Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সেবা পেলেন ১ হাজার ৩৯৩ জন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ মেডিকেল ক্যাম্পে নবীনগর ও পার্শ্ববর্তী এলাকার মোট ১,৩৯৩ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন, যার মধ্যে পুরুষ ৩২৪ জন, নারী ৭০৬ জন এবং শিশু ৩৬৩ জন। পাশাপাশি স্থানীয় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ৫টি সফল অপারেশন সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল স্টাফরা বিনামূল্যে চিকিৎসা, বিশেষজ্ঞ পরামর্শ ও ওষুধ প্রদান করেন।

এ মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের ধাক্কায় মোছা. রুমুজা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারুই ব্রাক্ষণহাতা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমুজা ওই এলাকার মৃত সুদন মিয়া স্ত্রী।

স্থানীয় সূত্র জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক রুমুজা খাতুনকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, সড়কে নজরদারি বৃদ্ধি এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ‘ঘাতক ট্রাকটিসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন।’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিটঘড় ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আয়ান (৬)। তার বাবার নাম মো. ইয়াছিন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে আয়ানের মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় পানিতে পড়ে গিয়েছিল আয়ান।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, ‘এই বিষয়ে আমি অবগত নই। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লীল মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ছেলে জসিম মিয়াকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লীল মিয়ার (৭৫) সঙ্গে বাগবিতণ্ডা হয় ছেলে জসিম উদ্দিনের।

এরই একপর্যায়ে ঘর থেকে কাঠের লাঠি (স্থানীয় ভাষায় ছেহাইট) দিয়ে বাবা লীল মিয়ার মাথায় উপর্যুপরি আঘাত করে ছেলে জসিম উদ্দিন। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। ২০২৪ সালের ৩০ এপ্রিল জসিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে আদালত একই বছরের ২৭ আগস্ট একমাত্র আসামির বিরুদ্ধে আনা অভিযোগ বিচারার্থে আমলে নেন এবং ২০২৪ সালের ৭ অক্টোবর আসামি জসিম উদ্দিনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩২৩ ধারায় চার্জ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায়বিচার পেলেন।’

মামলায় আসামি পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন অবশ্য এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিকআপের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাছবোঝাই পিকআপ ভ্যানের চাপায় ধন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ধন মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মেরকুটা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল আনুমানিক নয়টার দিকে মাছবোঝাই পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বটতলী বাসস্ট্যান্ড এলাকা পার হচ্ছিল।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ধন মিয়াকে চাপা দিয় পাশে খালে পড়ে যায়। ঘটনার পর পরই আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ধন মিয়াকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানায়, খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পিকআপ ভ্যানের চালক ঘটনার পরই পালিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।

নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানায়, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনায় পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।