Tag Archives: ছাত্রলীগ

ছাত্রলীগের হামলায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল নেতা রায়হান আহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট-এর ছাত্রদল নেতা রায়হানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে, ছাত্রলীগের কর্মী ও বহিরাগত কয়েকজন মাদকাসক্ত ব্যক্তি তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আনুমানিক বিকেল পাঁচটার দিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস–সংলগ্ন এলাকায় রায়হান একা অবস্থায় থাকাকালে হামলার শিকার হন। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে দ্রুত সেখান থেকে সরে যায়।

সহপাঠীরা জানান, কয়েক দিন আগে কুমিল্লা পলিটেকনিক ছাত্রাবাসে রায়হান মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভের জের ধরে তাঁর ওপর হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর সহপাঠীরা আহত রায়হানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: আসামি ৬৩

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: আসামি ৬৩

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে  ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় সংগঠনটির ৬৩ নেতাকর্মিকে আসামি করে মামলা করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

তিনি বলেন, ৪৩ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫-২০জনকে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফুল ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯) ও সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মি জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। মিছিলের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ফেস্টুন, তিনটি লাঠি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আরও বলেন, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫জন এজাহার নামীয় আসামি এবং আরেক আসামি এজাহারের বাহিরে। অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আগুন সন্ত্রাস দমনে ছাত্রলীগই যথেষ্ট: মাহিয়া মাহি

ডেস্ক রিপোর্ট:

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বলেছেন, বিএনপি দেশকে একটি নৈরাজ্য রাষ্ট্রে পরিণত করতে চায়। যার কারণে দেশে হরতাল অবরোধের নামে আগুন সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।

তিনি বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় দেখেছি কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বিএনপির সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য দেশবিরোধী ষড়যন্ত্র ও অবরোধের বিরুদ্ধে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহিয়া মাহি এসব কথা বলেন।

এ সময় ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, সদর উপজেলা সভাপতি ফয়সাল আহমেদসহ অন্যরা।

এদিকে বিকালে জেলা শহরের বিশ্বরোড় মোড় এলাকায় যৌথভাবে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ ও কৃষক লীগ। জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসফাকুর রহমান রাসেল, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা প্রমুখ।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপ্রিয় জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলায় যদি কেউ অবরোধের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে তবে তাদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যুবলীগ নেতা মো.রাসেল ওরফে শিশু রাসেলসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের মাহবুল্লাপুর গ্রামের জাফর আহম্মদ ছেলে জাহাঙ্গীর আলম ওরফে কালা বাবু (২৬), একই উপজেলার দেবকালা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ফিরোজ আহম্মদ ওরফে রাকিব (২০) ও চাঁদকাশিমপুর গ্রামের মো.দেলোয়ারের ছেলে মো.রাসেল ওরফে শিশু রাসেল (২৭) ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে দুই আসামিকে গ্রেফতার করে র‍্যাব-১১। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে যুবলীগ নেতা শিশু রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

নিহত আব্দুল লতিফ মিন্টু (৪৫) উপজেলার গোপালপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মাহবুল্লাপুর গ্রামের খান বাড়ির মৃত আবু তাহেরের ছেলে এবং সে গোপালপুর ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিল।

জানা যায়, মঙ্গলবার সকালের দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোটরামহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত যুবদল নেতা মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে একই দিন রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান জানায়,প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গতকাল সোমবার দুপুরের দিকে মিন্টু নামে এক যুবককে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে গুরুত্বর জখম করে উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরামহব্বতপুর গ্রামের রাস্তার উপর ফেলে চলে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে ভিকটিম মারা যায়। তাৎক্ষণিক র‌্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল হত্যাকারীদের গ্রেফতারে তদন্ত শুরু করে। পরবর্তীতে র‍্যাব-১১, সিপিসি-৩ এর বিশেষ আভিযানিক দল ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২২ সালের ৭ জুলাই উপজেলা ছাত্রলীগের সদস্য মো.হাসিবুল বাশার হাসিবকে (২২) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যা মামলার ৫নম্বর আসামি ছিল নিহত যুবদল নেতা মিন্টু। কিছু দিন আগে নতুন করে যুবলীগ নেতা শিশু রাসেলের সাথে বিরোধ বেধে যায় নিহত মিন্টুর। পূর্ব শক্রতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরের দিকে যুবলীগ নেতা রাসেলসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিন্টুকে এলোপাতাড়ি কুপিয়ে উপজেলার কোটরামহব্বতপুর গ্রামে পেলে যায়। পরে স্থানীয় চৌকিদার বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এলাকাবাসীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে আটক করেছে। এলাকায় প্রভাব বিস্তার থাকায় কেউ মুখ খোলেনা। যার নাম পেয়েছি, সে স্বশরীরে ছিল, তাই তাকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, নিহত মিন্টু ছাত্রলীগ নেতা হাসিব হত্যা মামলার জামিনপ্রাপ্ত ৫নম্বর আসামি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নগরীর ঢুলিপাড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় মূল আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে হত্যার প্রচেষ্টা মামলায় মূল আসামী শাহআলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বোন শিরিন আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা রুজু হলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মঙ্গলবার (২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে চর্থা থিরাপুকুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় শাহ আলমকে গ্রেফতার করে।

শাহ আলম (৩৫) নুরু মিয়ার ছেলে বলে জানা যায়। এ মামলার এজাহার নামীয় ০৩ নং আসামী ইয়াসিন (২৮), পিতা- সালেক মিয়াকে ঘটনার রাতেই গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও আহত ছাত্রলীগ নেতার পরিবার জানায়, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম তার সঙ্গীরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে হত্যার প্রচেষ্টা কুপিয়ে গুরুতর আহত করে। আহত ছাত্রলীগ নেতা সুজন ঢুলিপাড়া এলাকায় ফরিদ উদ্দিন আহামেদের ছেলে।

স্থানীয়রা জানায়, ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ মিলে মাদকের বিরুদ্ধে সভা করে। মাদকের বিরুদ্ধে সভা করার জের রোববার দুপুরে ঢুলিপাড়া চৌমুহনীতে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজনের উপর হামলা করে নগরীর দক্ষিন চর্থা থিরাপুকুর এলাকার নুরু মিয়ার ছেলে শাহ আলম নামের এক মাদক কারবারি ও তার সঙ্গীরা। হামলায় সুজনের পেটে এবং হাতে মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জের মেলায় জুয়ার টাকার ভাগ নিয়ে সংঘর্ষে আহত ৬, টাকা লুট

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরফকিরা গ্রামে কথিত মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬জন আহত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চরফকিরা গ্রামের মুক্তিযোদ্ধা মেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৪ ফেব্রুয়ারি রাত থেকেই উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা মেলার নামে এ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ড প্রতি ৬০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় ও তৃতীয় দিন বোর্ড প্রতি ৬৫ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড প্রকাশ্যে সামিয়ানা টাঙিয়ে বসানো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে ক্ষমতাবানরা। এরমধ্যে পুলিশ, প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি সফিকুল ইসলাম সোহাগ বাটোয়ারা নিচ্ছেন বলে স্বীকার করেন জুয়াড়িরা। কিন্তু মেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর মেম্বার মেলার দায়িত্বে থাকা ভলেন্টিয়ারদের টাকা না দেওয়ায় ভলেন্টিয়াররা মেলা ভেঙ্গে দেয়।

সেতুমন্ত্রীর ভাগনে মিরাজ জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন ও চরফকিরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মিল্টন মেলা শুরু হলে কমিটির কাছ প্রথম একবার টাকা নেয়। এরপর এ টাকায় হবেনা বলে পুনরায় তারা টাকা দাবি করে। এ নিয়ে কমিটির সাথে সোমবার রাতে তাদের বিরোধ দেখা দেয়। এতে ছাত্রলীগ নেতা লিংকন ও মিল্টনের নেতৃত্বে তাদের অনুসারীরী জুয়ার বোর্ড এবং যাত্রার প্যান্ডেলে হামলা চালায়। এ সময় হামলাকারীরা জুয়ার বোর্ড থেকে ৩লাখ টাকা লুট ও যাত্রার মেয়েদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। পরে পুলিশের সহায়তায় তিনি সহ এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরফকিরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মিল্টন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ভলেন্টিয়ারদের সাথে মেলা কমিটির বিরোধ দেখা দিলে তারা মেলা বন্ধ করে দেয়। এ ঘটনার সঙ্গে তিনি ও লিংকন জড়িত নেই।

এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি জানান, গতকাল রাতে মেলায় সমস্যা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেননা।

কাল খুলছে কুবির সীলগালা হল,তবে পরীক্ষা স্থগিত থাকবে

 

কুবি প্রতিনিধি:

আগামীকাল (৯ অক্টোবর) ১২ টায় কুবির সকল সীলগালা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ (৮ অক্টোবর) ১২ টায় উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরো জানানো হয়, হলে আবাসিক শুধু মাত্র আবাসিক শিক্ষার্থীরা উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে হলে অবস্থান করতো তারা আইডি কার্ড দেখিয়ে হলে উঠতে পারবে। এছাড়া ১০ থেকে ১৭ অক্টোবর পরিক্ষা স্থগিত থাকবে আগের সিদ্ধান্ত অনুযায়ী।

গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ‘বিলুপ্তি’ ঘোষণাকে কেন্দ্র করে ১ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি অস্ত্র মহড়ায় অস্থিতিশীল হয়ে উঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ অক্টোবর (রোববার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরী মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য সীলগালা করা হয়। এমনকি ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হয়।

আবরারের ছোট ভাই ঢাবিতে ৪৪তম, তবে বুয়েটেই পড়ার ইচ্ছা

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খুন হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪তম হয়েছেন। তিনি এর আগে বুয়েটের ভর্তি পরীক্ষায় ৪৫০তম স্থান অর্জন করেন। তবে বুয়েটেই পড়ার ইচ্ছা তার।

সোমবার (৪ জুলাই) ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশের পর তার ফল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে থাকে।

এ বিষয়ে জানতে আবরার ফাইয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভর্তি পরীক্ষায় ৪৪তম হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফাইয়াজ বলেন, আমি ঢাবিতে ৪৪তম হয়েছি। তবে বুয়েটেই ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি। বাবারও ইচ্ছা বুয়েটে ভর্তি করানোর। তবে মা এখনো বুয়েটে ভর্তির বিষয়ে রাজি না।

আবরার ফাইয়াজ বুয়েটের মেধাতালিকায় ৪৫০তম স্থানে আছেন, যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

চবিতে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে শিবির সন্দেহে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এই ঘটনা ঘটে। পরে তাকে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম তামজীদ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

মারধরের বিষয়টি স্বীকার করে শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী সাহিল কবির বলেন, ‘ওই ছেলে শিবিরের সক্রিয় কর্মী এবং নুরুদের সাথে রাজনীতি করে। সে বিভিন্ন সময় সরকার, ছাত্রলীগ, প্রধানমন্ত্রী ও আমাদের নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি করে। আমরা তাকে এক বছর ধরে বারবার এ ধরনের কটূক্তি না করতে নিষেধ করি। এরপরও সে তার কটূক্তি অব্যাহত রাখে। তাই আজ আমরা হালকা চড় থাপ্পড় দিয়ে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ বলেন, ‘কয়েকজন ছাত্রলীগ কর্মী এক ছাত্রকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সে ফেসবুকে পদ্মাসেতু, সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিত বলে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেছে। বিষয়টি সে স্বীকার করে পুলিশের কাছে একটি অঙ্গীকারনামা দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
সূত্র-আজকের পত্রিকা

ভিক্টোরিয়ার বন্ধ ক্যাম্পাস আর পরিত্যাক্ত ছাত্রাবাস এখন মাদকসেবী, যৌনকর্মীদের আস্তানা

 

স্টাফ রিপোর্টারঃ

করোনায় ১৬ মাস বন্ধ ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস। চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। বন্ধ ক্যাম্পাস আর পরিত্যাক্ত ছাত্রাবাস এখন মাদকসেবী আর যৌনকর্মীদের আস্তানা। ছুটির এ সময়ে অতিরিক্ত সতর্কতা আর পুলিশের টহল উপক্ষা করে কলেজ ক্যান্টিনে চলে মাদক বিক্রি। রাতের আধাঁরে পরিত্যাক্ত ছাত্রাবাস থাকে যৌনকর্মীদের দখলে। কলেজ কর্তৃপক্ষ বলছেন সমস্যার স্থায়ী সমাধানে ধর্মপুরে পুলিশ ফাঁড়ি প্রয়োজন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার ২২টি বিভাগে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করেন। কবি নজরুল ইসলাম ছাত্রাবাস ও নওয়াব ফয়জুন্নেসা হলে হাজার শিক্ষার্থী আবাসিক সুবিধা পেয়ে থাকে। এছাড়াও কয়েক হাজার ছাত্র-ছাত্রী ধর্মপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাসিন্দারা নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন।

একাধিক বিশ্বস্থ সূত্র জানিয়েছে, কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় দেয়ালের উপর দিয়ে বহিরাগতরা প্রবেশ করেন। রাতে অবস্থান ও মাদক সেবন করেন। নিউ হোস্টেল ও শেরে বাংলা ছাত্রী হোস্টেলের পরিত্যক্ত ভবনে রাতের আধাঁরে যৌনকর্মীদের যাতায়াত রয়েছে। ডিগ্রি শাখার পরীক্ষা ভবনের টয়লেটের সেপটিক ট্যাংক, জিয়া অডিটরিয়ারের পেছনে, মোতাহের হোসেন কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে, কথা ভবনের নিচতলা, বিজ্ঞান ভবন-২ এর বিশেষ কিছু কক্ষে মাদকসেবীদের আড্ডা জমে। দিনে কলা ভবনের তিনতলা, রাতে নিচতলায় মাদকসেবন করে স্থানীয় যুবকরা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কলেজ ক্যান্টিন ক্যাফে-৭১ এর চলে মাদকবিক্রি। শহর, শহরতলী ও কোটবাড়ি এলাকার মাদকসেবীদের নিয়মিত আসর ক্যাফে-৭১। অভিযুক্তদের সবাই কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কৃত।

ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের একজন নারী সদস্য অভিযোগ করেছেন, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বহিরাগতা বসে সিগারেট খায়। এখানে পাঠাগার ও দু’টি সংগঠনের কার্যক্রম চলে। তাদের কারণে মেয়ে সদস্যরা আসতে চায় না।

কলেজের গণিত বিভাগের ছাত্র আব্দুল্লাহ হিল ক্বাফি জানান, গত চারবছর ধরে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অধিপাত্য বেড়েছে। ফেসবুকে কলেজ ছাত্রীদের সাথে অবৈধ প্রেম সম্পর্কে লিপ্ত হয়ে, শারিক সম্পর্কে লিপ্ত হয় বহিরাগত বখাটেরা। তারা ছাত্রীদের বø্যাক মেইল করে কলেজের বিভিন্ন কক্ষে নানা অপকর্মে লিপ্ত হয়। এ সন্ত্রাসীরা অস্ত্র বহন করে তাই এখানের শিক্ষক, শিক্ষার্থী কর্মচারি কেউ তাদের বিরুদ্ধে বলতে চায় না।

নাম প্রকাশ না করা শর্তে, কলেজের একজন কর্মচারী জানিয়েছেন শুভ নামের এক স্থানীয় যুবক মাদক বিক্রির মূল কাজটি করে থাকেন। শুভ ধর্মপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে ও কলেজের গাড়ি চালক শামীম আহম্মেদের ভাই। তারা সবাই আশিক, জুবায়ের গ্রুপের লোক। কলেজ বন্ধ তবে তারা ক্যান্টিনে দিনে ও রাতে অবস্থান করে। বাইকে করে মাদক ক্রেতারা আসে, আবার চলে যায়। তাদের সাথে সব সময় অস্ত্র থাকে, তাই নৈশ্য প্রহরীরা ভয়ে কিছু বলে না।

এ সময় তিনি আরও বলেন, সরকারি কোন নিয়ম না মেনেই ছাত্রলীগের বহিষ্কৃত সদস্যদের কলেজ ক্যান্টিন দেওয়া হয়েছে। তারা এখন অপরাধের আখড়া বানিয়েছে ক্যান্টিনকে।

ছাত্রলীগ কুমিল্লা মহানগর সূত্রমতে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১৯ সালের ১১ মে ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের তিন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন রাকিবুল ইসলাম জুবায়ের, আশিকুর রহমান জুয়েল ও আবদুর রহমান বাবু। দল থেকে বহিষ্কারের পর এ চক্রের সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠে।

ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী সায়েম বলেন, সে যেই হোক। যারা মাদকের সাথে যুক্ত ছাত্রলীগে তাদের স্থান নেই। অভিযোগ পেলে আমি সাথেসাথে ব্যবস্থা গ্রহণ করবো। আর ক্যাম্পাসকে মাদকমুক্ত করার জন্য আমি অধ্যক্ষ স্যারের সাথে কথা বলবো।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, টহল পুলিশ সব সময় কাজ করে থাকে। ভিক্টোরিয়া কলেজ থেকে যখন কল পাই, আমরা সাথে সাথে ক্যাম্পাসে যাই। একাধিক বার কিছু যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তাদের অভিভাবক এসে মুসলেকা দিয়ে তাদের নিয়ে গেছে। কারও নামে মামলা দেওয়া হয়নি। কোতয়ালী থানার অধিনে এখন চারটি ফাঁড়ি রয়েছে। নতুন ফাঁড়ির বিষয়ে পুলিশ সুপার স্যার সিদ্ধান্ত দিবেন।

শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান মনে করেন, কলেজের এ সমস্যা দীর্ঘদিনের। পুলিশ প্রশাসন আমাদের সহযোগীতা করেন নিয়মিত। তবে সমস্যার স্থায়ী সমাধান ও নিরাপত্তার জন্য এখানে একটি পুলিশ ফাঁড়ি প্রয়োজন। এ বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের নিকট আমরা লিখিত আবেদন করবো।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, কারও বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে সাথেসাথে পুলিশে দেওয়া হবে। বিগত সময় থেকে এখন বহিরাগতদের প্রবেশ কমেছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অংশে আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। আমাদের পুরা ক্যাম্পাস সিসি টিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়াও কলেজের নানা বিষয়ে সমস্যা আছে, ধারাবাহিকভাবে সমাধানের চেষ্টা আছে।