Tag Archives: ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতি

কুমিল্লা-০৯ আসনে কালাম-দোলা দ্বন্ধের অবসান, ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম ও মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা মধ্যে দীর্ঘ সময় ধরে বিরাজমান দ্বন্ধ শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উভয়কে গুলশান কার্যালয়ে ডেকে এনে দলের নির্দেশনা প্রদান করেন, যার পরিপ্রেক্ষিতে দ্বন্ধের অবসান ঘটে। এই সময় সামিরা আজিম দোলা আবুল কালামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লা-০৯ আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্বে সক্রিয় ছিলেন। অন্যদিকে, এই আসনের সাবেক সাংসদ কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিমের মৃত্যুর পর মাঠে নামেন তার কন্যা সামিরা আজিম দোলা। দোলার পাশে তার অনুসারীরা দাঁড়ালে পুরনো বিভেদ নতুন রূপ নেয় এবং স্থানীয় বিএনপির রাজনীতিতে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়।

মিটিং শেষে সামিরা আজিম দোলা সাংবাদিকদের বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করেছিলেন। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছিলেন। তারেক রহমানের নির্দেশ আমার জন্য আদেশের সমান। তাই দলের নির্দেশনা মেনে আমি আবুল কালামকে স্বাগত জানাই। ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানাচ্ছি।’

বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের গুলশান কার্যালয়ে ডেকেছেন এবং দলের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টায় ধানের শীষকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা ঐক্য অটুট রেখে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কালাম-দোলা দ্বন্ধের অবসানের খবরে কুমিল্লা-০৯ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খুশি প্রকাশ করেছেন। নেতাদের ঐক্যে প্রাণ ফিরে পেয়েছে তৃণমূলের কর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন যে কালাম-দোলার যৌথ প্রচারণা ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করবে এবং নেতা-কর্মীদের আরও উদ্দীপ্ত করবে।