All posts by jitu

২৮ অক্টোবর রাস্তা ছাড়বে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এবার আঁটঘাট বেঁধে নেমেছে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ। অলিগলি থেকেও পালাবার পথ পাবে না বিএনপি।

বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে হলে বিজয়ের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। ২৮ অক্টোবর রাস্তা ছাড়বে না আওয়ামী লীগ। থাকবে সতর্ক অবস্থানে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সকল অপশক্তির বিশ্বস্ত ঠিকানা বিএনপিকে নির্বাচনে চিরতের পরাজিত করতে হবে।

বিএনপির নরম কথায় জনগণকে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। দলটি বারে বারে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিএনপি জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়। তারা আগামীতে ক্ষমতায় এলে হত্যাযজ্ঞ চালাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যা উন্নীতকরণে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিরোধীরা যারা দেশের উন্নয়ন চায়নি। যারা দেশে অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলা, লুটপাট করেছে তারা আবারও একই চিন্তা চেতনা নিয়ে রাস্তায় নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ঘিরে কোন সহিংসতা করা হলে সরকার ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে বার বার নির্বাচনে আসার জন্য আহ্বান করা হচ্ছে। তাদের কোন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তারা জনগণের ক্ষতি করার চেষ্টা করলে আমরা দলীয় ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবে সবকিছুই মোকাবেলা করব।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি ও মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দিন হামিদসহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৮৭ জেলে আটক

ডেস্ক রিপোর্ট:

অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ এবং ৪ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কাফোর্স। আজ বুধবার দুপুরে নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৪ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা, ১৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৮ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও এসব ঘটনায় মামলা হয়েছে ১৫টি, কারেন্ট জাল জব্দ হয়েছে ২০ লাখ মিটার, ইলিশ জব্দ হয়েছে ৪৫২ কেজি, মাছ ধরার নৌকা ২৭টি। পরে জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান।

এদিকে সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর টাস্কফোর্স এর অভিযানে ৪ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। এছাড়াও ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক দল সহযোগিতা করে।

ট্রেন থামানোর জরিমানা বাড়ছে ১০ গুণ: সংসদে রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার সংসদের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেলমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত খসড়া রেলওয়ে আইনে ‘যদি কোনো যাত্রী ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ব্যতিত চেইন টেনে তার সুবিধাজনক স্থানে ট্রেন থামান তা হলে তিনি অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’ এই বিধান রাখা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, রানিং ট্রেনে হোস পাইপ বিচ্ছিন্ন এবং শিকল টেনে ট্রেন থামানো প্রতিরোধকল্পে বিভিন্ন ট্রেনে টাস্কফোর্সের মাধ্যমে চেকিং কার্যক্রম অব্যাহত আছে। ট্রেনে চেইন টানার শাস্তি হিসেবে বর্তমানে ২০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি সম্পন্ন: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

দেশে নির্বাচনের পরিবেশ আছে মন্তব্য করে কমিশনার বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই- এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। সংবিধান অনুযায়ী যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

ইসি আনিছুর বলেন, রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। দায়িত্বের বাইরে আমরা কিছুই করতে পারব না। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব, লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ স্বাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব না এবং এটি আমাদের ম্যান্ডেটরি না।

গাজায় জ্বালানির অভাবে ৩০ শতাংশ হাসপাতাল বন্ধ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিন হতাহত হচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু।

এদিকে, গাজার এক-তৃতীয়াংশেরও বেশি হাসপাতাল এবং প্রায় দুই-তৃতীয়াংশ স্বাস্থ্যসেবা ক্লিনিক হামলার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় অথবা জ্বালানির অভাবের কারণে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মতে, অবরুদ্ধ গাজা উপত্যকার ৩৫টি হাসপাতালের মধ্যে ১২টি এবং ৭২টি স্বাস্থ্যসেবা ক্লিনিকের মধ্যে ৪৬টি বন্ধ হয়ে গেছে।

জ্বালানি ঘাটতির কারণে হাসপাতালের জেনারেটরগুলি ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে বলে মঙ্গলবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামলায় হাজারো আহত ব্যক্তির সঙ্গে ইসরায়েলি অবরোধের মুখে হাসপাতালের জীবন রক্ষাকারী সুবিধাগুলিও ধ্বংস হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জীবনযাত্রা ভেঙে পড়েছে।

অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলের বোমাবর্ষণে প্রায় ৪০ শতাংশ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মতে ছয় লাখ ২৫ হাজারেও বেশি শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে পারছে না।

ইসরায়েলি হামলায় প্রায় অর্ধেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ বলছে।

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ ব্যাল্কমেইল, গৃহ শিক্ষককে পুলিশে সোপর্দ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ এক ওমান প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইল করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযুক্ত গৃহ শিক্ষক নিজাম উদ্দিন (৩২) উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, অভিযুক্ত নিজাম ২০২২ সাল থেকে তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। স্বামী প্রবাসে থাকায় কৌশলে তার সাথে সম্পর্ক গড়ে তুলে গৃহ শিক্ষক।

পরবর্তীতে একই বছরের মে মাসের দিকে ভিকটিমকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক শ্লীলতাহানি করে গোপনে তা ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। স্বামী দেশে এসে প্রবাসের টাকার হিসাব চাইলে ভিকটিম হিসাব দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে স্বামীকে বিষয়টি জানিয়ে দেয় স্ত্রী। গতকাল মঙ্গলবার মুঠোফোনে পুনরায় টাকা দাবি করে গৃহ শিক্ষক। পরে ভিকটিমের বাড়িতে দাবিকৃত ৩লক্ষ টাকা নিতে আসলে তাকে আটক করে পিটুনি দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারপর ৯৯৯ কল করে তাকে পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইলের অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে ১৫ হাজার জাল টাকাসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ১৫ হাজার জাল টাকাসহ স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আটক নুর ইসলাম (৩২) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের মালেকার বাপের বাড়ির আলী আহমদের ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জনতা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে দুই যুবক বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জনতা বাজারে আসে। ওই সময় তারা এক দোকান থেকে জাল টাকা দিয়ে সিগারেট কিনতে চেষ্টা করেন। কিন্ত এক হাজার টাকার ভাংতি না পেয়ে চলে যান। পরবর্তীতে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে একই বাজারের বাবুলের তেল দোকান থেকে মোটরসাইকেলের জন্য ২ লিটার তেল ক্রয় করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় তেল দোকানদার এক হাজার টাকার নোটটি জাল বলে নিশ্চিত হলে তাৎক্ষণিক নুর ইসলাম নামে এক জাল টাকার কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করে। ওই সময় মোটরসাইকেলে থাকা একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের মো.সেলিমের ছেলে একরাম হোসেন সজিব পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাল নোট গুলো জব্দ করে জাল টাকার কারবারিকে থানায় নিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয় ব্যবসায়ীরা এক হাজার টাকার ১৫টি জাল নোট সহ এক জাল টাকার কারবারিকে পুলিশে সোর্পদ করে। পালিয়ে যাওয়া সজিব জাল টাকা কারবারিদের মূল হোতা। তার বিরুদ্ধে জাল টাকা কারবারের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া যুবকসহ ২জনের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে।

মাদক কারবারির পেটে এক্স-রে করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় এক মাদক কারবারির পেট থেকে এক্স-রে করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারির নাম মো.অলি উল্লাহ (৫১)। সে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের হাবিলদার ফজল আলী বাড়ির মৃত.ফজর আলীর ছেলে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজারে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক কারবারি অলি উল্যাহকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় বিশেষ কায়দায় তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করছেন। পরে জেলা শহরের মা ও শিশু হসপিটালে এক্স-রে করার পর চিকিৎসকেরা তার পেটে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে মাদক কারবারির পেট থেকে ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।

উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে সৌদি প্রবাসী শাহরাস্তি ফোরামের মতবিনিময় সভা

 

মধ্যপ্রাচ্য প্রতিনিধি :

ভালো কাজে আমাদের সাথেই থাকুন এই স্লোগান কে সামনে রেখে  ২৪ অক্টোবর রাতে সৌদি আরব চাঁদপুর শাহরাস্তি প্রবাসী ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা রিয়াদের বাথা পাঁচ তারকা হোটেল অ্যাপোলো ডিমুরায় অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী শাহরাস্তি ফোরামের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে – ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ থেকে পবিত্র ওমরাহ পালনে আসা শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – প্রবাসী শাহরাস্তি ফোরামের সিনিয়র সহসভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভুঁইয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য – মো: রফিকুল ইসলাম, কাজী মাসুদ, মো: মিলন,
মো: শান্ত, মো: মেহেদী, আবদুল মালেক, মো: তারেক, আবদুর রাজ্জাক, মো: মোশাররফ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ২০০৯ সালে প্রবাসী শাহরাস্তি ফোরামের যাত্রা শুরু করে, শুরু থেকেই মুললক্ষ্য হচ্ছে প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য আন্তরিকভাবে কাজ করা। অসহায় প্রবাসীদের শিক্ষার্থীরা পড়াশোনা করতে কোন ধরনের সমস্যা হলে তাদের পরিবারের প্রয়োজনে পাশা থাকা। করোনাকালীন সময়ে ফোরামের পক্ষ থেকে প্রবাসে এবং দেশের কর্মহীন ২ শত পরিবারকে ত্রান-সাহায্য দেয়া হয়েছে বলে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় জানান।

মতবিনিময় সভায় শাহরাস্তি প্রবাসী ফোরামের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম বিলাস শাহরাস্তি উপজেলাস্থ ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর বায়তুল ফালাহ জামে মসজিদের চলমান উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা  অনুদান হিসাবে দেয়ার ঘোষণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।