Tag Archives: ভারতের সঙ্গে

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত: রিজভী

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াত ইসলামীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ক্ষমা করার একটি প্রচেষ্টা চালানো হচ্ছে।

রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

রিজভী বলেন, জামায়াত ইসলামীরা ইসলাম নিয়ে রাজনীতি করে, কিন্তু বারবার মোনাফেকি করা ইসলামিক চেতনার পরিপন্থী। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেনি। ১৯৭১ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় সোচ্চার ছিল।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে একটি রাজনৈতিক দলের অর্থ আত্মসাতের ঘটনা জনগণ প্রত্যক্ষ করেছে। কারা সহিংসতা চালিয়েছে, জনগণ তাদের চেনে। জামায়াত ইসলামীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

রিজভী উল্লেখ করেন, ১৬ বছরের দীর্ঘ আন্দোলনের ফলাফল ছিল “জুলাই বিপ্লব,” যেখানে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। এই আন্দোলন জাতিকে আন্দোলিত করেছে এবং একটি ঐতিহাসিক পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে।

তিনি শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বলেন, এই আমলে অনেকেই লুটপাটের মাধ্যমে সম্পদ দখল করেছে। এসআলমদের উত্তরসূরীরা ব্যাংক ও বিভিন্ন সম্পদ দখল করেছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল টার্মিনাল, টেন্ডার এবং বিভিন্ন ক্ষেত্র দখল করে নিজেদের ক্ষমতা স্থাপন করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংগঠনের নেতা আরিফুর রহমান তুষারসহ আরও অনেকে।

শেখ হাসিনাকে ফেরাতে

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন: চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি এখনো প্রক্রিয়াধীন। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ জন সাবেক মন্ত্রীসহ ১৩ জন আসামিকে হাজির করার পর শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর গণহত্যাসহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতাবিরোধী অপরাধের মূল কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। এই ১৩ জন আসামি তার এসব কাজে সহযোগী হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই, যা শেখ হাসিনা করেননি। আর এই আসামিরা তার সহায়ক হিসেবে কাজ করেছেন। সাম্প্রতিক জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ২৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এসব গণহত্যার উদ্দেশ্য ছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করা।

শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৩ জন আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই আসামিরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

ভারতের সঙ্গে অতীতের

ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা হাসান

ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে অতীতের নীরবতা ও নিষ্ক্রিয়তার সময় শেষ হয়ে গেছে। নদীর পানি এখন শুধু রাজনীতির বিষয় নয়, এটি কূটনীতি এবং অর্থনীতির সঙ্গেও জড়িত।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুরে মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, দর কষাকষির মাধ্যমে যদি আমাদের পক্ষে কোনো চুক্তি করা সম্ভব হয়, তাহলে তাতে স্বাক্ষর করতে আমরা প্রস্তুত। অন্য দেশ কী করছে সেটি দেখার বিষয় নয়। তিস্তা চুক্তির খসড়া তৈরি হওয়ার পরও ভারত সেটিতে স্বাক্ষর করেনি।

তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করার ক্ষমতা আমাদের আছে, যা আমাদের পূর্ববর্তী সরকার করতে পারেনি।

এ সময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।