ডেস্ক রিপোর্টঃ
জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি দিয়েছে ভারত সরকার। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। শহিদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান। একই সঙ্গে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আটক ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্মতি হয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে দেশে ফিরিয়ে আনার অনুরোধ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
ড. খলিলুর রহমান বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করা হবে।
এদিকে, বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত রাখায় ভারতকে ধন্যবাদ জানিয়ে সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান ড. খলিলুর রহমান। জবাবে মন্ত্রী হরদীপ পুরী জানান, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে আগামী ৯ এপ্রিল দুপুরে মরিশাসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।