Tag Archives: লাশ

লক্ষ্মীপুরে কিস্তির টাকা তুলতে গিয়ে লাশ হলেন এনজিওকর্মী

লক্ষ্মীপুরে কিস্তির টাকা তুলতে গিয়ে লাশ হলেন এনজিওকর্মী

ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরে মো. ইউনুছ (৫০) নামে এক এনজিওকর্মীকে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাবেদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুরের কালু হাজি সড়ক এলাকা থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

ইউনুস লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আবদুল গনি হেডমাস্টার সড়কের আবদুর রশিদ মোল্লার ছেলে। তিনি গ্রামীণ মাল্টিপারপাসের মাঠকর্মী হিসেবে কাজ করতেন।

আটক জাবেদ কালু হাজি সড়কের শফিকুর রহমানের ছেলে ও চা দোকানি। তবে তিনি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইউনুছের এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নেন জাবেদ। এতে প্রতিদিন ২৫০ টাকা করে জমা দিতে হয়। কিন্তু তিনি কিস্তির টাকা দিচ্ছিলেন না। ২৪ আগস্ট বিকেলে মোটরসাইকেলযোগে ইউনুস বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ২৫ আগস্ট ইউনুছের স্ত্রী সুলতানা জামান সদর মডেল থানায় একটি জিডি করেন। এতে পুলিশ তদন্তের পর অভিযান চালিয়ে বুধবার (৩০ আগস্ট) রাতে জাবেদকে তার এলাকা থেকে আটক করে। পরে তিনি পুলিশের কাছে ঘটনার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।

জাবেদ পুলিশকে জানায়, ২৪ আগস্ট রাতে ইউনুছ দোকানে তার কাছে কিস্তির টাকার জন্য যায়। কিন্তু তিনি টাকা না দেওয়ায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায় লাঠি দিয়ে ইউনুসের মাথায় আঘাত করে তিনি। এতে ইউনুছ মারা যান। পরে তিনি নিজেই দোকানের পেছনে নিয়ে ইউনুছের মরদেহটি মাটিতে পুঁতে রাখেন। পরে ইউনুছের ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেলটি পাশের পুকুরে ফেলে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন জানান, ঘটনার সঙ্গে জড়িত জাবেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুকুর থেকে ইউনুছের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রামে দুষ্টুমি করায় মায়ের বকা, অভিমানে শিশুর আ’ত্মহ’ত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে দুষ্টুমি করার কারণে বকা দেওয়ায় অভিমানে তাশফিয়া (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাশফিয়া ঐ গ্রামের কবির হোসেনের কন্যা এবং একই গ্রামের শাহ ছাহেব মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।

নিহতের মা রুমা বেগম শনিবার দুপুরে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, শনিবার দুপুরে দুষ্টুমি করায় তাশফিয়াকে বকাবকি করা হয়। এ নিয়ে জিদের বশে ঘরের পিলারের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা পরিক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, আত্মহত্যার ঘটনায় লাশটি হাসপাতাল থেকে চৌদ্দগ্রাম থানায় আনা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

কুমিল্লার তিতাসে গানের ভলিউম বাড়ানো নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাসে ডেকসেটের ভলিউম বাড়ানো নিয়ে শুকতারা বেগম (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলা মংগলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজন তিতাস থানার ফর্মার ও তার বাবা জয়নাল আবেদীন ডোম বলে জানা গেছে। মামলা না করার জন্য রাজন ও জয়নাল নানান রকমের হুমকি ধমকি দিচ্ছেন শুকতারাকে হত্যার পর তারা আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে বলে জানান নিহতের পরিবার।

নিহতের ছেলে শাহনেওয়াজ (৯) ও শিশু মেয়ে মানছুরা (৩) বলে, তাদের বাবা রাজন ডেকসেটের ভলিউম বাড়িয়ে গান শুনছিলেন। তার মা ভলিউম কমিয়ে দিতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের বাবা প্রথমে মায়ের নাকেমুখে এলোপাথাড়ি কিল-ঘুসি; তার পর বেল্ট দিয়ে পিটিয়ে আহত করে।

নিহতের বাবা তারাজ মিয়া ও তার ভাই আলমগীর বলেন, আমাদের প্রতিবেশী রাজনের সঙ্গে শুকতারার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মাদকাসক্ত স্বামী রাজন ও তার পরিবার মারধর করতো শুকতারাকে। বৃহস্পতিবার সকালে শুকতারার শাশুড়ি আমাকে বলেন- শুকতারাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু কোনো কারণ না বলেই চলে যান। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি শুকতারা আর বেঁচে নেই।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে জয়নাল ও তার ছেলে রাজনের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ আমি শুনেছি। ঘটনার পর থেকে জয়নালকে থানায় দেখা যাচ্ছে না। তাছাড়া কেউ মামলা করতে আসলে আমরা অবশ্যই মামলা নেব।