন, ফ্রান্স হয়ে এখন সৌদি আরব। ফুটবল খেলতে গিয়ে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, দেশ আর মানুষের সঙ্গে মিশে বেশ কিছু ভাষা রপ্ত করেছেন নেইমারের। গোটা পাঁচেক ভাষায় এখন মনে ভাব প্রকাশ করতে পারেন এই ব্রাজিলিয়ান।

ব্রাজিলের জাতীয় ভাষা পর্তুগিজ। মাতৃভাষা হিসেবে স্বাভাবিকভাবেই পর্তুগিজে সবচেয়ে বেশি স্বাছন্দ্য বোধ করেন নেইমার। স্প্যানিশ শিখেছেন ২০১৩ সালে স্পেনের ক্লাব বার্সেলোনায় নাম লেখানোর বছর তিনেক আগেই।

আর স্পেনে গিয়ে শিখেছেন কাতালান ভাষা। কাতালান ক্লাব বার্সেলোনায় খেলতেন বলেই সেই ভাষাটাও আয়ত্ত করেছেন। তবে পর্তুগিজ আর স্প্যানিশের মতো কাতালান অতটা ভালো বলতে পারেন না তিনি। বার্সেলোনায় খেলার সময় সতীর্থদের সঙ্গে তিনি মূলত স্প্যানিশ ভাষায়ই কথা বলতেন।

এরপর ২০১৭ সালে স্পেন ছেড়ে পাড়ি জমান ফ্রান্সে। সেখানে গিয়ে শিখেছেন ফ্রেঞ্চ ভাষা। তবে প্যারিসের ক্লাবটির সতীর্থ কিলিয়ান এমবাপের সঙ্গে তার যোগাযোগের মাধ্যম ছিল স্প্যানিশ ভাষা। পিএসজির ফরাসি এই তারকা ফ্রেঞ্চ ভাষার সঙ্গে স্প্যানিশ আর ইংরেজিটাও ভালো বলতে আর বুঝতে পারেন।

পর্তুগিজ, স্প্যানিশ, কাতালান ও ফ্রেঞ্চ ছাড়াও ইংরেজি বলতে পারেন নেইমার। ইংরেজিতে কথা বলতে পারলেও এ ভাষাটায় নেইমার অতটা স্বচ্ছন্দ নন। তবে বুঝতে ও বলতে পারার জন্য তা যথেষ্ট।

বার্সেলোনার পর লিওনেল মেসির সঙ্গে পিএসজিতেও খেলেছেন নেইমার। দুজনের বেশ ভালো বন্ধুত্বও আছে। তবে মেসি শুধু স্প্যানিশ ও কাতালান ভাষায় কথা বলতে পারেন। স্প্যানিশ আর্জেন্টিনার জাতীয় ভাষা। আর কাতালানটা শিখেছেন সেখানে দীর্ঘদিন থাকার কারণে। মেসি ইংরেজি, ফ্রেঞ্চ আর পর্তুগিজ বলতে পারেন না। তাই নেইমারের সঙ্গে তার ভাব বিনিময় হয় স্প্যানিশ ভাষায়।

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে গোটা জাতি। আজ ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করেন মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদকে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি, এর পর প্রধানমন্ত্রী।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ৯ পদাতিক ডিভিশন-এর জিওসি, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক।

মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:

মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে দলীয় সভাপতি হিসেবে দলের শীর্ষনেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। এসময় দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিজয় দিবসের মিছিলে নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিএনপির বিজয় র‌্যালি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, এজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে।

তিনি বলেন, তাদের বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয় র‌্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়েছেন। যাতে শান্তিপূর্ণ একটি র‌্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা করেন।

এদিকে ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনবিরোধী যে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত।

এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য (এমপি) ইউসুফ আব্দুল্লাহ হারুনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কুমিল্লা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা এ নোটিশ দেন।

নোটিশে আগামী শনিবার (১৬ ডিসেম্বর) যুগ্ম জেলা ও দায়রা জজের কার্যালয়ে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনকে সশরীরে হাজির হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মহব্বত আলীর ছেলে বসির আহাম্মদ নামে এক ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বসির আহাম্মদ উল্লেখ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজ উদ্যোগে ও অর্থায়নে উপজেলাব্যাপী ছবি ও প্রতীক সম্বলিত সাদা-কালো, রঙিন ব্যানার স্থাপন করেছেন। এছাড়াও গত ৩০ নভেম্বর পুরো উপজেলাব্যাপী হ্যান্ডমাইক নিয়ে পথসভা করেন। যার একটি ভিডিও ফুটেজ রফিকুল ইসলাম নামে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের এক সমর্থক তার ফেসবুকে আপলোড করেন। যার স্ক্রিনশটসহ যাবতীয় প্রমাণাদি অভিযোগকারীর কাছে রয়েছে।

এ অভিযোগ আমলে নিয়ে বসির আহাম্মদের অভিযোগের জবারের স্বপক্ষে স্বাক্ষ্য-প্রমাণসহ আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হওয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৯-এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে কারণ দর্শানোর দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, নির্বাচনে প্রতিপক্ষ অভিযোগ করতেই পারে। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি।

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী কর্মীকে আটক

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অপস মাহির নামে চালানো অভিযানে এসব প্রবাসী শ্রমিকদের আটক করা হয়।

জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, বৃহস্পতিবার বিকেলে অভিযানে ৩১৮ জন দেশি-বিদেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তাহির বলেন, বৈধ পারমিট বা পাসপোর্ট ছাড়াাই বিদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়ে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে ১৩ জন চীনা নাগরিক, ১২ জন পাকিস্তানি, ১২ জন বাংলাদেশি, আটজন ইন্দোনেশিয়ার নাগরিক, সাতজন মিয়ানমারের নাগরিক, তিনজন ভারতীয় এবং একজন নেপালি। যাদের বয়স ২১ থেকে ৪৮ বছর।

আটকরা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) এর অধীনে প্রবিধান লঙ্ঘন করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে আটকদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান বাহারউদ্দিন তাহির।

অবসরে পাঠানো হলো ধোনির প্রিয় সাত নম্বর জার্সি

ডেস্ক রিপোর্ট:

প্রিয় সাত নম্বর জার্সি গায়ে চাপিয়েই ভারতকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সাফল্যের বিচারে দেশটির সর্বকালের সেরা অধিনায়কও তিনি। সেই ধোনিকেই এবার বিশেষ সম্মান দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ধোনিকে সম্মান জানাতে তার জার্সি নম্বরটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। অর্থাৎ আর কোনো ভারতীয় ক্রিকেটার এই নম্বরের জার্সি পরতে পারবেন না। শচীন টেন্ডুলকারের ১০ নম্বরের পর এবার ধোনির জার্সিরও অবসর।

ভারতীয় বোর্ড ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ধোনির জার্সি নম্বর আর কেউ পরতে পারবে না। বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘তরুণ ক্রিকেটার এবং এখন দলে থাকা ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে, ধোনির ৭ নম্বর জার্সি পরতে পারবে না তারা। নতুন ক্রিকেটারেরা এখন থেকে ১০ এবং ৭ নম্বর বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরবেন।’

ধোনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। তারপর থেকে যদিও কোনো ভারতীয় ক্রিকেটারই ৭ নম্বর জার্সি পরেননি। শচীনের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে। তবে শার্দুল ঠাকুর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে ১০ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু সেটি এত সমালোচনা হয় যে, বোর্ড তাড়াতাড়ি ওই জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নেয়। ধোনির জার্সির ক্ষেত্রেও এবার একই সিদ্ধান্ত নিলো বিসিসিআই।

জাতীয় দলের জার্সিতে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলেও চূড়ান্ত সফল ধোনি। পাঁচবার দলকে ট্রফি এনে দিয়েছেন।

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে মোট ২৭৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে শেষ দিনের আপিল শুনানিতে ২২ জন প্রার্থিতা ফিরে পাওয়াসহ বৈধতা পেয়েছেন। এ দিন নামঞ্জুর হয়েছে ৬২ জন প্রার্থীর আবেদন। আজ আপিল শুনানিতে মোট প্রার্থী ছিলেন ৮৪ জন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, এর আগে প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, দ্বিতীয় দিনে ৫১ জন প্রার্থী, তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৬১ জন, চতুর্থ দিনে ৪৪ জন, পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পান ৪৩ জন এবং আজ শেষ দিনে ২০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে এ দিন ফরিদপুর-৩ ও বরিশাল-৫ আসনের বৈধ প্রার্থীর প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছে ইসি। অর্থাৎ এই দুই বৈধ প্রার্থী ইসির আপিল শুনানিতে প্রার্থিতা হারিয়েছেন। অন্যদিকে গত ছয় দিনে মোট ২৭৫ জন নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৫৮টি আপিল আবেদন জমা পড়ে। ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি শেষে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করে ২৭৫ জন প্রার্থীর মনোনয়নের বৈধতা দিল নির্বাচন কমিশন। তবে মোট আপিলের মধ্যে ২৮৩ জন প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছে আউয়াল কমিশন। এই ২৮৩ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করতে পারবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

রেললাইন উপড়ে ফেলা ভয়ঙ্কর চক্রান্তের নিছক বহিঃপ্রকাশ : জয়

ডেস্ক রিপোর্ট:

বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, রেললাইন উপড়ে ফেলা, রেলের ফিশপ্লেট খুলে ফেলা এবং ট্রেনের বগিতে আগুনবোমা নিক্ষেপের মাধ্যমে বিএনপির সন্ত্রাসের প্রতীকের হয়ে দাঁড়িয়েছে।

তিনি বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে একথা বলেন।

পোস্টে জয় লেখেন, আরেকটি লক্ষ্য ছিল জনগণকে তাদের ব্যালট ব্যবহার থেকে বিরত রাখা।

বুধবার গাজীপুরে সংঘটিত ভয়াবহ নাশকতার ঘটনার বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, ‘ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা তাদের জন্য পুরোপুরি অজান্তেই যে বিপদ অপেক্ষা করছে সেই গন্তব্যে যাচ্ছিলেন।

জয় লেখেন, বিএনপি কর্মীরা তাদের চলমান অবরোধের সমর্থনে রাতের কোনো এক সময় গাজীপুরে রেললাইন গ্যাস কাটার দিয়ে কেটে ফেলেছে, যা একটি ভয়ঙ্কর চক্রান্তের নিছক বহিঃপ্রকাশ।

তিনি আরও লেখেন, ভোর সাড়ে চারটার দিকে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রী নিহতসহ বহু যাত্রী আহত হয়- যা অবরোধ অমান্য করায় জনজীবনের জন্য একটি কঠিন মূল্য।