Tag Archives: আটক ৬

কুমিল্লা সিটি মেয়রের রেফারেন্সে রাজশাহীতে পাঠালো ৫২ কেজি গাঁজা, আটক ৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর রেফারেন্সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহীতে আসা আসবাবপত্রের ভেতর থেকে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসবাবপত্রের ভেতরে মাদকের এই চালান এসেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কার্যালয়ে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

আটক ছয় জন হলেন- রাজশাহীর পবা উপজেলার দুয়ারী গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে দুলাল (৩০), তানোরের দেউরাতলা গ্রামের ফজর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (২৪), একই উপজেলার সেদায়ের এলাকার মৃত আফসার আলীর ছেলে বাদশা (৩২), সিধাইড় গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে সোহান আলী (২১), ব্রাহ্মণবাড়িয়ার কসবার বেলতলী এলাকার সুলতান আহমেদের ছেলে মুকতুল হোসেন (৩২) এবং একই থানার মাদলা এলাকার আবদুর রহিমের ছেলে বাপ্পী (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।

র‍্যাব জানায়, গত ২৮ আগস্ট কুমিল্লায় কিছু আসবাবপত্র বুকিং দেয়া হয়। রাজশাহীর হুমায়ুন কবীর নামে এক ব্যক্তির জন্য মুকতুল হোসেন সেগুলো বুকিং করেন। সোমবার সকালে ছয়জন মালামাল নিতে এলে তারা একে একে র‍্যাবের জালে আটকা পড়েন। এ সময় র‍্যাব একটি খাটের বক্সের ভেতর লুকানো ১৮টি প্যাকেটে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসব আসবাবপত্র বুকিংয়ের সময় রেফারেন্স হিসেবে ‘মেয়র, কুমিল্লা সিটি করপোরেশন’ লেখা হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক বলেন, বিষয়টি শুনলাম। কে পাঠিয়েছে সেটা তো বলতে পারব না। কুরিয়ার সার্ভিস তো আর যাচাই করে না। বুকিংয়ের সময় যে কেউ যে কারও নাম রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে। এটা মাদক ব্যবসায়ীদের কৌশল। যারা গ্রেফতার হয়েছে তারাই এ বিষয়ে বলতে পারবে।

কুমিল্লা নগরীতে বিএনপির অনশন কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণের অভিযোগ, আটক ৬

 

স্টাফ রিপোর্টারঃ

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে কুমিল্লা নগরীতে জেলা ও মহানগর বিএনপির অনশন কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় কর্মসূচী থেকে ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বাদুরতলা এলাকার জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদের ইয়াছিনের কার্যালয়ের সামনে কর্মসূচী পালনকালে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া নেতাকর্মীদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদ ও ইউসুফ ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে পুলিশ এসে বাঁধা প্রদান করে। এ সময় পুলিশ গুলিবর্ষণ করে। আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, কর্মসূচী পালনের নামে তারা সাধারণ জনগণের চলাচলে ব্যঘাত সৃষ্টি করায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে এবং ৬ জনকে আটক করে।