কুমিল্লায় মাপে কারচুপির অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান চালিয়ে দুইটি পেট্রল পাম্প সিলগালা করেছে।
মঙ্গলবার (৬ মে) কুমিল্লা নগরী ও চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন পেট্রল পাম্পে এই অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান ও মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয়।
সিল করা পেট্রল পাম্পগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার মেসার্স শরীফ এন্টারপ্রাইজ এবং গোধিরপুকুরপাড় এলাকার মেসার্স এম এ হাকিম অ্যান্ড ব্রাদার্স।
বিএসটিআইয়ের কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ জানান, অভিযানে শরীফ এন্টারপ্রাইজের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৯০ ও ২০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। একই পাম্পের দুটি ডিজেল ইউনিটেও প্রতি ১০ লিটারে ১৯০ ও ২২০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছিল। ফলে পাম্পটির চারটি ইউনিট বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, এম এ হাকিম অ্যান্ড ব্রাদার্সের দুটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৩৪০ ও ৩৯০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মেলে। এ কারণে ইউনিট দুটি সিল করে দেওয়া হয়।
তিনি আরো জানায়, কুমিল্লা নগরী ও চৌদ্দগ্রামের মোট পাঁচটি পেট্রল পাম্পে অভিযান চালিয়ে দুটিতে অনিয়ম ধরা পড়ে। জনস্বার্থে বিএসটিআইয়ের এই ধরনের অভিযান চলমান থাকবে।