ভিনিসিয়ুস কাণ্ডে ব্যালন কর্তৃপক্ষকে তীব্র সমালোচনা রোনালদোর
চলতি বছরের অক্টোবরে ফ্রান্স ফুটবল সাময়িকী কর্তৃক দেওয়া ব্যালন ডি’অর পুরস্কারের বিতর্ক এখনও চলমান। সেই সময় ভিনিসিয়ুস জুনিয়রকে ছাপিয়ে রদ্রিগো হার্নান্দেজকে ব্যালন দেওয়া নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল, যার প্রভাব এখনও অব্যাহত রয়েছে। এ বিষয়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মন্তব্য করেছেন যে, ব্যালন কর্তৃপক্ষ সবসময়ই ‘অবিচার’ করে আসছে।
গতকাল (শুক্রবার) দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান দুই তারকা। সেখানে ভিনিসিয়ুস বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এ সময় ব্যালন ডি’অর ২০২৪ পুরস্কারের বিষয়ে আলোচনা উঠে আসে। রোনালদো মন্তব্য করেন যে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসই এই পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন। এর আগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি কে পাবেন তা আগেভাগেই ফাঁস হয়ে যাওয়ায় পুরো রিয়াল কর্তৃপক্ষ ব্যালন ডি’অর বিতরণ অনুষ্ঠান বয়কট করেছিল।
ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়ার বিষয়ে রোনালদো বলেন, “আমার মতে, ভিনিসিয়ুসই গোল্ডেন বল (ব্যালন) পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য ছিল। তার সঙ্গে অবিচার করা হয়েছে। আমি সবার সামনে বলছি, তারা রদ্রিগোকে পুরস্কারটি দিয়েছে, সে-ও যোগ্য ছিল, কিন্তু এটি ভিনিসিয়ুসেরই প্রাপ্য ছিল। কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, ফাইনালে গোল করেছে।”
এছাড়া, ব্যালন ডি’অর এর তুলনায় গ্লোব সকার অ্যাওয়ার্ডকে বেশি স্বচ্ছ মনে করেন রোনালদো, তিনি বলেন, “আপনারা জানেন যে, এই গালা অনুষ্ঠানে সবসময় একই ধরনের কাজ করা হয়। এজন্য আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডকে পছন্দ করি, তারা অন্তত সৎ।”
এখন পর্যন্ত ইউরোপীয় ক্লাবে লিওনেল মেসির সঙ্গে ব্যালন ডি’অর পাওয়ার প্রতিযোগিতায় প্রায় প্রতি বারই লড়াই করেছেন রোনালদো। এই পর্তুগিজ ফরোয়ার্ড ৫টি ব্যালন জিতেছেন, যা দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ড ৮টি ব্যালন পেয়েছেন আর্জেন্টিনার মেসি।
গতকাল গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার’ পুরস্কার জিতেছেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন তিনি। এরপর থেকে সৌদি ক্লাবটির জার্সিতে ৮৩ ম্যাচে ৭৪ গোল করেছেন। যদিও এখনও পর্যন্ত আল-নাসরকে লিগ টাইটেল বা সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারেননি সিআরসেভেন।
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন। এরিক টেন হাগকে কোচ হিসেবে বদলানোর পরও ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির ভাগ্য বদলায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে বর্তমানে তারা ১৪তম স্থানে রয়েছে। চলতি মৌসুমে ১৮ ম্যাচে মাত্র ৬টি জয় পাওয়া ইউনাইটেডের বিষয়ে রোনালদো বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা সবসময় কোচের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আরো বড় কিছু। যদি আপনার অ্যাকুরিয়ামে অসুস্থ মাছ থাকে, তাকে সরিয়ে দিলে আপনি সমস্যা সমাধান করতে পারেন। কিন্তু যদি তাকে আবার অ্যাকুরিয়ামে ফিরিয়ে আনেন, তবে সমস্যা পুনরায় ফিরে আসবে।”