Tag Archives: কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের ধরলেন এএসপি

কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে দিন দুপুরে আবারও স্বর্ণ চুরি

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা বাজারের একটি স্বর্ণ দোকান থেকে ক্রেতা সেজে দিন দুপুরে আবারও স্বর্ণ চুরির ঘটনা ঘটে।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির ওই জুয়েলারী দোকানে এঘটনা ঘটে।

দোকান মালিক সুবল দাস জানান, সোমবার বেলা অনুমান সাড়ে ১১টায় তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি, কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান, আরেকজন বলেন এটার ওজন দেন, আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান। এই সুযোগে চোর চক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দুইটি ট্রে বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভিতরে করে নিয়ে যান। ট্রে দুইটি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অযুহাতে দোকান ত্যাগ করে চোর চক্র।

দোকান মালিক আরও জানান, দুইটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়। তিনি আরও বলেন, যদি কেউ তাদের সনাক্ত করতে পারেন তাদেরকে পুরস্কৃত করবো।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরিকালে চোর চক্রকে আটক করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনার জানার পরপরই আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। ঈদ উপলক্ষ্যে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

 

কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের ধরলেন এএসপি

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের ধরলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল। এসময় বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রির টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা বাস স্টেশনের পাশে ধানসিঁড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- চান্দিনা ধাঁনসিড়ি এলাকার মাদক ব্যবসায়ী মহরম আলীর স্ত্রী আফিয়া বেগম (৩৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো. হোসেন এর স্ত্রী বিলকিছ বেগম (৩৮), চান্দিনা পৌর এলাকার বেলাশহর গ্রামের নূরুল ইসলাম এর ছেলে মো. রাসেল (৩৬) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে সোহেল মিয়া (২৮)।

জানা যায়, চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি চা দোকানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল মহরম আলী। তাকে এলাকার সবাই হাড্ডি বলেই চিনে। শুক্রবার রাত ৮টায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল দুই সহযোগিকে মাদক কেনার জন্য ছদ্মবেশে পাঠান। তারা ওই দোকান থেকে গাঁজা ও ফেন্সিডিল কেনার পর নিশ্চিত হয়ে এএসপি নিজেও সেখানে যান। সে সময় ওই দোকানে ও আশপাশে থাকা লোকজনদের মধ্যে কে মাদক বিক্রি করে আর কারা কিনে নেয় সব কিছুই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। এসময় ওই চা দোকান থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারের পর তাদের তথ্য অনুযায়ী পাশ্ববর্তী একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২১কেজি গাঁজা, ১শ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির প্রায় ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আমি আজই (শুক্রবার) থানায় দায়িত্ব নিয়েছি। সার্কেল স্যারের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। খবর পেয়ে আমরাও অভিযানে অংশ নেই। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।