All posts by jitu

কুমিল্লার তিতাসে রাতের আঁধারে প্রভাবশালী সিন্ডিকেটের বালু লুটের মহোৎসব

 

তিতাস  প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় পরিবেশ আইনকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, উত্তোলিত বালু পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের শ্যাম্বুপুর এলাকায় দেখা গেছে, মেহনাজ মীম কলেজের উত্তরের বিস্তীর্ণ ফসলি জমিতে গভীর রাতে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন চলছে। এতে করে কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী আবুল কালামসহ উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। অভিযোগে আরও উঠে এসেছে, মুরাদনগর উপজেলার ডালিম ও শহিদসহ ছালিয়াকান্দি গ্রামের কয়েকজন এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে কাজ করছেন। তাদের নেতৃত্বে রাতভর ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করা হয় এবং ভোর হওয়ার আগেই পাইপ খুলে ফেলে প্রমাণ গোপনের চেষ্টা করা হয়।

এতে আশপাশের ফসলি জমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জমি দেবে যাওয়া, মাটির উর্বরতা নষ্ট হওয়া এবং কৃষকদের আর্থিক ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ড্রেজারের বিকট শব্দে এলাকাবাসীর রাতের ঘুম ব্যাহত হচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে—এমন অভিযোগও করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, প্রভাবশালী এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন তারা। তাদের অভিযোগ, প্রশাসনের কিছু ব্যক্তিকে ‘ম্যানেজ’ করেই রাতের আঁধারে নির্বিঘ্নে বালু উত্তোলন চলছে।

ঘটনাস্থলে ছবি তুলতে গেলে ড্রেজার শ্রমিক শহিদুল ইসলাম সাংবাদিকদের বাধা দিয়ে বলেন, “এটা আমাদের জায়গা, আমরা মাটি কাটছি—কেউ কিছু করতে পারবে না।” অন্যদিকে অভিযুক্ত ডালিম দাবি করেন,
“আমরা কবরস্থানে মাটি দিচ্ছি। অন্য কোথাও দিলে সবকিছু ম্যানেজ করেই করব।”

এ ঘটনায় পরিবেশ রক্ষা ও কৃষিজমি বাঁচাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

কুমিল্লায় খুন হওয়া কাস্টমস কর্মকর্তার বিবাহবার্ষিকী ছিল ৩ দিন আগে

ডেস্ক রিপোর্ট:

বিবাহবার্ষিকীর তিন দিন পর খুন হয়েছেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ছিল তাদের তৃতীয় বিবাহবার্ষিকী।

এর আগে চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুলেট বৈরাগী গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণের উদ্দেশে চট্টগ্রামে যান। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটের দিকে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

ওসির দেওয়া তথ্যমতে, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানায়, নিখোঁজের বিষয়ে পরিবার জিডি করেছিল। পরে মরদেহ উদ্ধারের পর স্বজনরা তা শনাক্ত করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কুমিল্লায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় একটি চারতলা বাসার কক্ষ থেকে সাফওয়ান মাহমুদ নাদিউন (১১) নামের ঐ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।

তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (২৫ এপ্রিল) শুনানি শেষে এই আদেশ দেন আবদুল্লাহ আমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর আগে তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন।

তদন্ত কর্মকর্তা জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি এবং ডিএনএ ক্রস-ম্যাচিং প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত তনুর বাবা এয়ার হোসেন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর প্রতি অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। আদালত পরিদর্শক মামুনুর রশিদ জানায়, পিবিআই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে হাজির করেছে।

এর আগে গত বুধবার (২২ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি ডিএনএ নমুনা যাচাইয়ের জন্য সন্দেহভাজন তিনজনের একজন। অন্য দুইজন হলেন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিনুল আলম।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এবং গত এক দশকে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা এই মামলার তদন্তে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মুরাদনগরে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ব্যক্তির কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে তার নাম-পরিচয় জানায়নি পুরিশ। এ সময় তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ জব্দ করা হয়।

উপজেলার মোহাম্মদপুর বিল এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাছান খাঁন।

তিনি জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন জব্দ এবং পাইপ অপসারণ করা হয়। পাশাপাশি ড্রেজার পরিচালনার দায়ে এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়।

কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সেশনজট কমিয়ে আনার জন্য ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে নিয়ে এসে চলতি বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

আজ শনিবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল, তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।

তিনি আরো বলেন, ঠিক একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে।

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ কুমিল্লায় উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানার পুলিশ। পরে দুপুরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয় রাত ২টা ২৫ মিনিটে। তখন তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন বলে জানান।

এরপর তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা বারবার ফোন করেও তাকে পাননি। পরে শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলে রক্তাক্ত অবস্থার আলামত ছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

মেধানির্ভর, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।

শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে।

তারেক রহমান বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরো জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাঙ্গলকোটে সন্ত্রাস দমন মামলায় আসামি হওয়ায় পরীক্ষা দিতে পারছে না শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় কামরুজ্জামান নাদিম (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আত্মগোপনে থাকায় চলমান দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না নাদিম।

নাদিম নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সে নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল তুলা পুকুরিয়া হাজী বাড়ির বাসিন্দা হাজী আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলার ২৪ নম্বর আসামি করা হয় নাদিমকে। টেস্ট পরীক্ষার আগের দিন রাতে পুলিশ তাকে গ্রেফতারের উদ্দেশে বাড়িতে গেলে টের পেয়ে পালিয়ে যায় নাদিম। এরপর থেকেই আত্মগোপনে নাদিম। ফলে চলমান দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি তার।

নাদিমের মা ফাতেমা বেগম বিউটি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তার ছেলেকে মামলার আসামি করা হয়েছে। এতে পরীক্ষায় অংশ নিতে না পারায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানায়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন জানান, নাদিম সন্ত্রাস দমন মামলার আসামি বিষয়টি আমার জানা নেই। তবে সে মাদ্রাসার শিক্ষার্থী এবং এ বছরের দাখিল পরিক্ষার্থী। নাদিমের মামলা প্রত্যাহারে কোনো সহযোগিতার প্রয়োজন হলে মাদ্রাসা কতৃপক্ষ থেকে সহযোগিতা করবে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, বিষয়টি তার স্মরণে নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তি পরীক্ষার্থী হলে আদালতের অনুমতি সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

দেবীদ্বারে পদ্মা ট্যাংক লরি থেকে ডিজেল চুরির অভিযোগে আটক ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তেলবাহী পদ্মা ট্যাংক লরি থেকে ডিজেল চুরির অভিযোগে ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় আটকদের কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ‘দিবানিশী হোটেলের’ পশ্চিম পাশের মহসীনের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার এসআই অপু বড়ুয়া এবং এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পদ্মা কোং লি.-এর একটি ট্যাংক লরি থেকে পাইপের মাধ‍্যমে প্লাস্টিকের ড্রামে ডিজেল নেওয়ার সময় হাতেনাতে দুই চোরকে আটক করে।

এসময় পদ্মা কোং লি.-এর ট্যাংক লরিচালক পালিয়ে যায়। চোর সিন্ডিকেট চক্রটি তেল ক্রাইসিসের পর থেকে পদ্মা কোং লি.-এর ট্যাংক লরি থেকে এবং বিভিন্ন তেল পাম্প থেকে ডিজেল এনে মজুদ রেখে বেশি দামে বিক্রয় করে আসছিল।

আটক তেল চোর সিন্ডিকেট সদস্যরা হলেন- মুরাদনগর উপজেলার মুরাদনগর গ্রামের রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) ও দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল (৩০)।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শাহীন, জুয়েল ও পলাতক মোরশেদকে অভিযুক্ত করে বেশিদামে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারি ও মজুদধারি’র ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ‍্যাক্ট ২৫(১) ধারায় থানায় মামলা দায়ের করেন।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানায়, অভিযানে একটি প্লাস্টিক ড্রামে ২০০ লিটার এবং প্লাস্টি ছোট ৩টি কন্টেইনারে ৭০ লিটার ডিজেল এবং দোকানে তল্লাশি চালিয়ে আরো ৩টি প্লাস্টিক কন্টেইনারে ৭০ লিটারসহ ৩৪০ লিটার ডিজেল এবং পদ্মা কোং লি.-এর একটি ট্যাংক লরি উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক আদালতে চালান করা হয়।