Tag Archives: সদরের পাঁচথুবী ইউনিয়নে রাজনৈতিক উত্তাপ! কাশেম চেয়ারম্যানকে রাহুল চেয়ারম্যানের প্রকাশ্য চ্যালেঞ্জ

সদরের পাঁচথুবী ইউনিয়নে রাজনৈতিক উত্তাপ! কাশেম চেয়ারম্যানকে রাহুল চেয়ারম্যানের প্রকাশ্য চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহাম্মেদ রাহুল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাবেক চেয়ারম্যান কাশেমের প্রতি।

সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এক পোস্টে রাহুল চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, “আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তাহলে আমি কাশেমের সাথেই নির্বাচনে অংশ নেবো ইনশাআল্লাহ।”

তিনি কাশেম চেয়ারম্যানের রাজনৈতিক অবস্থান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “দুই দিন আগেও কাশেম চেয়ারম্যান ধানের শীষকে গালাগালি করেছেন, আর এখন মুখে শহীদ জিয়ার সৈনিক হওয়ার অভিনয় করছেন। এ ধরনের বাটপারি রাজনীতি বাদ দেওয়ার সময় এসেছে।”

রাহুল চেয়ারম্যান আরও বলেন, “আল্লাহ কপালে যা রেখেছেন তাই হবে। আল্লাহর পরে আমি জনগণকেই বিশ্বাস করি এবং জনগণের উপরই আমার পূর্ণ আস্থা।”

ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের ভালোবাসা ও আস্থার উপর ভর করেই রাজনীতি করি। ৫নং পাঁচথুবী ইউনিয়নের সাধারণ মানুষের দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আপনাদের অন্তরের অন্তস্থল থেকে দোয়া চাই।”

রাহুল চেয়ারম্যানের এই বক্তব্যের পর পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রকাশ্য চ্যালেঞ্জ ও বক্তব্য এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

এ বিষয়ে কাশেম চেয়ারম্যানের প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।