Tag Archives: আহত ৩

কুমিল্লায় চলন্ত ট্রেনের সামনে সিএনজি: নিহত ১, আহত ৩

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। বুধবার সকালে নগরীর শাসনগাছা লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফরিদ মুন্সী। তিনি জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। আহতরা হলেন তার স্ত্রী পেয়ারা বেগম, মেয়ে আখি আক্তার ও ভাগিনা সিএনজিচালক রাকিবুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাক্তার দেখাতে ভোরে দেবিদ্বার থেকে কুমিল্লায় আসেন বৃদ্ধ ফরিদ মুন্সী। শাসনগাছা এলাকায় রেলওয়ের লেভেল ক্রসিংয়ের সিগন্যাল অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান বৃদ্ধ ফরিদ মুন্সী। চিকিৎসাধীন আছেন গুরুতর আহত ওই তিনজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেটের ফাঁকা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে সিএনজিটি লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় মালবাহী ট্রেনের সামনে পড়ে গেলে ট্রেনের ধাক্কা লাগে সিএনজিটিতে। পরে সিএনজিটি প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায় ওই ট্রেনটি।

কুমিল্লা রেলস্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওই মালবাহী ট্রেন শাসনগাছা লেভেল ক্রসিং অতিক্রম করার সময়ে রেললাইনের উপরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা হঠাৎ চলে আসে। এ সময় সিএনজি অটোরিকশাটিকে মুখে করে প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের এয়ার পাইপ নষ্ট হয়ে যায়। পরে ট্রেনটি রেলস্টেশনে এনে মেরামত করা হয়।

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

 

সাকিব আল হেলালঃ

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কাঁকৈরতলা বাজারে যাত্রীবাহী পদ্মা বাসের সাথে অটোচালিত সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির ৩ জন যাত্রী নিহত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- অটোচালিত সিএনজি চালক টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্বর্ণকার বাড়ির মনির হোসেন (৩০), যাত্রী ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের গুণধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালীর চর আমানউল্লা গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)।

এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় আহত ১ জনকে কুমিল্লা নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, উল্লেখিত যাত্রীরা মঙ্গলবার শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসে তাদের আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। বুধবার মুদাফফরগঞ্জ হয়ে তারা নোয়াখালী যাচ্ছিল। সিএনজিটি দোয়াভাঙ্গা থেকে মুদদাফরগঞ্জ আর সার্ভিসের বাসটি ঢাকা থেকে চাঁদপুর আসছিল।পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহরাস্তি থানা পুলিশ।

কুমিল্লার দেবিদ্বারের ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিকাপুর নামক স্থানে আজ শুক্রবার (১০ জুলাই) রাত পৌনে ৮টায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং গুরুতর আহত হয় ৩ জন।

ঘটনায় ৫০ বছরের একজন মহিলাসহ ২ জন নিহত হয় এতে গুরুতর আহত হয় আরও ৩ জন।তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মালবাহি ট্রাক এবং বাইপাস থেকে উঠে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এতে আহত হয় আরও ৩ জন। গুরুতর অবস্থায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাস্থল থেকে ঘাতক মালবাহি ট্রাকটিকে আটক করা হয়েছে।

নবীনগরে নির্মাণের সময়ই ধ্বসে পরলো আইসিটি ভবন, আহত- ৩

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগরঃ
যে কোন সরকারি কাজে সরকার যেই পরিমান টাকা বরাদ্দ দিয়ে থাকেন যদি সেই টাকার কাজ করা হতো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখতে আমাদের এতদিন অপেক্ষা করতে হতো না। উপজেলার লাপাং উচ্চ বিদ্যালয়ে নির্মাণের সময়ই আইসিটি ভবন ধ্বসে পরার ঘটনায় ক্ষুদ্ধ হয়ে এই রকমই প্রতিক্রিয়া করতে দেখা যায় স্থানীয়দের।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাপাং উচ্চ বিদ্যালয়ে আইসিটি ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নি¤œমানের সামগ্রী। আর এ কারণে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ভবনের একাংশ। এ ঘটনায় দুই নির্মাণ শ্রমিক ও এক ছাত্র আহত হয়েছে। জাইকা প্রকল্পের অর্থায়নে এক তলা এ ভবন নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা।

জানাযায়, নবীনগর উপজেলার লাপাং উচ্চ বিদ্যালয়ে আইসিটি ভবনটি জাইকা প্রকল্পের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান বেঙ্গল এন্টারপ্রাইজ গত মাসে নির্মাণ কাজ শুরু করেন। ভবনটির নিম্ন মানের কাজ হওয়ায় বৃহস্পতিবার সকালে বিকট শব্দে একটি দেয়াল ধ্বসে পরে। এতে দুই নির্মাণ শ্রমিক ও এক শিক্ষার্থী আহত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এই নির্মাণ কাজটি খুবই নিম্নমানের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ মিয়া বলেন, আল্লাহর রহমতে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিম্নমানের কাজ করার কারণে ওই ঠিকাদারের দৃষ্টান্তমূলক শান্তি দাবী করছি।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, এই নির্মাণ কাজ শুরু থেকে আজ পর্যন্ত ঠিকাদার সালাউদ্দিন ও প্রকৌশলী কেউই একবারের জন্য কাজের সাইডে আসেননি ও স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করেননি। নিম্নমানের কাজ শুরু করায় রাজমিস্ত্রীকে অনেকবার বাধা দেওয়ার পরও তারা কাজ চলমান রাখে। আজ সকাল ১১ টার দিকে নির্মাণাধীন ভবনের একটি দেয়াল বিকট শব্দে ধ্বসে পরে। ঐ সময় স্কুলে থাকা শিক্ষার্থী ও শিক্ষকরা আতংকিত হয়ে ক্লাস রুম থেকে স্কুল মাঠে বেরিয়ে আসে।

ঠিকাদার সালাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন নিম্নমানের সামগ্রী ব্যবহার করি নাই। সঠিক ভাবে কাজ করেছি। বারান্দার দেয়ালে অতিরিক্ত লোডের কারণে এই ঘটনা ঘটেছে।

নবীনগর উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, নিম্নমানের কাজ হয়ে থাকলে সম্পূর্ণ কাজ আবার নতুন করে করতে হবে।

চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত,আহত ৩

 

সাকিব আল হেলাল :

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় রুপিয়া বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহত রুপিয়া বেগম চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার পাঁচোরা গ্রামের হাফেজ আহমেদের স্ত্রী। এ দুর্ঘটনায় নারী-শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার (২১ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপিয়া চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী।

নিহতের পারিবারিক সূত্র থেকে জানা যায়, রুপিয়া বেগমসহ আরও দুইজনকে নিয়ে একটি রিকশা ফায়ার সার্ভিসের সামনে আসলে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে রুপিয়া বেগম ও রিকশা চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুপিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার নিমসারে ব্যবসায়ীদের সাথে ইজারাদারের সংঘর্ষ, আহত-৩

 

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বৃহত্তমত নিমসার সবজী বাজারের ইজারা আদায় নিয়ে ব্যবাসয়ীদের সাথে বাজার ইজারাদার কর্তৃপক্ষের দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। ১ বৈশাখ ভোর থেকে বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী ও ইজারাদার উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। এদিকে অতিরিক্ত ইজারা আদায় বন্ধে ১ বৈশাখ বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে ব্যবসায়ীরা।

জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার দৈনিক বাজার ১৪২৬ বাংলা সনের জন্য ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকায় বরাদ্ধ পায় মোঃ মামুন নামে এক ইজারাদার। মামুন ১ বৈশাখ ভোর রাত থেকে বাজারের দায়িত্ব বুঝে নিয়ে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ইজারা আদায় আরাম্ভ করে।

সকালে বাজারের দক্ষিন-পশ্চিম পাশে অবস্থিত মাছ বাজারের ইজারার জন্য যায় মামুনের লোকজন। এসময় ওই বাজারের ব্যবসায়ী ও বাজারের জায়গার মালিক আবদুল কাদের জিলানীর লোকজন ইজারা দিতে অপরাগত প্রকাশ করে।

এতে ব্যবসায়ী ও ইজারাদারের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বাজারের ইজারাদার মামুন ও মাছ বাজারের জায়গার মালিক জিলানী ঘটনাস্থলে আসে। এসময় উভয়ের মধ্যে কাথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ আরাম্ভ হয়। উভয় গ্রুপের লোকজন এসময় অস্ত্র উচিয়ে গুলি ছোড়তে থাকে।

খবর পেয়ে দেবপুর ফাঁড়ীর পুলিশ, বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্ঠা চালায়। পরে কুমিল্লা থেকে এক প্লাটুন অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬ রাউন্ড ফাঁকা গুলি চালায়। সংঘর্ষে এসময় উভয় গ্রুপের ৩জন আহত হয়।

বাজারের ইজারাদার মোঃ মামুন জানান, সকালে আমার লোকজন মাছ ও তোয়া বাজারের ইজারার টাকা আদায়ের জন্য যায়, এসময় ছাত্রলীগের সভাপতি জিলানীসহ তাঁর লোকজন ইজারাদারদের উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় মোশারফ হোসেন মিল্টু (৪০) নামে এক ইজারাদারকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানী জানান, সকালে বাজারের ইজারাদারের লোকজন তাঁর পৈত্রিক সম্পত্তির উপর নির্মিত মাছ ও তোয়া বাজারের ইজারার জন্য আসে। এসময় বাজারের ব্যবসায়ীরা ইজারা দিতে অপারগতা প্রকাশ করে, কিছু ব্যবসায়ীর কাছ থেকে জোর পূর্বক টাকা আদায় কালে ইজারাদারদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে বুড়িচং থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনান্থলে বুড়িচং ও দেবপুর ফাঁড়ী পুলিশ অবস্থান নেয়। পরে কুমিল্লা থেকে এক প্লাটুন অতিরিক্ত পুলিশ এসে যোগ দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

এদিকে অতিরিক্ত ইজারা আদায় ও ইজারার জন্য ব্যবসায়ীদের মারধরের প্রতিবাদে ঘটনার দিন বিকেলে নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে বাজারের ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকবৃন্দ। মানববন্ধনে নিমসার বাজার সমিতির সভাপতি ব্যবসায়ী হাজী হুমায়ূন কবির মেম্বার অভিযোগ করে বলেন, বাজারে ইজারা আদায়ের নামে চাঁদাবাজী চলছে, ব্যবসায়ীদের জিম্মি করে ইজারার চাঁদা আদায় করা হচ্ছে।

ব্যবসায়ীরা অতিরিক্ত ইজারার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁদের মারধর করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজীর গাড়ী থেকে জোর পূর্বক অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। ফলে দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা নিমসার বাজারে নতুন করে সবজীর গাড়ী নিয়ে আসতে চাচ্ছেন না। ফলে বাজারের স্থায়ী ব্যবসায়ী ও এলাকার কৃষক-শ্রমিকবৃন্দ হুমকীর মূখে পড়ছে।

দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা নিমসার বাজারের না আসলে ধীরে-ধীরে ঐতিহ্যবাহী এ বাজারটি ধ্বংশ হয়ে যাবে। তাঁই বাজারটিকে রক্ষার জন্য আজ এই মানববন্ধন করা হচ্ছে। বাজারের ব্যবসায়ীদের দাবী হচ্ছে ইজারা আদায়ের জন্য সরকারের ঘোষিত নিয়ম মেনে চলতে হবে। সরকারের ঘোষিত নিয়মের অধিক ইজারা আদায় করা যাবে না। আর যে পরিমান ইজারার টাকা নেয়া হয় সেই পরিমান সরকারী লিখিত রশিদ দিতে হবে।

মানববন্ধনে এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ সাহেব আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, সেক্রেটারী মোবারক হোসেন মেম্বার, ইউনিয় ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানী, সেক্রেটারী মোঃ শাহ আলম. সিনিয়র সহ-সভাপতি আবু নাসের সবুজ, ব্যবসায়ী জাকির মুন্সি. সামু মিয়া, হেলাল উদ্দিন, ইকরাম মুন্সি, অহিদ মেম্বার, শাহ আলম, আবু মিয়া, অহিদ মিয়াসহ বাজারের সকল ব্যবসায়ী, এলাকার কৃষক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় বিএনপি নেতার বাড়ি-ঘর ভাংচুর, আহত-৩

মোঃ আলাউদ্দিন.
কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউপির চড়বাড়ীয়া দক্ষিণ পাড়া গ্রামে গত শুক্রবার রাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়ে আজগরা ইউপির বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম ও তার স্ত্রী কুলছুম বেগমসহ স্থায়ীরা জানান, শুক্রবার রাত ৮ টার সময় ইউপি চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে স্থায়ীয় ছাত্রলীগ নেতা জামসেদ, বিল্লাল, যুবলীগ নেতা সোহাগ, জসিম, ইউপি সদস্য আবুলসহ ৫০/৬০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ি ঘর, আসবাব পত্র ভাংচুর করে নগদ ৩০ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়।

এই সময় হামলাকারিদের বাধা দিলে তাদের হামলায় ৩ জন গুরুতর আহত হয়। আহতদের লাকসাম উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নিজাম উদ্দিন, কুলছুম বেগম, হাসেম মেম্বার। এই ব্যাপারে গতকাল শনিবার অভিযুক্ত আজগরা ইউপি চেয়ারম্যান রুহুল আমিন ঘটনার বিষয়টি অস্বীকার করেন।

লাকসাম থানার (ওসি) মনোজ কুমার দে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনায় ছাত্রলীগ ও এলডিপি’র নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও এলডিপি’র নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টায় উপজেলার মহিচাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হক আব্দুল্লাহ (৫৫), একই গ্রামের আবদু মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা ওসমান গণি (২০), মোখলেছ মিয়ার ছেলে গণতান্ত্রিক ছাত্রদল নেতা রিফাত (২০)।

আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম জানান, রাজধানীর পল্টনে পুলিশের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় মহিচাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে ইউনিয়ন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

মিছিল শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে মহিচাইল হরিণা গ্রামের মধু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী বিল্লাল ও মহিচাইল গ্রামের মোখলেছের ছেলে রিফাতের সঙ্গে ঝগড়া ও মারামারি হয়।

তার কিছুক্ষণ পর আমাদের নেতাকর্মীরা বাজার থেকে বাড়ি ফেরার সময় ছাতাড্ডা গ্রামের রাস্তার মাথায় এলডিপি’র লোকজন তাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আব্দুল হক আব্দুল্লাহ ও ওসমান গণি মারাত্মক আহত হয়। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহাঙ্গীর আলম আরো জানান, বিল্লাল আমাদের দলের কোনো নেতা বা কর্মী নয়। তার সঙ্গে ঝগড়া ও মারামারির পর আমাদের লোকজনদের ওপর কেন অতর্কিত হামলা করা হয়েছে? আমরা এমন হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের ভাগিনা গণতান্ত্রিক ছাত্রদল আহবায়ক রাজিব ভূইয়া জানান, মহিচাইল-ছাতাড্ডা রোডের পাকা রাস্তার সংস্কার কাজ করার সময় মহিচাইল হরিনা গ্রামের মধু মিয়ার ছেলে বিল্লাল ও আলম মজুমদারের ছেলে রাজু মজুমদার ঠিকাদারের কাছে চাঁদা চেয়েছিল।

ওই ঘটনায় মহিচাইলের লোকজনের সঙ্গে রিফাতও চাঁদাবাজ বিল্লালকে আটক করে মারধর করে। ওই ঘটনার পর থেকে বিল্লাল ও রাজু ক্ষুব্ধ হয় রিফাতের ওপর। শনিবার ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের পর রিফাতকে একা পেয়ে বিল্লাল ও রাজু মারধর করে এবং রিফাতকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরবর্তীতে ওই সন্ত্রাসী হামলার প্রতিবাদে রিফাতের লোকজন ক্ষিপ্ত হলে ওই ঘটনা ঘটে।

রাজিব আরো জানান, চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর আমাদের একটি দোকানের ভেতর থেকে আমার মোটরসাইকেলটি নিয়ে আসে।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল জানান, ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

লাকসামে জমি সংক্রান্ত বিরোধে ফের হত্যাকাণ্ড, আহত ৩

 

সেলিম চৌধুরী হিরাঃ

কুমিল্লার লাকসামে জমি সংক্রান্ত বিরোধে ডাবল মার্ডারের পর আবারো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের শিকার আবদুল মালেকের লাশ উদ্ধার করে শনিবার (২৫ আগষ্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে লাকসাম থানা পুলিশ।

২০১৫ সালে জমি সংক্রান্ত বিরোধে নিহত আবদুল মালেকের ভাতিজা আবদুর রহিমসহ দুইজন নিহত হয়েছিল। নিহত আবদুল মালেক (৫৮) উপজেলার শ্রীয়াং গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা সাইফুল ইসলাম, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সম্পত্তি সংক্রন্তি বিরোধের জের ধরে ওই গ্রামের মনির হোসেনের মনুর নেতৃত্বে ১০/১৫ জন দুর্বৃত্ত জয়েন্ট পাইপ, লাঠিসোটাসহ দেশিয় অস্ত্র নিয়ে আবদুল মালেকের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘরে নামাজ পড়া অবস্থায় আবদুল মালেককে দুর্বৃত্তরা বেধড়ক মারধর করে। হামলা চলাকালে ঘরে থাকা নিহতের স্ত্রী আয়েশা বেগম (৪৩), তার মেয়ে তাহমিনা আক্তার (১৯) ও নিহতের পুত্রবধূ এবং প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী তাছলিমা আক্তারকে (২১) শ্লীলতাহানির চেষ্টাসহ বেদম মারধর ও ঘরে থাকা টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট ও মালামাল তছনছ করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে লাকসামে ও পরে কুমিল্লায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার পরদিন শুক্রবার গুরুতর আহত আবদুল মালেক মারা যান। খবর পেয়ে লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফ উদ্দিন গতকাল শুক্রবার রাতে ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং শনিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করে।

নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, ‘আমার চাচা আবদুল মালেক বিরোধপূর্ণ জমির বাইরে অন্যত্রে বসবাস করছিলেন।এর পরও প্রতিপক্ষের লোকজন পূর্বের ঘটনার জের ধরে তাকে হত্যার উদ্দেশে অতর্কিত হামলা চালায়। ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফ উদ্দিন বলেন, বৃহস্পতিবার মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠালেও কেউ কোনো তথ্য দেয়নি। শুক্রবার সন্ধ্যায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।