Tag Archives: কুমিল্লার লালমাইয়ে মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

কুমিল্লার লালমাইয়ে মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

কুমিল্লার লালমাইয়ে মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লালমাই উপজেলায় মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার রাতের দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংহরিয়া গ্রামের তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকালে লালমাই থানার এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জাফরপুর গ্রামে অনুষ্ঠিত একটি মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে সিংহরিয়া ও জাফরপুর গ্রামের যুবকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে সোমবার রাতে সিংহরিয়া ক্লাবে একটি বৈঠকের আয়োজন করা হয়।

কিন্তু বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই গ্রামের যুবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে সুমন মিয়া নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসআই আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।