Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে মায়ের কাছ থেকে সন্তান ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইসহ ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার তাদেরকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের শেখ অবুজ (২৫) ও শেখ সবুজ (২৮), শহরের কান্দিপাড়ার পিয়াস (৩০), শিপন মিয়া (২৮), সুলতানপুরের হৃদয় (২৩) ও আওয়াল মিয়া (৪০)।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিশ মাহমুদ খান জানান, ৩০ ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর থেকে বেকারীর মালামাল তৈরি করার জন্য পিকআপ ভ্যানে ২০ বস্তা চিনিসহ ভাদুঘর ভিআইপি বেকারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ৬ জন ব্যক্তি ৩টি মোটরসাইকেল যোগে এসে পিকআপটি গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কৌশলে পিকআপসহ অপহরণ করে নিয়ে যায়।

পিকআপে থাকা চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে আরো প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব তদন্ত শুরু করে। পরে অভিযানে এই ঘটনায় জড়িত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে মায়ের কাছ থেকে সন্তান ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে মায়ের কাছ থেকে শিশুকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মামা কিবরিয়া হাসান পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের ইসরাত জাহানের সঙ্গে সাত বছর আগে ঢাকার উত্তরখান থানার পুলারটেকের সাইফ উদ্দিন সিদ্দিকের বিয়ে হয়। আহিয়ান সিদ্দিক নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

যৌতুকের দাবিতে ২০১৮ সালে স্ত্রী ও শিশু সন্তান আহিয়ানকে শ্বশুরবাড়িতে রেখে ঢাকায় চলে যান সাইফ। পরবর্তীতে ২০১৯ সালে ইসরাত ও সাইফ উদ্দিনের ছাড়াছাড়ি হয়ে যায়। তখন আহিয়ানকে তার বাবা নিজের কাছে রেখে দেন।

সন্তানের অভিভাবকত্ব পেতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের আখাউড়া সহকারী জজ ও পরিবার আদালতে মামলা করেন ইসরাত। এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যেক ধার্য্য তারিখে মাকে দেখানোর জন্য শিশু আহিয়ানকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক।

সোমবার দুপুরে এজলাস থেকে আহিয়ানকে কোলে নিয়ে আদালত ভবনের সামনে যান ইসরাত। সেসময় সাইফ তার স্বজন ও ডিবি পুলিশের সহাতায় আহিয়ানকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মোর্শেদ আলম ও শরীফুল আলম বলেন, ডিবি পুলিশ জোরপূর্বক শিশুটিকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে। কিসের ভিত্তিতে আদালত প্রাঙ্গণে এসে তারা এ কাজ করেছে সেটি আমাদের বোধগম্য হচ্ছে না।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ডিবি পুলিশ গুরুত্বপূর্ণ একটি কাজে আদালতে গিয়েছিল। শিশুটিকে তার বাবা গাড়িতে তোলার সময় মা হৈ চৈ শুরু করেন। তখন ডিবি পুলিশ এগিয়ে যায়। কিন্তু শিশুকে ছিনিয়ে নেয়ার অভিযোগ সঠিক নয়।