Tag Archives: শেখ হাসিনা

বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই সংসদের যথেষ্ট অবদান রয়েছে।

তিন সংসদ সদস্যের শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার ও পটুয়াখালী-১ আসনের এম শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক জানায় জাতীয় সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উত্থাপিত এ সংক্রান্ত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এর আগে শোকপ্রস্তাবের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের এমপিরা বক্তব্য রাখেন।

পরে সংসদে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সরকার দলের এমপি হাফেজ রুহুল আমিন মাদানী।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী জানান, এবারের সংসদের অধিবেশনের প্রথম দিনটা আমাদের শোক প্রস্তাব নিতে নিতেই সময় গেল। এটা সব থেকে দুঃখজনক।

তিনি বলেন, একে একে আমরা অনেক সদস্যকে হারিয়েছি। কোভিডকালে তো ছিল আরো বেশি। এবার তিনজন সদস্য আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের বয়স হয়েছে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভোট-ভাতের অধিকারসহ গণতান্ত্রিক সংগ্রামে তাদের যথেষ্ট অবদান রয়েছে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এ কে এম শাহজাহান কামাল ও এম শাহজাহান মিয়া যথেষ্ট ভূমিকা রেখেছেন। সবাইকে মরতে হবে জানি। তারপরও সংসদের শেষ বেলায় এসে সবাই আমাদের একে একে হারিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য সত্যি কষ্টকর।

সংসদ নেতা বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই সংসদের যথেষ্ট অবদান রয়েছে। এটাই বোধ হয় এই আমলের আমাদের শেষ অধিবেশন। আর সেই অধিবেশনটা শুরু করতে হলো কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুর সংবাদ দিয়ে।

মারা যাওয়া এমপিদের আত্মার মাগফিরাত কামনা করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাদের ভূমিকার জন্য তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

সংসদে এ সময় অন্যদের মধ্যে আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আ স ম ফিরোজ, নূর উদ্দিন নয়ন, আনোয়ার হোসেন খান, মুহিবুর রহমান, কাজী কানিজ সুলতানা, মসিউর রহমান রাঙা, পীর ফজলুর রহমান বক্তব্য রাখেন।

ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের উন্নয়ন, এ দেশের অর্জন, এ দেশের গণতন্ত্র, এ দেশের মুক্তিযুদ্ধ, এ দেশের স্বাধীনতা যদি রক্ষা করতে চান, দেশকে যদি ভালোবাসেন, তাহলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের জানান, পৃথিবীতে আন্দোলনে সরকারের পতন হয়, আমাদের এখানে ৬৯-এর আন্দোলনে হয়েছে, এরশাদ সাহেবেরও পতন হয়েছে। বিরোধী দলের পতন কি হয় না? বিএনপি কতবার চেষ্টা করল, সব আন্দোলন ফেল করল, বিরোধী দলেরও তো পতন হয়। আমাদের দেশের নেতিবাচক রাজনীতিতে বিরোধী দল বারে বারে পতনের দিকে গেছে। এখনও তারা বিপথে চলছে। সে পথ ভুল পথ।

ওবায়দুল কাদের জানায়, ১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান, আর পনের বছর পর রূপান্তরিত বাংলাদেশ, যার রূপকার এখানে বসে আছে। এই রূপান্তর বিশ্বের বিস্ময়। দেশের জন্য যে মানুষটি সবকিছু বিসর্জন দিয়েছে, নিজের সুখ-শান্তি, একটা কমিটমেন্ট নিয়ে তিনি কাজ করেন।

সেতুমন্ত্রী বলেন, একটা দল দিন-রাত বিষোদ্‌গার করে, যাকে বৃটেনের প্রধানমন্ত্রী কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে! এরা কি দেখে নাই? বহু প্রধানমন্ত্রী জি-টুয়েন্টিতে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট তো নিজেই সেলফি তুলেছেন, জি-টোয়েন্টিতে তুলেছেন, নিউ ইয়র্কেও তোলেন। তিনি তো অন্য কারও সঙ্গে তোলেন নাই। আমাদের সমর্থন করছে… আমরা আনন্দিত সেই জন্য না.. শেখ হাসিনাকে গুরুত্ব দিয়েছে, গুরুত্বের মানেটা কী, এখানে সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। সমর্থনের কথা বলে লাভ নেই।

তিনি আরও বলেন, এখন কত ঘরে কত আগুন। চারদিকে অশান্তির আগুন। এসব ছেড়ে বাংলাদেশের ফখরুল সাহেবকে উৎসাহ দেবে কে? তিনি তো প্রতিদিন এসব মিথ্যাচার করেন। পশ্চিমা বিশ্বের উৎসাহ তিনি পাচ্ছেন, এজন্য ভালো লাগছে, মির্জা আব্বাস বলে চাঁদ রাতের মতো লাগছে।

ওবায়দুল কাদের জানান, তত্ত্বাবধায়ক সরকার আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। ওই তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। ওটা ঘুমিয়ে আছে। জাগবে না। প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবে? কী কারণে? বাংলাদেশ আপনি যাদের কথা বলেন, উৎসাহ পাচ্ছেন, তাদের দেশের গুরুত্বপূর্ণ সংস্থা আইআরআই বলেছে, বাংলাদেশে বর্তমানে ৭০% লোক শেখ হাসিনার পক্ষে। এবার আমাদের মানতে হবে, শত্রুরা ৪৭-এর লাইনে চলে গেছে। তারা দ্বিজাতি তত্ত্বের ওই লাইনে চলে গেছে। আমাদের লাইন ঠিক করতে হবে। কারণ আমি এই বাংলাদেশের লোক।

বিএনপির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলটির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক।

এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহের কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজ উদ্বোধন এবং সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।

এ দিন প্রধানমন্ত্রী সারাদেশে ১৬৪ টি সেতু ও আন্ডারপাসের উদ্বোধন করেন। এসব স্থাপনা দেশের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।

শেখ হাসিনা বলেন, ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কী দিয়েছে? তারা দেশের মানুষের জন্য কতটুকু করেছে? তারা দেশের কতটুকু উন্নতি করেছে, সেটাই হলো বড় প্রশ্ন।

তিনি বলেন, আমরা সারা বাংলাদেশে ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত যতগুলো ব্রিজ, পুল ব্রিজ, রাস্তা-ঘাট আমরা করেছি সব হিসাব দিতে গেলে অনেক সময় লাগবে।

এ সময় উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়নের বর্ণনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

২০০১ সালের নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে সরকার প্রধান বলেন, ২০০১ সালে সরকারে আসতে পারিনি, সেটা আমি বহুবার বলেছি। কারণ আমাদের গ্যাস অন্য দেশ কিনবে; আমি রাজি হইনি। খেসারত দিতে হয়েছে, ক্ষমতায় আসতে পারিনি। জনগণের ভোট পেয়েছিলাম কিন্তু চক্রান্তের শিকার হয়েছিলাম। তার পরে দেশটার অবস্থা কী হয়েছিল?

বিএনপি-জামায়াত সরকারের লুটপাটের চিত্র তুলে ধরে তিনি জানান, সেই সময়টার কথা একবার চিন্তা করে দেখেন মানুষের কী দুরাবস্থা ছিল। ব্যবসা-বাণিজ্য করার কোনো সুযোগ ছিল না। বিএনপির আমল থেকে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল এ দেশের মানুষের ওপর, তারই ধারাবাহিকতা চলতে থাকে। যা হোক একটা পর্যায়ে ২০০৮ সালে তারা নির্বাচন দিতে বাধ্য হয়।

বিএনপির গ্রহণযোগ্যতা নেই উল্লেখ ক রে শেখ হাসিনা জানায়, ২০০৮ এর নির্বাচনের রেজাল্ট; ২০ দলীয় ঐক্যজোট বিএনপি-জামায়াত পেয়েছিল মাত্র ২৯টি সিট। পরে বোধ হয় রিইলেকশনে একটা—৩০টা। ৩০০ সিটের মধ্যে তাদের প্রাপ্তি ছিল মাত্র ৩০টি সিট। এই হলো তাদের শক্তি, জনগণের কাছে গ্রহণযোগ্যতা।

আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরে তিনি জানান, ‘আমরা তো সারা জীবন আন্দোলন করে তার পরে না ক্ষমতায় এসেছি। তারা যেতে চাচ্ছে কিন্তু এই ধরনের মানুষের ক্ষতি করা, এটা যেন করতে না পারে। সে ক্ষেত্রে আমি মনে করি, আপনারা সবাই সজাগ থাকবেন।

শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন, ভোটেও প্রধানমন্ত্রী হবেন: ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন, ভোটেও প্রধানমন্ত্রী হবেন: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

এক দফা দাবি আদায়ে দুর্গাপূজার পর সরকারকে শেষ বার্তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এর জবাবে আওয়ামী লীগও শেষ বার্তা দিয়েছে। ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থেকেই নির্বাচন দেবেন, ভোটে আবার তিনি প্রধানমন্ত্রী হবেন। এর কোনো ব্যত্যয় হবে না।

বুধবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জাতির পিতার কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ বার্তা দেন।

ওবায়দুল কাদের জানান, মির্জা ফখরুলের পকেট গরম। মালপানি ভালো আসছে। উনার কথাও গরম। হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের ধমক দেন, ভয় দেখান। মির্জা ফখরুল, পাঁচতারকা হোটেলে নাশতা খেয়ে অনশন করেন তিন ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খেয়ে অনশন বন্ধ করেন।

বিএনপি মহাসচিবের প্রতি ইঙ্গিত করে তিনি জানায়, এই আন্দোলন করছেন? আবার আমাদের বার্তা দিচ্ছেন? দিনক্ষণ বলে দিচ্ছেন? কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে সেই হুঁশিয়ারি দিচ্ছেন? আপনারা বার্তা দেওয়ার কে? কার কাছে ক্ষমতা দেবেন শেখ হাসিনা? আপনার কাছে নাকি দণ্ডিত যুবরাজ তারেক রহমানের কাছে?

এ সময় আওয়ামী লীগের বার্তা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনি শেষ বার্তা দিয়েছেন, আমিও বার্তা দিচ্ছি- আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও তিনি ক্ষমতায় বসবেন। এর অন্যথা বা ব্যত্যয় হবে না। শেখ হাসিনা পদত্যাগ করবেন না। এটাই আমাদের শেষ বার্তা।

এদিনও সমাবেশ থেকে যথারীতি ‘খেলা হবে’ স্লোগান তোলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, খেলা হবে কোয়াটার ফাইনাল। তত্ত্বাবধায়ক মরে গেছে। আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শুয়ে আছে। ওটা আর ফিরে আসবে না। ২০০১ সালের তত্ত্বাবধায়ক আর আসবে না। ওয়ান/ইলেভেনের দুঃস্বপ্ন আর সফল হবে না।

এ সময় বিএনপির মহাসচিবের বক্তব্যের উদ্বৃতি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব উৎসাহিত হচ্ছেন। পশ্চিমারা উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো নয়। যাদের কথা বলছেন, তাদের চারপাশে অশান্তির আগুন। তারা ঘর সামলাবে নাকি আপনাকে উৎসাহ দেবে? উৎসাহের দিন চলে গেছে। খেলা হবে, এ লড়াইয়ে জিততে হবে। এ খেলায় জিতবে শেখ হাসিনার সৈনিকেরা।

তিনি বলেন, কতলোক আজকে। এই স্পিরিট যেন থাকে। কেউ কেউ বলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে স্পিরিট বাড়ে, সরকারি দলে নরম। এখন দেখি সরকারেও স্পিরিট আছে।

এসময় তিনি বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাঁড়াতে দেবো না। অবরোধ যারা করবে, তারাই বাধা দিচ্ছে নির্বাচনে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় আমরা দেখবো।

দেশবাসীকে ওবায়দুল কাদের বলেন, নৌকা ছাড়া উপায় নেই। বাংলাদেশে শান্তি-সুখ চাইলে নৌকা, উন্নয়ন চাইলে নৌকা। নৌকা ছাড়া গণতন্ত্র থাকবে না। নৌকায় ভোট দিলে গণতন্ত্র থাকবে।

দ্রব্যমূল্য নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা সেটারই শাস্তি পাচ্ছি। দাম বাড়াচ্ছে বড় বড় শক্তি। আজ আইএমএফের পরিচালক বলছেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সঠিকভাবে চলছে। আস্তে আস্তে কমলেও ইনফ্লুয়েশন (মূল্যস্ফীতি) কমছে। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।’ আমিও বলি- আপনাদের ধৈর্য ধরতে হবে। এখন আপনাদের কষ্ট হচ্ছে, আমরা স্বীকার করি। কিন্তু মনে রাখবেন- একজন মানুষ আছে (প্রধানমন্ত্রী), আপনাদের এই কষ্ট লাগবে যিনি দিনরাত পরিশ্রম করছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

শান্তি ও উন্নয়ন সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, সাদেক খান, এস এম মান্নান কচি, হুমায়ুন কবির, নুরুল আমিন রুহুল, আব্দুল কাদের খান, কাজী মোরশেদ কামাল, মাহবুবুর রহমান হিরণ, দিলীপ রায় ও আজিজুল হক রানা।

'বঙ্গবন্ধু পরিষদ' কুমিল্লা জেলা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত

‘বঙ্গবন্ধু পরিষদ’ কুমিল্লা জেলা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

‘বঙ্গবন্ধু পরিষদ’ কুমিল্লা জেলা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত ও ‘বঙ্গবন্ধু পরিষদ’ কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ অক্টোবর) ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ছে।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ কেক কাটা হয়।

বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা জেলার আহ্বায়ক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডাঃ নজরুল ইসলাম।

জেলা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দী এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.জি. এম মনিরুজ্জামান, বক্তব্য রাখেন ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আসাদুজ্জামান, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিউল্লাহ, স্বাধীনতা শিক্ষক পরিষদের কুমিল্লা জেলার সভাপতি, অধ্যক্ষ মুজিবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ জহিরুল ইসলাম, অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রকৌশলী মোখলেছুর রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাংবাদিক হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল হাসান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাসিমা আক্তার পুতুল, উপাধ্যক্ষ মোস্তাক আহমদ ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বিউটি আক্তার সহ জেলা কমিটির সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। যতো দিন বাংলাদেশ থাকবে, ইতিহাসে বঙ্গবন্ধুর নাম ততো দিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। জাতির জনকের নামের সংগঠনের কুমিল্লা জেলা কমিটি অনুমোদন দেয়ায় কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত জেলা কমিটির সকল সদস্য বৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ হন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় বসিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে সমৃদ্ধশালী করবে।

খালেদা জিয়া কখনো বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না : শেখ হাসিনা

খালেদা জিয়া কখনো বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না : শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

খালেদা জিয়া কখনো বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান জানান, খালেদা জিয়া পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে চলতে চেয়েছিল। জাতির পিতার হত্যাকারীকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল। আর আল বদর, রাজাকার, যুদ্ধাপরাধী, যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানের হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছে, তাদের ক্ষমতায় বসিয়েছিল। জিয়াও বসিয়েছিল, এরশাদও, খালেদা জিয়াও। কাজেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এদের কোনো অবদান নেই। তারা সেটা করতেও চায় না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়।

আওয়ামী লীগ অনেক সংগ্রামের পথ বেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে শেখ হাসিনা জানায়, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতা থাকলে যে দেশের জন্য উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি।

কাওলায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাওলায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীতে ক্ষমতাসীনদের জনসমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার বেলা সোয়া ৩টায় তিনি জনসমাবেশস্থলে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানালে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জবাব দেন।

এ জনসভা গত শনিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয়। ফলে আজ কাওলায় হচ্ছে সমাবেশ।

এ উপলক্ষে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। দুই ঘণ্টা আগেই জনসভার মাঠ লোকে লোকারণ্য। রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়াও অবস্থান নেন নেতাকর্মীরা।

বিশেষ করে, ঢাকা-১৮ আসনের প্রার্থীদের শোডাউন চোখে পড়েছে। প্রত্যেকেই তার অনুসারীদের টি-শার্ট ও ক্যাপ, ব্যানার ফেস্টুনসহ নানা সাজে সাজিয়ে মিছিল নিয়ে এসেছেন। সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা গেছে।

আমরা এগিয়ে যাই, বিএনপি থাক ধ্বংস নিয়ে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমরা এগিয়ে যাই, বিএনপি থাক ধ্বংস নিয়ে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এমন প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির কঠোর সমালোচনা করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া প্রান্তে পদ্মা রেল সেতু উদ্বোধনের অনুষ্ঠানে এ সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে জানান, আমাদের লক্ষ্য দেশকে আরও উন্নত করা। এ জন্য নানা উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছি। আর বিএনপি ধ্বংস নিয়েই আছে। তারা রেল উপড়ে ফেলা, বাসে আগুন, মানুষের জান-মাল ধ্বংস করেছে। তারা এই ধ্বংসের মধ্যেই থাকবে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।

সরকার প্রধান জানায়, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। একজন ব্যক্তি, একটা ব্যাংকের এমডি থাকতে পারবে না, বলেছিলাম। যদিও তিনি জগৎ বিখ্যাত। তার কারণে পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলেছিল বিশ্বব্যাংক। বলেছিলাম, নিজের অর্থায়নে পদ্মা সেতু করবো, করেছি।

তিনি জানান, মাঝে মাঝে দুঃসময় আসে। বিশ্বব্যাপী দুঃসময়, আমাদের কাছেও আসে। এ জন্য উৎপাদন বাড়াতে হবে। নিজের উৎপাদনে নিজেরা চলবো। জাতির পিতার বাংলাদেশ মাথা উঁচু করে চলবে।

আওয়ামী লীগ সরকার আছে বলেই এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে যারা ভোটের কথা বলে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের ধোয়া তুলে প্রতিদিন আমাদের হটায়। তারা কখনও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না। কারণ তাদের প্রতিষ্ঠা হয়েছে একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে। যে কারণে তারা ভোট চুরি ছাড়া কোনোদিন ক্ষমতায় আসে নাই। যে কারণে ২০০৮ সালে বিএনপি-জামায়াত জোট ৩০০ সিটে পেয়েছে মাত্র ২৯টা সিট। তারপর থেকে তারা নির্বাচন বয়কট, নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে। অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, মানুষের জীবন নিয়ে খেলা এই ধ্বংসযজ্ঞ নিয়ে মেতে আছে। বাঙালি জাতিকে আহ্বান করবো, তাদের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। আমরা ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠন করবো।

এ সময় অনাবাদি জমি আবাদের আওতায় আনতে প্রধানমন্ত্রী আবারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৮ লাখ ৪০ হাজার ভূমিহীন ও গৃহহীনকে ভূমি ও গৃহ দিয়েছি। মডেল মসজিদ করে দিয়েছি সব জেলা উপজেলায়।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশকে আরও উন্নত করা। ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিচ্ছি। আড়াই কোটি শিক্ষার্থী বৃত্তি-উপবৃত্তি পাচ্ছে। যাতে দেশটা এগিয়ে যায়। ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের লক্ষ্য, স্মার্ট বাংলাদেশ। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। ল্যাব করে দিয়ে কম্পিউটার শিক্ষা দিচ্ছি। লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচির মাধ্যমে ৬ লাখ ফ্রিল্যান্সারকে প্রশিক্ষিত করছি। তারা ইউনিয়নে বসে দেশ বিদেশের কাজ করে উপার্জন করছে।

শেখ হাসিনা বলেন, রেলের সার্বিক উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সাড়ে ১৪ বছরে ৮৭৩ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করেছি। ২৮০ কিলোমিটার মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে। ১৩৯১ কিলোমিটার লাইন পুনর্নির্মাণ করা হয়েছে। এক হাজার ৩৭টি নতুন রেল সেতু নির্মাণ ও ৭৯৪টি রেল সেতু পুনর্নির্মাণ করেছি। ১৪৬টি নতুন স্টেশন ভবন নির্মাণ ও ২৩৭টি স্টেশন ভবন পুনর্নির্মাণ করেছি। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রেল যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব দিয়েছি। আশা করি, ৩ থেকে ৪ বছরেরর মধ্যে বাংলাদেশে রেল যোগাযোগ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ২১ বছর পর আমরা সরকার গঠন করি। তখন থেকেই জনগণের সেবা শুরু করি। এর আগের ২৯ বছর যারা ক্ষমতায় ছিল, তারা কেনো মানুষের জন্য কিছু করতে পারেনি? আসলে তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। তারা চায় না, স্বাধীন দেশটি এগিয়ে যাক।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, চীনের রাষ্ট্রদূত ও রেল সচিব হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাসহ সরকারের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

শত্রু দেশের বাইরে থেকে আসতে হয় না: প্রধানমন্ত্রী

শত্রু দেশের বাইরে থেকে আসতে হয় না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শত্রু দেশের বাইরে থেকে আসতে হয় না, দেশের ভেতরেই শত্রু আছে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বা ৭৫-এর খুনিরা বাংলাদেশকে কখনো এগিয়ে নিয়ে যেতে দেবে না। তাদের বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জিইএমএস সফটওয়্যার উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী জানান, আমার চাওয়া এবং স্বপ্ন একটাই যা আমার বাবা এ দেশের মানুষকে নিয়ে দেখেছিলেন। আমার লক্ষ্য হলো মানুষের ভাগ্য পরিবর্তন এবং তাদের জীবনমান উন্নত করা। আজ পর্যন্ত যতটুকু করতে পেরেছি, ভবিষ্যতের জন্য যেন সেটি স্থায়ী হয়ে চলমান থাকে এটিই আমার চাওয়া।

তিনি বলেন, আজ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি নিয়ে আমরা কিছু সমস্যায় আছি। রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে… আমি বলছি রিজার্ভ নিয়ে অতটা চিন্তার কিছু নেই। আমার গোলায় যতক্ষণ খাবার আছে, ততক্ষণ আমরা চিন্তা করব না।

দেশের প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে চাষের আওতায় আনার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ফসল ফলাব এবং নিজের খাবার নিজেরা খাব। আমরা না হয় কেনাকাটা বা খরচ একটু কমই করব। নিজ দেশের মর্যাদা নিয়ে আমাদের চলতে হবে।

সরকারপ্রধান বলেন, তারা (কৃষক) রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে যে অর্থ উপার্জন করে, সেই উপার্জনের টাকা দিয়ে আমাদের সবার সবকিছু চলে। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। সবসময় মাথায় রাখতে হবে যে, খেটে খাওয়া মানুষের কষ্টের ফসলটাই আমরা ভোগ করি।

স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর নবীন বিসিএস কর্মকর্তারা

নবীন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের মূল কারিগর এবং সৈনিক হবেন আজকের কর্মকর্তারা। তখন তো আর আমরা থাকব না। কিন্তু দেশটা যেন এগিয়ে যায়। আমি শুধু সেটিই চাই।

তিনি বলেন, আমাদের টেনিউর (সরকারের মেয়াদ) শেষ। তারপর আবার নির্বাচন হবে, জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে ক্ষমতায় আসব, নইলে ঠিক আছে… তাছাড়া বয়স হয়ে গেছে।

উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে। এজন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, উৎপাদন বাড়াতে হবে।

এসময় সফলভাবে কোর্স সম্পন্নকারী ১৯টি ক্যাডার সার্ভিসের ৬০২ জনের মধ্যে ৩০ জনের হাতে মেধা সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনজনের হাতে মর্যাদা পদক তুলে দেন তিনি।

ছয় মাসব্যাপী অনুষ্ঠিত ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে শীর্ষস্থান অর্জন করে রেক্টর’স পদক লাভ করেন তাহসিন বিনতে আনিস।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও বক্তব্য রাখেন।

৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের চূড়ান্ত ফল ঘোষণা করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স এবং প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলোর দুটি আলাদা ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

প্রকল্পগুলো হচ্ছে— সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম-জিইএমএস), ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতাল, নবনির্মিত টাঙ্গাইল সার্কিট হাউজ, নবনির্মিত কুমিল্লা সার্কিট হাউজ ও বিপিএটিসির ১৫ তলা আধুনিক ডরমিটরি ভবন।

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আ'লীগ

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আ’লীগ

দেবীদ্বার প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্‌যাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।

শুক্রবার বিকেলে জেলার দেবীদ্বার পৌর মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় এই সভা হয়। জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা এবং কেক কাটা হয়।

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আ'লীগ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, সহ-সভাপতি ভিপি আব্দুল মতিন মুন্সী ও বশির মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব দাস, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির চেয়ারম্যান, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আহসানুল আলম কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সদস্য কালিপদ মজুমদার, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনো, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদসহ অনেকে।

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা আ'লীগ

সভায় বক্তারা বলেন, দেশের সব ক্ষেত্রে যে উন্নয়ন-অগ্রগতি, সেটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যার জাদুকরী নেতৃত্বের কারণে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে তিনি বিচলিত হননি। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হোক, এটিই আমাদের প্রত্যাশা।