Tag Archives: এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে তরুণের কারাদন্ড

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট:

দেশজুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। একইসঙ্গে কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা কক্ষের আসন বিন্যাস যথাযথভাবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে। একইসঙ্গে জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় বা জটলা এড়াতে প্রচারণা চালাতে হবে।

নির্দেশনায় পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থীসহ সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে তরুণের কারাদন্ড

 

নোয়াখালী প্রতিনিধিঃ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক তরুণকে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত তরুণের নাম আবদুল কাইয়ুব ওরফে রিয়াজ (২৪)। সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মো.মফজলের ছেলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্রগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভিতরে গাঁজা সেবন করে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন এক তরুণ। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ। পরে অভিযুক্ত তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় নগদ ১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এরপর তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত তরুণকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।