Tag Archives: কুবির সামনে একাত্তর টিভির গাড়ি ভাঙচুর

কুবির সামনে একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

 

কুবি প্রতিনিধিঃ

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।

১৩ জুন দিবাগত রাত ২টায় কু্বি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐ ঘটনায় সম্পৃক্ত থাকার ব্যাপারে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এ. এম. নূর উদ্দিন হোসাইনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও অব্যাহতির পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রের নিকট তাকে বহিষ্কারের সুপারিশও করা হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে। তদন্ত কমিটিকে ৪৮ ঘন্টার ভেতর প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা এ. এম. নূর উদ্দিন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনার সাথে আমি যুক্ত ছিলাম না।

উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

কুবির সামনে একাত্তর টিভির গাড়ি ভাঙচুর

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এলাকায় বেসরকারি চ্যালেল একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধানফটক-সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে আসেন চ্যানেল 24, নিউজ টোয়েন্টিফোর, একুশে টিভি ও একাত্তর টিভির সংবাদকর্মীরা। ক্যাম্পাসের প্রধানফটকে গাড়িগুলো পার্কিং করা ছিল। তবে অজ্ঞাতপরিচয় কয়েকজন এসে একাত্তর টিভির গাড়ি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সরাতে বললে গাড়িটি ফটকের পাশেই এটিএম বুথের সামনে রাখেন গাড়ি চালক। এর কিছুক্ষণ পরই কয়েকজন এসে গাড়িটি ভাঙচুর করেন।

ঘটনার সময় গাড়িতে থাকা একাত্তর টিভির গাড়ি চালক মো. আলামিন বলেন, আমি গাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ কিছু ছেলে এসে আমাকে এক মিনিটের মধ্যে গাড়ি সরাতে বলতে বলতেই ভাঙচুর শুরু করে দিয়েছিল। আমাকে গাড়ি সরানোরও সুযোগ দেওয়া হয়নি।

একাত্তর টিভির সাংবাদিক তানিয়া রহমান বলেন, আমি ৯টার খবরে নির্বাচনী লাইভে থাকার সময় কিছু ছেলে একাত্তর টিভিকে স্লেজিং করছিল। আমি তাদের কথায় কান না দিয়ে লাইভ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করি। এর মধ্যেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে শুনে ঘটনাস্থলে গিয়ে ভাঙা গাড়ি দেখতে পাই।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা ঘটনাটি জেনেছি। আগামীকাল প্রক্টরিয়াল বডি বসে ফ্যাক্ট ফাইন্ডিং করে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।