Tag Archives: কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

দেশীয় অস্ত্র ও ককটেলসহ কিশোর গ্যাং গ্রুপের ১৬ জন আটক

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং রতন গ্রুপ এবং ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।

সুপার জানান, শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর সার্কিট হাউস মোড় এলাকায় কিশোরদের গ্যাং রতন গ্রুপ এবং ঈগল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে দুজন আহতও হয়। সেই সঙ্গে এ সময় উভয় গ্রুপের ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল রাতভর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই গ্রুপের ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই কিশোর। ককটেল বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য কিশোরদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, নাজমুল হাসান রাফি, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ দীনেশ বড়ুয়াসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নেকবর হোসেন:

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি একটি দেশে তৈরি অস্ত্র পাইপগান জব্দ করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।

আটক ৫ ছিনতাইকারী হলেন -কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধশরী গ্রামের হরিপদ চন্দ্র বিশ্বাসের পুত্র অপু চন্দ্র বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩২), নগরীর গোবিন্দপুর এলাকার ভাড়াটিয়া মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শাহ আলম (২৮), নগরীর ঠাকুরপাড়া এলাকার ভাড়াটিয়া মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র রমজান আলী (২২), কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোপাবাড়ি এলাকার সুজন মিয়ার পুত্র রোজাল ইসলাম ফয়সাল (২১) এবং দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার শফিক মিয়ার পুত্র মহাম্মদ আবিদ (২১)।

এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পাইপ গান, একটি ডিজিটাল সনি ক্যামেরা, লেন্স, ফ্লাসলাইট, তিনটি হাত ঘড়ি, মানিব্যাগ, প্রদীপ কুমার সরকার নামীয় একটি জাতীয় পরিচয় পত্র, ডাচ বাংলা ব্যাংকের এটিএম ডেবিট কার্ড ও নগদ ৪৫০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, গত ২০ মে বরিশাল জেলায় কর্মরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ইজিবাইকে করে যাওয়ার পথে সদর উপজেলার হৃদগড়া এলাকায় ৪/৫ জন দুষ্কৃতকারী গাড়ি থামিয়ে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২২ মে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সাথে সাথেই জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়। এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রাজেশ বড়ুয়া।