Tag Archives: হিজবুল্লাহ

ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের উত্তরাঞ্চলের বিরানিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার স্থানীয় সময় সকালের দিকের এই হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। এতে দেখা যায়, লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরায়েলের বিরানিত সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিরানিত সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ছোড়া রকেট আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। ভিডিওতে দেখা যায়, রকেট আঘাত হানার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি।

ওই হামলার ঘটনার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমোনা, মানারা ও মার্গালিওট শহরে বিষয়ে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের তিনটি শহরে রকেট সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। লেবানন থেকে ছোড়া রকেটের বিষয়ে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সতর্ক সংকেত বাজানোর পরপরই ওই তিন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হিজবুল্লাহর ছোড়া রকেট আটকে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

তবে সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট।

ইসরাইলের হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর

ডেস্ক রিপোর্ট:

গাজায় ইসরাইলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড শেখ নাঈম কাসেম।

বিবিসিকে তিনি বলেন, এই অঞ্চলে অত্যন্ত গুরুতর ও ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবে না।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে সম্প্রতি জানানো হয়, সেখানে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরকম একটা সময়েই বৈরুতে একটি সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপপ্রধান ওই হুঁশিয়ারি দিয়েছেন।

হিজবুল্লাহর এই নেতা বলেন, বিপদটা সত্যিই আসতে চলেছে। কারণ ইসরাইল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছে এবং বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে। এই অঞ্চলে আরও বিপদ ডেকে না এনে কি এই পরিস্থিতি চলতে পারে? আমার মনে হয় না।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের হামলা বাড়লে এই অঞ্চলের যুদ্ধের ঝুঁকিও বাড়বে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব লীগ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত শিয়া ইসলামী গোষ্ঠীটি লেবাননের বৃহত্তম রাজনৈতিক ও সামরিক শক্তি।

গাজায় যুদ্ধের প্রেক্ষিতে এখনও পর্যন্ত তারা শুধুমাত্র হুঁশিয়ারির মাত্রাই বাড়িয়েছে আর সতর্কভাবে তাদের প্রতিক্রিয়া দিচ্ছে।

রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় এক নারী ও তিন শিশুর মৃত্যুর পর হিজবুল্লাহ প্রথমবার গ্রাড রকেট ব্যবহার করে যাতে এক ইসরাইলি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।

হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ হুমকি দিয়ে বলেছেন, লেবাননে প্রত্যেক বেসামরিক নাগরিকের মৃত্যুর জবাব সীমান্তের ওপারেও দেওয়া হবে। তবে এখনো তিনি ইসরাইলকে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেননি।

‘সমস্ত বিকল্প পথই খোলা রয়েছে’ এ কথায় জোর দিয়ে গোষ্ঠীটি মূলত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে আন্তঃসীমান্ত আক্রমণের মধ্যেই নিজেদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে।

তাদের ৬০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছেন, কিন্তু তাদের জায়গা নেওয়ার মতো যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন হিজবুল্লাহ-র আরও বহু সমর্থক আছে।

বৈরুতে এমন এক যোদ্ধাকে এই সপ্তাহে কবর দেওয়া হয়েছে, যার পরিবারের সদস্যরা কয়েক প্রজন্ম ধরে হিজবুল্লাহর হয়ে লড়াই করে এসেছে। শুধু তাই নয়, তিনি তার পরিবারের পঞ্চম সদস্য যিনি ওই গোষ্ঠীর হয়ে প্রাণ দিয়েছেন।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের মাঝেই রোববার ইসরায়েলি একটি গ্রামে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ইসরায়েলের অন্তত এক নাগরিক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। রোববার হিজবুল্লাহ ও ইসরায়েলের চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রাথমিকভাবে ইসরায়েলের চিকিৎসকরা বলেন, লেবাননের আয়তা-আ-শাব এলাকার সীমান্তের অপরপাশের ইসরায়েলের শটুলা কৃষি খামারে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি এক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামলার জবাবে লেবাননের ভূখণ্ডে গোলাবর্ষণ করা হয়েছে। একই সাথে লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডের ৪ কিলোমিটার এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। এই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করে বলেছে, লেবাননের দক্ষিণের কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েল।

• সীমান্তে নিরাপদ অঞ্চল ঘোষণা ইসরায়েলের

রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে চার কিলোমিটার এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত থাকবে।

আইডিএফ বলছে, উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্রমাগত রকেট হামলা, অনুপ্রবেশের চেষ্টা এবং উত্তেজনার পর নিরাপদ অঞ্চল ঘোষণা করাটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল। সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন, তাদের বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ কক্ষে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালের দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের মোশাভ এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তীতে কিরিয়াত শমোনা পৌরসভা সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময়ের পর সীমান্তের এই শহরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলের ইফতাচ, মেনারা, মায়ান বারুচ, মিসগাভ আম, ইয়েরন, বার’আম, জিভন, ড্যান, দাফনা, স্নির এবং কাফার হাগিলাদির পাশাপাশি কিবুতজিমের বাসিন্দাদেরও রোববার সকালে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আইডিএফ।

সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট।

‘হিজবুল্লাহ যুদ্ধে অংশ নিলে বিপাকে পড়বে ইসরাইল’

‘হিজবুল্লাহ যুদ্ধে অংশ নিলে বিপাকে পড়বে ইসরাইল’

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলের অধিকৃত তিন স্থানে বোমা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর জবাবে লেবাননেও পালটা ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের সংবাদমাধ্যম হারেতজের সাংবাদিক জিডিওন লেভি বলেছেন, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ হামাস-ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়লে ইসরাইল বিপাকে পড়বে।

ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ কথা বলেন তিনি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ইসরাইলিদের কাছে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে গাজা উপত্যকায় হামলা চালালে এবং কোনো স্থল আক্রমণ শুরু করার অর্থ এই সংঘর্ষ অন্য দিকে মোড় নেবে।

জিডিওন লেভি জানান, আমরা একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হব, যদি ইসরাইলকে দুটি ফ্রন্টে লড়াই করতে হয়। এবং সম্ভবত তিনটি, যদি অধিকৃত পশ্চিম তীরও দৃশ্যপটে চলে আসে। এটি একটি নতুন ‘খেলা’ এবং ইসরাইল এমন এক পরিস্থিতির মুখোমুখি হবে, যা এর আগে কখনো হয়নি।

এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় ইসরাইলের দখল করা তিনটি স্থানকে লক্ষ্য করে হামলা চালাই। রাডার সাইট, জিবদিন এবং রুওয়াইসাত আল-আলম’ এ ব্যাপক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে বোমাবর্ষণ করা হয়েছিল।

এর পর লেবানন সীমান্তে ড্রোন হামলা চালায় ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তাদের একটি ড্রোন লেবাননের সীমান্তে মাউন্ট ডোভ এলাকায় ‘হিজবুল্লাহর একটি অবকাঠামোতে আঘাত করেছে।’

লেবাননের রাজধানী বৈরুত থেকে আলজাজিরার প্রতিবেদক জেইনা খোদর বলেছেন, ইসরাইলের উত্তর দিকে হিজবুল্লাহর হামলা ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান উত্তেজনাকে আরও খারাপ করতে পারে।

তিনি আরও জানান, ‘লেবাননের সব সশস্ত্র গোষ্ঠীকে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। লেবাননে হামাসের মিত্র আছে, সব দলই ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি।’

শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে হামাসের হামলায় ৩০ জন পুলিশ কর্মকর্তাসহ ২৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।