Tag Archives: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল: রোগীই যেখানে চিকিৎসার অন্তরায়!

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চার চিকিৎসকের পদোন্নতি উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চার চিকিৎসকের পদোন্নতি উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৪ ডিসেম্বর) রাতে কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন হোস্টেলের ডাইনিং হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসকের পদোন্নতিতে সহকর্মী ও অতিথিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা হলেন ডা. আশরাফুল মতিন সাগর, ডা. মাহবুব সিকদার, ডা. আবুল হোসেন সৈকত ও ডা. সোহাগ চক্রবর্তী। তাঁরা পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসকদের এ ধরনের পদোন্নতি প্রতিষ্ঠানটির শিক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা নতুন দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. মিনহাজুর রহমান তারেক, ডা. সফিকুর রহমান, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ, ডা. খাজা হোসেন তুষারসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোজা রমজানের দিনে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে চাঁদপুর থেকে চিকিৎসা সেবা নিতে এসে বিপাকে পড়েছেন সাওার মিয়া।

মঙ্গলবার (১১ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি দেখতে পান, চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, ফলে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। হাসপাতালের প্রধান দুইটি ফটকও বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের।

এদিন, ইন্টার্ন চিকিৎসক, প্রাইভেট ট্রেনিং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। জানা গেছে, গত শনিবার (৮ মার্চ) থেকে ১২ মার্চ পর্যন্ত সারাদেশে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষিত থাকলেও কুমিল্লা মেডিকেলে এ কর্মসূচি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

চিকিৎসকদের পাঁচটি মূল দাবি হচ্ছে: ১. এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ “ডাক্তার” উপাধি ব্যবহার করতে পারবে না। ২. ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে। ৩. স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন করতে হবে। ৪. ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। ৫. চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

রাজাপাড়া থেকে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম জানান, তার ছেলে খেলতে গিয়ে হাত ভেঙে ফেলেছে। চিকিৎসকের কাছে নিয়ে আসলেও কর্মবিরতির কারণে কোনো চিকিৎসা পাননি।

অন্যদিকে, আন্দোলনরত চিকিৎসকরা জানান, তারা রোগীদের ভবিষ্যৎ কল্যাণের কথা চিন্তা করেই এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, এই আন্দোলনের মাধ্যমে চিকিৎসা খাত আরো সুশৃঙ্খল ও উন্নত হবে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। যদিও এতে রোগীরা সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তবে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ তলা ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ৫ তলার বারান্দায় অরক্ষিত অতিরিক্ত শয্যা থেকে পড়ে গিয়ে ওসমান গনি (৪৭) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত ১২টার সামান্য আগে হাসপাতালের সার্জারি বিভাগে এ দুর্ঘটনাটি ঘটে। পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। নিহত ওসমান গনির বাড়ি কুমিল্লা শহরের চকবাজারের বালুধুম পেরিয়ে দৌলতপুরে।

নিহতের স্ত্রী ও নিকটাত্মীয়রা জানান, ওসমান গনি শরীর খারাপ লাগায় অস্থিরতা করছিলেন। ঘুম না আসায় তিনি শয্যার সঙ্গে দেওয়ালের পিলারে হেলান দিয়ে বসেছিলেন। শয্যাটি বারান্দায় থাকায় পাশে কোনো লোহার গ্রিল বা দেওয়াল সুরক্ষিত ছিল না। শয্যা থেকে সামান্য উঁচুতে কোমর সমান দেওয়ালের রেলিং ছিল, তবে তার পাশে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। ওসমান গনির স্ত্রী একই শয্যায় শুয়ে ছিলেন।

ওসমান গনির স্ত্রী কোহিনুর বেগম জানান, রাত ১২টার সামান্য আগে তিনি দেখেন যে তার স্বামী হেলান থেকে গড়িয়ে মাথা ঝুঁকে নিচে পড়ে যাচ্ছেন। তিনি বলেন, “তার পা আমার শরীরে লাগলে আমি জেগে উঠি এবং পা ধরে তাকে রক্ষা করার চেষ্টা করি, কিন্তু পারিনি। তিনি নিচে পড়ে যান।”

জানা যায়, সপ্তাহখানেক আগে অপারেশনের জন্য ওসমান গনি হাসপাতালে আসেন। হাসপাতালে শয্যা খালি না থাকায় তাকে দুদিন ধরে ঘুরে বেড়াতে হয়। পরে দালালের মাধ্যমে ৫০০ টাকার বিনিময়ে বারান্দার পাশে অরক্ষিত স্থানে একটি শয্যার ব্যবস্থা করে তাকে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই সার্জারি বিভাগের দায়িত্বশীল কাউকে হাসপাতালে পাওয়া যায়নি। ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন ঘটনাস্থল থেকে ওই শয্যাটি সরিয়ে নেন।

নিহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, “আমার স্বামী চিকিৎসা নিতে এসেছিলেন। কিন্তু হাসপাতালের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে তিনি জীবন হারিয়েছেন। আমি এর বিচার চাই।”

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিহতের পরিবার ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গণশুনানী

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় গতকাল ২৪ মে ( বুধবার) দুপুর সাড়ে ১২ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানী অনুষ্ঠিত হয়।

সনাক কুমিল্লার স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি যুগ্ম আহবায়ক ও সনাক সদস্য দিলনাশি মোহসেন সঞ্চালনায় অনুষ্ঠিত গুণশুনানীতে স্বাগত বক্তব্য প্রদান করেন সভায় উপ-পরিচালক ডা: সাজেদা খাতুন।

গণশুনানীর লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন সনাক সদস্য আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর খান। গণ শুনানীতে অংশ নিয়ে সেবাগ্রহীতা বাতেন মিয়া ঔষধ সরবরাহ বাড়ানো পরামর্শ দেন। ইমা রানী সিংহ নার্স সংকট ও নিরাপদ খাবার পানির ব্যবস্থার দাবী জানান, হাজেরা বেগম টয়লেট বৃদ্ধির অনুরোধ করেন। জরিনা বেগম সিট সংখ্যা বাড়ানোর কথা বলেন।

সাংবাদিক আবু সুফিয়ান বেসরকারি এম্বুল্যান্স সমূহের যৌক্তিক ভাড়া নির্ধারণে নীতিমালা ও হাসপাতালের ট্রলীর সুষ্ঠু ব্যবস্থাপনার দাবী জানান।

সুশীল সমাজের প্রতিনিধি শাহ্ মো: আরেফিন হাসপাতালে টিকেট নিয়ে হয়রানি বন্ধে ই-টিকেটিং পদ্ধতি চালুর অনুরোধ করেন। আলোচনায় অংশ নিয়ে হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী পর্যাপ্ত ঔষধ, নিরাপদ খাবার পানি দ্রুত ব্যবস্থার তাৎক্ষনিক নির্দেশনা দেন। এছাড়াও তিনি-টিকেটিং ব্যবস্থা চালু ও ট্রলী সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। তিনি বেসরকারি এম্বুল্যান্স সমূহের যৌক্তিক ভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়নে সনাকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সনাক এর সহযোগিতার বাস্তবায়িত কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

সনাক সহ-সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় সদ্য যোগদানকারী পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, সেবার মান আরো কিভাবে বৃদ্ধি করা যায়, সেই উদ্দেশ্যে এই আয়োজন। তিনি সকল ধরনের ইতিবাচক কার্যক্রমে সনাকের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

মতবিনিময় সভায় সহকারী পরিচালক ডা: নিশাত সুলতানা, সনাক সদস্য অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, সেলিনা আক্তার, বিভিন্ন ওয়ার্ডের ডাক্তার, নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের সেবাদানকারী ও গ্রহণকারী প্রতিনিধিবৃন্দ, টিআইবি কর্মকর্তা, এসিজি সদস্য ও ইয়েস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সদর দক্ষিণের পেট্রোল পাম্পে কর্মচারীর হাতে কর্মচারী খুন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পেট্রোল পাম্পের কর্মচারী রাব্বি’র হাতে মারুফ (১৮) নামের আরেক কর্মচারী খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে বেলতলী কৃষ্ণপুরস্থ অধ্যক্ষ কবির আহম্মেদের মালিকানাধীন এস.কে পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে।

ঘাতক রাব্বি একই উপজেলার বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। ঘটনার পর পরই পলাতক ঘাতক রাব্বি।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরীর ঢুলিপাড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় মূল আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে হত্যার প্রচেষ্টা মামলায় মূল আসামী শাহআলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বোন শিরিন আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা রুজু হলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মঙ্গলবার (২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে চর্থা থিরাপুকুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় শাহ আলমকে গ্রেফতার করে।

শাহ আলম (৩৫) নুরু মিয়ার ছেলে বলে জানা যায়। এ মামলার এজাহার নামীয় ০৩ নং আসামী ইয়াসিন (২৮), পিতা- সালেক মিয়াকে ঘটনার রাতেই গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও আহত ছাত্রলীগ নেতার পরিবার জানায়, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম তার সঙ্গীরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে হত্যার প্রচেষ্টা কুপিয়ে গুরুতর আহত করে। আহত ছাত্রলীগ নেতা সুজন ঢুলিপাড়া এলাকায় ফরিদ উদ্দিন আহামেদের ছেলে।

স্থানীয়রা জানায়, ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ মিলে মাদকের বিরুদ্ধে সভা করে। মাদকের বিরুদ্ধে সভা করার জের রোববার দুপুরে ঢুলিপাড়া চৌমুহনীতে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজনের উপর হামলা করে নগরীর দক্ষিন চর্থা থিরাপুকুর এলাকার নুরু মিয়ার ছেলে শাহ আলম নামের এক মাদক কারবারি ও তার সঙ্গীরা। হামলায় সুজনের পেটে এবং হাতে মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়।

কুমিল্লার তিতাসে গানের ভলিউম বাড়ানো নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাসে ডেকসেটের ভলিউম বাড়ানো নিয়ে শুকতারা বেগম (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলা মংগলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজন তিতাস থানার ফর্মার ও তার বাবা জয়নাল আবেদীন ডোম বলে জানা গেছে। মামলা না করার জন্য রাজন ও জয়নাল নানান রকমের হুমকি ধমকি দিচ্ছেন শুকতারাকে হত্যার পর তারা আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে বলে জানান নিহতের পরিবার।

নিহতের ছেলে শাহনেওয়াজ (৯) ও শিশু মেয়ে মানছুরা (৩) বলে, তাদের বাবা রাজন ডেকসেটের ভলিউম বাড়িয়ে গান শুনছিলেন। তার মা ভলিউম কমিয়ে দিতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের বাবা প্রথমে মায়ের নাকেমুখে এলোপাথাড়ি কিল-ঘুসি; তার পর বেল্ট দিয়ে পিটিয়ে আহত করে।

নিহতের বাবা তারাজ মিয়া ও তার ভাই আলমগীর বলেন, আমাদের প্রতিবেশী রাজনের সঙ্গে শুকতারার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মাদকাসক্ত স্বামী রাজন ও তার পরিবার মারধর করতো শুকতারাকে। বৃহস্পতিবার সকালে শুকতারার শাশুড়ি আমাকে বলেন- শুকতারাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু কোনো কারণ না বলেই চলে যান। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি শুকতারা আর বেঁচে নেই।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে জয়নাল ও তার ছেলে রাজনের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ আমি শুনেছি। ঘটনার পর থেকে জয়নালকে থানায় দেখা যাচ্ছে না। তাছাড়া কেউ মামলা করতে আসলে আমরা অবশ্যই মামলা নেব।

সদর দক্ষিণে মদিনা বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, গুরুতর আহত ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)।

আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের ছেলে মো. জুনাইদ (৯), মাটিয়ারা এলাকার শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক মো. আশিক (২৫)।

সদর দক্ষিণ মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চৌয়ারা-সুয়াগাজী সড়কে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাতে থাকা ২ জন যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪ জন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুমেক হাসপাতালের নতুন পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

এর আগে তিনি কুমিল্লা সরকারি মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সার-২ অধিশাখার যুগ্ম সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডাঃ মোঃ আজিজুর রহমান ১৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি চট্রগ্রামের সিভিল ও স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন।

ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার গিলাতলী গ্রামের মোঃ আনোয়ারুল আজীম সিদ্দিকী ও কাজী খাদিজা বেগমের সন্তান।

তিনি বলেন, বাকী জীবন গ্রামের বাড়ি থেকে মানুষের সেবা করব। সিভিল সার্জন, লাইন ডাইরেক্টর, প্রজেক্ট ডাইরেক্টর, অধ্যক্ষ এর পর পরিচালক। নিজ গ্রামে থেকে মায়ের কবরের পাশে বাবার স্নেহ নিয়ে আত্বী-স্বজনদের ভালোবাসায় জীবন কাটাতে চান তিনি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত মাদক সেবনে প্রাণ গেল যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত মাদক সেবনে শরিফ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শরিফ মিয়া উপজেলার গোপালনগর গ্রামের লিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফ মিয়া পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী। শুক্রবার সকালে মাদক সেবন করে বাড়িতে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

বাড়িতে আসার কিছু সময় পর শরিফের আবার পেটে ব্যথা শুরু হয়। এরপর বিকাল ৫টায় তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে শরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শরীফের বোন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।