All posts by jitu

‘খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা মনিটরিং করছে যুক্তরাষ্ট্র’

ডেস্ক রিপোর্ট:

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে আবারও সামনে এসেছে। এ নিয়ে মতামত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবারের নিয়মিত ব্রিফিংয়ে ভয়েস অব আমেরিকার সাম্প্রতিক এক প্রতিবেদনের উল্লেখ করে বলা হয়, চিকিৎসার জন্য বিদেশযাত্রায় সরকারের নিষেধাজ্ঞার কারণে খালেদা জিয়া মৃত্যুঝুঁকিতে রয়েছেন।

খালেদা জিয়াকে বিদেশ গিয়ে চিকিৎসা নিতে অনুমতি দিতে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র আহ্বান জানাবে কি না? জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বর্তমানে জন হপকিন্সের তিন চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে খালেদা জিয়ার মামলার বিচারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এসব বিষয় দৃষ্টি আকর্ষণ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের মন্তব্য জানতে চাওয়া হয়।

জবাবে মিলার বলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা মনিটরিং করছি। আমরা সরকারকে তার আইনি প্রক্রিয়ায় স্বচ্ছ এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণের ব্যাপারে উৎসাহিত করছি। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক বিষয়ে আমাদের কিছু বলার নেই।

প্রসঙ্গত, বুধবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য জন হপকিন্সের তিন চিকিৎসক ঢাকায় এসেছেন। তাদের মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর পর সাড়ে ১০টায় তারা এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেন। রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে আসেন অধ্যাপক হামিদ রব।

মার্কিন এ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্জারি সম্পন্ন হয়েছে। পেটে পানি আসা ও রক্তক্ষরণ বন্ধে তার শরীরে টিপস প্রতিস্থাপন করেন তারা। বর্তমানে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এমবাপের রেকর্ড ভাঙলেন হালান্ড

ডেস্ক রিপোর্ট:

৫ ম্যাচ অপেক্ষার পর অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেন আর্লিং হালান্ড। সেটিও জোড়া গোল। ৩-১ গোলে ইয়ং বয়েজকে হারিয়ে ‘জি’ গ্রুপে জয়ের হ্যাটট্রিক করল ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে সুইজারল্যান্ডের বার্নে তিনি শুধু জোড়া গোলই করলেন না, ভাঙলেন এমবাপের রেকর্ডও। চ্যাম্পিয়ন্স লিগে ৩৭টি গোল করে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড এত দিন দখলে ছিল ফরাসি তারকার। ২৩ বছর ২৯৫ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন এমবাপে। বুধবার রাতে ২৩ বছর ৯৬ দিনে ৩৭টি গোল করলেন হালান্ড।

ইয়ং বয়েজ বনাম ম্যান সিটি ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই ম্যানুয়েল আকাঞ্জি দলকে এগিয়ে দেন। মিনিট চারেকের মধ্যেই মেশচেক এলিয়া সমতা ফেরান। হালান্ড নিজের প্রথম গোল করেন ৬৭ মিনিটে। ম্যান সিটির রদ্রিকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন মোহাম্মদ আলি কামারা। পেনাল্টি থেকে গোল করে এমবাপের রেকর্ড ভাঙেন হালান্ড।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে রদ্রির পাস থেকে ৩-১ করেন তিনি। তবে ইউলিয়ান আলভারেসের গোল বাতিল করে দেয় ভিএআর। কারণ, জাক গ্রিলিশের হাতে বল লেগেছিল। টানা তিনটি ম্যাচ জিতে নয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষ স্থানেই থাকল ম্যান সিটি।

ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছাল রূপপুরে

ডেস্ক রিপোর্ট:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউকিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের পঞ্চম চালান ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।‌

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানির প্রথম চালান। পরেরদিন ২৯ সেপ্টেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি নেওয়া হয় প্রকল্প এলাকায়। ৫ অক্টোবর বিকেলে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে পারমাণবিক ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।

প্রথম চালানের এক সপ্তাহ পর গত ৬ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান রাজধানী ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। ১৩ অক্টোবর একই পথে ইউরেনিয়ামের তৃতীয় চালান এবং গত ২০ অক্টোবর চতুর্থ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের সবচেয়ে আলোচিত ও বৃহৎ প্রকল্প। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এরমধ্যে সরকারের ব্যয় ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন ২০২৪ সালের প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি। আর ২০২৫ সালের মাঝামাঝি বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিট চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিটের ভৌত এবং অবকাঠামোগত কাজ শেষ হয়ে গেছে ৯০ শতাংশের বেশি। আর দ্বিতীয় ইউনিটের অগ্রগতি ৭০ শতাংশ।

আগামী জাতীয় নির্বাচন যাতে কেউ ভন্ডুল করতে না পারে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় নির্বাচন যাতে কেউ ভন্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বেলজিয়ামের ব্রাসেলসে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সম্মানে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনায় ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অপপ্রচারের যথার্থ জবাব হিসেবে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তা জনগণের কাছে তুলে ধরুন।’

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘খুনি-সন্ত্রাসীদের কেউ যেন পুনরায় জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আন্তরিকতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমরা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’

আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করলেও ১৯৭৫-১৯৯৬ এবং ২০০১-০৯ পর্যন্ত ২৯ বছরে বিএনপি-জামায়াতসহ অন্যান্য সরকার বাংলাদেশের উন্নয়নে কী করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

২৯ বছর দেশের জনগণের জন্য অন্ধকার ও কষ্টের সময় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের হাতে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই এবং তারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।’

ডাঃ জহিরুল হকের হত্যার বিচার চেয়ে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার জনপ্রিয় শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জহিরুল হকের হত্যার বিচার চেয়ে এবং হত্যার মাস্টার মাইন্ড গোল্ড সিলভার ফারুক ও অন্যান্য ঘাতকদের গ্রেফতার করে ন্যায় বিচার সুনিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার মেডিকেল টেকনোলজিস্টরা।

উক্ত মানববন্ধনে শিশুরোগ বিশেষজ্ঞ ডা.জহিরুল হকের হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন কুমিল্লার আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র দাস, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ সাধারন সম্পাদক সুভ্রত দাস গুপ্ত, সহ:সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী সোহেল,প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শাহিন,,মোঃ আবদুল খালেক,নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ শরিফুল ইসলাম, সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, গ্রীনভিউ আইএইচটি এন্ড ম্যাটস এর পরিচালক মোঃ মিজানুর রহমান, আইয়ুব আলী, ডাঃ রুপক এবং ডা.বনশ্রী,  সংগঠনের উপদেষ্টা কাজী আবদুল আউয়াল,
মোঃ আবদুল কাদের,মোঃ ওমর ফারুকসহ জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তথেকে মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হত্যার মূল নায়ক, হত্যাকারীসহ সংশ্লিষ্ট সকলকে খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ণিশ্চিতের আহবান জানানো হয়।

উল্লেখ্য, কুমিল্লায় রেসকোর্স এলাকার শাপলা টাওয়ারের নিজ বাসা ও চেম্বারে জেলার জনপ্রিয় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গুরতর আহত হন ডাঃ জহিরুল হক। রাখা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক সোমবার ভোরে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় আছেন। এ ঘটনায় চিকিৎসকের স্ত্রী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যাকারী পাপ্পু, তার স্ত্রী, দুই ছেলে এবং সিলভার গোল্ড ডেভেলপার ফারুক আহম্মেদের নামে মামলা দায়ের করেন।

দাউদকান্দিতে বৃদ্ধা মাকে ছেলের নির্যাতন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

মায়ের তুলনা হয়না। জগতে মা-ই মায়ের তুলনা। সেই মাকেই সন্তানের হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাও ইউনিয়নের বায়নগর গ্রামে। ওই গ্রামের জীবন শিকদারের ছেলে মনির শিকদার তার সত্তোর্ধো মাকে নির্যাতন করছেন, বুধবার রাতে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান। প্রশাসনের কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান মাকে নির্যাতনকারী মনির শিকদার।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৃদ্ধাকে তার ছেলের বউয়ের জিম্মায় বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ নির্দেশ দেন বয়োবৃদ্ধার খোঁজখবর রাখতে।

মালিগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ জানান, গ্রামের গণ্যমান্য লোকজনদের উপস্থিতিতে বৃদ্ধাকে তাঁর ছেলের বউয়ের জিন্মায় দেয়া হয়েছে। আর মাকে নির্যাতনকারী মনির শিকদারকে ৫ দিনের মধ্যে উপজেলা প্রশাসনের দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান জানান, উপজেলার বায়নগর গ্রামে বয়োবৃদ্ধাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে নির্যাতনকারী ছেলেকে পাওয়া যায়নি, এর আগেই সে পালিয়ে যায়।

স্থানীয় জনপ্রতিনিধের উপস্থিতিতে ভুক্তভোগী উপজেলার বায়নাগর গ্রামের জীবন শিকদারের স্ত্রী বৃদ্ধাকে আপাতত তার ছেলের স্ত্রীর জিম্মায় দিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

হাজীগঞ্জে ৮ লক্ষাধিক টাকার ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও পিকআপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ উদ্ধার করা হয়।

বুধবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড টোরাগড় কাজী বাড়ি সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে পলাশ সিএনজি অটোপার্টস দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ রুবেল (৩১) ও মোঃ নূরে আলম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে একটি পুরাতন মিনি পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো ন-১৫-৩৮১৮ সহ গ্রেফতার করেন। এসময় পিকআপ গাড়ি তল্লাশী করে বিভিন্ন স্তরে থাকা ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের অনুমানিক মূল্য ৮ লক্ষ ৭ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল (৩১) ও মোঃ নূরে আলম (৩০) এর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১৯, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক)/৩৮/৪১ রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ফেন্সিডিল সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকার মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট বিক্রি করার জন্য পিকআপ গাড়ী যোগে বহন করে আসতেছিল। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে থানার এসআই আব্দুল্লাহ এর নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

দাউদকান্দিতে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

দাউদকান্দিতে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় সরকারের বিভিন্ন দপ্তরের উপকারভোগীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার গৌরীপুর বাজার ঈদগা মাঠে গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপকারভোগীদের সাথে এই মতবিনিময় ও আলোচনা সভা হয়।

গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমির আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের বিভিন্ন মৌলিক অধিকার বাস্তবায়ন করেছে। তার প্রমান বর্তমান সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, গর্ভবতী মায়েদের ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধা ভোগ করছেন সুবিধাভোগীরা। এছাড়াও দেশের মানুষ যাতে ভাল থাকতে পারে তার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া , সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমিনুল হক প্রধান, যুবলীগ নেতা ইসমাইল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গৌরীপুর ইউনিয়নে ৬ হাজার ৮৯ জন সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করছেন।

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

লেউইস্টন পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, মেইনের লেউইস্টনে বুধবার গণ গোলাগুলির ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

এছাড়া মেইন স্টেট পুলিশ এবং একজন কাউন্টি শেরিফ আগে জানায়, বুধবার রাতে সেখানে একজন সক্রিয় বন্দুকধারী ছিল। কিন্তু বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মেইন অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, ‘লেউইস্টনে একজন বন্দুকধারী সক্রিয় অবস্থায় আছে। আমরা বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভেতরে থাকুন। আইন প্রয়োগকারীরা বর্তমানে একাধিক স্থানে কাজ করছে।’

এদিকে অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস ফেসবুকে সন্দেহভাজন এক ব্যক্তির দুটি ছবি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, এই ব্যক্তি পালিয়ে গেছে।

এছাড়া লেউইস্টনের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার এক বিবৃতিতে বলেছে, তারা গোলাগুলির ঘটনায় হতাহত বহু মানুষকে সেবা দেওয়ার কাজ করছে এবং রোগীদের নিয়ে যাওয়ার জন্য এলাকার অন্য হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করছে।

লেউইস্টন এলাকাটি অ্যান্ড্রোসকগিন কাউন্টির অংশ এবং মেইনের বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে এটি প্রায় ৩৫ মাইল (৫৬ কিমি) উত্তরে অবস্থিত।

এদিকে লেউইস্টন পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে দ্য সান জার্নাল তিনটি পৃথক ব্যবসা প্রতিষ্ঠানে বন্দুক হামলা হওয়ার খবর দিয়েছে। এগুলো হচ্ছে- স্পেয়ারটাইম রিক্রিয়েশন, স্কিমেনজিস বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ এবং ওয়ালমার্টের একটি বিতরণ কেন্দ্র।

ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বন্দুক হামলার বিষয়ে জানানো হয়েছে। তিনি এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

এছাড়া মেইন অঙ্গরাজ্যের গভর্নর জ্যানেট মিলস এক বিবৃতিতে বলেছেন, তাকেও এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান-আ.লীগ সভাপতিসহ ৬ জনের কারাদন্ড

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সিআর মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ছয়জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এ এন এম মোর্শেদ এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশ্রাফুল আলম চৌধুরী কামাল, প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া, মাহবুবুল আলম জাবেদ (সাবেক মেম্বার), এইচ এম শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম মিলন।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো.শাহ আলম। তিনি বলেন, বুধবার বিকেলে একটি সিআর মামলায় দন্ডবিধি ৩৬৫ ধারায় আসামিদের উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন। ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।